Category: প্রচ্ছদ

  • বনশ্রীতে ফ্যাসিস্ট আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও  চাঁদা দাবির অভিযোগ

    বনশ্রীতে ফ্যাসিস্ট আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ

    এহতেশামুল হক মাসুদ : ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা ও অবসরপ্রাপ্ত কনস্টেবল মশিউর রহমান (৫৫) জোর করে জায়গা দখল করে রেখেছেন রাজধানীর খিলগাঁও থানাধীন বাসা নং ২২৫/ক দঃ বনশ্রী ওয়ার্ড নং ২ ব্লক সি মেরাদিয়া । স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থাকাকালীন প্রায় ১৪ বছর ধরে ভূমি জোর দখল করে আত্মসাৎ করে রেখেছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরেও থেমে থাকেনি মশিউর রহমান। এখনো তার ছত্রছায়ায় রয়েছে ওই জমি। জমি প্রকৃতিক মালিক ভোগ দখলে যেতে চাইলে মশিউর রহমানের সন্ত্রাসী বাহিনী দিয়ে অপমান ও লাঞ্ছিত করে আরও প্রাণনাশের হুমকি দেয়।

    এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, “আমি এই প্লটটি আইনগতভাবে ক্রয় করে মালিক হয়েছি। কিন্তু মশিউর রহমান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এটি জোর করে দখল করে রেখেছে। আমার প্লটে থাকা স্থাপনার ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়ারা জানায় যে, মশিউর রহমানের নির্দেশে প্রতি মাসের ভাড়া তার লোকজন তুলে নিয়ে যায়।”

    তিনি আরও বলেন, “গত ৪ জুন, ২০২৪ তারিখে আনুমানিক সকাল সাড়ে বারোটায় আমি আমার প্লটে গেলে সেখানে মশিউর রহমান এবং তার সহযোগী সোলাইমান হোসাইনসহ আরও কয়েকজন উপস্থিত হয়। আমি তাদের কাছে ভাড়া আত্মসাতের কারণ জানতে চাইলে তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে এবং জানায় যে, প্রতি মাসের ভাড়া তারাই নেবে। শুধু তাই নয়, যদি আমি আমার জায়গায় কোনো কাজ করতে চাই, তাহলে তাদেরকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে মশিউর রহমান আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।” উল্লেখ্য নকল দলিল তৈরীতে পারদর্শী চক্রটি কিছু ভূঁয়া দলিল ও স্থানীয় আওয়ামী নেতাদের দাপট দেখিয়ে  উক্ত জমি দখল করে রেখেছে। মশিউর রহমানের সহযোগী হিসেবে এই কর্মকাণ্ডে জড়িত রয়েছেন রিনী পারভীন (৪৮), সোলাইমান হোসাইন (৪৫), রফিক (৪০) এবং বেলায়েত হোসেন (৫৮) যারা সকলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর  সদস্য এবং অস্ত্রধারী সন্ত্রাসী।

    এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা হলো কে. এম. গোলাম কবিরের জায়গা। আমরা তার ৩য় স্ত্রীর কাছ থেকে ১০ কাঠা জায়গা কিনছি এবং তার ওয়ারিশদের কাছ থেকে কিছু জায়গা নিছি। আমাদের কাছে জায়গার কাগজপত্র আছে।

    এলাকাবাসীর মধ্যে এ ঘটনা নিয়ে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী রেজাউল ইসলাম ভূঁইয়া তার সম্পত্তি ফিরে পেতে এবং নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

    গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তাওহীদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, তাওহিদ ব্যাটারি চালিত একটি ভ্যানে করে উপজেলার মহিমাগঞ্জ থেকে বই কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিল। রাস্তা সংস্কারের কাজ চলায় রাস্তার লোহার রডের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তাওহীদ। এ সময় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধানের তুষ বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ সময় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

  • ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শীর্ষ কমান্ডার আলি সাদমানি

    ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শীর্ষ কমান্ডার আলি সাদমানি

    আন্তর্জাতিক ডেস্ক: এবার ইসরায়েলি হামলায় নিহত হলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আরেক শীর্ষ কমান্ডার আলি সাদমানি। তিনি আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা খাতাম আল আনবিয়ার সদর দফতরের প্রধান ছিলেন।

    মঙ্গলবার (১৭ জুন) এমন দাবি করেছে ইসরায়েল। সোমবার রাতে তেহরানে তার অবস্থান লক্ষ্যে করে হামলা চালায় তেলআবিব। এতেই তার মৃত্যু হয়েছে বলে দাবি আইডিএফ’র।

    এর আগে, ইসরায়েলের হামলায় সাবেক শীর্ষ কমান্ডার গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর এই পদে স্থলাভিষিক্ত হন তিনি। ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন কমান্ডার আলি সাদমানি।

  • অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন

    অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন

    অনলাইন ডেস্ক:   অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।

    মঙ্গলবার (১৭ জুন) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    তাতে বলা হয়, আগামী ২২ জুন থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।

  • তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে

    তেহরানে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে

    অনলাইন ডেস্ক:   ইরানে ২ হাজার বাংলাদেশি রয়েছেন। তার মধ্যে দূতাবাসসহ তেহরানে থাকা চার শতাধিক বাংলাদেশিকে কাছাকাছি নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর আকাশপথ বন্ধ থাকায় ইরানে থাকা প্রবাসীদের দেশে ফেরত আনা কঠিন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

    নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলছেন, দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন। এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে আশঙ্কা করে এ ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সরকার।

    এদিকে, গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টারে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে স্মরণকালের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, গত পাঁচদিনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয়েছে সাড়ে তিনশ মিসাইল। ইরানের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২৪ ইসরায়েলির।

    অন্যদিকে, তেহরানেও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। তেহরানের বেশ ক্ষয়ক্ষতি করা কথা দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। এ পর্যন্ত আড়াইশর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন।

    এছাড়া, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের বিষয়েও কথা ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেছেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রধান উপদেষ্টার সফরকে রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছিলেন। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের ব‍্যাপারে আশাবাদী ছিল সরকার। কোনও কারণে তা হয়নি। বৈঠক না হওয়ার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়েরও।

    রুহুল আলম সিদ্দিকীর দাবি, তাদের বিবেচনায় প্রধান উপদেষ্টার যুক্তরাজ‍্য সফর সফল, এটা নিয়ে অসন্তোষের কিছু নেই।

  • বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিস্তার রোধে চুক্তি থেকে সরে আসার ঘোষণা ইরানের

    বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিস্তার রোধে চুক্তি থেকে সরে আসার ঘোষণা ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রবিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফিরেশন ট্রিটি’ (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। এ লক্ষ্যে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটির পার্লামেন্ট।

    সোমবার (১৬ জুন) এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।

    ইসমাইল বাকাই বলেন, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে সরকার ও পার্লামেন্ট একযোগে কাজ করছে।

    উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে ১৯৬৮ সালে এনপিটি স্বাক্ষরিত হয়, যার মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ। পরে ১৯৭০ সালে ইরান এনপিটি স্বাক্ষর করে। এখন পর্যন্ত ১৯১টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

    এই চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্স ব্যতীত অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তবে জাতিসংঘের নজরদারিতে তারা পারমাণবিক উপায়ে শক্তি উৎপাদন করতে পারবে।

    সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের বিরুদ্ধে এনপিটি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে। ইসরায়েলের দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে গত সপ্তাহে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায় তেলআবিব।

    উল্লেখ্য, ইসরায়েল কখনোই এনপিটি-তে যোগদান করেনি। এমনকি তাদের কাছে পরমাণু অস্ত্র থাকার ব্যাপারে বিশ্বজুড়ে ব্যাপক ধারণা থাকলেও, দেশটি কখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি।

    অপরদিকে ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে একমাত্র গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী হচ্ছে জায়নিস্ট শাসকগোষ্ঠী। ইসরায়েল অবৈধভাবে পরমাণু অস্ত্র তৈরি করেছে এবং এর মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করতে চেষ্টা চালাচ্ছে।

    বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই এনপিটি থেকে বেরিয়ে যায়, তবে তা হবে পরমাণু কূটনীতিতে এক নতুন উত্তাল অধ্যায়ের সূচনা, যা শুধু মধ্যপ্রাচ্য নয়—বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।