Category: রাজনীতি

  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের প্রতীক: মির্জা ফখরুল

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দ্রোহের প্রতীক: মির্জা ফখরুল

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক।

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

    বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’

    তিনি বলেন, ‘কবি কাজী নজরুলের মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনের অনন্য সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাংলা ভাষার কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। তিনি আমাদের জাতীয় কবি। তাঁর সাহিত্য কর্মের মধ্যে মানবতার বাণী ছিল উচ্চকিত। বৃটিশ বিরোধী আন্দোলনে তাঁর কবিতা, গান এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাঁর অনন্য সৃষ্টিকর্মের মাধ্যমে। উজ্জীবিত করেছেন অবহেলিত ও শোষিত মানুষকে শোষক ও অত্যাচারির বিরুদ্ধে। ফলে তিনি বৃটিশ শাসকদের চক্ষু শুলে পরিণত হন এবং কারা নির্যাতন ভোগ করেন।’

    বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়ের বিরুদ্ধে এক চিরকালীন দ্রোহের প্রতীক। সাহিত্য ও শিল্পকর্মে তাঁর ছিল বহুমুখী প্রতিভা। কিন্তু তাঁর প্রধান পরিচয় তিনি কবি। তাঁর রচনা আমাদেরকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। সমাজে শান্তি, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার ব্রত নিয়ে তিনি সাহিত্যকর্মে আত্মনিয়োগ করেছিলেন।

    কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিকর্মের জন্য চিরদিন অমর হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি।’

  • ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

    ফজলুর রহমানের দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

    অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

    চিঠিতে বলা হয়, ‘গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল (২৫ আগস্ট) (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ (২৬ আগস্ট) কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।’

    এতে বলা হয়, ‘তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’

    চিঠিতে আরও বলা হয়, ‘এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন।’

  • ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন

    ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই: সালাহউদ্দিন

    নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল নির্বাচনে যেতে না চাইলে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আগামি নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে। আশা করি, সেই ঝুঁকি কেউ নেবে না।

    জুলাই সনদ বিষয়ে তিনি বলেন, এমন কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, যা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দিনশেষে সংসদের মাধ্যমেই এটি বাস্তবায়ন হবে।

    অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, সরকার বৈধভাবেই চলছে। এই ধারাবাহিকতার মধ্যে আমরা কোনো জটিলতা তৈরি করতে চাই না। যে সরকারই আসুক, সবাইকেই বিচার চালু রাখতে হবে।

    জোট করা বিষয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বেশ কয়েকটি ইসলামি দলের সাথে আলোচনা চলছে। আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি। তবে জামায়াতে ইসলামীর সাথে জোটের সম্ভাবনা নেই।

    তিনি যোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে। মেধাভিত্তিক রাজনীতি যারা করবে, তারাই প্রতিনিধিত্ব করবে দলকে।

  • মব বা মৃত্যুতে আমার ভয় নেই: ফজলুর রহমান

    মব বা মৃত্যুতে আমার ভয় নেই: ফজলুর রহমান

    অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমানের বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।  আমি মৃত্যুকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষ।

    তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

    জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা তিনি আমি বলেননি উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

    এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইব।

    বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে এই আইনজীবী বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

    জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

  • হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা: হাসনাত

    হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা: হাসনাত

    অনলাইন ডেস্ক: রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

    রোববার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

    তিনি বলেন, অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। ইসির বস্তুনিষ্ঠ ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কী ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গিয়েছে।

    এনসিপির এই নেতা বলেন, হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আর হাসিনার পতনে রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলে থাকেন বিগত ১৫ বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন, উনি অবশ্যই ভালো থাকবেন কারণ যত ধরণের আওয়ামী সুবিধা রয়েছে সব সুবিধা উনি নিয়েছেন।

    নির্বাচন কমিশনের ভূমিকাকে আমরা সব সময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আজওকে পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখেছি। পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীডের ফ্রি এক্সিট দিয়েছে। এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে।

    হাসনাত আরও বলেন, আমরা বার বার বলে এসেছি আমরা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, কিন্তু মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। মানুষ আবারও এক এগারো মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন হাসনাত।

  • পিআর পদ্ধতিতে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না: রিজভী

    পিআর পদ্ধতিতে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না: রিজভী

    নিজস্ব প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সরাসরি প্রার্থী বাছাইয়ের সুযোগ হারাবে। এতে ভোট দিতে হবে কেবল রাজনৈতিক দলের প্রতীকে। তার মতে, এ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

    শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রিজভী বলেন, “দেশের জনগণ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয়। নির্বাচনি প্রক্রিয়ায় এটি আগে কখনো ব্যবহার করা হয়নি। অথচ হঠাৎ করেই কয়েকটি রাজনৈতিক দল এ পদ্ধতির কথা বলছে।”

    তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে পিআর ও নির্বাচনি সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, যা বিএনপি ভালোভাবেই বুঝতে পারছে।

    বিএনপির সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা গণতন্ত্রকে দমিয়ে রাখার শক্তি দলের সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে সমাজের গুণীজন।”

    সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, “৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অথচ শেখ হাসিনা জনগণের ওপর হিংস্রতা চালিয়েছে। ভয়ংকর রক্তপিপাসু হাসিনাকে জনগণ পরাজিত করেছে। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও আহসান উদ্দিন খান শিপন।

    পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের ফরম বিতরণ করেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।