Category: প্রচ্ছদ

  • জাতিসংঘে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

    জাতিসংঘে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

    নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের ক্ষেত্র, পদ্ধতি, কাঠামো ও সংগঠন সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) এ প্রস্তাব হয় গৃহীত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্মুক্ত বিতর্ক পর্বে হস্তক্ষেপ করে প্রস্তাবের ওপর ভোটের আহ্বান জানান, কারণ রাশিয়া এতে কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।

    সাধারণ পরিষদের সভাপতি ভোটগ্রহণের উদ্যোগ নেন এবং প্রস্তাবটি ১৪১ ভোটে গৃহীত হয়। এই প্রস্তাবের বিপক্ষে কোনো ভোট পড়েনি, তবে ১০টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।

    প্রসঙ্গত, এ প্রস্তাব গ্রহণ রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, বিশেষ করে এমন সময়ে যখন ঢাকা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

  • চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

    নিউজ ডেস্ক: চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিওনগাই বো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

    এর আগে, বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। এর আগে চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠকও করেন তিনি।

    এদিকে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এ সফরে কোনো চুক্তি সই হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।

  • রেমিট্যান্সে নয়া রেকর্ড, ২৪ দিনে এলো ২৭৫ কোটি ডলার

    রেমিট্যান্সে নয়া রেকর্ড, ২৪ দিনে এলো ২৭৫ কোটি ডলার

    অর্থনীতি ডেস্ক : চলতি মাসের ২৪ দিনেই একক মাসের প্রবাসী আয়ে আগের রেকর্ড অতিক্রম করে ২৭৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ জমা হয়েছে। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
    বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন সমপরিমাণ অর্থ এলে চলতি মাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে। ফলে মাসের হিসাবে অনেক বড় ব্যবধানে রেকর্ড হতে যাচ্ছে।
    গত বছর মার্চের ২৪ দিনে এসেছিল ১৫৫ কোটি ডলার। আর পুরো মাসে এসেছিল ২০০ কোটি ডলারের কম।
    গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে।
    এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় বাবদ ১৭৫ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে গত ৯ মার্চ ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নামে। পরিশোধের আগে রিজার্ভ উঠেছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে।
    এদিকে, দেশের বাজারে ১২২ টাকায় স্থিতিশীল হয়ে এসেছে ডলারের দাম।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ: জাতির শ্রদ্ধা ও সমর্পণের দিন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ: জাতির শ্রদ্ধা ও সমর্পণের দিন

    অনলাইন ডেস্ক :  আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল, যা পরে স্বাধীন বাংলাদেশের জন্মের দিকে নিয়ে যায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। এটি শুধু একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা নয়, বরং একটি জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের অমোচনীয় স্বীকৃতি।
    এ দিনটি ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত, যেখান থেকে জাতি স্বাধীনতার অঙ্গীকারে একত্রিত হয়ে সংগ্রামে নেমেছিল। যদিও স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিতর্ক রয়েছে, তবে মেজর জিয়াউর রহমান (যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হন) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    আজকের এই ঐতিহাসিক দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।
    ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে গণহত্যা শুরু করলে, মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। তার পরের দিন ২৬ মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।
    স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, শিশু সদন, হাসপাতাল ও কারাগারে বিশেষ খাবার বিতরণ, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
    মহান স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে শ্রদ্ধা নিবেদনের এই মহান অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে দিনটি শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।
    প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণেরপাশাপাশি, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করবেন।
    উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
    জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, যাতে সবাই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুধু আমাদের স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন নয়, এটি আমাদের জাতির ঐক্য ও সমৃদ্ধিরও প্রতীক। এই দিনটি স্মরণ করিয়ে দেয়, দেশের জন্য জীবনদানকারী শহীদদের প্রতি আমাদের চিরকাল কৃতজ্ঞ থাকার দায়িত্ব।

  • দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম

    দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ইসলাম

    নিজস্ব প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়, তাদের প্রকৃত উদ্দেশ্য আমরা ভালোভাবেই বুঝি।” মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুলের এই বক্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সফরকে কেন্দ্র করে। গত সোমবার সারজিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর গমন করেন এবং সেখান থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের বোদা, সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা পরিদর্শন করেন। এনসিপি নেতার এই বিলাসবহুল সফরকে রাজনৈতিক অঙ্গনে “প্রদর্শনীবাজি” হিসেবে সমালোচনা করা হচ্ছে, যা মির্জা ফখরুলের বক্তব্যেও ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে।

    আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সর্বদা জনগণের পাশে আছে, থাকবে। আমাদের লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের আস্থা অর্জন।” তিনি দলীয় নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে এবং সৎভাবে কাজ করার নির্দেশ দেন।

    বিএনপির মহাসচিব দেশের চলমান সংকটের প্রসঙ্গ টেনে বলেন, “আজকে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও বিতর্কিত করার অপচেষ্টা চলছে, যা আমরা কখনো মেনে নেব না। যারা জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ায়, তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

    মির্জা ফখরুল সংস্কার প্রক্রিয়াকে “অপ্রয়োজনীয় বিলম্ব” আখ্যা দিয়ে বলেন, “নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু কিছু গোষ্ঠী এই প্রক্রিয়াকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে।” তিনি সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “জনগণই সরকার পরিবর্তনের মালিক। ইতিহাস প্রমাণ করে, যারা গণতন্ত্র হত্যা করে, তাদের জনগণই বিদায় করে।” তিনি নির্বাচন পেছানোর চেষ্টাকে “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করেন।

    আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মামুন আহমেদসহ বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

  • বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে পদক্ষেপ: শ্রম উপদেষ্টা

    বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে পদক্ষেপ: শ্রম উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: শ্রমিকদের পাওনা আগামী বৃহস্পতিবারের (২৭ মার্চ) মধ্যে পরিশোধ করতে হবে। না হলে কারখানা মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
    আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ৯৯ ভাগ গার্মেন্টসে বেতন ভাতা হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবেন না। শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখে এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে।
    সাখাওয়াত হোসেন জানান, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া, পাকিস্তানি এক শ্রমিক নেতা আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তারা অভিযোগ তুলে নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে।
    তিনি আরও জানান, বর্তমান সরকারের আমলে ফৌজদারি অপরাধে এক শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়গুলো আইএলওকে জানানো হয়েছে।