Category: প্রচ্ছদ

  • সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ

    সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক:   সিলেট টেস্টে নড়বড়ে ব্যাটিংয়ের পরেও ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    বৃষ্টির বাগড়ায় তিন ঘণ্টা দেরিতে, দুপুর ১টায় শুরু হয় দিনের খেলা। আগের দিনের ১ উইকেটে ৫৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় ও র্মুমিনুল হক। বৃষ্টি-বিঘ্নিত কন্ডিশনে দলীয় ৭৩ রানে, ৩৩ রান করা জয়কে ফেরান মুজারাবানি।

    আশা দেখিয়ে ৪৭ রান করে ফেরেন মুমিনুল। এবারও ব্যাট হাতে ব্যর্থ মুশফিকুর রহিম। এরই মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। বোর্ডে শান্ত-জাকের আলীর জুটি ৩৯ রান যোগ করার পর আলোকস্বল্পতার কারণে দিনের খেলা শেষ হয়। শান্ত ৬০ ও জাকের অপরাজিত আছেন ২১ রানে।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ১৯১ রানের জবাবে ২৭৩ রান করে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা।

  • রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

    রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

    নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে।

    মঙ্গলবার (২২ এপ্রিল) উত্তরের তিন জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা ছিল। এতে ভাচুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

    এ সময় তারেক রহমান বলেন, তিস্তা নদী নিয়ে বহু রাজনীতি হয়েছে, কিন্তু বিএনপির রাজনীতি হচ্ছে এ দেশের মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে। তিস্তা বিএনপির অন্যতম অগ্রাধিকারভিত্তিক প্রকল্প। এই নদীকে ঘিরে প্রায় তিন কোটি মানুষের জীবনে প্রভাব পড়ে। কখনো অতিরিক্ত পানি, কখনো পানির তীব্র সংকট। খালখনন ও নদীশাসন আমাদের করতে হবে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা এবং পানির সংরক্ষণ নিশ্চিত করতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এ কাজ যেকোনো মূল্যে শুরু করবে। কৃষক যেন শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করতে পারে, বন্যার ক্ষতি থেকে মানুষ যেন রক্ষা পায়, সেজন্য পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।

  • স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রী

    স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটরের স্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক : স্বামীকে ঘুষ নিতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর ম্যানেনডেজের স্ত্রী নাদিন ম্যানেনডেজ। মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

    অভিযোগ রয়েছে, রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে স্বামীকে ঘুষ নিতে সহায়তা করেছিলেন নাদিন। এর দায়ে সোমবার তাকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্ক সিটির আদলত। নাদিনকে ঘুষ, ন্যায়বিচারে বাধা এবং ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

    মামলার নথিতে নগদ ১০ মিলিয়ন ডলার, সোনার বার এবং একটি বিলাসবহুল গাড়ি ঘুষ নেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    প্রসিকিউটররা বলেছেন, নাদিন তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। যারা সিনেটরের কাছে সহায়তা চেয়েছেন তাদের সঙ্গে লেনদেনের বিষয়ে লিয়াজোঁ করেছিলেন নাদিন। তার বিরুদ্ধে অর্থ আদায় এবং তা গোপন করার অভিযোগেও নাদিনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

  • ৯ বছরে ৩১১৪ দিনে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ ঢাকার মানুষদের

    ৯ বছরে ৩১১৪ দিনে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ ঢাকার মানুষদের

    নিউজ ডেস্ক:   গত ৯ বছরে ৩১১৪ দিনের মধ্যে ঢাকার মানুষ মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নেয়ার সুযোগ পেয়েছে। গেলো বছর ২০২৪-এ সবচেয়ে ভালো বায়ুমান ছিল মাত্র ২ দিন, আর সবচেয়ে খারাপ বায়ুমান ৩৫ দিন।

    মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫: বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

    বায়ুদূষণ রোধে এ সময় বাপা ও ক্যাপস ৮ দফা সুপারিশ করে। সুপারিশে বলা হয়,বায়ুদূষণ বন্ধের লক্ষ্যে মেয়াদউত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বৃদ্ধি, বর্জ্য পোড়ানো বন্ধ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা এবং নির্মল বায়ু আইন প্রণয়নের ওপর জোর দেয়া হয়।

    এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ক্যাপসের য়োরম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেছেন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারলেই নির্মল বায়ু নিশ্চিত পাওয়া সম্ভব।

    সংবাদ সম্মেলনে বায়ুদূষণ নিয়ে বিভিন্ন সময়ের তথ্য-উপাত্ত নিয়ে ক্যাপসের বিশ্লেষণ তুলে ধরা হয়। যেখানে বলা হয়, জেলাগুলোর মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর জেলা হিসেবে চিহ্নিত করা হয় গাজীপুর জেলাকে। আর গত ৯ বছরে রাজধানী ঢাকায় ৬২৪ দিন মাঝারি, ৮৭৮ দিন সংবেদনশীল, ৮৫৩ দিন অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন খুব অস্বাস্থ্যকর এবং ৯৩ দিন দুর্যোগপূর্ণ বায়ু ছিল।

  • সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, জানিয়েছে রাষ্ট্রপক্ষ

    সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে, জানিয়েছে রাষ্ট্রপক্ষ

    নিউজ ডেস্ক:   সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই জানিয়েছে, মামলার নথি আগুনে পোড়েনি, খুঁজে পাওয়া যাচ্ছে না।

    মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানানো হয়। এদিকে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে, সাগর-রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

    গত ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

    প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

  • নেত্রকোণায় কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

    নেত্রকোণায় কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন

    স্টাফ রিপোর্ট : নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকায় বিদ্যুতের উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সাড়ে সাত ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলা কারাগার। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে কারাগারের লোকজন ও ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

    জেলা কারাগার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নেত্রকোণা কার্যালয়ের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে ঠিক ৫ মিনিটের মধ্যে কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ করে আগুন ধরে যায়।

    এ সময় কারাগারের লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কারাগার।

    কারাগার সূত্র জানায়, কারাগারে অন্তত ৬৮৯ জন বন্দি রয়েছেন। এসব বন্দিরা অন্ধকারের মধ্যে ছিলেন। রাতভর কারাগারে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্ব ছিল সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    নেত্রকোণা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাবস্টেশনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ও লোকজনের সহায়তায় কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। বিদ্যুতের লোকজন সাবস্টেশনটি সচল করতে কাজ করছেন। তারা জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সাবস্টেশনের ট্রান্সফরর্মার বিকল হয়ে গেছে। কারাগারের অভ্যন্তরে বিশেষ জায়গায় জেনারেটরের ব্যবস্থা ছিল। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সরবরাহ স্বাভাবিক হয়’।

    নেত্রকোণা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোনা কারাগারে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

    পিডিবি নেত্রকোণা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, লোডশেডিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ করা হলে কিছুক্ষণের মধ্যে কারাগারের নিজস্ব সাবস্টেশনে আগুন ধরে যায়। পিডিবির লোকজন তা সারাতে কাজ করেছে। আজ সকালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।