Category: প্রচ্ছদ

  • মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস

    মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস

    নিউজ ডেস্ক:  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। মঙ্গলবার (৩ মে) স্টেট গেস্ট হাউস যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় নেতার মধ্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

    এসময় আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তী সরকারের সঙ্গে শক্তিশালী সহযোগিতার প্রশংসা করেন। তারা সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্ভাব্য সহায়তা নিয়ে আলোচনা করেন। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর কথাও তুলে ধরেন।

    সাক্ষাতে রোহিঙ্গা সংকট এবং চলমান অর্থায়ন সমস্যাসহ জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তারা অর্থায়নে বড় ধরনের কাটছাঁট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন যা এরইমধ্যে ক্যাম্পের শিক্ষা ও অন্যান্য মৌলিক কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।

    প্রধান উপদেষ্টা জোর দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করতে এবং অর্থায়ন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সংহতি ও বাড়তি সহায়তার প্রয়োজনীয়তার কথা বলেন। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ার প্রতি তার অটল সংহতি পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের পাশে জাতিসংঘের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন।

  • সাবেক মন্ত্রী ফরহাদ, মুন্নী সাহাসহ আরও ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক মন্ত্রী ফরহাদ, মুন্নী সাহাসহ আরও ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    নিউজ ডেস্ক:   দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন, সাংবাদিক মুন্নী সাহা ও নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদসহ ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (৩ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

    দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, সাবেক মন্ত্রী ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, তাদের সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলাম, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী (৬৭), যশোর-৬ আসনের সাবেক এমপি মো. শাহীন চাকলাদার, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মো. কবির হোসেন, আপেল রানী সাহা, তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও এস আলমের গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াসেক মো. আলী, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ মোস্তফা খায়ের, আব্দুল আজিজ এবং মো. মাসুদুর রহমান শাহ।

    এদিন দুদকের পক্ষে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ছয়টি আবেদন করা হয়।

    ওই আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

  • আশুগঞ্জের তালশহর বাজার কোরবানির পশুর হাট জমে উঠেছে

    আশুগঞ্জের তালশহর বাজার কোরবানির পশুর হাট জমে উঠেছে

    আশুগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ’কে সামনে রেখে আশুগঞ্জের তালশহর বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে ছোট, মাঝারি ও বড় আকারের বিপুল সংখ্যক গরু উঠেছে। বিক্রি হয়েছে ৪৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত।

    তবে খামারিরা বলছেন, আশানুরূপ দাম পাচ্ছেন না, অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন, তারা তুলনামূলক কম দামেই গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। তালশহর বাজারে কোরবানির পশুর হাটে তালশহর গ্রাম সহ আশপাশের এলাকার মানুষ গরু, মহিষ, ছাগল, বেড়া, কিনতে ভিড় জমিয়েছে। ০২ জুন সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়। কোরবানির পশুর হাটে মানুষের উপচে পড়া ভিড়, আর অনেকটাই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে কোরবানির পশুর হাটে ক্রেতা- বিক্রেতার সমাগমে চলছে গরু,মহিষ ছাগল, বেড়া, ক্রয় বিক্রয় এমনটাই দেখা গেছে বাজার ঘুরে ফিরে।

    বাজারে গরু বিক্রয় করতে আসা জাকির হোসেন জানান, বাজারে এসেছে দুটি গরু বিক্রয় করতে নায্য মূল্য পেলে গরু দুটি বিক্রয় করবেন। তাছাড়াও বাজারে ক্রেতা – বিক্রেতার সমাগমের নেই কোনো কমতি।

    তালশহর বাজারে কোরবানির পশুর হাটে চুরি, ছিনতাই রোধে তৎপর বাজার কমিটির সদস্য ও তালশহর ইউনিয়ন পরিষদে কর্মরত দফদার ধন মিয়া সহ গ্রামপুলিশের সদস্যরা, তাছাড়াও তালশহর ইউনিয়ন পরিষদের সদস্য ( ৩ নং) ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান তিনি বলেন, তালশহর বাজারে কোরবানির পশুর হাটে চুরি – ছিনতাই রোধে তৎপর বাজার কমিটির সদস্যরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি সহ আমরা সার্বক্ষনিক তৎপর আছি।

    পশুর হাটে ক্রেতা- বিক্রেতার সমাগমে চলছে গরু, মহিষ, ছাগল, বেড়া, বিক্রয়, আশাকরি সকলের সহযোগিতায় আগামি শুক্রবার রাত পর্যন্ত কোরবানির পশুর হাটে ক্রয়- বিক্রয় অব্যাহত থাকবে। এমনটাই প্রত্যাশা সকল ক্রেতা- বিক্রেতাদের।

  • বীরগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ

    বীরগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রশিক্ষণ

    দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ২ জুন সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প ও মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা কমিটির এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: শাহজিদা হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো: মামুন হোসেন সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিব, অর্থিক সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ, ভাতা প্রদান পদ্ধতি, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, ভোগান্তি হ্রাস ও কার্যকর বাস্তবায়ন কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, সরকারের এই মহৎ উদ্যোগ একটি বৈষম্যহীন, নিরাপদ ও সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মা ও শিশুর সার্বিক কল্যাণে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান ।

  • শিবগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    শিবগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউ.সি উচ্চ বিদ্যালয় মাঠে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত।
    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহা হায়াত উদ্দৌলা।
    বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা থাকা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিয়া, জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব মোঃ আশরাফুল আলম রশিদ, জামাল উদ্দিন অপু, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আব্বায়ক এ কে আসগার, এরশাদ আলী বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ অন্যরা।
    সভায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণের পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। শেষে মরহুর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

    রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

    জেলা প্রতিনিধি : রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
    মঙ্গলবার (৩ জুুন) সকালে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে। জানা গেছে, সুমি খাতুনের স্বামী একজন ব্যক্তিকে অস্ত্রের ব্যাগটি তার বাড়ির বারান্দায় রাখার জন্য বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যাগ বহনকারী ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগ বারান্দায় রেখে সে চলে আসে। এর কিছুক্ষণ পরেই একজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে এসে ব্যাগ হাতে নেয় এবং ব্যাগের ভেতর কি আছে তা দেখে তারপর সেটি নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
    রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ আরেক প্রতিবেশী এক মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। পরে ওই মহিলার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

    তিনি আরও বলেন, গ্রেপ্তার নারী তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের জন্য নিজের হেফাজতে নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আর পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।