Category: প্রচ্ছদ

  • থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ: নিহত ২ বেসামরিক নাগরিক

    থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ: নিহত ২ বেসামরিক নাগরিক

    আন্তর্জাতিক ডেস্ক:  থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তপ্ত সীমান্ত বিরোধের জেরে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভারী অস্ত্রের সংঘর্ষ হয়েছে। এতে থাইল্যান্ডের অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত এবং দুই থাই সেনা সদস্য আহত হয়েছেন।

    সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল তাও মোয়ান থম মন্দির সংলগ্ন সীমান্ত অঞ্চল, যা কম্বোডিয়ার ওডার মিনচে প্রদেশ এবং থাইল্যান্ডের সুরিন প্রদেশের মধ্যে অবস্থিত।

    থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া প্রথমে একটি ড্রোন প্রেরণ করে এবং পরে ভারী অস্ত্র (আর্টিলারি ও বিএম-২১ রকেট) দিয়ে গোলাবর্ষণ শুরু করে।

    থাইল্যান্ডের সুরিন প্রদেশের একটি জেলার প্রধান সুত্থিরট চারোয়েনথানাসাক জানান, কম্বোডিয়ার গোলাবর্ষণে দুই নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন।

    এই ঘটনার জেরে সীমান্তসংলগ্ন ৮৬টি গ্রামের প্রায় ৪০,০০০ থাই নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। থাই সেনাবাহিনীর মুখপাত্র রিচা সুকসুওয়ানন নিশ্চিত করেছেন যে দুই সেনাসদস্য আহত হয়েছেন।

    তবে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাইল্যান্ডের ওপর প্রথম আক্রমণের অভিযোগ এনে বলেছে, তাদের সেনারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে।

    কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ফেসবুকে পোস্টে দাবি করেন, থাই সেনাবাহিনী ওডার মিনচে ও প্রিয়াহ ভিহার প্রদেশে গোলাবর্ষণ করায় কম্বোডিয়া জবাবি আক্রমণ করতে বাধ্য হয়েছে। তিনি জনগণকে শান্ত থাকার ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

    এরপর থাইল্যান্ড কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের রাষ্ট্রদূত ফিরিয়ে নিয়েছে। কম্বোডিয়াও থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ‘সর্বনিম্ন স্তরে’ নামিয়ে এনেছে এবং সকল কূটনীতিককে প্রত্যাহার করেছে। এছাড়াও থাই দূতাবাস কম্বোডিয়ায় অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের পরামর্শ দিয়েছে।

    উল্লেখ্য, ১৬ জুলাই একটি মাইন বিস্ফোরণে তিন থাই সেনা আহত হন। থাইল্যান্ড অভিযোগ করে, কম্বোডিয়া সীমান্তে অবৈধভাবে মাইন পুঁতে রেখেছে। কম্বোডিয়া এ দাবি প্রত্যাখ্যান করে বলে, গৃহযুদ্ধের সময়কার পুরনো মাইন সক্রিয় হয়েছে।

    এর আগে, মে মাসেও এই সীমান্তে সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হয়েছিলেন। দুই দেশের মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একাধিক অংশ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে।

    কম্বোডিয়া ইতিমধ্যে থাইল্যান্ড থেকে জ্বালানি, গ্যাস ও কৃষিপণ্য আমদানি বন্ধ করেছে। কিছু সীমান্ত চেকপয়েন্টও বন্ধ রয়েছে।

  • ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ, ২শ’ মিলিয়ন ডলার জরিমানা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

    ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় ব্যর্থ, ২শ’ মিলিয়ন ডলার জরিমানা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের

    আন্তর্জাতিক ডেস্ক:   মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিরোধী ঘটনাগুলো ঠেকাতে ব্যর্থতার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে ২২১ মিলিয়ন ডলার (প্রায় ২,৩০০ কোটি টাকা) সমঝোতায় পৌঁছেছে।

    কলাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেছেন, আদালতে লড়াই করলে অনুদান হারানো, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল বা অ্যাক্রেডিটেশন ঝুঁকি তৈরি হতো। তবে তিনি ট্রাম্প প্রশাসনের ‘কলাম্বিয়া ইহুদি-বিরোধিতায় নিষ্ক্রিয় ছিল’ এই দাবি মানতে রাজি হননি।

    ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এটিকে ‘ঐতিহাসিক বিজয়’ বলে অভিহিত করেছেন। তার মন্তব্য, ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোরও জবাবদিহি করতে হবে, যারা ফেডারেল তহবিলের অপচয় করেছে এবং ইহুদি-বিরোধিতাকে প্রশ্রয় দিয়েছে।’

    কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহেইড ডাইভেস্ট (সিইউএডি) নামের প্রো-প্যালেস্টাইন ছাত্র গ্রুপ এই চুক্তিকে ‘ট্রাম্পের কাছে ঘুষ’ বলে নিন্দা করেছে। তাদের বক্তব্য, ‘গাজায় গণহত্যার বিরুদ্ধে স্ট্যান্ড নেওয়া শিক্ষার্থীদের শাস্তি দিয়ে ট্রাম্পকে ২২১ মিলিয়ন ডলার দেয়া হলো!’

    ২০২৪ সালে গাজা যুদ্ধের প্রতিবাদে কলাম্বিয়াসহ বহু মার্কিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইহুদি শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রতিবাদগুলো ইহুদি-বিদ্বেষে রূপ নিয়েছে। অন্যদিকে, প্রো-প্যালেস্টাইনিরা বলেন, ইসরায়েলের সমালোচনাকে ইহুদি-বিদ্বেষ বলে চালানো হচ্ছে।

    গত মে মাসে কলাম্বিয়ার প্রধান লাইব্রেরি দখল এবং ‘রেভোল্ট ফর রাফাহ’ ক্যাম্পেইনে অংশ নেয়ায় ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার বা ১-৩ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।

    এই সমঝোতা মার্কিন শিক্ষাঙ্গনে মুক্ত বাক্স্বাধীনতা বনাম ইহুদি-বিদ্বেষ বিতর্ককে আরও উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে

    স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে

    অনলাইন ডেস্ক:     অনিবার্য কারণবশত উচ্চমাধ্যমিকের স্থগিত করা পরীক্ষা সমূহ আলাদা তারিখে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ১০-০৭-২০২৫ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ১২-০৮-২০২৫ তারিখে নেয়া হবে। এছাড়া ১৭-০৭-২৫ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪-০৮-২০২৫ তারিখে।

    এছাড়া ২২-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৭-০৮-২০২৫ তারিখে এবং ২৪-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৯-০৮-২০২৫ তারিখে।

    বলা হয়, ১৯-০৮-২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল ৯.০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

    অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, ২১-০৮-২০২৫ হতে ৩১-০৮-২০২৫ তারিখ পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ০৩-০৯-২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে)।

    নিম্নে প্রদত্ত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে|

  • তেল আবিব লক্ষ্য করে মিসাইল ছুড়লো হুতি, প্রতিহতের দাবি আইডিএফের

    তেল আবিব লক্ষ্য করে মিসাইল ছুড়লো হুতি, প্রতিহতের দাবি আইডিএফের

    আন্তর্জাতিক ডেস্ক:  ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যদিও ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

    মঙ্গলবার ভোরে ছোড়া হয় এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। ফলে তেল আবিবসহ আশপাশের কয়েকটি এলাকায় বেজে উঠে সতর্কতা সাইরেন। এরইমধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি যোদ্ধারা। যদিও ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ।

    এর আগে, গত সোমবার (২১ জুলাই) হোদেইদা বন্দরসহ ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

  • সহজ ম্যাচ কঠিন করে জিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম’ সিরিজ জয়

    সহজ ম্যাচ কঠিন করে জিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ‘প্রথম’ সিরিজ জয়

    খেলাধুলা ডেস্ক:     মিরপুরে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। যদিও ১৫ রানে পাঁচ উইকেট পড়ার পর মনে হচ্ছিলো খুব সহজেই জিতবে বাংলাদেশ। তবে সহজ ম্যাচ শেষ পর্যন্ত কঠিন করে ৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

    মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

    ব্যাটিংয়ে নেমে শুরুতেই অর্থাৎ ম্যাচের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান মো. নাঈম শেখ। তানজিদ তামিমের জায়গায় আজ খেলতে নেমেছিলেন তিনি। ৭ বল খরচায় করেছেন তিন রান।

    এরপর পঞ্চম ওভারে পরাপর দুই উইকেট হারায় বাংলাদেশ। সালমান মির্জার ওই ওভারের প্রথম বলেই হাসান নাওয়াজের হাতে ক্যাচ তুলে ফিরে যান অধিনায়ক লিটন কুমার দাস। ৯ বলে তার অর্জন ৮ রান। একই ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে যান গত ম্যাচে দুর্দান্ত খেলা তাওহীদ হৃদয়। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

    টিকতে পারেননি গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ওপেনার পারভেজ হোসেন ইমনও। একপ্রান্ত আগলে দেখেশুনেই ব্যাট করছিলেন তিনি। তবে পাওয়ার প্লে’র শেষ মুহূর্তে আহমেদ দানিয়ালের বলে ক্যাচ তুলে দেন ফাহিম আশরাফের হাতে। নো মিসটেক! সাজঘরে ফিরে যান ১৪ বলে ১৩ রান করে।

    এরপর শেখ মেহেদী ও জাকের আলী ইনিংস বড় করার চেষ্টা করেন। তবে ২৫ বলে ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। এরপর ক্রিজে জাকের একাই লড়াই চালিয়ে যান। বাকিরা শুধু যাওয়া-আসার মধ্যেই ছিলেন।

    শামিম ফিরে যান ১ রান করে। তানজিম সাকিব এবং রিশাদ ফেরেন যথাক্রমে ৭ ও ৮ রানে। শরিফুল শেষ ওভারে রান আউট হন। মোস্তাফিজ থাকেন ০ রানে অপারিজত। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে পাঁচটি ৬ ও এক চারের সাহায্যে করেন ৫৫ রান।

    অন্যদিকে পাকিস্তানের হয়ে বোলিংয়ে ২ উইকেট করে পেয়েছেন সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

    ১৩৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলেই দুর্দান্ত ফিল্ডিংয়ে উইকেট হারায় পাকিস্তান। পারভেজ ইমন ডিপ পয়েন্টে ডাইভ দিয়ে বল থামান, রিশাদ হোসেন করে থ্রো। স্টাম্প ভাঙেন লিটন। সাইম আইয়ুব ফেরেন ১ করে। পরের ওভারে শরিফুল ইসলামের দুর্দান্ত সুইংয়ে গোল্ডেন ডাকে এলবিডব্লিউ হন মোহাম্মদ হারিস। ফখর জামানও শরিফুলের শিকার হয়ে ফেরেন তিনি ৮ বলে ৮ রানে।

    পঞ্চম ওভারে টানা দুইটি বলে দুর্দান্ত বাউন্সারে ব্যাটারদের পরাস্ত করেন তানজিম সাকিব। হাসান নেওয়াজ আর মোহাম্মদ নওয়াজ-দুই ব্যাটারই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন ০ রানে। ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। ১৮ বলে ১৩ রান করে শেখ মেহেদীর বলে আউট হন খুশদিল।

    শেষদিক আব্বাস আফ্রিদি আর ফাহিম আশরাফের ব্যাটে আশা দেখছিল পাকিস্তান। ১৩ বলে ১৯ করা আব্বাসকে বোল্ড করেন শরিফুল ইসলাম। তবে ফাহিম আশরাফ দলকে এগিয়ে নিতে থাকেন। শেষ পর্যন্ত তার প্রতিরোধ ভাঙেন রিশাদ। ৩২ বলে ৪টি করে চার-ছক্কায় ফাহিম করেন ৫১।

    অন্য প্রান্তে থাকা আহমেদ দানিয়েল তখনও ব্যাট চালাচ্ছিলেন। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। তাদের হাতে ছিল এক উইকেট। মুস্তাফিজের করা ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন দানিয়েল। পরের বলেও উড়িয়ে মেরেছিলেন এই ব্যাটার, তবে এবার বল যায় সরাসরি মিডউইকেটে দাঁড়িয়ে থাকা শামীমের হাতে। তাতে ৮ রানের জয় পায় বাংলাদেশ।

  • গাজার দেইর-আল-বালাহ শহরে বিপুল পরিমাণ ট্যাংক মোতায়েন ইসরায়েলি বাহিনীর

    গাজার দেইর-আল-বালাহ শহরে বিপুল পরিমাণ ট্যাংক মোতায়েন ইসরায়েলি বাহিনীর

    আন্তর্জাতিক ডেস্ক:   বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) গাজা শহরের দেইর-আল-বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনী সন্দেহ করছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে।

    এই অঞ্চল গাজায় ২১ মাসেরও বেশি যুদ্ধের সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্বারা পরিপূর্ণ। ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা হামাসের সামরিক অবকাঠামো ও সামর্থ্য ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে।

    জিম্মি পরিবারগুলি তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দাবি জোরালো হচ্ছে।