নিউজ ডেস্ক: জাপানে দক্ষ জনশক্তি রফতানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকরপোরেটেড।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই সমঝোতা স্বারক হয়েছে।
এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাবার সুযোগ আরও সম্প্রসারিত হলো। এর মাধ্যমে প্রবাসে গমনেচ্ছুরা বিনামূল্যে জাপানী ভাষা ও কারিগরী বিষয়ে প্রশিক্ষণের সুয়োগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
ইতোমধ্যে টিটিআইপি প্রোগ্রামের আওতায় গেলো সাত বছরে ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গেছে বলেও জানান আসিফ নজরুল।
এদিকে, অনোডোরা ইউজার রান ইনকরপোরেটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশটি তরুণ, যোগ্য ও কর্মদক্ষ লোকবল নিতে চায়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ থেকে যথাযথ লোকবল নিয়োগ পাবে বলে তারা আশাবাদী।
ব্যাট হাতে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করলেও অল্পের জন্য সেঞ্চুরির নাগাল পাননি টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তার।
অধিনায়কের সেঞ্চুরিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ২৭১ রান।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার ফারজানা হক পিংকিও। মূলত এই তিন ব্যাটারের ইনিংসে ভর করেই নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতে দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিম। এরপর শারমিনের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন ফারজানা। দলীয় ১১৯ রানে ফারজানার বিদায়ে ভাঙে এই জুটি। ৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫৩ রান তোলেন ফারজানা। এরপর জ্যোতির সঙ্গে ১৫২ রানের বড় জুটি গড়েন শারমিন। যেখানে জ্যোতি সেঞ্চুরি পেলেও ৯৪ রানে অপরাজিত থাকেন শারমিন। ৮০ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় জ্যোতি ফেরেন ১০১ রান করে। তার বিদায়ে বাংলাদেশ থামে ২৭১ রানে।
থাইল্যান্ডের হয়ে মায়া, পুত্তাংয়ু ও কামছম্পু নেন একটি করে উইকেট।
কর-জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোরে মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় বাংলাদেশ। নানা উদ্যোগ নেয়ার পরও বাড়ছে না কাঙ্ক্ষিত রাজস্ব।
অভ্যন্তরীণ আয় বাড়াতে পরিবর্তিত এই সময়ে সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে সরকার। ভেঙে ফেলা হচ্ছে অর্ধশত বছরের পুরনো এনবিআর। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে কার্যক্রম শুরু করবে দুইটি নতুন বিভাগ।
এক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে। তাদের কাজের মধ্যে থাকবে রাজস্ব আদায়, বদলি-পদায়ন, বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব সংক্রান্ত আইনের প্রয়োগ। বদলি ও পদায়ন, জবাবদিহিতা নিশ্চিত করা-ও। এই পৃথকীকরণের সিদ্ধান্ত কার্যকরে এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি।
এনবিআর এর সাবেক চেয়ারম্যান ও সংস্থাটির সংস্কার কমিশনের সদস্য ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব নীতি ও প্রশাসন একজায়গায় থাকলে সিদ্ধান্তগুলো বোঝাপড়ার মাধ্যমে হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রাজস্ব বিভাগে পুনর্গঠিত বা এ রকম কিছু একটা হবে। তবে ট্যাক্স বা কাস্টমস ব্যাকগ্রাউন্ডের লোকজনই সেখানে কাজ করবে।
অন্যদিকে, রাজস্ব নীতি বিভাগ মূলত নীতি প্রণয়নে কাজ করবে। আয়কর, ভ্রমণ কর, দানকর, সম্পদ কর, কাস্টমস ডিউটি, আবগারি শুল্ক, সারচার্য এবং শুল্ক কর আরোপ ও অব্যাহতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে এই বিভাগ।
এমন সিদ্ধান্তে সুফল মিলবে বলে মনে করেন ড. নাসিরউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, একই ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এটিই মূল সমস্যা। তারা স্বাধীনভাবে আলাদা কাজ করবে। এমনকি তারা মন্ত্রণালয় বা এনবিআরে বসবে না। একইসাথে এনবিআরকে ডিপার্টমেন্ট থেকে কীভাবে ডিভিশন করা যায় সেটি নিয়ে কাজ হচ্ছে। এজন্য সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ ও গবেষণার ওপর জোর দেয়া হয়েছে।
রাজস্ব বিভাগ সংস্কারে ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সময়ে পরামর্শ আসে। বলা হয়, যারা কর দেয়, তাদের ঘাড়েই চাপানো হয় করের বোঝা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, আমরা যে হয়রানির মধ্যে পড়ি তা থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করছি। কারণ, নীতিটি স্বচ্ছ থাকলে প্রয়োগকারীরা তা করতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে কোনো অন্যায় হলে কথা বলার সুযোগ থাকবে।
১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ পুনঃপরিবর্তন করে পুনর্গঠন হবে এনবিআর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে শুরু হবে দুই বিভাগের যাত্রা।
বিনোদন ডেস্ক: ‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসাসহ মুক্তির ৩ দিনে ৪০ লাখের বেশি দর্শক দেখেছে নাটকটি। প্রেমের গল্প নিয়ে এই নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে।
‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪৬ লাখের বেশি দর্শক।
‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।
স্টাফ রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্যাতনে মুরাদ মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুরাদ মিয়া ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম জানান, সীমান্তের কাছে তাদের জমি রয়েছে যেখানে তারা সবজি চাষ করেন। সকালে তিনি সেই সবজি ক্ষেতে গিয়েছিলেন। বিকেলে তার স্বামী লিচু গাছে পানি দিয়ে জানায়, সে জমি দেখতে যাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পর না আসায় বিকেল ৫টার দিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক ব্যক্তি ফোন করে জানায়, বিএসএফ তাকে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় জানিয়েও সন্ধান পাওয়া যায়নি। পরে এক শিশু এসে জানায়, সীমান্তে তাকে মারধর করে ফেলে রেখে গেছে। আহত অবস্থায় মুরাদ মিয়া জানায়, বিএসএফ তাকে ডেকে নিয়ে মারধর করেছে। পরে বিজিবি তাকে ধানক্ষেতে নিয়ে রাখে।
২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সফিউল্লাহ আরাফাত বলেন, জরুরি বিভাগে নিয়ে আসার পর ইসিজি করা হলে রিপোর্ট অনুযায়ী তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বিএসএফ জিরো লাইন অতিক্রম করে না বা করার কথা নয়। মুরাদ নামে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আবার ফিরে এসেছেন। তবে তিনি কেন সেখানে গিয়েছিলেন বা কে তাকে ধরে নিয়ে মারধর করেছে তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, মুরাদ এসে একটি গাছের নিচে বসেছিলেন। বিজিবির টহল দল জিজ্ঞেস করলে তিনি জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ফিরেছেন। পরে একজনের মাধ্যমে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানার চেষ্টা চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে, চুক্তি নিয়ে আলোচনায় বসার পূর্বে রয়েছে কিছু শর্ত। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী শনিবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন আব্বাস আরাগচি। তবে, সেক্ষেত্রে শর্ত হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে সামরিক হুমকি বন্ধ করতে হবে, এরপরই পারমাণবিক চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
আরাগচি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে সামরিক হুমকি দিতে থাকে, তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়ে’।
২০১৫ সালে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে গেলে এই চুক্তি ভেঙে পড়ে। ইরান তখন থেকে ধাপে ধাপে তার পরমাণু কর্মসূচি বাড়িয়েছে। তবে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য শক্তিগুলোর মধ্যস্থতায় আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছিল।
এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, বিশেষজ্ঞরা বলছেন, এই শর্ত মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হতে পারে, কারণ ইরানের বিরুদ্ধে তাদের কঠোর নীতি অব্যাহত রয়েছে।
ইউরোপীয় মধ্যস্ততাকারীরা আশা করছেন, উভয় পক্ষ শর্ত শিথিল করলে অচিরেই ভিয়েনায় আলোচনা পুনরায় শুরু হতে পারে।