Category: প্রচ্ছদ

  • সিপিসি নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে !

    সিপিসি নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে !

     অনলাইন ডেস্ক :     বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে ফেরার পথে শুক্রবার (২৭ জুন) চীনের শিয়ান বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে চীন সফররত বিএনপি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল-কে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন।

    সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমানবন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

    শিয়ান বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।

    বিএনপির প্রতিনিধি দলটি রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ঢাকা বিমানবন্দরে বিএনপি প্রতিনিধি দলকে স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।

  • সিএসআর ফান্ডের একটা অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার

    সিএসআর ফান্ডের একটা অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার

    অনলাইন ডেস্ক:     করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ফান্ডের একটা অংশ ক্রীড়া খাতে ব্যয় করার ব্যাপারে চিন্তা করছে সরকার— এমনটা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। শুক্রবার (২৭ জুন) রমনা টেনিস কমপ্লেক্সে ‎ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    আশীফ মাহমুদ বলেন, বিগত সময়ে স্টেডিয়াম করতে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। কিন্তু সেই টাকা ক্রীড়া মন্ত্রণালয়ে এলে অনেক উন্নতি হতে পারতো। মানুষ মনে করে খেলাধুলা শুধু প্রফেশনালি করা উচিত। কিন্তু সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

    তিনি আরও বলেন, দায়িত্বে আসার পর থেকে খেলাধুলায় মনোযোগ দিতে পারিনি। এখন আবার বিভিন্ন খেলাধুলায় সক্রিয় হচ্ছি। এ সময় খেলাধুলার সাথে যুক্ত না থাকার কারণে বর্তমান প্রজন্ম অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, বিসিবি নির্বাচন যথাসময়েই হবে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালকদের পারফরম্যান্স মূল্যায়ন করার এখতিয়ার সরকারের রয়েছে। অন্য নির্বাচিতদের ক্ষেত্রে মূল্যায়ন করবে বিসিবি।

  • ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

    ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার

    নিউজ ডেস্ক:    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাতে মিলিত হন তারা।

    এর আগে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৭৬টি আসনের সীমানা পুনঃনির্ধারণ চেয়ে পর্যালোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

    একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

    এছাড়াও আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

  • টাইগাররা অলআউট ২৪৭ রানে!

    টাইগাররা অলআউট ২৪৭ রানে!

     খেলাধুলা ডেস্ক:   দুই উইকেট হাতে নিয়ে কলম্বো টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেনি। ২৫০ রানও তোলা হয়নি। টাইগাররা অলআউট হয়েছে ২৪৭ রান করে।

    এদিন সকালে মাঠে নেমেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। উপায় নেই দেখে ব্যাট চালিয়ে খেলেন তাইজুল ইসলাম। খেলেছেন ৩৩ রানের ইনিংস, এতেই ২২০ রানে প্রথম দিন শেষ হওয়া ইনিংস ২৪৭ রানে পৌঁছায়।

    আগের দিনের বৃষ্টিতে খেলা হয়েছে ১৯ ওভার কম। সে ক্ষতি কিছুটা পুশিয়ে নিতে আজ খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ আশাই দেখিয়েছিলেন তাইজুল। তৃতীয় বলে মেরেছিলেন দৃষ্টিনন্দন এক চার। এরপর থেকে রান উঠেছে আর মোটে ৪টি।

    এরপরই এবাদত বিদায় নিলেন। আসিথা ফার্নান্দোর ডেলিভারিটা নিচু হয়ে লাগে তার প্যাডে। তাতে রীতিমতো উদযাপনই শুরু করে দেন লঙ্কান বোলার। শেষে আপিল করতে আঙুল তুলে দেন আম্পায়ার।

    তিনটি রিভিউ ছিল বাংলাদেশের। যা কাজে লাগাতে চেয়েছিলেন এবাদত হোসেন। রিভিউতে দেখা যায় বল পড়েছে অফ স্টাম্পের বাইরে, ইমপ্যাক্ট হয়েছে স্টাম্পের লাইনে, এরপর তা গেছে স্টাম্পে। তিনটি লাল সিগন্যাল মানে আউট, রিভিউটাও হারায় বাংলাদেশ।

    ২২৯ রানে বাংলাদেশ খুইয়ে বসে তাদের নবম উইকেট। এরপর রান তোলার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন তাইজুল। দারুণ তিনটি চার মেরে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন তিনি।

    নতুন বল নেওয়ার সময় চলে আসছিল একটু একটু করে। ৮০তম ওভারে তাই একটু তাড়াহুড়ো করেই ২৫০ ছুঁতে চেয়েছিলেন তাইজুল। সোনাল দিনুশার ডেলিভারিটাকে তুলে মারতে চেয়েছিলেন লং অনের ওপর দিয়ে। তবে তা হয়নি। অনেকটা সামনে দৌড়ে এসে ক্যাচটা নেন সোনাল দিনুশা। এতেই শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস।

  • প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুরের ১৭ শিক্ষার্থী

    প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুরের ১৭ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিনিধি:    প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি জামালপুর পৌর এলাকার দড়িপারার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়।

    গতকাল বুধবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করে প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে হট্টগোল শুরু করে। পরিস্থিতির একপর্যায়ে কলেজের অধ্যক্ষসহ সকলেই কলেজের সাইন বোর্ড খুলে গেইটে তালা ঝুলিয়ে পালিয়ে যান।

    শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ডে অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১০ জন, মানবিকের ৪ জন ও ব্যাসায়ীকের ৩ জন শিক্ষার্থী রয়েছে।

    গতকাল রাত থেকে স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড সরিয়ে নিয়ে কলেজ ভবনে তালা দিয়ে আত্নগোপনে থাকা অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেছেন, প্রমানসহ লিখিত অভিযোগ দিলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বছর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

  • দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশে ভাষণ খামেনির

    দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশে ভাষণ খামেনির

    আন্তর্জাতিক ডেস্ক:   দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ভাষণে তিনি বলেন, ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল।

    বৃহস্পতিবার (২৬ জুন) টিভিতে দেওয়া  ভাষণে তিনি বলেন, ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইসলামিক রিপাবলিকের ধাক্কায় তারা চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হয়েছে।

    তিনি আরও বলেছেন, মার্কিন সরকার যুদ্ধে সরাসরি জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো কিছু অর্জন করেনি। এখানে বিজয়ী হয়েছে ইরান এবং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পাওয়ায় আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

    খামেনি বলেন, ইরানি জনগণের অসাধারণ একতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। ৯ কোটি জনগণের দেশ ইরান আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ রেখে এক হয়ে দাঁড়িয়েছিল। ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে, যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে।

    তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যদি কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেস্টা করে তাহলে এরজন্য চড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা (ইসরায়েল) কখনও ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে।