Category: প্রচ্ছদ

  • আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

    আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিউজ ডেস্ক:  সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    আজ সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার তদন্ত চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতারের বিষয়টি আসবে। তিনি যোগ করেন, কেউ যেন হয়রানির শিকার না হয়। যে কারণে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে।

    ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি উল্লেখ করে তিনি জানান, ছোটখাটো ছিনতাই-চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার খোঁজ খবর নেন তিনি।

    উল্লেখ্য, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। জানা যায়, থাইল্যান্ডে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি।

    এর আগে, গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে।

  • নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন

    নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন

    খেলাধুলা ডেস্ক:    ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের নির্ভরযোগ্য সংবাদমাধ্যম গ্লোবোতে খবরটি প্রকাশিত হয়েছে।

    সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (৫ জুন) তার করোনা পরীক্ষা পজিটিভ আসে এবং তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

    ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর মেডিকেল বিভাগের পরামর্শে তার কোভিড-১৯ ধরা পড়ে। সে সময় থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে বাড়িতে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রাম নিচ্ছেন।

  • ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া

    ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া

     নিউজ ডেস্ক:   ঐতিহ্যবাহী পোস্তার আড়তে আসছে চামড়া। তবে সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। আড়তদারদের দাবি, এবার কোরবানির সংখ্যা গত বারের তুলনায় কম। যার প্রভাব পড়ছে এই মোকামে।

    রোববার (৮ জুন) সকাল থেকেই মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া নিয়ে আসতে শুরু করেন। পাশাপাশি আজ কোরবানি করা পশুর চামড়াও নিয়ে আসছেন কেউ কেউ।

    তবে চামড়ার দাম নিয়ে অসন্তোষ দেখা যায় সাধারণ মানুষের মাঝে। এ সময়, সরকারের বেধে দেয়া দাম এখানে কার্যকর হয়নি বলেও অভিযোগ করেন অনেকেই। এমনকি ক্ষেত্র বিশেষে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানান তারা।

    অপরদিকে, বাজারে অস্থিরতা তৈরি হলেও নজরদারি তৎপরতা এখনও চোখে পড়েনি কারও।

  • ড. ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ করে টিউলিপের চিঠি

    ড. ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ করে টিউলিপের চিঠি

     নিউজ ডেস্ক:   ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ করে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। রোববার (৮ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

    সিদ্দিকের খালা শেখ হাসিনা, যিনি ১৫ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। টিউলিপ সিদ্দিককে তার খালার শাসনামলে অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ অভিযোগ রয়েছে।

    বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে যে সিদ্দিক বা তার মা শেখ রেহানা ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব’ কাজে লাগিয়ে ৭,২০০ বর্গফুট জমি পেয়েছেন।

    টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ ও ভিত্তিহীন। তার আইনজীবীরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সাথে কোনো যোগাযোগ করেনি।

    অসদাচরণের প্রমাণ না পেলেও, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন সরকারের জন্য এই ইস্যুটি বিভ্রান্তি তৈরি করায় টিউলিপ অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

    নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ সিদ্দিক চলতি সপ্তাহে তার লন্ডন সফরে এই বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন। ড. ইউনূস যুক্তরাজ্য সফরে রাজা চার্লস ও কিয়ার স্টারমারের সাথে দেখা করবেন।

    চিঠিতে সিদ্দিক লিখেছেন, ‘আমি আশা করি এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির তৈরি করা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে, যেখানে আমার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দিতে হবে বলে দাবি করা হচ্ছে।’

    তিনি চিঠিটে এও উল্লেখ করেন, ‘আমি একজন ব্রিটিশ নাগরিক, লন্ডনে জন্মগ্রহণকারী এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টিড ও হাইগেটের মানুষের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছাকাছি, কিন্তু এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মগ্রহণ করেছি, বসবাস করি বা ক্যারিয়ার গড়েছি।’

    সিদ্দিক অভিযোগ করেন, “দুর্নীতি দমন কমিশনকে আমি এ বিষয়ে স্পষ্ট করতে চেয়েছি, কিন্তু তারা আমার লন্ডনভিত্তিক আইনজীবীদের সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ঢাকার একটি এলোমেলো ঠিকানায় চিঠি পাঠিয়ে যাচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘এই কাল্পনিক তদন্তের প্রতিটি পদক্ষেপ মিডিয়াকে লিক করা হচ্ছে, কিন্তু আমার আইনি টিমের সাথে কোনো আলোচনা করা হয়নি।’

    গত মাসে বাংলাদেশে সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশিত হয়। তবে তিনি জানান, এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির কথা তার জানা নেই। যুক্তরাজ্য বাংলাদেশকে ২বি এক্সট্রাডিশন ক্যাটাগরিতে রাখায়, বাংলাদেশকে স্পষ্ট প্রমাণ দেখাতে হবে তাকে গ্রেফতারের আগে।

    গত বছর মন্ত্রীদের নৈতিকতা উপদেষ্টার কাছে যুক্তরাজ্যে তার সম্পত্তি অর্জন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, জানুয়ারিতে তাকে নির্দোষ বলে ঘোষণা দেয়া হয়।

    উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সোমবার (৯ জুন) থেকে তার এই সফর শুরু হবে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ড. ইউনূস। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

  • এবারও পিস হিসেবে চামড়া কিনছেন ব্যবসায়ীরা

    এবারও পিস হিসেবে চামড়া কিনছেন ব্যবসায়ীরা

     নিউজ ডেস্ক:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সারা দেশে পশু কোরবানি করছেন সামর্থ্যবানরা। আর মহল্লা ঘুরে ঘুরে সেই পশুর চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। বর্গফুট নয়, এবারও পিস হিসেবে চামড়া কিনছেন তারা। তবে পাইকারদের প্রতিনিধিদের কাছে বিক্রি করতে এসে হতাশ হচ্ছেন সাধারণ মানুষ। মিলছে না প্রত্যাশিত দাম।

    বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি যেন কোনো কাজেই লাগছে না। রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি পিস গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৩শ’ টাকা। আর ঢাকার বাইরের দাম সাড়ে ১১শ’ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    তবে আড়তদারদের প্রতিনিধিরা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থা বিবেচনা করা হয়নি।

    অপরদিকে, ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ সময়, ব্যাপারীরা সরকারের নির্দেশনা না মেনে, কেনা দামের অর্ধেক দিতে চাচ্ছেন বলেও অভিযোগ করছেন অনেকেই। সেইসাথে, এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে জানান অনেক মুসল্লি।

    তবে পাইকারদের প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে সরকার লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা রক্তযুক্ত চামড়ার জন্যে সেই দর চাচ্ছে।

  • সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

    সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

    নিউজ ডেস্ক:  ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা  শনিবার (৭ জুন) সারা দেশে উদযাপিত হচ্ছে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় সারা দেশে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে এটি কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে।

    আজ সকালে সারাদেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন।

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

    ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

    ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের গভীর সম্পর্ক রয়েছে। মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

    স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গতকাল শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করেন। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে বিশ্বের বহু দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয়।

    ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.)-এর ঐতিহাসিক ঘটনার স্মরণে উদযাপন করা হয়। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইল (আ.)-কে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করতে গিয়েছিলেন। মহান আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা। তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন।

    ইসলামে বর্ণিত আছে, কোরবানি দেওয়ার উদ্দেশে চোখ বাঁধা অবস্থায় তিনি ইসমাইল (আ.)-কে জবেহ করেন। কিন্তু চোখ খুলে দেখেন, তার প্রিয় পুত্র ইসমাইলের পরিবর্তে একটি পশু কোরবানি হয়ে গেছে, যেটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিল।

    এই ঐতিহাসিক ঘটনার স্মরণে হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে কোরবানির বিধান এসেছে ইসলামে। সে অনুযায়ী সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদা।

    ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। কোরবানির পশুর মাংসের তিন ভাগের এক ভাগ গরীব-মিসকিনদের মাঝে, এক ভাগ আত্মীয়-স্বজনদের মাঝে বিতরণ করতে হয় এবং এক ভাগ নিজের জন্য রাখা যায়।

    এবারের ঈদকে ঘিরে যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের ছুটিতে দেশের সব সিএনজি স্টেশন ও ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বা ভোগান্তির অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    ঈদুল আজহার ছুটি ৫ জুন থেকে শুরু হয়েছে। সরকারি চাকরিজীবীরা ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন।

    এর আগে, গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।