Category: রাজনীতি

  • পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত, নেবে ভোটের প্রস্তুতিও: আযাদ

    পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত, নেবে ভোটের প্রস্তুতিও: আযাদ

    অনলাইন ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সংকটের মূল কারণ ছিল নির্বাচন। তাই এখন পিআর পদ্ধতিই সর্বোত্তম পদ্ধতি বলে মনে করছে জামায়াতে ইসলামী।‎ জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেয়া হবে।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

    নির্বাচনের সময় নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনও সমস্যা নেই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দলটির দাবি নিশ্চিত করে নির্বাচন দেয়ার কথা বলেন তিনি।

    এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সাক্ষাতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দলটি।

  • শেখ হাসিনা জনগণের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন: রিজভী

    শেখ হাসিনা জনগণের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন: রিজভী

    অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছিলেন। তাঁর দাবি, এ কারণে মানুষের মনে জমে ওঠা ক্ষোভ শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে বিস্ফোরিত হয়েছিল।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে প্রামাণ্য চলচ্চিত্র **‘৩৬ জুলাই’**–এর প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। রিজভীর ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলন ছিল সব ধরনের দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ, যা তিনি একটি “মহাকাব্যিক ঘটনা” বলে আখ্যা দেন। তাঁর মতে, আন্দোলনে নিহত, আহত ও অংশগ্রহণকারী সবাই ইতিহাসে বিশেষ চরিত্রে পরিণত হয়েছেন।

    রিজভী আরও অভিযোগ করেন, বিগত সরকার ক্ষমতা কুক্ষিগত করতে বিভিন্ন ব্যক্তি ও পেশাজীবীদের অনৈতিক সুবিধা দিয়েছিল। তিনি উদাহরণ টেনে বলেন, একটি দলের প্রতিষ্ঠাতার বই লেখার পুরস্কারস্বরূপ একজনকে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দেওয়া হয়েছিল। একইভাবে শিল্প–সংস্কৃতির খ্যাতনামা তারকাদের রানওয়ের পাশে ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল। এর বিনিময়ে তারা ১৫ আগস্ট শোক প্রকাশ করে ‘ফ্যাসিবাদের পক্ষে অবস্থান’ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

    শিল্পী ও সাহিত্যিকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তাঁর মতে, বস্তুগত প্রাপ্তির লোভে কিছু কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পী অনুভূতিহীন হয়ে পড়েছেন। রিজভী বলেন, “তারা প্রকৃত শোক প্রকাশ না করে, বরং ফ্যাসিবাদকে সমর্থন করেছেন।”

    আলোচনার এক পর্যায়ে রিজভী জনগণকে আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

  • সাতদিন ব্যাপি কর্মসূচীর ঘোষণা দিলো বিএনপি

    সাতদিন ব্যাপি কর্মসূচীর ঘোষণা দিলো বিএনপি

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন এ কর্মসূচি।

    এরপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হবে।

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি:

    ১. আগামী ৩১ আগস্ট বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীগণ অংশগ্রহণ করবেন।

    ২. ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

    ১ সেপ্টেম্বর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ওইদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি। আগামী ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

    ৬. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

    ৭. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।

    ৮. সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি’র উদ্যোগে গোলটেবিল বৈঠক।

    ৯. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে ঢাকাসহ দেশব্যাপী (ক) সাংস্কৃতিক অনুষ্ঠান (খ) বৃক্ষ রোপণ অভিযান (গ) মৎস্য অবমুক্তকরণ (ঘ) ফ্রি মেডিকেল ক্যাম্প (ঙ) ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

    ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণ প্যানেল ঘোষণা

    অনলাইন ডেস্ক: কা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।

    ঘোষণা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

    এর আগে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার দুপুর ১২টায় এই প্যানেল ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ অন্য নেতারা। তিনি জানান, শেষ মুহূর্তে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

    তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সোমবার (৯ সেপ্টেম্বর)।

  • চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

    চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

    অনলাইন ডেস্ক: চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

    তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

    আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

    মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বলেন, ‘চোখের চিকিৎসা নিতে স্যার ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে। দু-দিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।’

    আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।

  • গ্রেনেড হামলা: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

    গ্রেনেড হামলা: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

    অনলাইন ডেস্ক: আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে আদালতে।

    প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল ৯টা ৫৫ মিনিটে শুনানি শুরু হয়েছে।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। তারেক রহমান-বাবরের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

    বিএনপির আইনজীবী উপস্থিত আছেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

    উল্লেখ্য, গত ৩১ জুলাই বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।