Category: রাজনীতি

  • মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

    মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান

    অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। রোববার (১৭ নভেম্বর) মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মওলানা ভাসানী অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।

    তারেক রহমান বলেন, মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপোসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে।

    তিনি আরও বলেন, অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতির ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন বিএনপির এই নেতা।

  • এবার তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান না করার নির্দেশ

    এবার তারেক রহমানের জন্মদিনে অনুষ্ঠান না করার নির্দেশ

    স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে এবার কোনো অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছে দলটি। কোনো নেতাকর্মী করে থাকলে তার বিরুদ্ধে নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

    সোমবার (১১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, ওই দিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না।

    এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    চলতি বছরের ২০ নভেম্বর ৬০ বছরে পা দেবেন তারেক রহমান। ১৯৬৫ সালে তার জন্ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এক-এগারো সরকারের সময়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এখনও সেখানে রয়েছেন।

    দেশে রাজনৈতিক পটপরিবর্তনে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা নেতাকর্মীদের। যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ হয়নি।

    পিতার গড়া বিএনপির বগুড়া জেলার গাবতলী থানা কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু হয় তারেক রহমানের। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বিএনপিতে যুক্ত হন। ২০০১ সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

  • ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

    ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

    অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেয়া যাবে না। জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না। ভোট যাতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষ যাকে খুঁশি তাকে ভোট দেবে। ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।

    শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

    ১০ নভেম্বর থেকে আগামী তিনমাস প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, কৃষক দলকে কৃষকনির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষক সমাবেশে কৃষকদের সমস্যা শুনতে হবে। তারপর সেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা করবে।

    তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুরু করা হবে। আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে আমাদের দেশের কৃষক প্রয়োজনীয় পানি পায় না। ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো সেখানে পানির কারণে দুইটি হয়েছিল, দুইটি ফসলের জায়গায় তিনটি ফসল হয়েছিল।

    তিনি আরও বলেন, বাংলাদেশের নারীদের বড় একটা অংশ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষির প্রতি নজর দিতে হবে। আমরা প্রতিবার চেষ্টা করেছি কৃষি সমস্যার প্রতি নজর দিতে। খালেদা জিয়ার সময় ৫ হাজার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিল। ফসলের মৌসুমে বিদ্যুৎ বিল সরকার বহন করতো। যার মধ্য দিয়ে কৃষকদের কিছু সমস্যার সমাধান হয়েছে।

    কৃষকের বীজের সমস্যার সমাধান করা যায়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন সময় ফসল নষ্ট হয় সেজন্য আমরা কৃষি বিমার কথা চিন্তা করেছি। অনেক সময় মহাজন থেকে ঋণ নেয়, যা কৃষকের ওপর চাপ সৃষ্টি করে, সেখান থেকে আমরা যদি এটা করতে পারি তাহলে এই সমস্যাটা আর হবে না।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, ২০ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করতে হলে কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। এত মানুষের জন্য খাদ্য আমদানি সম্ভব না। তাই যেগুলো মৌলিক খাদ্য, সেগুলো দেশেই উৎপাদন করতে হবে। তাই কীভাবে কৃষি জমি বাড়ানো যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। কিছু পদক্ষেপ আছে যেগুলো করলে কৃষি জমি বাড়ানো যায়, এটা একমাত্র সম্ভব ক্ষমতায় গেলে।

  • যৌক্তিক সময়ে নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের

    যৌক্তিক সময়ে নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের

    নিজস্ব প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় আধিপত্যবাদকে রুখে দেবে। আজকের দিনের শপথ, প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করার।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ফ্যসিবাদী, বিএনপিকে ধ্বংস করতে সবসময় ষড়যন্ত্র করেছে। ’২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরও একবার ফ্যাসিবাদ পরাজিত হয়েছে।

    মির্জা ফখরুলের মতে, অন্তবর্তী সরকার তিন মাসে কিছু ভালো কাজ করেছে, তাদের সহযোগিতা করতে হবে। আশা করি, যৌক্তিক সমযে নির্বাচন দিবে অন্তবর্তী সরকার। যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে জাতির সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সক্ষম হবে।

  • অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

    গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

    তার আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

    অন্যদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগামী আজ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • মাইনাস টু ফর্মুলা নিয়ে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল

    মাইনাস টু ফর্মুলা নিয়ে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিনিধি : রোববার (৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, ‘সুনাম রক্ষা করা অন্তর্বর্তী সরকারের বড় কাজ। সবার কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি। পরিষ্কার করে বলতে চাই, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।

    এ সময় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের আগ্রহের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। ফখরুল বলেন, ‘একজন উপদেষ্টা বলেছেন- রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উশখুশ করছেন, এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিএনপি এমন বক্তব্যে হতাশ।’

    আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি- এ কথা উল্লেখ করে মহাসচিব আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে। তাই বিএনপির ত্যাগ ছোট করে দেখার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের তত ফিরে আসার সম্ভাবনা প্রবল হবে বলে মন্তব্য করেন তিনি।

    এদিকে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশের রাজনীতি ঘোলাটে হয়ে উঠেছে। আওয়ামী লীগকে পুর্নবাসন করেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।