Category: প্রচ্ছদ

  • ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো চেলসি

    ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো চেলসি

    খেলাধুলা ডেস্ক:   ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে বেনফিকাকে ৪-১ গোলে হারালো চেলসি। কোয়ার্টারে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ে ৯০ মিনিট পর্যন্ত খেলার স্কোর লাইন ছিলো ১-১।

    ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৬৪ মিনিটে রিস জেমসের গোলে এগিয়ে যায় ব্লুরা। ৮৫ মিনিটে বজ্রপাতের ভয়ে ২ ঘন্টা বন্ধ থাকে ম্যাচ। এরপর খেলা মাঠে গড়ালে যখন জয়ের দ্বারপ্রান্তে ছিলো চেলসি।

    তখনই ইনজুরি টাইমে ব্লুদের বোকা বানিয়ে গোল করেন আর্জেন্টাইন ডি মারিয়া। জমে ওঠে ম্যাচ। খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে ক্রিস্টোফার কুনকু, পেদ্রো নেতো, ডিউসবারি গোল করায় বেনফিকার পোস্টে গোলের হালি পূরণ করে চেলসি। ফলে ১০ জনের দল নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় বেনফিকাকে।

    উল্লেখ্য, আগামী ৪ জুলাই শেষ আটে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।

  • ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে মারধর

    ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে মারধর

    স্টাফ রিপোর্টার:     বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর করা হয়েছে।

    রোববার (২৯ জুন) দুপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী জানান, দেওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার হাজী আলাউদ্দিনের পক্ষে বিদ্যুৎ কেন্দ্রের ওভার হোলিং পরিষ্কারের কাজ চালু করতে যান তিনি। সেখানে বিএনপি নেতা বজলু ও তার সহযোগীরা মারধর করে পোশাক ছিড়ে ফেলে। পরে পুলিশ গিয়ে অর্ধ বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

    অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি, ঠিকাদার হাজী আলাউদ্দিন আওয়ামী লীগ নেতা। বিগত সময়ে তার বাহিনী বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। তার পক্ষে দালালি করছেন আতাউর রহমান মুকুল। তাই বিক্ষুব্ধ হয়ে মুকুলের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কাজ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ সময় হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ইউক্রেনের পোক্রভস্ক দখলে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার

    ইউক্রেনের পোক্রভস্ক দখলে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার

    আন্তর্জাতিক ডেস্ক:     ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রভস্ক দখলে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (২৯ জুন) ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি এ দাবি তোলেন।

    তিনি বলেন, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র হলো পোক্রভস্ক অঞ্চল। রাশিয়া প্রায় এক বছর ধরে পোক্রভস্ক দখলে একের পর এক হামলা চালিয়ে গেলেও এখনো সেটি দখল করতে পারেনি।

    যুদ্ধের শুরু থেকেই মস্কোর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট ছিল পোক্রভস্ক। প্রায় এক বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেনাবাহিনী ও পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রভস্ক দখলে ব্যর্থ হয়েছেন তিনি।

    পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে অন্যান্য ফ্রন্টেও। ইউক্রনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের।

    এদিকে রাশিয়া অধিকৃত ক্রাইমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় ৩টি হেলিকপটার ধ্বংসের দাবি করেছে কিয়েভ।

  • ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অর্থ উপদেষ্টা

    ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অর্থ উপদেষ্টা

     অর্থনীতি ডেস্ক:  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আব্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত অচলাবস্থা নিরসনে ব্যবসায়ীদের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে উপস্থিত আছেন এনবিআর চেয়ারম্যান  মো. আবদুর রহমান খান ও অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

    রোববার (২৯ জুন) বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠকে শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ।

    এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

  • এনবিআরকে অত্যাবশ্যকীয় ঘোষণা, কাজে যোগ না হলে কঠোর ব্যবস্থা: সরকারের বিবৃতি

    এনবিআরকে অত্যাবশ্যকীয় ঘোষণা, কাজে যোগ না হলে কঠোর ব্যবস্থা: সরকারের বিবৃতি

    অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিলুপ্তি-সংক্রান্ত সিদ্ধান্ত ঘিরে রাজস্ব খাতে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা আরও গভীর হয়ে পড়ছে। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অনমনীয় অবস্থান, অর্থ উপদেষ্টার সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল এবং সরকারের হুঁশিয়ারির মধ্যে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। দেশের অর্থনীতি ও বাণিজ্যে এই অচলাবস্থা ভয়াবহ প্রভাব ফেলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

    রোববার (২৯ জুন) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা যেন অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে আসেন এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসেন। অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হতে বাধ্য হবে।

    সরকারের বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার বড় সীমাবদ্ধতা দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় রাজস্ব আহরণ অনেক কম হচ্ছে। এর পেছনে রয়েছে রাজস্ব ব্যবস্থাপনার নানাবিধ দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই প্রেক্ষাপটে সকল অংশীজনের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সরকার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কিছু কর্মকর্তা-কর্মচারী গত দুই মাস ধরে নজিরবিহীনভাবে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত করছেন। আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি হয়েছে, যা সরকারের মতে পুরোপুরি অগ্রহণযোগ্য।

    বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আন্দোলনকারীরা শুধুমাত্র সংস্কারের বিরোধিতা করছেন না, বরং অর্থ বছরের শেষ দুই মাসে রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করেছেন। সরকার মনে করছে, এই আন্দোলন পরিকল্পিত এবং জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকারের পরিপন্থী।

    সরকারের পক্ষ থেকে রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। বরং তাঁরা অনমনীয় অবস্থানে থেকে দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছেন।

    এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থে অতি জরুরি আমদানি-রপ্তানি এবং বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চালু রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সব কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে।

    অন্যদিকে আন্দোলনরত কর্মকর্তারা দাবি করছেন, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত তাঁদের স্বার্থের পরিপন্থী এবং এটি বাস্তবায়ন হলে রাজস্ব খাতে ভয়াবহ সংকট তৈরি হবে। তাঁরা এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে অনড় রয়েছেন।

    অচলাবস্থার প্রভাবে রাজস্ব আহরণ কার্যত বন্ধ হয়ে পড়েছে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমও থমকে আছে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, এই অচলাবস্থা প্রতিদিন হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ক্ষতির কারণ হচ্ছে। বিজিএমইএ থেকে শুরু করে বিসিআই, এমসিসিআই—সবাই শঙ্কা প্রকাশ করেছেন যে, দীর্ঘমেয়াদি এই অচলাবস্থা ব্যবসা-বাণিজ্যকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রোববার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, কর্মকর্তারা শাটডাউন চালিয়ে যেতে চাইলে সেটা তাঁদের সিদ্ধান্ত, তবে শাটডাউন চলাকালীন কোনো আলোচনা হবে না। অর্থ উপদেষ্টার বক্তব্যের পরপরই আন্দোলনকারীরা বৈঠক বাতিলের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং শাটডাউন স্থগিত না করে আলোচনায় না বসার ঘোষণা দিয়েছেন।

    চলমান অচলাবস্থায় এনবিআরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। দেশের বন্দরগুলোতে পণ্য আটকে আছে, কাস্টমস ক্লিয়ারেন্স বন্ধ রয়েছে। ব্যবসায়ী মহল যেমন ক্ষতির হিসাব দিচ্ছে, তেমনি সরকারের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থান নেওয়ার আভাস মিলছে।

    অর্থনীতি, রাজস্ব এবং বৈদেশিক বাণিজ্যকে ঘিরে এই অচলাবস্থা কোন দিকে মোড় নেয়, সেটি নিয়ে সারা দেশে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

  • পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না: শিল্প উপদেষ্টা

    পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না: শিল্প উপদেষ্টা

    স্টাফ রিপোর্টার:   পণ্যের মান যাচাইয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের আর ঢাকামুখী হতে হবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ১০ তলা ভবন ও ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, বন্দরনগরী চট্টগ্রামের পূর্ন সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামোগত উন্নয়ন এবং কাঙ্খিত সেবা প্রদানের বিকল্প নেই। বিএসটিআই এর ভবন ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব হওয়ায় দেশের আমদানী-রফতানি বাণিজ্য গতিশীল হবে বলেও জানান তিনি।

    উপদেষ্টা বলেন, এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। অনুষ্ঠানে শিল্প সচিব, জেলা প্রশাসক এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন ভবনের ফলক উন্মোচন করেন জুলাই আন্দোলনে নিহত ফয়সাল আহমদ শান্ত’র মা এবং শিল্প উপদেষ্টা।