Category: প্রচ্ছদ

  • রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

    রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

    নিজস্ব প্রতিনিধি:   রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

    রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

  • রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ৮০ কৃষকের ২০ বিঘা পানের বরজ

    রাজশাহীতে আগুনে পুড়ে ছাই ৮০ কৃষকের ২০ বিঘা পানের বরজ

    স্টাফ রিপোট:    রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮০ জন কৃষকের ২০ বিঘা পানের বরজ। এতে কৃষকদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার ৫ নম্বর আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিলের পান বরজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, জুমার নামাজের সময় হওয়ায় পান বরজে কেউ ছিলেন না। এ সময় বরজের দক্ষিণ পাশে আগুন জ্বলতে দেখে কয়েকজন কৃষক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বাগমারা ও মোহনপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

    খবর পেয়ে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ২টি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, জুমার সময় হঠাৎ বরজের দক্ষিণ পাশে আগুন দেখা যায়। মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। স্থানীয় কৃষক ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বহু কৃষকের পানের বরজ পুড়ে যায় এবং প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

    মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার রফিকুল ইসলাম বলেন, মোহনপুর ও বাগমারার দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, পান বরজে কাজের লোকজনের ফেলে যাওয়া বিড়ি-সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

    বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসারের মাধ্যমে এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হবে। পরে তাঁদের সহযোগিতা দেয়া হবে।

  • পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে

    পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে

    বিনোদন ডেস্ক:     দীর্ঘ দিন পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে। সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে; যা নায়ক তার ফেসবুকে যুক্ত করে ক্যাপশন জুড়েছেন, আসিতেছে। যদিও কী আসছে সেটা বরাবরের মতই রহস্য জিইয়ে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক।

    শুভর সেই ১৯ সেকেন্ডের প্রমোতে দেখা গেছে, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের প্রাইভেট পার্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্কবার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মত) চেষ্টা না করার।

    তবে এই ভিডিওটি কীসের সেটা সুনির্দিষ্ট করে জানাননি শুভ। সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? বর্তমানে হাতে আছে ৫টা প্রজেক্ট আছে এই তারকার। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

    তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুভর ভিডিও দৃশ্যটি ‘নীলচক্র’ সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরনার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। আরিফিন শুভ এখন মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ কাজ নিয়ে।

  • কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি

    কুয়েট উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি

    নিউজ ডেস্ক:   রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।

    শুক্রবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম সই করেন।

    ভিসিকে অব্যাহতি দেয়ার প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলেরর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১০ (২) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে ইতঃপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্ত ভাইস-চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

    অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১২ (২) অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইসচ্যান্সেলর পদে ইতঃপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের নিমিত্ত প্রো-ভাইস-চ্যান্সেলর পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

    প্রজ্ঞাপন দুইটিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

    এর আগে, গত বুধবার দিবাগত রাতে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

    প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে সিন্ডিকেট সভায় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

    তারপর ২০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে সব রাজনৈতিক ছাত্রসংগঠনকে ‘না’ বলে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।

    পরে ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

    এই আন্দোলনের ধারাবাহিকতায় গত রোববার (২০ এপ্রিল) উপাচার্যের পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা না আসায় অনশনে বসেন শিক্ষার্থীরা।

    এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার বুধবার সকাল পৌনে ১০টার দিকে কুয়েট ক্যাম্পাসে পৌঁছান। তবে দীর্ঘ সময় বুঝিয়েও তিনি অনশন ভাঙাতে পারেননি।

    কীভাবে এই আন্দোলন ছয় দফা থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হলো, সে বিষয়টি শিক্ষার্থীরা উপদেষ্টাকে বলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যবিরোধী স্লোগান দিতে থাকেন।

    এরপর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়ার পাশাপাশি সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

    আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তারা।

    এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠন করা কমিটির তিন সদস্য কুয়েট ক্যাম্পাসে যায়। রাতে উপাচার্য ও উপ উপাচার্যের অপসারণের বার্তা দিয়ে তারা শিক্ষার্থীদের অনশন ভাঙান।

  • চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি

    স্টাফ রিপোট :    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী চকপাড়া সীমান্ত এলাকা থেকে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা রয়েছে।

    ২৪ এপ্রিল দুপুর ২টার দিকে চকপাড়া সীমান্তের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চকপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইটি প্লাস্টিকের ক্যারেট ফেলে রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

    লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যান্য বাহিনীর সহযোগিতা নিয়ে চোরাচালানকারীদের তথ্য উদ্ধার করা হবে বলেও জানান তিনি।

  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে

    স্টাফ রিপোর্ট :  গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি দোকান পুড়ে যায়।

    পরে খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৪টি চায়ের দোকান এবং একটি করে মুদি, ফার্মেসি, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যাওয়ায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।