Category: প্রচ্ছদ

  • ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প

    ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে একমত পোষণ করেছেন।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই দিন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হোয়াইট হাউসের এ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন।

    বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তার প্রশাসন কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, সেখানকার অবস্থা ‘খুবই ইতিবাচক’ দিকে যাচ্ছে।

    বক্তব্যে ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না।’

    এদিকে কংগ্রেসে ভাষণে চার্লস বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন ‘বেশি গুরুত্বপূর্ণ’।

    রাজা আরও বলেন, তিনি তাদের রাজপরিবারের ১৯তম শাসক, যিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখেন।

    তিনি বলেন, ‘তাই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি গভীর সম্মান নিয়ে আমি আজ এখানে এসেছি। এটি এমন একটি জায়গা, যেখানে যুক্তরাষ্ট্রের সব মানুষের কথা তুলে ধরা হয় এবং তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়।’

  • ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

    ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

    ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগেই উপহার দিল এক রোমাঞ্চকর লড়াই। পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে ৫-৪ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ফরাসি ক্লাবটি। একই সঙ্গে সেমিফাইনালের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৯ গোলের নতুন রেকর্ডও গড়ে এই দুই দল।

    ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের গতি। হ্যারি কেইনের পেনাল্টি গোলে বায়ার্ন শুরুতে এগিয়ে গেলেও পিএসজি এক পর্যায়ে ৫-২ ব্যবধানে লিড নেয়। তবে বায়ার্ন দ্রুত ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৫-৪ এ নামিয়ে আনলে পরের সপ্তাহের মিউনিখ লেগের রোমাঞ্চ এখন তুঙ্গে।

    খেলার শুরুতেই বায়ার্নের আলফনসো ডেভিস একটি গুরুত্বপূর্ণ সেভ করার পর পাল্টা আক্রমণে লুইস দিয়াজ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। গোলরক্ষক সাফোনভকে ভুল পথে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে নেন হ্যারি কেইন। এর মাধ্যমে রবার্ট লেভানদোভস্কির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বায়ার্নের হয়ে টানা ৫টি নকআউট ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক।

    পিএসজি সমতায় ফেরে ২৪ মিনিটে। উসমান ডেম্বেলে সহজ সুযোগ মিস করার পর খভিচা কভারাস্খেলিয়া দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করেন। এরপর জোয়াও নেভেসের হেডে লিড নেয় পিএসজি। বিরতির ঠিক আগে মাইকেল ওলিসে একক প্রচেষ্টায় বায়ার্নকে সমতায় ফেরান (২-২)। তবে প্রথমার্ধের একেবারে শেষ কিকে বিতর্কিত এক পেনাল্টি থেকে ডেম্বেলে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজির তাণ্ডব শুরু হয়। আশরাফ হাকিমির পাস থেকে কভারাস্খেলিয়া নিজের দ্বিতীয় গোল করেন এবং এর দুই মিনিট পর ডেম্বেলে অসাধারণ এক শটে ব্যবধান ৫-২ করে ফেলেন। কিন্তু বায়ার্ন হাল ছাড়েনি। জোশুয়া কিমিখের ফ্রি-কিক থেকে দায়ো উপামেকানো হেডে গোল করে ব্যবধান কমান। এরপর কেইনের পাস থেকে লুইস দিয়াজ লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। শেষ দিকে সেনি মায়ুলু পিএসজির হয়ে এবং কিমিখ বায়ার্নের হয়ে নিশ্চিত গোলের সুযোগ মিস করলে ব্যবধান আর বাড়েনি।  গত মৌসুমে বার্সেলোনা বনাম ইন্টার মিলানের সেই মহাকাব্যিক লড়াইকেও ছাপিয়ে গেল এই ম্যাচ। ১৯৯৪-৯৫ মৌসুমে আয়াক্সের কাছে ৫-২ গোলে হারার পর এই প্রথম ইউরোপীয় কোনো আসরে ৫ গোল হজম করল বায়ার্ন মিউনিখ।

    অন্যদিকে, চলতি মৌসুমে পিএসজি চারবার কোনো এক ম্যাচে ৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল, যা ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের গড়া রেকর্ডের সমান। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৭ গোল হয়েছিল, যা আজ ৯ গোলে গিয়ে ঠেকল। বিস্ময়কর তথ্য হলো, ম্যাচে মোট ২২টি শটের মধ্যে ৪০.১ শতাংশই গোলে রূপান্তরিত হয়েছে, যা বিশ্বমানের ফিনিশিংয়ের প্রমাণ দেয়।

    আগামী সপ্তাহে বায়ার্নের ঘরের মাঠ মিউনিখে দ্বিতীয় লেগের লড়াইয়ে নির্ধারিত হবে কার হাতে উঠবে ফাইনালের টিকিট। তবে প্রথম লেগের এই নয় গোলের থ্রিলার ফুটবল প্রেমীদের মনে অনেক দিন গেঁথে থাকবে।

  • বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

    বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

    রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সি মেয়ে সাফিয়া আহত হয়েছে।

    বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজ্জৎকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

    সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাতে মেয়ে কোল থেকে ছিটকে পড়ে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন সুমন।

    স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

    মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছে।

  • জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর

    জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে যারা বাস্তুচ্যুত হয়ে শহরে আসছেন; তাদের সমস্যাকে কেবল মানবিক বা আপদকালীন সমস্যা হিসেবে দেখলে হবে না। এটি জননীতির (পাবলিক পলিসি) গুরুত্বপূর্ণ একটি বিষয়।

    তিনি আরও বলেন, এই অভিবাসন প্রক্রিয়াকে চলমান উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

    আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) সহযোগিতায় ‘বাংলাদেশে জলবায়ু-সংক্রান্ত অভিবাসীদের অভিযোজনগত প্রতিবন্ধকতা এবং স্থানীয়ভাবে নেতৃত্বাধীন সমাধান’ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করা হয়।

    তথ্যমন্ত্রী বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগও অভিবাসনের একটি বড় কারণ হিসেবে আবির্ভূত হয়েছিল।

    তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সমস্যাকে চিহ্নিত করতে পেরেছে। আমরা জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করেছি। জনমানুষের প্রতিটি সমস্যা সমাধানে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।’

    বিজ্ঞানের ব্যাখ্যা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। বিজ্ঞান এখনও পৃথিবীর বাইরে মানুষের বাসযোগ্য কোনো গ্রহ আবিষ্কার করতে পারেনি। তাই আমাদের এই গ্রহকে রক্ষা করতে হবে এবং বাসযোগ্য করেই রাখতে হবে।’

    এসময় অভিবাসীদের দুর্দশা নিরসনে গবেষক ও সুশীল সমাজকে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

    মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরএমএমআরইউ-এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

    কর্মশালায় গবেষণার যুক্তি উপস্থাপন করেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক নাজিয়া হায়দার।

    গবেষণা তথ্য তুলে ধরে ড. সিদ্দিকী বলেন, ‘মাইগ্রেশন মানেই শুধু ঢাকা নয়। আমাদের নীতিনির্ধারকদের বুঝতে হবে যে, এটি সঠিক সময়ে সঠিক পলিসি গ্রহণের বিষয়। খুলনা বা অন্যান্য অঞ্চলের শিল্প-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ বাধ্য হয়ে ঢাকায় আসছে। যদি বিভাগীয় শহর বা জেলা পর্যায়ে ইন্ডাস্ট্রি ছড়িয়ে দেওয়া যায় এবং রিজনাল গ্রোথ সেন্টার তৈরি করা যায়, তবে মানুষ নিজের এলাকাতেই তাদের আয় বাড়াতে পারবে।’

    তিনি আরও বলেন, ‘অভিবাসীরা কেবল অর্থনৈতিক কারণেই আসে না, বরং অনেকে রাজনৈতিক হয়রানি থেকে বাঁচতেও শহরমুখী হন।’

    জলবায়ু অভিবাসীদের জন্য স্থানীয় পর্যায়ে নেতৃত্বাধীন সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    এছাড়া অভ্যন্তরীণ স্থানচ্যুতি পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষণা উপদেষ্টা ড. ফ্রাঙ্ক ভলমার দুর্যোগজনিত বাস্তুচ্যুতির মানবিক মূল্য নিয়ে একটি উপস্থাপনা পেশ করেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি এবং অতিথি হিসেবে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অভিবাসন ও সুরক্ষা বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা-তানিতা গ্রেমিঙ্গার বক্তব্য দেন।

    আরএমএমআরইউ-এর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওবায়দুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব, ক্যারিতাস-এর দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান আলেকজান্ডার ত্রিপুরা এবং গ্লোবাল ইনসাইটস ম্যানেজার ড. থান্নালেচিমি হাউসেট।

    কর্মশালায় যশোর ও সাতক্ষীরা অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বাস্তুচ্যুতির মানবিক মূল্য এবং অভিবাসীদের জন্য স্বল্পমূল্যের আবাসন নিশ্চিতে নাগরিক সমাজ ও স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

    আজ সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

    তিনি জানান, বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার বিষয়েও তিনি আশা প্রকাশ করেন।

    এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

  • বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

    বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই।

    তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে এই শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতো।
    মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওস্থ কোস্টগার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উপকূলীয় ও নদীমাতৃক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এই বাহিনীকে অত্যাধুনিক লজিস্টিক সরঞ্জাম, উন্নত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আরো সমৃদ্ধ করা হবে।

    মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বিশাল জলসীমা ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৯৫ সালে তৎকালীন সরকার প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ‘কোস্টগার্ড আইন’ প্রণীত হয়েছিল, তার মাধ্যমেই এই বাহিনীর যাত্রা শুরু।

    তিনি বলেন, বর্তমানে দেশের দুর্গম হাওর অঞ্চল এবং সুন্দরবনসহ ম্যানগ্রোভ বনাঞ্চলেও কোস্টগার্ডের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যেখানে দুর্গমতার কারণে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছানো কঠিন, সেখানে কোস্টগার্ডকে আরো শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান যুগে অপরাধীদের কৌশল ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। দুর্বৃত্তরা এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদের কর্মকা- পরিচালনা করছে। তাদের মোকাবিলায় কোস্টগার্ডকেও সমভাবে প্রযুক্তিগতভাবে দক্ষ ও আধুনিক সম্পদে সজ্জিত হতে হবে। এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধি এবং বাহিনীর কাঠামোগত সংস্কারের কাজ হাতে নেওয়া হবে।

    সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

    তিনি বলেন, আমরা গ্র্যাজুয়াল উইথড্রয়ালের (ধাপে ধাপে প্রত্যাহার) মধ্যে আছি। হঠাৎ পুরো ফোর্স প্রত্যাহার করা যায় না।

    তিনি আরো বলেন, খুব শিগগিরই ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যের সংখ্যা খুব সীমিত পর্যায়ে নিয়ে আসা হবে।

    তিনি আরো জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই-এর নিরাপত্তা নিশ্চিত করতে এসওপি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা সবসময় বহাল থাকবে।

    প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।