Category: প্রচ্ছদ

  • ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

    ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

    নিউজ ডেস্ক:    পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি ছুটি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে।

    বুধবার (১১ জুন) কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাওয়া-আসা দুই পথের যাত্রীদেরই চাপ ছিলো প্রায় সমান। সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও দিন তিনেক। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই।

    অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজের কর্মস্থলে। যাত্রীরা জানান, ঈদের পরপর যাত্রাপথে অনেকটা স্বস্তি মেলে, তাই ঈদের পরেই যাচ্ছেন বাড়িতে।

  • যুক্তরাজ্য সফরের শুরুতেই কর্মব্যস্ত দিনে পার করলেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাজ্য সফরের শুরুতেই কর্মব্যস্ত দিনে পার করলেন প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক:   লন্ডনে পৌঁছে মঙ্গলবার (১০ জুন) বিকেল পাঁচটায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস-সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    এরপর এদিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে বৈঠক করেন তিনি। এ গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি আপসানা বেগম। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এক ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সরকারের ১০ মাসের অর্জনের বিষয়টি।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে। পারস্পরিক নানান বিষয় নিয়ে এক ঘণ্টার বেশি আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে গ্রুপটির সাথে।

    এরপর ড. ইউনূসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটা্রি জেনারেল শার্লি বোচওয়ে। বৈঠকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়।

    আগামী ১২ জুন, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘দ্যা কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ তুলে দিবেন রাজা তৃতীয় চার্লস।

    এরপর ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ড. ইউনূসের। মূলত, তার সঙ্গে নির্বাচনসহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে।

    ৪দিনের এই সফরে, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব, সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বদের সাথেও সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও।

    এর আগে, সোমবার (৯ জুন) সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার। সকল কার্যক্রম শেষে আগামী ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • রাজধানীর হাজারীবাগে মাটির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    রাজধানীর হাজারীবাগে মাটির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

    নিউজ ডেস্ক:   মঙ্গলবার (১০ জুন) হাজারীবাগ সালাম সর্দার রোডের বালুর মাঠের উত্তর পাশের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

    পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। ওই নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।

    সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়– ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোরের দিকে এক নারী ও এক পুরুষ একটি বালতিতে করে ওই মৃত নবজাতকটিকে মাটিচাপা দিয়ে যায়। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।

  • দশ বছরে চামড়ায় সর্বোচ্চ দাম : বাণিজ্যে উপদেষ্টা

    দশ বছরে চামড়ায় সর্বোচ্চ দাম : বাণিজ্যে উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার নাটোরের চকবৈদ্যনাথ এলাকায় চামড়া আড়ৎ পরিদর্শনকালে বললেন, “গত ১০ বছরের তুলনায় এবার কোরবানির চামড়া সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। আগামী বছর আরও দাম বাড়বে বলে আমরা আশা করছি। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের অর্থনীতির প্রসারের জন্য বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দিতে হবে।”

    শেখ বশিরউদ্দিন আরও যোগ করে বলেন, “আমাদের দেশে এবছর লবণের উৎপাদন অনেক বেশি হয়েছে। সরকার সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে। সেজন্য লবণ চাষীদেরও একটা উপায় হয়েছে। বর্তমান বাজার দর ১ হাজার টাকা মণ। তাতেও চাষী বাঁচবে না। সরকারকে সবসময় সামগ্রিকভাবে চিন্তা করতে হয়। শিল্প মন্ত্রণালয় সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে মাদ্রাসায় বিনামূল্যে দেওয়ার জন্য। এর ফলে বাজারে একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। তাদেরও কিছু ভুল রয়েছে। সেই ভুল থেকেই তারা জানতে ও শিখতে চান। অনেক মাদ্রাসা বিনামূল্যে লবণ পেয়েও কাঁচা চামড়া ও লবণ আলাদা করে বিক্রি করেছে।”

    বাণিজ্য উপদেষ্টা বলেন, “সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে একদিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব। সরকার বিসিকের মাধ্যমে ট্যানারি মালিকদের তিন ধরনের লবণের নমুনা দিয়েছে। তারা পরীক্ষার পর উপযুক্ত লবণ নির্ধারণ করেছেন। কেউ কেউ লবণের দাম বাড়ার কথা বলছেন, কিন্তু আমাদের লবণচাষীদের কথাও চিন্তা করতে হবে।”

    ‘আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা চাই। শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে বৈশ্বিক বাজার থেকেও পণ্য আমদানি করব’-যোগ করেন এ উপদেষ্টা।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।

  • ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ কি বদলে দেবে যুক্তরাষ্ট্রের রাজনীতি?

    ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ কি বদলে দেবে যুক্তরাষ্ট্রের রাজনীতি?

     আন্তর্জাতিক ডেস্ক:  টেসলা সিইও ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই এমন ভাবনা সামনে আনেন তিনি। এক্স-এ করা এক জরিপে মাস্ক প্রশ্ন করেন, ‘যুক্তরাষ্ট্রে কি এখন এমন একটি রাজনৈতিক দল গঠনের সময় এসেছে, যা মাঝামাঝি অবস্থানের ৮০% মানুষের প্রতিনিধিত্ব করবে?’ সেখানে প্রায় ৮০% অংশগ্রহণকারী ‘হ্যাঁ’ ভোট দেন।

    এরপর মাস্ক লেখেন, ‘মানুষ কথা বলেছে। নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন, যা ৮০% মানুষের কণ্ঠস্বর হবে। আর ঠিক ৮০% মানুষ একমত—এটাই বাস্তব।’

    টাইম ম্যাগাজিন‘র এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের প্রস্তাবিত দলের নাম দেন ‘দ্য আমেরিকা পার্টি’। এই নামটি তার গঠিত ‘আমেরিকা পিএসি’র সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই সুপার পিএসি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিতে গঠিত হয়েছিল এবং প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয় করে। ওই সময় ট্রাম্পের সবচেয়ে বড় দাতা ছিলেন মাস্ক।

    তবে সম্প্রতি ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ নিয়ে মাস্কের বিরোধিতা উত্তেজনা বাড়ায়। মাস্ক বিলটিকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে তা বাতিল করার আহ্বান জানান।

    এরপর মাস্ক এক পোস্টে দাবি করেন, ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের গোপন ফাইলগুলোতে আছে। যদিও তিনি কোনো প্রমাণ দেননি এবং পোস্টটি পরে মুছে ফেলেন। একইভাবে আরেকটি পোস্টে মাস্ক বলেন, ‘ট্রাম্পকে ইমপিচ করা উচিত’ এবং তার পরিবর্তে ভ্যান্সকে আনার কথা বলেন।

    ট্রাম্পও চুপ থাকেননি। তিনি ট্রুথ সোশ্যাল-এ লেখেন, মাস্ক এখন বিরক্তিকর হয়ে উঠেছে। এমনকি তিনি মাস্ককে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলেন।

    এদিকে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাস্ক যদি ডেমোক্র্যাটদের তহবিল দেন, তবে তার পরিণতি হবে খারাপ। তবে ঠিক কী ধরনের পরিণতির কথা বলছেন, তা স্পষ্ট করেননি।

    তবে অনেক রাজনীতিক মনে করছেন, এই দ্বন্দ্ব সাময়িক। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান জিমি প্যাট্রোনিস বলেন, মাস্ক নতুন কোনো দল গঠন করবেন না। এক মাস পর ট্রাম্প ও মাস্ক আবারও একসঙ্গে দেখা যাবে।

    এই দ্বন্দ্ব ও নতুন দল গঠনের ভাবনা এখনো আমেরিকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। মাস্কের ‘দ্য আমেরিকা পার্টি’ সত্যিই গড়ে ওঠে কি না, তা এখন দেখার বিষয়।

  • চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

    নিউজ ডেস্ক:    চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

    এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। সেইসাথে রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

    পরবর্তীতে ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেদিন রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। যেখানে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গভীরতা রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দেশটির বৃহত্তম প্রবাসী জনগণের আবাসস্থল। ড. ইউনূসের এই সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত হতে পারে বলে মত বিশ্লেষকদের। সেইসাথে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের মতো ক্ষেত্রগুলো আরও ঘনিষ্ঠ হবে বলেও আশা করা হচ্ছে।

    অপরদিকে, প্রধান উপদেষ্টার সফরের সময় শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ মিনিস্টার টিউলিপ সিদ্দিক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, দুদকের দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন টিউলিপ।

    এছাড়াও সফরকালে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফেরার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।