Category: প্রচ্ছদ

  • ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা

    ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা

    খেলাধুলা ডেস্ক:  ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা। ইপিএলে ২৯ ম্যাচ খেলে ১৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট আছে ৬টি।

    সবশেষ লেস্টার সিটির বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন উলভারহ্যাম্পটনের এই ফরোয়ার্ড। চলতি মৌসুমের আগে তাকে ধারে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতে পাঠায় উলভস। সেখানে খুব বেশি ছন্দে ছিলেন না কুনহা। ধারের মেয়াদ শেষে প্রিমিয়ার লিগে ফিরেই নতুন রেকর্ড গড়েছেন এই ব্রাজিলিয়ান।

    এর আগে, ব্রাজিলিয়ান হিসেবে লিভারপুলের রবার্তো ফিরমিনো এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি এক মৌসুমে করেছিলেন ১৫ গোল। কুনহার সামনে সুযোগ আছে এই রেকর্ড এককভাবে নিজের করে নেয়ার। লিগে তার দলের আরও ৪ ম্যাচ বাকি।

    যদিও দল হিসেবে উলভস একেবারেই ছন্দে নেই। কয়েক বছর আগেও ইউরোপিয়ান ফুটবলে নিয়মিত দেখা যেতো দলটাকে। বর্তমানে তারা আছে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে।

  • যশোরের নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার

    যশোরের নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার

    স্টাফ রিপোর্ট :   যশোর থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী রেজাউল ইসলামের মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত রেজাউল ইসলাম যশোর কোতোয়ালী থানার শংকরপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় দর্জির কাজ করতেন। অন্যদিকে আটক সবুজ গাজী (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাওনিয়া গ্রামের হবি গাজীর ছেলে। যশোরে তার একটি মুদিখানার দোকান রয়েছে।

    পুলিশ জানায়, যশোর শহরে একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন রেজাউল ইসলাম ও সবুজ গাজী। জমি ক্রয় করে দেবার কথা বলে রেজাউলের কাছ থেকে ১০-১৫ লাখ টাকা নেন সবুজ। পরে জমি না কিনে টাকা ফেরত চাইলে চাপের মুখে পড়ে সবুজ। গত ২২ মার্চ টাকা ফেরতের কথা বলে রেজাউলকে ডেকে নেয়। এরপর থেকেই রেজাউল নিখোঁজ ছিলেন। ২৫ মার্চ সবুজ ও তার স্ত্রী প্রিয়াংকা খাতুন ভাড়া বাসা থেকে উধাও হয়ে যান। এ ঘটনায় রেজাউলের স্ত্রী মমতাজ বেগম কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ।

    যশোর থানার এসআই চঞ্চল কুমার জানান, ঘটনার পর থেকেই সবুজ গাজীর মোবাইল ফোন বন্ধ ছিল। অবশেষে ২৫ এপ্রিল তার মোবাইল খোলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা হয় চট্টগ্রামে। সেখান থেকে ২৬ এপ্রিল সবুজ ও তার স্ত্রী প্রিয়াংকাকে আটক করা হয়।

    সবুজ গাজী পুলিশের কাছে স্বীকার করেন যে গত ২৩ মার্চ রেজাউলকে হত্যা করে মরদেহ সাতক্ষীরার আশাশুনির একসরা গ্রামে ঘেরের পাশে মাটিতে পুঁতে রেখেছিল। তার দেখানো স্থান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    সাতক্ষীরা আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন বলেন, যশোর থানা পুলিশের অভিযানে আমরা সহায়তা করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

    সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

    নিউজ ডেস্ক:  রাজউকের পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

    রোববার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

    এর আগে, গত ১০ এপ্রিল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। আর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা পৃথক তিনটি মামলায় ১৩ এপ্রিল শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। তিনটি মামলাতেই শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ ১৬ জন অভিযোগপত্রভুক্ত আসামি।

  • জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

    জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

    নিউজ ডেস্ক:   ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

    জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন ১০ সদস্যের প্রতিনিধি দল।

    বৈঠকে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকাকে স্বীকার করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান রয়েছে। জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত।

    তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    প্রসঙ্গত, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।

  • সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি

    সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি

    আন্তর্জাতিক ডেস্ক:    ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর দুই দেশের উত্তাপ যখন তুঙ্গে তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এরইমধ্যে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না। এবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বললেন, সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত।

    শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল এ কথা বলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

    সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না।

    পহেল্গাম হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে এক তরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, নরেদ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও, এই সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।

    তিনি আরও বলেন, পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধ কেন্দ্রীক মনোভাব বা সিন্ধু নদের পানির সরিয়ে নেয়ার প্রস্তাব সমর্থন করবে না।

    ভারত নিজদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান। বলেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।

  • কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প

    আন্তর্জাতিক ডেস্ক:  কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানা পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তারা (ভারত ও পাকিস্তান) নিজেরাই এটির সমাধান করে নেবে।

    স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি ভারতের খুব ঘনিষ্ঠ ও পাকিস্তানেরও খুব কাছের, কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। ওটা (পেহেলগামে সন্ত্রাসী হামলা) ছিল একটা খারাপ ঘটনা।

    এ সময় দিল্লি-ইসলামাবাদ সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নেবে কি না, এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।

    কাশ্মির নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো। তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারতশাসিত কাশ্মিরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা এটি।