Category: প্রচ্ছদ

  • বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে পাঁচ দেশে নতুন মিশন বাংলাদেশের

    বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে পাঁচ দেশে নতুন মিশন বাংলাদেশের

    অর্থনীতি ডেস্ক:  বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে পাঁচ দেশে নতুন মিশন খোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

    সোমবার (১৬ জুন) অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

    পোস্টে উল্লেখ করা হয়, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস আইরেস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।

    উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশন রয়েছে।

  • ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৪ জন

    ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩৪ জন

    অনলাইন ডেস্ক:   ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৪ জন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা হাসপাতালে ভর্তি হন। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

    সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২৮ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ২২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩০ জন।

    এদিকে, এই সময়ে সারাদেশে ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৪৮৯ জন।

  • করোনা ও ডেঙ্গু সংক্রমণ বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা

    করোনা ও ডেঙ্গু সংক্রমণ বিবেচনায় এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা

    অনলাইন ডেস্ক:  করোনা ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

    সোমবার (১৬ জুন) কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এই ‘জরুরি’ নির্দেশনা জারি করেন।

    পরীক্ষা কেন্দ্রে যেসব নির্দেশনা মেনে চলতে হবে:

    ১. কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ পরীক্ষা-সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক।
    ২. পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
    ৩. ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে ও আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
    ৪. পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভেতরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
    ৫. পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিপালন করতে হবে।
    ৬. প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এ বিষয়ে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে।
    ৭. জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে।
    ৮. এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে এবং ১০ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

  • ১০টি গরু আটক করে বিএসএফ, বিজিবিকে ফেরত

    ১০টি গরু আটক করে বিএসএফ, বিজিবিকে ফেরত

    আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ঘাস খেতে খেতে ভারত সীমান্ত যাওয়ার অপরাধে ১০টি গরু আটক করে বিএসএফ।  রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকাপুর সীমান্তের এ ঘটনা ঘটে।

    বিজিবি সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তঘেষা কালিকাপুর গ্রামের বাসিন্দারা বাংলাদেশ অংশে মাঠে গরু-ছাগল চরান।  সকালে স্থানীয় কৃষকরা মাঠে গরু নিয়ে গেলে ঘাস খেতে খেতে কয়েকটি গরু মাঠে থাকা সীমান্ত পিলার ক্রস করে ভারত অংশের জমিতে চলে যায়। এ সময় সীমান্ত টহলরত বিএসএফ জওয়ানরা গরুগুলো আটক করে।

    পরে বেলা সাড়ে ১১টার গরুগুলো ফেরত নিয়ে আসে বিজিবি।

    বিজিবি ৬০ ব্যাটালিয়নের আখাউড়া ক্যাম্প কমান্ডার মো. নূরুল আমীন বলেন, মাঠে গরু ঘাস খেতে খেতে সীমান্ত পিলার পার হওয়ায় বিজিবিকে খবর দেয়া হয়। পরে বুঝিয়ে বলার পর গরুগুলো ফেরত দেয় বিএসএফ।

    উল্লেখ্য, সম্প্রতি বিএসএফের কড়া হুঁশিয়ারি ছিল মাঠে চরানো গবাদি পশু যেন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অংশে না যায়। এ নিয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় কৃষকদের সতর্কও করা হয়।

  • ভারতের উত্তর প্রদেশের মথুরায় খনন কাজ চলার সময় ধসে পড়েছে ছয়টি বহুতল ভবন

    ভারতের উত্তর প্রদেশের মথুরায় খনন কাজ চলার সময় ধসে পড়েছে ছয়টি বহুতল ভবন

    আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের উত্তর প্রদেশের মথুরায় খনন কাজ চলার সময় ধসে পড়েছে ছয়টি বহুতল ভবন। শাহগঞ্জের মায়া টিলা এলাকার কাছে এই ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। তবে এখনও হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

    রোববার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এসব তথ্য।

    প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে ভারি খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই আশপাশের ভবনগুলোর ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

    দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলের সদস্যরা। এ সময়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয় স্থানীয় প্রশাসন, দমকল বিভাগ। সেইসাথে পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। যৌথ এই উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ সরানোর এবং আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

    অপরদিকে, ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা এখনও ভবন ধসের সঠিক কারণ এবং হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

    উল্লেখ্য, অবৈধ খনন এবং নির্মাণকাজের ফলে প্রায়ই ভবনধসের মতো দুর্ঘটনা ঘটে থাকে ভারতে।

  • ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

    নিউজ ডেস্ক:   এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫ জন, খুলনা বিভাগে ৮ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।