Category: প্রচ্ছদ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন

    যশোর প্রতিনিধি: জুলাইয়ের প্রথম প্রহরে ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন।

    মঙ্গলবার (১ জুলাই) ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার ‘আহ্বায়ক’ পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি এবং একই সাথে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইং এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই৷

    জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে যখন সারাদেশে মোমবাতি প্রজ্বলন হচ্ছে, এমন সময়ে রাশেদের পদত্যাগের স্ট্যাটাসে হতবাক হয়েছেন নিজ দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মূর্হতে তার পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনাও করছেন।

    দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ২৬ নভেম্বর  রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মুর্শীদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ।

    এর পরের সপ্তাহে ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসন করা হয়েছে এমন অভিযোগ তুলে আরোও ৭ নেতা পদত্যাগ করেন। সর্বশেষ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি  উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের জেরে সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এছাড়া বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও জেলার শীর্ষনেতাদের বিরুদ্ধে নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ উঠায় অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচিতেও নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায় হাতেগোনা কয়েক জনদের।

    নেতাকর্মীরা জানিয়েছে, গত বছরে কোটা আন্দোলনের প্রথম থেকেই যশোরে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ খান। বাম ঘরোনার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই শিক্ষার্থী জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলেন। যার পুরস্কার স্বরূপ পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর কমিটির দায়িত্বভার তুলে দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    কিন্তু হঠাৎ কমিটি থেকে পদত্যাগ করায় হতবাক হয়েছেন নিজ দলের নেতাকর্মীরাসহ জেলার বিভিন্ন অঙ্গনের মানুষেরা। রাশেদের এই পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জন উঠেছে কয়েকদিনের মধ্যে জেলা কমিটির আরও ডজনখানিক নেতাকর্মী পদত্যাগ করতে যাচ্ছেন। তারা সবাই রাশেদের অনুসারী হিসাবেই পরিচিত।

  • ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

    ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত

    জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। নিহত গোলাম বারিক মন্ডল একজন মুক্তিযোদ্ধা ছিলেন।

    সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।

    স্থানীয়রা জানায়, গোলাম বারিক মন্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে বারিক মন্ডলের স্ত্রী ছিটকে সড়কের পাশে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মন্ডলকে চাপা দেয়। এতে বারিক মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।

    পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।

  • গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে

    গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে

    বিনোদন ডেস্ক:     আগামী ৪ থেকে ৬ জুলাই ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবে গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। নির্মাতা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

    গোলাম রাব্বানী বলেন, উৎসব কর্তৃপক্ষ আমার ছবিটির খুব প্রশংসা করেছেন। একইসঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্রও পাঠিয়েছেন। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন এটাই আমার জন্য আনন্দের।

    উল্লেখ্য, বিশ্বের নানা দেশের ৮২টি চলচ্চিত্র ও ১৬টি মিউজিক্যাল ফিল্ম এই উৎসবে স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘আনটাং’। এর আগে, ভেনিস ইন্টার কালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘আনটাং’ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে।

    গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ। মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। এরই মধ্যে দেশবিদেশে প্রশংসিত হয়েছে ছবিটি। হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির চলচ্চিত্র উৎসব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে ছবিটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে।

    এর আগে, গোলাম রাব্বানী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুরত’। এটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়। উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে এই নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

    প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

     অনলাইন ডেস্ক:    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ মিনিটব্যাপী এ আলোচনাটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক ছিল বলেও জানান প্রেস সচিব।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে আলাপ হয় দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও আন্তরিক ও গঠনমূলক করতে। বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন এই ফোনালাপে ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

  • ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

    ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

    বিনোদন ডেস্ক:    সম্প্রতি ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

    বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

    তার মৃত্যুর পর বলিউড পাড়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন। শেফালি জরিওয়ালার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

    শেফালির আকস্মিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পুলিশের বিশেষ তদন্তে সহায়তা করছেন পাঁচ জন বিশিষ্ট চিকিৎসক। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া কিংবা হৃদযন্ত্রের জটিলতা মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও, দীর্ঘদিন ধরে অ্যান্টি-এজিং ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়াও একটি সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

    হায়দরাবাদের খ্যাতনামা যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শক ডা. ধীরেন্দ্র সিংহানিয়া এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘স্টেরয়েডের ব্যবহার, অনিদ্রা, অতিরিক্ত ওষুধ সেবন অথবা হরমোন থেরাপির মতো বিষয়গুলোও মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে সঠিক কারণ শুধুমাত্র পোস্টমর্টেম রিপোর্টেই নিশ্চিতভাবে জানা সম্ভব।’

    পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবারের (৩০ জুন) মধ্যে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেফালির মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

    এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকরা আরও জানান, শেফালির মৃত্যুর পেছনে কোনো প্রকার অবহেলা বা অন্য কোনো অপ্রাকৃতিক কারণ কাজ করেছে কিনা, তা নিয়েও বিস্তারিত তদন্ত চলছে।

  • ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ

    ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ

    আন্তর্জাতিক ডেস্ক:   ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। স্থানীয় সময় রোববার (২৯ জুন) সমুদ্র তীরবর্তী প্রদেশটির বনাঞ্চলে ছড়িয়ে পড়ে আগুন। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।

    ঘণ্টায় ১শ’ কিলোমিটার বাতাসের বেগ থাকায়, আগুনের লেলিহান শিখা ছড়ায় তুরস্কের জনপ্রিয় পর্যটন নগরী ম্যান্ডেরেস-এ। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় ইজমির আন্তর্জাতিক বিমান বন্দর।

    জঙ্গলের কাছাকাছি ৬টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১ হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া ১১টি বিমান ও ২৭টি হেলিকপটার থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।