Category: প্রচ্ছদ

  • বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে ১৩ % কমেছে

    বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে ১৩ % কমেছে

    অর্থনীতি ডেস্ক:    দেশে ২০২৪ সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ— এফডিআই আগের বছরের চেয়ে ১৩ শতাংশ কমেছে। গত বছর প্রকৃত এফডিআই এসেছে ১২৭ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ। ২০২৩ সালে নিট এফডিআই ছিল ১৪৬ কোটি ৪০ লাখ ডলার।

    বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগ আসার ওই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

    বাংলাদেশে ২০২৪ সাল শেষে বিদেশি বিনিয়োগের স্থিতি ১ হাজার ৮২৯ কোটি ডলার, যা দেশের জিডিপির মাত্র ৪ শতাংশ। দক্ষিণ এশিয়ায় এ ক্ষেত্রে গড় হার ১৩ শতাংশ।

    ভারতের হার ১৪ শতাংশ। ভুটানের মতো দেশে এ হার ১৭ শতাংশ। বাংলাদেশে ২০২৪ সালে বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে বিনিয়োগে অর্থের ঘোষণার পরিমাণও কমেছে।

    ঘোষিত অর্থের পরিমাণ ১৭৫ কোটি ডলার। গত বছরের তুলনায় যা ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে মাত্র ৭০ লাখ ডলারের বিনিয়োগ হয়েছে। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা।

    গত পাঁচ বছরের মধ্যে ২০২১ সালে দেশের বাইরে সর্বাধিক ৮ কোটি ডলারের বিনিয়োগ করেন বাংলাদেশি উদ্যোক্তারা।

  • পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানান

    পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানান

    আন্তর্জাতিক ডেস্ক:   হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’।

    গতমাসে ভারতের পেহেলগামে জঙ্গী হামলার পর উত্তেজনা দেখা দেয়ার পর যুদ্ধ বিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এই যুদ্ধবিরতি কার্যকরে পাক সেনাপ্রধানের অসামান্য ভূমিকার জন্য এসময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।

    বৈঠকের পর হোয়াট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, আসিম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহ্বান জানিয়েছিলেন, কারণ তিনি (ট্রাম্প) ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন—এ কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।

    এর আগে মুনীরের সঙ্গে কেন সাক্ষাৎ চেয়েছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, আমি যুদ্ধ থামিয়েছি। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি মনে করি মোদিও একজন দারুণ মানুষ। গতরাতে তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি।

    তিনি বলেন, কিন্তু আমি পাকিস্তান-ভারতের যুদ্ধ থামিয়েছি। ভারত-পাক যুদ্ধবিরতিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় ভূমিকা নিয়েছেন। আর পাকিস্তানের হয়ে সেই কাজটা করেছেন আসিম মুনির। উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। আমি এটাকে থামিয়েছি।

  • কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ

    কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ

    আন্তর্জাতিক ডেস্ক: কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা ইসয়রালে নিষিদ্ধ করা হয়েছে বেশ কিছুদিন আগে। তবু আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ দেশটিতে অল্প কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার পুরো আল জাজিরা পরিবারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।

    ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন।

    বক্তব্যে বেন-গভির আবারও জোর দিয়ে বলেছেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হয়ে দাঁড়াবে। তিনি আরও দাবি করেন, ইসরায়েলে কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেয়া উচিত।

    এর আগে ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর দেশটিতে কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এরও আগে ২০২৪ সালের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষও আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা দেয়, যার ফলে কার্যত পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

  • ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া

    ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা: উত্তর কোরিয়া

    আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এ হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করছে।

    বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ নিন্দা জানান। খবর সিএনএন’র।

    তিনি বলেন, ইরানের বেসামরিক, পারমাণবিক এবং জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলায় গুরুতর উদ্বেগ প্রকাশ করছে পিয়ংইয়ং। পাশাপাশি এর তীব্র নিন্দা জানাচ্ছে। ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হত্যা মানবতার বিরুদ্ধে এক ক্ষমাহীন অপরাধ। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবেই সন্ত্রাসবাদে জড়িত, যা এই অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।

    পাশাপাশি, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে উত্তর কোরিয়া।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বে বর্তমান গুরুতর পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সমর্থিত ও পৃষ্ঠপোষকতাহীন ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ক্যান্সার সদৃশ সত্তা। তারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মূলহোতা।

    তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যারা ক্ষতিগ্রস্ত ইরানের বৈধ সার্বভৌম অধিকার এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলে যুদ্ধের আগুন উসকে দিচ্ছে।

  • আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ

    আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ

    অনলাইন ডেস্ক:  বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

    নতুন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। এর আগে, তিনি ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    গত ২২ মে তৎকালীন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে দেয় মন্ত্রণালয়। পরে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেয়া হয়।

  • ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

    ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

     আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনের ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

    মার্কিন রাজনীতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব বিস্তার নিয়েও পোস্টে অভিযোগ তুলে বলেন, নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নন। তার মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি নির্ধারণ করা উচিত নয়।

    তিনি লেখেন, যদি ইসরায়েলের জনগণ ইরানের সাথে যুদ্ধ শুরু করার তার সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটা তাদের ব্যাপার এবং তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অবশ্যই এর অংশ হওয়া উচিত নয়।

    এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের প্রতি তার ধৈর্য্য ইতোমধ্যেই ফুরিয়ে গেছে। এছাড়া তিনি বলেছেন, তার দেশ ইরানে হামলা চালাতেও পারে আবার নাও পারে।

    শুধু তাই নয়, ইরানে হামলা চালানো নিয়ে মার্কিনিদের মধ্যেও শুরু হয়েছে মতভেদ। হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়।