Category: প্রচ্ছদ

  • পাকিস্তানে দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার,প্রাণ হারিয়েছে ১১ জন

    পাকিস্তানে দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার,প্রাণ হারিয়েছে ১১ জন

    অনলাইন ডেস্ক:     পাকিস্তানে দক্ষিণাঞ্চলে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আকস্মিক বন্যায় পাকিস্তানে ওই ৯ জনসহ অন্তত ১৮ জন ভেসে যায়। এর মাঝে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন।

    জানা গেছে, মৃতদের তালিকায় বেশ কয়েকটি শিশু রয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ৬ জন।

    নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অন্তত ৮০ উদ্ধারকর্মী। ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণেই এই আকস্মিক বন্যার সৃষ্টি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    গতকাল শুক্রবার (২৭ জুন) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাত নদীতীরে পিকনিক করছিলো পরিবারটি। ছবি তুলতে পাড় থেকে একটি সামনে এগিয়ে গেলে বন্যার পানিতে ভেসে যায় এক শিশু। তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয় অভিভাবকেরা।

    এসময় বন্যার পানিতে তারাও ভেসে যায়। নিখোজদের উদ্ধারে স্থানীয়রাসহ ৮০ জন উদ্ধারকর্মী কাজ করছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশ

    সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশ

    অনলাইন ডেস্ক:   সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    শনিবার (২৮ জুন) সকাল ১০টায় দলটির প্রথম অধিবেশন শুরু হয়। আর আনুষ্ঠানিকভাবে মূল অধিবেশন শুরু হয় দুপুর ২টায়।

    সমাবেশে সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যানের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায়। মূলত সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

  • চালের বাজারে নৈরাজ্য, ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের

    চালের বাজারে নৈরাজ্য, ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের

    অনলাইন ডেস্ক:     চালের বাজারে নৈরাজ্য, ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চালানো হচ্ছে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান। কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। ধানের বাজার চড়া-এই অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। যদিও এখন কৃষকের গোলায় ধান নেই। পনেরো দিনের ব্যবধানে রাজধানীতে প্রতিবস্তা মিনিকেটের দাম বেড়েছে ৪০০ টাকা। বিআর ২৮ ও পাইজাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। দোকানিদের অভিযোগ, অস্বাভাবিক মুনাফা লুটছেন মিল মালিকরা।

    দেশে বার্ষিক চালের চাহিদা ৩ কোটি ৮০ থেকে ৯০ লাখ টন। মোট চাহিদার প্রায় ৬০ ভাগই পূরণ হয় বোরো মৌসুমের আবাদে। বাকিটা আসে আমন আর আউশ থেকে। মাত্র দেড় মাস আগে বোরো ফলন তুলেছে কৃষক। স্বাভাবিকভাবেই প্রতিবছর মৌসুমের এই সময়টাতেই চালের দাম সহনীয় থাকে।

    কিন্তু এবছর বাজার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাম্পার ফলনের পরও কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। ঈদুল আজহার পর গত দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মিনিকেটসহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। বোরোর এই ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা।

    রাজধানীর বাজারগুলোতে গত পনেরো দিনের ব্যবধানে প্রতিবস্তা মিনিকেটের জন্য ৪০০ টাকা বাড়তি গুণতে হচ্ছে। বিআর ২৮ ও পাইজামের জন্যও প্রতিবস্তায় বাড়তি দিতে হবে ২০০ টাকা পর্যন্ত। মানভেদে এক কেজি মিনিকেটের জন্য দিতে হবে ৮০-৯০ টাকা। ৬০-৬৫ টাকা কেজির নিচে মিলছে না মাঝারি মানের চাল। খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, বেশুমার মুনাফা লুটছে মিল মালিক ও গুটিকয়েক কর্পোরেট প্রতিষ্ঠান।

    চালের বাজার সহনীয় রাখার জন্য গত বৃহস্পতিবার অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা খাদ্য বিভাগ। তবে এই অভিযানের কোনো সুফল মেলেনি-এমন অভিযোগ করছেন রাজধানীর পাইকারি বিক্রেতারা। এর জন্য মিলগেট এবং গুদাম পর্যায়ে তদারকির দুর্বলতাকে দায়ী করছেন তারা।

    নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফারুক হোসেন চকদার বলেন, মাল নষ্ট হওয়ার কারণে মাস খানেকের মধ্যে চালের দাম এক থেকে দেড়’শ টাকা বেড়েছে। ঈদের ছুটির কারণে আমাদের উৎপাদন কিছুটা বন্ধ ছিল। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সব স্বাভাবিক হবে।

    ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র তথ্য বলছে, বিভিন্ন ধরনের চিকন ও মাঝারি মানের চালের দাম গত এক বছরের ব্যবধানে ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

  • ২০ মাসে লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ পাঁচটি দেশে অন্তত ৩৫ হাজার বার হামলা ইসরায়েলের

    ২০ মাসে লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ পাঁচটি দেশে অন্তত ৩৫ হাজার বার হামলা ইসরায়েলের

     আন্তর্জাতিক ডেস্ক:  গত ২০ মাসে লেবানন, সিরিয়া ও ইয়েমেনসহ পাঁচটি দেশে অন্তত ৩৫ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে জানা গেছে, ২০২৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত ফিলিস্তিন, ইরান, লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। যা এখনোও চলমান। বিমান ও মিসাইল হামলার পাশাপাশি ইসরায়েলি পদাতিক বাহিনীর নির্বিচারে সাধারণ মানুষদের হত্যার বিষয়টি উঠে এসেছে এ গবেষণায়।

    হামলার পরিসংখ্যানে কেবল ফিলিস্তিনজুড়েই রেকর্ড করা হয়েছে ১৮ হাজারেরও বেশি হামলা। পাশাপাশি লেবাননে ১৫ হাজার ৫শ’ ২০, সিরিয়ায় ৬১৬, ইরানে ৫৮ ও ইয়েমেনে ৩৯ বার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল।

  • এনবিআরে অচলাবস্থা কাটাতে অর্থ মন্ত্রণালয়ের সভা

    এনবিআরে অচলাবস্থা কাটাতে অর্থ মন্ত্রণালয়ের সভা

    অনলাইন ডেস্ক:     সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সভায় শনিবারের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহারসহ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার এই কর্মসূচি করার ঘোষণা ছিল।

    বাকি দুই সিদ্ধান্ত হচ্ছে— এনবিআর কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে।

    গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এই সভা অনুষ্ঠিত হয়। তাতে কর্মসূচি প্রত্যাহার করে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দফতরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।

    শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

    এতে বলা হয়, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং সংস্থাটির ১৬ জন সদস্য অংশ নেন।

    মঙ্গলবার অনুষ্ঠেয় সভায় আলোচনার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে বলে সরকার প্রত্যাশা করে, তা উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

  • কসবায় ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

    কসবায় ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

     আন্তর্জাতিক ডেস্ক:     দক্ষিণ কলকাতার কসবায় অবস্থিত ‘সাউথ ক্যালকাটা ল কলেজ’-এর ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত ওই কলেজের সাবেক শিক্ষার্থী, বাকি দু’জন কলেজের বর্তমান শিক্ষার্থী।

    কসবা থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ওই তরুণী। ২৪ বছর বয়সী নির্যাতিতা তরুনীর অভিযোগ— কলেজ ভর্তি সম্পর্কিত ফর্ম আবেদনপত্র জমা দিতে বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২ টায় কলেজে যান তিনি। মূলত, কলেজের ইউনিয়ন রুমে বসেছিলেন তিনি। একসময় সন্ধ্যার দিকে মূল অভিযুক্ত কলেজের প্রধান গেট বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। এরপর কলেজের নিরাপত্তারক্ষীর রুমে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়।

    অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কলকাতার তালবাগান ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র (৩১) ও তার সহযোগী জাহিব আহমেদ (১৯)-কে। তৃতীয় অভিযুক্ত প্রতিম মুখোপাধ্যায়কে (২০) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তার হাওড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

    তিন অভিযুক্ত ব্যক্তিরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত মনোজিৎ রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক বলে জানা যায়।

    নির্যাতিতা ওই তরুণী অভিযোগ পত্রে জানান, অভিযুক্ত মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে ওই প্রস্তাব নাকচ করে তরুণী জানান তার বয়ফ্রেন্ড রয়েছে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয় মনোজিৎ। ঘরের মধ্যে আটকে রেখে ওই তরুণী এবং তার বন্ধুকে খুনের হুমকি দেয়া হয়। পাশাপাশি তার বাবা-মাকে গ্রেফতার করার হুমকি দেয়া হয়।

    এরপর প্রধান অভিযুক্তের পা ধরে অনুরোধ জানালেও তাতে কাজ হয়নি। ধর্ষণের সময় প্রধান অভিযুক্ত মনোজিৎকে সহায়তা করে আইন কলেজেরই দুই শিক্ষার্থী জাহিদ এবং প্রতিম।

    বৃহস্পতিবার (২৬ জুন) তিন অভিযুক্তকেই কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া হয়।