Category: প্রচ্ছদ

  • ভৌতিক ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে

    ভৌতিক ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে

    আন্তর্জাতিক ডেস্ক: জুনের শেষ ভাগে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে এক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে—এমন একটি পূর্বাভাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এটি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আবহাওয়াবিদরা বলছেন, এটি আসলে ‘ঘোস্ট হারিকেন’ বা ‘ভৌতিক ঘূর্ণিঝড়’। যার বাস্তবে দেখা মেলে না সাধারণত।

    সিএনএন-এর খবরে বলা হয়েছে, প্রতিটি ঘূর্ণিঝড় মৌসুমের শুরুতেই এ ধরনের কিছু পূর্বাভাস দেখা যায়। সেটি খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যায়। অথচ বাস্তবে তার কিছুই ঘটে না। এই ধরনের পূর্বাভাসকে বলা হয় ‘ঘোস্ট হারিকেন’ বা ‘ভৌতিক ঘূর্ণিঝড়’।

    এগুলো তৈরি হয় বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেলে, যেগুলো আবহাওয়াবিদদের আগাম তথ্য দিয়ে সাহায্য করে। তবে এই মডেলগুলো সবসময় নির্ভুল হয় না। এরমধ্যে সবচেয়ে আলোচিত হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত গ্লোবাল ফরকাস্ট সিস্টেম বা জিএফএস।

    তাই প্রশ্ন হচ্ছে, কেন বার বার ভুল তথ্য দেয় এই মডেল? জিএফএস মডেলের একটি সীমাবদ্ধতা হলো—এটি ৭ দিন বা তার বেশি সময়ের পূর্বাভাসে অনেক সময় অতিরঞ্জিত ফলাফল দেখায়। বিশেষ করে যখন সমুদ্রের ওপর ঝড়ো মেঘের আভাস থাকে, তখন মডেলটি খুব সহজেই ধরে নেয় সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে।

    সংশ্লিষ্টরা জানান, এই মডেলটি এমনভাবে তৈরি যে, এটি ছোট মেঘের গঠনকেও সম্ভাব্য ঘূর্ণিঝড় ধরে ফেলে। ফলে অনেক সময় ভুল সংকেত দেয়।

    যদিও ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্ট বা ইসিএমডব্লিউএফ, কানাডার সিএমসি কিংবা যুক্তরাজ্যের ইউকেএম মডেল তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য। কারণ তারা ঝড়ের পূর্বাভাস দিতে একটু বেশি সতর্কতা অবলম্বন করে।

    জিএফসি মডেল সবচেয়ে বেশি ভুল পূর্বাভাস দেয় ক্যারিবিয়ান সাগরের পশ্চিমাংশে। কারণ, ওই এলাকায় কেন্দ্রীয় আমেরিকান ঘূর্ণাবর্ত বা Central American Gyre নামের একটি বড়, এলোমেলো বৃষ্টিপাত ও ঝড়ো মেঘের গঠন থাকে। এটি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। তাই মডেলটি দ্রুত ধরে নেয় সেখানে ঝড় তৈরি হবে।

    এত ভুল করার পরও জিএফসি মডেল একদম ফেলনা নয়। বরং এটা প্রকৃত ঝড়ের আগাম আভাস দিতে অনেক সময় বেশ কার্যকর। আবহাওয়াবিদদের মতে, মডেলের দুর্বলতা জেনেই তারা সেটিকে ভালোভাবে বিশ্লেষণ করেন। তাই মডেলের এই অতিসংবেদনশীলতা অনেক সময় আগেই ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করতে সাহায্য করে।

    বিজ্ঞানীরা অবশ্য দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নির্ভুলতা আনতে এখন নির্ভর করছেন ‘এনসেম্বল ফরকাস্টিং’-এর ওপর। যেখানে একাধিক সম্ভাব্য ফলাফলের একটি সেট তৈরি করা হয়। এতে বোঝা যায় কোন পূর্বাভাসটি সম্ভাব্য, আর কোনটি ব্যতিক্রম।

    জিএফসি-এর মতো মডেল একবারে একটি ফলাফল দেয়, কিন্তু এনসেম্বল মডেল বিভিন্ন সম্ভাবনার ছক তৈরি করে। ফলে আবহাওয়াবিদরা আরও ব্যাপক বিশ্লেষণ করতে পারেন।

    তাই, একটি মডেলের পূর্বাভাস দেখে আতঙ্কিত হওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এসব গুজব অনেক সময় বাস্তব পরিস্থিতির সাথে মিল থাকে না। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের মতো প্রতিষ্ঠানে আবহাওয়াবিদরা একাধিক মডেল, বাস্তব পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে পূর্বাভাস দেন।

  • এ বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ

    এ বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ

    আন্তর্জাতিক ডেস্ক:  এ বছর হজের খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ। ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইনে’ এ তথ্য জানানো হয়েছে।

    শায়েখ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। ২৫ বছর বয়সে তিনি মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    পরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয়টির ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে-ও দায়িত্ব পালন করেন তিনি।

    ড. সালেহ আল হুমাইদ ৩৩ বছর বয়সে ১৯৮৩ সালে মসজিদুল হারামের ইমাম নিযুক্ত হন। সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    এখন তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। একই সঙ্গে তিনি সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য ও সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

    প্রসঙ্গত, চলতি বছর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার (৫ জুন)। এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, কোরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তারা। সবার কণ্ঠে ধ্বনিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

    শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক স্থানে ঈদুল আজহা পালিত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলে পরদিন উদযাপিত হবে ঈদ।

  • ক্লাব বিশ্বকাপ নিয়ে ইউরোপ থেকে সৌদি আরব—সবখানেই শুরু হয়েছে তোড়জোড়

    ক্লাব বিশ্বকাপ নিয়ে ইউরোপ থেকে সৌদি আরব—সবখানেই শুরু হয়েছে তোড়জোড়

    খেলাধুলা ডেস্ক:   ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ নিয়ে ইউরোপ থেকে সৌদি আরব—সবখানেই শুরু হয়েছে তোড়জোড়। কারণ এই টুর্নামেন্টে পুরস্কার মূল্য ১ বিলিয়ন ডলার। এরমধ্যে বিজয়ী দল যে টাকা পাবে, তা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবের এক মৌসুমের বাজেটের চেয়েও বেশি। খবর ফুটমব’র।

    এই বিপুল অর্থের লোভেই ক্লাবগুলো এখন হুমড়ি খেয়ে পড়ছে এই প্রতিযোগিতায় জায়গা করে নিতে। রিয়াল মাদ্রিদ তো ১০ মিলিয়ন পাউন্ড খরচ করে লিভারপুল থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে এক মাস আগেই দলে ভিড়িয়েছে। যেন জুনেই তাকে ক্লাব বিশ্বকাপে মাঠে নামানো যায়।

    রিয়াল মাদ্রিদের এমন আগ্রাসী সিদ্ধান্ত শুধু ট্রেন্টেই থেমে নেই। ক্লাবটি এরইমধ্যে নতুন কোচ হিসেবে নিয়ে এসেছে সাবেক খেলোয়াড় এবং লিভারকুজেনের সফল কোচ জাবি আলোনসোকে। সাধারণত নতুন কোচকে মৌসুম শুরুর আগে পুরো প্রস্তুতির সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার তার সামনে কঠিন চ্যালেঞ্জ—অল্প সময়ে দল গোছানো এবং নতুন কৌশল কাজে লাগিয়ে কঠিন প্রতিযোগিতায় নামা।

    চেলসিও পিছিয়ে নেই। তারা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের ফরোয়ার্ড লিয়াম ডেলাপকে দলে ভেড়ানোর কাজ শেষ করেছে। সাধারণত এমন খেলোয়াড়দের ধীরে ধীরে দলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপের জন্য তাকে সরাসরি প্রতিযোগিতার চাপের মুখে পড়তে হচ্ছে।

    শুধু ইউরোপ নয়, মধ্যপ্রাচ্য থেকেও দলগুলো আগাম প্রস্তুতিতে ব্যস্ত। আল-হিলাল চাইছে ব্রুনো ফার্নান্দেজকে দলে টানতে। তারা ইন্টার মিলান ছেড়ে দেওয়া কোচ সিমোনে ইনজাঘিকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে আল-নাসরের ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্যময় পোস্ট দিচ্ছেন। ফিফা সভাপতি ইনফান্তিনোও ইঙ্গিত দিয়েছেন যে রোনালদোকে নিয়ে আলোচনায় রয়েছে তারা।

    এই টুর্নামেন্ট যে কতটা অর্থকেন্দ্রিক, তা বোঝা যায় যুক্তরাষ্ট্রের তিনটি ক্লাব ইন্টার মায়ামি, লস অ্যাঞ্জেলেস এফসি ও সিয়াটল সাউন্ডার্সের পুরস্কারের দিক থেকে। তারা শুধুমাত্র অংশগ্রহণ করলেই পাবে প্রায় ১০ মিলিয়ন ডলার, যা মেজর লিগ সকার থেকে পুরো মৌসুমে পাওয়া অর্থের চেয়ে বেশি। এতে করে লিগের ন্যায়বিচার নীতিই প্রশ্নবিদ্ধ হচ্ছে।

    ইংলিশ ক্লাবগুলোর ক্ষেত্রেও একই অবস্থা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটি যদি এই টুর্নামেন্ট জিতে যায়, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর চেয়ে আর্থিকভাবে অনেক এগিয়ে যাবে। অথচ একই সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস (PSR)-এর কারণে অন্যান্য ক্লাবের খরচ সীমাবদ্ধ করা হচ্ছে।

    টুর্নামেন্টের কাঠামোও বিতর্কিত। তবে তা আকর্ষণীয়। মূল উদ্দেশ্য—ছয়টি মহাদেশের ক্লাবগুলোর অংশগ্রহণ। যদিও তা প্রশংসনীয়, তবে এর সময়সূচি, কাঠামো এবং অর্থনৈতিক দিক অনেকটাই অসুস্থ প্রতিযোগিতার জন্ম দিচ্ছে।

    তবুও ১৪ জুন (বাংলাদেশে ১৫ জুন ভোরে) শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণীয় হতে পারে। নতুন কোচ আলোনসোর রিয়াল মাদ্রিদ কেমন হয়, সেটি আগেভাগেই দেখা যাবে। অনেক খেলোয়াড়ও তাদের নতুন ক্লাবে আত্মপ্রকাশ করবেন বিশ্বদরবারে।

  • আরাফাতের ময়দান থেকে লাখো মুসল্লির ফরিয়াদ

    আরাফাতের ময়দান থেকে লাখো মুসল্লির ফরিয়াদ

    আন্তর্জাতিক ডেস্ক: হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতিবার (৫ জুন)। এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, কোরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তারা। সবার কণ্ঠে ধ্বনিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

    আরব নিউজ জানিয়েছে, ভোর থেকেই শুরু হয় মুসল্লিদের আগমন। কেউ ওঠেন জাবাল আর-রহমার চূড়ায়, আবার কেউ থাকেন নিচে ছাতা হাতে। এই জায়গাটিই সেই স্থান, যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

    পাকিস্তান থেকে আসা ৩৩ বছর বয়সী হাজী আলি বলেন, ‘প্রতিবছর টিভিতে এটা দেখতাম। ভাবতাম কবে আমি এখানে আসব। অবশেষে তিন বছর পর আল্লাহ আমাকে সুযোগ দিলেন।’

    এদিন গরম থেকে বাঁচতে অনেকেই সকালেই প্রার্থনা সেরে নিজ নিজ তাঁবুতে ফিরে যান। সৌদি সরকার আগেই সতর্ক করেছে—সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে রোদে বের না হতে। কারণ এবার হজের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

    আরাফাতে বসানো হয়েছে ঠাণ্ডা পানি ছিটানো ফ্যান, কুলিং ইউনিট আর ছায়াযুক্ত জায়গা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২ লাখ ৫০ হাজার কর্মী কাজ করছেন। হজের পুরোটা যেন নিরাপদ ও আরামদায়ক হয়, সেজন্য নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

    সিরিয়া থেকে আসা ৫৪ বছরের হাজী আদেল বলেন, ‘রোদ ওঠার আগেই আমি আরাফাতে চলে এসেছি। পরে তাঁবুতে গিয়ে নামাজ পড়ব।’

    সূর্যাস্তের পর হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা।

    এরপর ১০ জিলহজ্ব ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন তারা। পরে কাবা শরিফ তাওয়াফ করবেন।

    সবশেষ ১১ ও ১২ জিলহজ্ব বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসলিম।

  • জ্বালানি তেলের দাম কমেছে, বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই

    জ্বালানি তেলের দাম কমেছে, বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই

    নিউজ ডেস্ক:   সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেয়া হবে।

    আজ বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    উপদেষ্টা বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি– এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেয়া হচ্ছিল, ফেরত দেয়া হয়েছে। তাকে জরিমানা করা হয়েছে।

    মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

    উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়– জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।

    এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল লিটারে ১ টাকা।

  • ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

    ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক:   ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। অপর গোলটি করেন সোহেল রানা। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার দিনটিকে জয় দিয়ে স্বরণীয় করে রাখলো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসাথে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভালো করার রসদ-ও পেলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

    বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। চার বছরেরও বেশি সময় পর এই ভেন্যুতে গড়ায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। এই জয়ে গত সেপ্টেম্বরে সবশেষ ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো জামাল-সাদরা।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটেই উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। জামালের নেয়া কর্নার কিক থেকে বাড়ানো বল লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন হামজা। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই গোল পেলেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    বিরতির পর একাদশে তিনটি পরিবর্তন আনেন ক্যাবরেরা। হামজা, কাজেম ও জামালকে তুলে মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়কে নামান বাংলাদেশ কোচ।

    দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস ইয়েসি হেডে পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল যায় সোহেলের পায়ে। বাম পায়ের দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

    ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে দলে আরেকটি পরীক্ষণ চালান স্বাগতিক কোচ। ফাহামেদুল ও রাকিবকে তুলে ফয়সাল আহমেদ ফাহিম ও আল আমিনকে নামান তিনি। এ ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা ফুরালো আল আমিনের।

    ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পেয়েছিল হামজারা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিলেও গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফরোয়ার্ডরা।

    শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

    উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১০ জুন) একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ।