Category: প্রচ্ছদ

  • ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের

    ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেয়া পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই সঙ্গে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না।

    নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত শনিবার (৩১ মে) ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান।

    মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাবের প্রতিক্রিয়ায় সেই বিষয়টাই আরও একবার স্পষ্ট করলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বুধবার (৪ জুন) ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির স্মরণানুষ্ঠানে এক ভাষণে তিনি বলেন, মার্কিন পরমাণু প্রস্তাব আমাদের জাতির আত্মনির্ভরশীলতার বিশ্বাস ও সক্ষমতা নীতির সাথে সাংঘর্ষিক।

    খামেনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি ইরানের জ্বালানি স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি। স্বাধীনতা মানে আমেরিকা ও আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের জন্য অপেক্ষা না করা। তিনি আরও বলেন, ‘মার্কিন প্রস্তাব ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আদর্শের সম্পূর্ণ বিরোধী।

    এর আগে ইরানের সাথে আলোচনায় আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার বিরোধিতা করছেন এবং এটিকে “লাল রেখা” বলে অভিহিত করেছেন।

  • রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

    রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

    নিউজ ডেস্ক:     পরিবারের সাথে ঈদুল আযহা উদযাপন আর আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সড়ক-রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী।

    আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হবে। সেই হিসেবে আজ বুধবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। অফিস শেষ করেই তাই বিকেল থেকে সদরঘাটের পথ ধরেছেন অনেকেই।

    পন্টুন থেকে লঞ্চ সর্বত্র মানুষ আর মানুষ। যাত্রীরা বলছেন, ঈদ উপলক্ষ্যে সদরঘাটের ব্যবস্থাপনা অন্যান্যবারের চেয়ে অধিকতর ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

    যাত্রীরা আরও বলছেন, এবার ঈদের লম্বা ছুটি, যা ঈদ আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই লম্বা ছুটিতে পরিবারের সাথে আনন্দময় সময় অতিবাহিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

    সদরঘাটের সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পুলিশ আনসারের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরাও। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসাথে, কিছুক্ষণ পরপরই পন্টুনের একমাথা থেকে আরেকমাথায় টহল দিচ্ছেন তারা।

  • গুমের নির্মম ইতিহাস: জনসচেতনতার জন্য হরর মিউজিয়ামের পরামর্শ

    গুমের নির্মম ইতিহাস: জনসচেতনতার জন্য হরর মিউজিয়ামের পরামর্শ

    নিউজ ডেস্ক:  কী ভয়াবহ একেকটি ঘটনা! আমাদের সমাজের ‘ভদ্রলোকেরা’, আমাদেরই আত্মীয়-পরিজনরা এই ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত।

    মন্তব্যটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। বুধবার (৪ জুন) তার কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুমসংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদন পেয়ে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানা গেছে।

    ড. ইউনূস আরও বলেন, ‘গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমন হয়, তিন ফিট বাই তিন ফিট খুপড়ির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন কমিশন প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। সদস্যদের মধ্যে ছিলেন নূর খান, সাজ্জাদ হোসেন এবং নাবিলা ইদ্রিস।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

    প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে।

    এসময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু করণীয়গুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়ছে, তা সুনির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন। যাতে সরকার স্বল্পসময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে।

    একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেন, ‘ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা ও অন্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা প্রচেষ্টা হিসেবে। দুজন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছিলেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। তৎকালীন সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন।’

    কমিশন সদস‍্যরা জানান, কমিশনের কাছে এখন পর্যন্ত ১ হাজার ৮৫০টি অভিযোগ এসেছে এবং তারমধ্যে ১ হাজার ৩৫০টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। কমিশন সদস‍্যরা আরও জানান, অভিযোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিনশতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলেও জানান তারা।

    নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে অন্তত ব‍্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান।

    তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করেন তিনি।

    অতিদ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

    কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা ভয়-ভীতি, নানা রকম হুমকি-ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনারের সারাহ কুক

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনারের সারাহ কুক

    নিউজ ডেস্ক:   প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনারের সারাহ কুক। বুধবার (৪ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচলে সহযোগিতা, অভিবাসন এবং সম্পদ পুনরুদ্ধার কার্যক্রম। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারমূলক উদ্যোগ এবং দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা।

    ড. মুহাম্মদ ইউনূস বলেন, চলতি সপ্তাহে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। শিগগিরই তা শেষ হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বাংলাদেশের সামুদ্রিক গবেষণা প্রচেষ্টাকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও বিশেষ করে প্রশিক্ষণে দেশটির গবেষকদের সহায়তা গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

    এ সময় কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

    প্রসঙ্গত, আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

  • দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক:   আগামী সোমবার (৯ জুন) দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফর শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি। বুধবার (৪ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

    যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক অনেক গভীর ও জটিল, সেই বিবেচনায় আসন্ন সফর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি জানান, সফরে বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে বার্কিং হাম প‍্যালেসে সাক্ষাতও করবেন তিনি।

    রুহুল আলম সিদ্দিকী আরও বলেন, লন্ডন সফরে পাচার হওয়া অর্থ ফেরানো নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই।

    এ বছর সম্মানজনক কিং চার্লস হারমনি অ‍্যওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস। ১২ জুন বৃটিশ রাজা তার হাতে এ পুরস্কার তুলে দেবেন বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত এই পররাষ্ট্র সচিব।

  • রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো জমতে শুরু করছে

    রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো জমতে শুরু করছে

    নিউজ ডেস্ক:    রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমতে শুরু করছে। কোরবানি উপলক্ষ্যে ঢাকায় গরুর আমদানীও হয়েছে অনেক।

    বুধবার (৪ মে) সকালে রাজধানীর কমলাপুর হাটে প্রচুর পরিমাণে গরুর দেখা পাওয়া গেছে। তবে, এ হাটে বড় গরুর তুলনায় ছোটো গরুর সংখ্যাই বেশি চোখে পড়েছে।

    হাটের নির্ধারিত স্থান পার করে মূল সড়কেও বসেছে হাট। দুই থেকে আড়াই মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত।

    পাইকারদের দাবি, হাটে গরু থাকলেও খুব একটা ক্রেতা নেই। অপরদিকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছুটা বেশি দাম চাচ্ছেন পাইকাররা।