Category: রাজনীতি

  • বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা: খন্দকার মোশাররফ

    বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা: খন্দকার মোশাররফ

    ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতি পরিষদের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

    বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

    মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবেই তারা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা।’

    জাতীয় পার্টি, বিএনপি, গণফোরামসহ সব মিলিয়ে এবার নির্বাচনে ৩০টির মতো আসন বিরোধী দলের প্রার্থীরা জিতেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা যদি একত্রে সংসদে বিরোধী দলের ভূমিকা রাখে তাহলে তা সরকার পরিচালনায় সহায়ক হবে। কারণ, বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়ে থাকে।’

    আওয়ামী লীগের বড় বিজয়য়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‌‘এই বিজয়ের একমাত্র কারণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করা। জনগণ এই ধারাবাহিকতা রক্ষা করতেই ভোট দিয়েছে। কারণ, জনগণ জানে, উন্নয়ন মানেই শেখ হাসিনা, উন্নয়ন মানেই বাংলাদেশ।’ বাসস

  • আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক আজ

    আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক আজ

    আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর প্রথম এ সংসদীয় দলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে। জানা গেছে, এবারও সংসদ নেতা শেখ হাসিনা হচ্ছেন এবং তিনিই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন।

    বেসরকারি তথ্য অনুসারে, ফলাফল ঘোষণা হওয়া ২৯৮ আসনের মধ্যে সর্বোচ্চ ২৫৯টি আসনে এককভাবে জয়লাভ করেছে আওয়ামী লীগ। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি।

  • শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল

    শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল

    একাদশ জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের জনপ্রতিনিধিরা শপথ নিচ্ছেন না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    বিএনপির মহাসচিব বলেন, শপথ তো পার হয়ে গেছে, শপথ নেব কোথায়? প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না।

    নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ প্রহসন ও তামাশার। এ নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

    নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের ফল প্রত্যাখ্যানের চিঠি নিয়ে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে। এছাড়া নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগ জানিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানান তিনি।

    একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার পর তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতে ২৫৭টি আসনে।

    এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭টি আসন। আর বিএনপি এককভাবে পেয়েছে ৫টি।

  • নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক: হানিফ

    নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক: হানিফ

    বিএনপির ভোট বাতিলের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন বাতিলের দাবি অযৌক্তিক, অসাংবিধানিক।’

    মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাস ভবনে ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘জনগণ উন্নয়ন, অগ্রযাত্রার পক্ষে মহাজোটকে ভোট দিয়েছে। যেসব অপরাধী বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’

    এ সময় ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সম্পাদক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • দলের প্রার্থীদের ঢাকায় ডাক বিএনপির

    দলের প্রার্থীদের ঢাকায় ডাক বিএনপির

    গত রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিজেদের প্রার্থীদের নিয়ে ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত জানায়।

    তারপরই মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আগামী বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের দিন ধানের শীষের প্রার্থীদের ঢাকায় ডাকার কথা জানান।

    রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ধানের শীষের প্রার্থীদের কাছে পাঠানো চিঠিতে ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেপ্তারকৃত এজেন্ট ও নেতা-কর্মীদের তালিকাসহ ৮টি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। ভোট চুরির কোনো ভিডিও থাকলে তাও প্রতিবেদনের সঙ্গে দিতে বলা হয়েছে।

    ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পুনঃনির্বাচনের দাবি জানান কামাল। ‘ভোট ডাকাতি’ হয়েছে বলে দাবি করেন মীর্জা ফখরুল। ব্যাপক কারচুপির মাধ্যমে ঐক্যফ্রন্টের প্রার্থীদের হারানো হয়েছে দাবি করে এই ভোট বাতিলের দাবি তুললেও সিইসি কে এম নূরুল হুদা তা প্রত্যাখ্যান করেছেন।

    এদিকে সোমবার (০২ ডিসেম্বর) ঐক্যফ্রন্টের এক বৈঠকের পর কামাল জানান, পুনঃনির্বাচনের দাবিতে শিগগিরই তাদের জোটের প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেবেন। পাশাপাশি বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না বলেও ইঙ্গিত মিলেছে দলটির নেতাদের কথায়। তারা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

  • টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

    টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

    বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট। ইতোমধ্যে যেসব আসনে ফলাফল প্রকাশিত হয়েছে তাতেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে দলটির। এই নির্বাচনে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে। তারা ইতোমধ্যে ফল প্রত্যাখ্যান করে পুন:নির্বাচনের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশন, রিটার্নিং কার্যালয় ও আমাদের প্রতিনিধিদের সূত্রে প্রাপ্ত খবর থেকে, এ পর্যন্ত ২২৭টি বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে বেসরকারি ফলাফলে মোট ১৯৯টি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে চারটি আসনে বিরোধী ঐক্যফ্রন্টের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনে জিতছে।

    রবিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকে পাওয়া গেছে।

    এদিকে, বিক্ষিপ্ত সহিংসতা, সংঘর্ষ ঘটে কয়েকটি কেন্দ্রে। নির্বাচনের আগের রাত থেকে সহিংসতায় অন্তত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রায় ৫১টির মতো আসনে ঐক্যফ্রন্ট প্রার্থীরা ভোট শেষ হওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

    আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদে দুই তৃতীয়াংশের অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্যে আওয়ামী লীগ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ফের সরকার গঠন করে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই অনুষ্ঠিত নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের মধ্যেই ভূমিধ্বস জয় পেল মহাজোট।

    এছাড়াও ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। পরে জাতীয় পার্টি ও জাসদ (রব) এর সমর্থনে প্রথমবারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তাই এবার নতুন সরকার গঠনের মাধ্যমে রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।