Category: প্রচ্ছদ

  • যুক্তরাজ্যে ভোটদানের বয়স কমিয়ে ১৬ করা হচ্ছে

    যুক্তরাজ্যে ভোটদানের বয়স কমিয়ে ১৬ করা হচ্ছে

     আন্তর্জাতিক ডেস্ক:  এখন থেকে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবে ১৬ বছরের কিশোর-কিশোরীরা— এমন একটি পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচনে ভোটদানেরও সর্বনিম্ন বয়সসীমা করা হবে ১৬। এ নিয়ে বিরোধী দলের সমালোচনার মুখে পড়লেও তরুণদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে যুক্তরাজ্য প্রশাসন। খবর, বিবিসির।

    বিশ্বের বেশিরভাগ দেশের মতোই ব্রিটেনেও ভোট দেয়া বয়স ১৮। দীর্ঘদিন ধরেই পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য আইকন হিসেবে পরিচিত দেশটিতে আলোচনা চলছে ভোটারদের বয়স পরিবর্তন নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ভোট দেয়ার নুন্যতম বয়স কমিয়ে ১৬ করার পরিকল্পনা করা হচ্ছে ব্রিটেনে।

    যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় কাউন্সিল ও পার্লামেন্ট নির্বাচনে আগে থেকেই ভোট দিতে পারে ১৬ বছর বয়সীরা। তবে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের স্থানীয় নির্বাচন, এবং যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৬ ও ১৭ বছর বয়সীরাও এসব নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবে।এ উদ্যোগকে বেশ ইতিবাচকভাবেই দেখছে দেশটির তরুণরা।

    দেশটির নির্বাচনী সংস্কারবিষয়ক মন্ত্রী আলী বলেন, ভোটারের বয়স কমিয়ে আনার বিষয়টি সরকার আগামী সাধারণ নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চায়। ২০২৯ সালের মধ্যে দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট সময়ের আগেই তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সাম্প্রতিক এই ইস্যুতে এক ব্রিটিশ তরুণ বলেন, যুক্তরাজ্যের সমস্যাগুলোর ব্যাপারে তরুণ প্রজন্মকে মত প্রকাশের সুযোগ দেয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি ১৬-১৭ বয়সে ভোট দেয়ার সুযোগ পেলে তখন থেকেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করতে পারতাম।

    আরেকজন বলেন, আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বেশ ভালো সুযোগ এটি। কারণ দিনশেষে আমাদের নির্বাচিত সরকারই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং চাকরির মত জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে।

    দেশটিতে ভোটদানের বয়স ১৬-তে নামিয়ে আনা হলে তা হবে দেশটির ভোটারদের বয়স কমানোর ক্ষেত্রে ১৯৬৯ সালের পর সবচেয়ে বড় পরিবর্তন। ওই বছরই প্রথম ভোটারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছিল।

    প্রসঙ্গত, এ পদক্ষেপের তীব্র সমালোচনা করছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। এ বিষয়ে সরকারের অবস্থানকে বিভ্রান্তিকর আখ্যা দিয়েছেন দলটির নেতারা। কনজারভেটিভ দলের ছায়ামন্ত্রী মন্ত্রী পল হোমস সরকারের সিদ্ধান্তকে ‘চরম বিভ্রান্তিকর’ বলে সমালোচনা করেছেন।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট

    অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।

    ড. মুহাম্মদ ইউনূস লরেন ড্রেয়ারকে বলেন, বর্ষাকালে চারপাশে সবুজ আর পানির সমারোহ দেখা গেলেও বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে। এর জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ প্রয়োজন। বর্তমানে পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোর সংযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। সেই অঞ্চলে স্কুল, শিক্ষক এবং চিকিৎসকের অভাব রয়েছে। তবে সরকার ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কাজে লাগবে।

    স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বলেন, আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। তবে এত দক্ষতা ও দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে কোথাও দেখিনি। স্পেসএক্স অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এমন ব্যবস্থা চালু করতে চাই। রোগীদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা পরবর্তী চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সহায়ক হবে। গর্ভাবস্থার সময় মহিলাদের প্রায়ই চিকিৎসকের কাছে যেতে পুরুষের সহায়তা দরকার হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারবেন।

    এ সময় লরেন ড্রেয়ার বলেন, জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে আপনার (ড. ইউনূস) উদ্যোগগুলো প্রশংসনীয়। দুর্নীতি একটি বড় সমস্যা। দুর্নীতি বন্ধ করতে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসন ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

    সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

  • জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু

    জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু

    অনলাইন ডেস্ক:     ঢাকায় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিসের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) মধ্যে ৩ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

    শুক্রবার (১৮ জুলাই) এ সমঝোতা স্মারকের কথা জানা গেছে।

    সমঝোতা স্মারকটিতে জাতিসংঘের পক্ষে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

    বাংলাদেশকে মানবাধিকার বিষয়ে সুরক্ষা সহায়তা দিতেই এ সমঝোতা স্মারক সই হয়েছে। নতুন এই মিশন বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে।

    প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার দফতরের সম্পৃক্ততা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার, সংস্কার এগিয়ে নেয়া এবং গণবিক্ষোভ দমনের ঘটনার তথ্য-অনুসন্ধান চালাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে সংস্থাটি।

  • গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

    গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

    অনলাইন ডেস্ক: গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর থেকে গাজা উপত্যকায় চালানো ধারাবাহিক হামলায় অন্তত ৫৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

    বৃহস্পতিবারের হামলায় গাজার আবাসিক এলাকা ও ধর্মীয় স্থাপনাগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে অন্যতম হলো গাজার হলি ফ্যামিলি চার্চ, যেটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন।

    আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ওই চার্চে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গোলা আঘাত হানে, এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত ও কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন প্যারিশ পুরোহিত রয়েছেন।

    চার্চে হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইতালি গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রও হামলার কঠোর সমালোচনা করেছে।

  • ঢাকায় ৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা আজ

    ঢাকায় ৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা আজ

    অনলাইন ডেস্ক:  ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আজ শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকার ২০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।

    স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে তিন হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএসের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

    পিএসসি সূত্র জানায়, তিন হাজার পদের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। প্রতি আসনে প্রতিযোগিতা করছেন গড়ে ১৪ জন।

    পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ হয়ে যাবে এবং প্রবেশ করা যাবে না। সঙ্গে শুধু প্রবেশপত্র ও কালো কালি ব্যবহারযোগ্য বলপেন রাখা যাবে। নিষিদ্ধ সামগ্রী বহনের ক্ষেত্রে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

    এবারের এমসিকিউ পরীক্ষা হবে মোট ২০০ নম্বরের। এর মধ্যে মেডিকেল সায়েন্সে ১০০ এবং সাধারণ বিষয়ের ওপর ১০০ নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন, যা হবে ১০০ নম্বরের।

  • ভোটার হতে পারবেন তফসিল ঘোষণার এক মাস আগেই ১৮ বছরে পৌঁছানো নাগরিকরা

    ভোটার হতে পারবেন তফসিল ঘোষণার এক মাস আগেই ১৮ বছরে পৌঁছানো নাগরিকরা

    নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি অধ্যাদেশ বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

    ফয়েজ আহম্মদ বলেন, “বিদ্যমান ব্যবস্থায় শুধুমাত্র ভোটার তালিকা হালনাগাদের আগের বছরের ডিসেম্বর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়, তারাই ভোটার হতে পারেন। এতে নির্বাচনের আগে যারা ১৮ বছরে পৌঁছান, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হন। এই সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের প্রস্তাবের ভিত্তিতে সংশোধনী আনা হয়েছে।”

    তিনি জানান, নতুন ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ’ অনুযায়ী— নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারাও তালিকাভুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

    অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন ও বিনিয়োগ উন্নয়ন অধ্যাদেশ অনুমোদন

    বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর একটি হলো ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’। এই অধ্যাদেশে দাতার পরিধি বাড়ানো হয়েছে এবং মৃত্যুর পর মরদেহ থেকে অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

    প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এর ফলে দেশে কিডনি প্রতিস্থাপনসহ অঙ্গ সংযোজন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে। আন্তর্জাতিক মান বজায় রেখে এটি তৈরি করা হয়েছে।”

    এছাড়া, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও ভেটিং শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    গোপালগঞ্জের সহিংসতা তদন্তে পূর্ণাঙ্গ কমিটি

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনা তদন্তে গঠিত কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে—কেন সহিংসতা হলো, কীভাবে প্রাণহানি ঘটলো এবং কারা এর জন্য দায়ী।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।