Category: প্রচ্ছদ

  • বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯

    বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯

    অনলাইন ডেস্ক:    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯-এ। আর হতাহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একাধিক সূত্রে।

    এছাড়া, হাসপাতাল ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দেড় শতাধিক।

    আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

    এর পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে।

    শিক্ষাপ্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে।

    জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি, ওয়ান, টু, থ্রি— এসব শ্রেণির ক্লাস হয়। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০-১৫০ শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে।

    এছাড়া, স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। স্কুল ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে এই দুর্ঘটনাটা ঘটেছে।

    হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়।

    এই দুঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

    এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

    একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

  • দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা

    দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলা

    আন্তর্জাতিক ডেস্ক:    ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে স্থল ও বিমান হামলা শুরু করেছে, যার ফলে আগেই বাস্তুচ্যুত হাজারো মানুষ আবারও নতুন করে শহরটি ছাড়তে বাধ্য হচ্ছে।

    স্থানীয় সময় সোমবার (২১ জুলাই) ভোরে এ অভিযান শুরু হয়, তার কয়েক ঘণ্টা আগেই শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি আবাসিক ব্লকের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সতর্ক করে ইসরায়েলি সেনাবাহিনী। এই এলাকাগুলো বর্তমানে রাফাহ ও খান ইউনুস থেকে বিতাড়িত হাজার হাজার শরণার্থীতে পরিপূর্ণ।

    স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, ইসরায়েলি ট্যাংক ও সামরিক যানগুলো কিসুফিম চেকপয়েন্ট দিয়ে শহরে ঢুকে পড়ে, এবং ভারী কামান ও বিমান হামলার মাধ্যমে আক্রমণ চালানো হয়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আবু আল-আজিন ও হিকার আল-জামি এলাকাগুলোতে ডজনখানেক গোলা বর্ষণ করা হয়, এবং একই সময়ে স্থলবাহিনী অগ্রসর হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণের ঝলকানি ও গোলাগুলির তীব্র শব্দ শোনা গেছে, যা ইসরায়েলি বাহিনীর অগ্রগতির প্রমাণ বহন করে।

    হাজার হাজার বাসিন্দা রাতারাতি শহর ছেড়ে পালিয়ে গেছেন খান ইউনুসের কাছে উপকূলীয় আল-মাওয়াসি অঞ্চলে, যা দক্ষিণ গাজার হাতে গোনা কয়েকটি অপেক্ষাকৃত নিরাপদ এলাকার একটি হিসেবে বিবেচিত।

    স্থানীয়রা আশঙ্কা করছেন, এই নতুন সামরিক অভিযান হয়তো দেইর আল-বালাহকে কেন্দ্রীয় গাজা থেকে বিচ্ছিন্ন করে ফেলার একটি পরিকল্পনার অংশ হতে পারে।

  • উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    অনলাইন ডেস্ক:    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।

    বেলা ১টা নাগাদ বিমানটি আছড়ে পড়ে। এটি বিমান বাহিনীর F-7 BGI (701) মডেলের বলে জানা গেছে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যায়।

    ঘটনার পর আশপাশের এলাকার মানুষ ছুটে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিমানে আর কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

    বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, সেখানে কয়েকজন বেসমারিক ব্যক্তিও আহত হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা যায়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়েই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনও উদ্ধারকাজ চলছে।

  • বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

    বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

    খেলাধুলা ডেস্ক:   বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগার বোলারদের দুরন্ত বোলিংয়ে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

    আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে পাকিস্তান।

    দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে কাটা পড়েন ৬ রান করা সাইম আইয়ুব। শেখ মেহেদি হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ হারিস। অধিনায়ক সালমান আগাকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তানজিম সাকিব। মোস্তাফিজুর রহমানের পেসে কাটা পড়েন হাসান নাওয়াজ। রান আউট হন মোহাম্মদ নাওয়াজ। একপর্যায়ে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

    সাময়িক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা চালালেও ৩৪ বলে ৪৪ রান করে ফখর জামান সাজঘরের পথ দেখলে বিপদ আরও বাড়ে সফরকারীদের। শেষ ওভারটা ৭ উইকেটে ১১০ রান নিয়ে শুরু করে পাকিস্তান। তাসকিনের করা ওভারের প্রথম তিন বলেই ৩ উইকেট হারিয়ে অলআউট হয় দলটি। ওভারের প্রথম বলে মেহেদীকে ক্যাচ দেন ফাহিম আশরাফ। পরের বলে রানআউটের শিকার অভিষিক্ত সালমান মির্জা। তৃতীয় বলে আব্বাস আফ্রিদি (২২ রান) ক্যাচ দেন লিটন দাসকে।

    বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। ‘ফিজ’ গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেয়ার বাংলাদেশি রেকর্ড। আজ ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।

    এদিন ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। সবশেষ গত মে মাসে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

  • ব্যবসায়ী সোহাগ হত্যার দায় স্বীকার প্রধান আসামি মহিনের

    ব্যবসায়ী সোহাগ হত্যার দায় স্বীকার প্রধান আসামি মহিনের

    অনলাইন ডেস্ক:    রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতলের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) বড় কংক্রিটের ব্লক দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন।

    রোববার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। তারও আগে

    এর আগে, শনিবার (১৯ জুলাই) একই আদালতে মামলার আরেক আসামি সজীব ব্যাপারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারও আগে গত ১৭ জুলাই মামলার আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এ নিয়ে মোট ৫ জন আদালতে স্বীকারোক্তি দিলেন।

  • ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:  পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রাশিয়া।

    নিপ্রো-পেট্রো-ভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুলসহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে দু’জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন। সেই সাথে আহত হয়েছে ৬ শিশু।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন।

    রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।