Category: প্রচ্ছদ

  •  জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিরা আইএসকে অর্থ পাঠাতো

     জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিরা আইএসকে অর্থ পাঠাতো

    আন্তর্জাতিক ডেস্ক:      জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে অর্থ পাঠাতো’ বলে তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল।

    শুক্রবার (৪ জুলাই) বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। খবর দ্য স্টার, মালয়েশিয়ার।

    মোহাম্মদ খালিদ ইসমাইল বলেছেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়। তারা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন।

    গোয়েন্দা তথ্যের বরাতে তিনি আরও বলেন, বাংলাদেশিদের ওই চক্রটি অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন।

    চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে ‘আইএসের জন্য’ অর্থ পাঠাতেন বলে জানান মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক।

    মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে বলেও জানানো হয়।

    গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জাড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন খালিদ ইসমাইল।

    তিনি জানিয়েছেন, যাদের সংশ্লিষ্টতা কম তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের সম্পৃক্ততা বেশি, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি

    গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি

    আন্তর্জাতিক ডেস্ক:     চলছে যুদ্ধবিরতি আলোচনা। তবে এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি।

    বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার একাধিক স্থানে সংগঠিত হামলায় নিহত হন তারা। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

    খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপরও গুলিবর্ষণ করে নেতানিয়াহুর সৈন্যরা। এতেই প্রাণ হারান ৫১ জন।

    গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। নুর শামস শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি।

    আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন মুহান্নাদ আল লিলি নামের একজন ফুটবলার। খাদামাত আল-মাঘাজি ক্লাবের হয়ে খেলতেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন।

    উল্লেখ্য, গত দেড় বছরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান। নিহত ফিলিস্তিনির এ সংখ্যা হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি।

  • বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে উদ্যোগ না নেয়ায় বৈছাআ সভাপতির ক্ষোভ প্রকাশ

    বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে উদ্যোগ না নেয়ায় বৈছাআ সভাপতির ক্ষোভ প্রকাশ

    অনলাইন ডেস্ক:      জুলাই-আগস্টের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বর্তমান সরকার বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে এখন পর্যন্ত কোনও উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি রিফাত রশিদ।

    শুক্রবার (৪ জুলাই) দুপুরে রায়েরবাজার বদ্ধভূমি কবরস্থানে গণকবর জিয়ারত শেষে এ ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় বিষয়টিকে লজ্জাজনক বলেও উল্লেখ করেন বৈছাআ সভাপতি।

    এতদিনে বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা নেয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণকবর তৈরি করেছিল, ফ্যাসিস্ট হাসিনাও সেভাবে গণকবর তৈরি করেছে।

    এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও হাসিনার আমলের মত ফ্যাসিস্ট হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। রিফাত রশিদ বলেন, রোহিঙ্গা শহীদ নূর মোস্তফা স্বীকৃতি পেলেও একজন বিহারি শহীদ মো. রনি এখনও স্বীকৃতি পায়নি। গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ার গতি দেখলে কচ্ছপও লজ্জা পাবে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টারা ক্ষমতার মোহে গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে সরে গেছেন।

    এসময় বৈছাআর সাধারণ সম্পাদক ইনামুল হাসান বলেন, আগামী তিন দিন সারাদেশের সকল শহীদদের কবর জিয়ারত ও তাদের স্বজনদের সাথে সাক্ষাৎ এবং আহতদের খোঁজখবর নেয়া হবে। পরবর্তী রিপোর্ট নিয়ে সরকারের সাথে কথা বলবেন তারা।

    ফ্যাসিস্ট রেজিমের অনেক ভ্যানগার্ড এখনও বহাল তবিয়তে আছে উল্লেখ করে তিনি বলেন, এক বছর হয়ে গেলেও বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়া হয়নি। ময়না তদন্ত বা ডিএনএ টেস্ট করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কোন উদ্যোগ নেয়া হয়নি।

  • কুমিল্লায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

    কুমিল্লায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

    কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঙ্গরা বাজার থানার করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন রুবি, জোনাকী ও রাসেল। এদের মধ্যে রুবি ও জোনাকী সম্পর্কে মা-মেয়ে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ এলাকায় প্রভাব বিস্তার করে করেছিল। আজ সকালে এলাকাবাসী সংঘবদ্ধ তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গণপিটুনিতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়। নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গরা বাজার থানায় একাধিক মামলা রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

  • একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু

    একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক:     গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। ভয়াবহ হামলায় একদিনে আরও ১১১ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    নিহতদের মাঝে ২৪ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

    মৃত্যু হয়েছে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের। হামলায় প্রাণ গেছে তার স্ত্রী ও এক মেয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিষয়টি। মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।

    শরনার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের।

  • দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত

    দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত

    আন্তর্জাতিক ডেস্ক:   দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি কে হবেন, সে সিদ্ধান্ত একমাত্র তারই। খবর ইন্ডিয়া টুডে’র।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্মশালায় এক অনুষ্ঠানে রিজিজু বলেন, দালাই লামার অবস্থান শুধু তিব্বত নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচনের অধিকার একমাত্র তারই।

    তিনি আরও জানান, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে এর সম্পর্ক নেই।

    দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং।

    সম্প্রতি দালাই লামার দপ্তর জানায়, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে দালাই লামা নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। প্রতিষ্ঠানটির সদস্যরাই এ সিদ্ধান্ত নেবেন।

    এদিকে চীন জানিয়েছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদন লাগবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে।

    তবে ভারতের বক্তব্য স্পষ্ট—চীনের এই দাবি গ্রহণযোগ্য নয়। দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবেন তিনিই, অন্য কেউ নয়।