বরিশাল: বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্লগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খোকন পাল (৪৯)। তাঁর বাবার নাম মৃত নিরঞ্জন পাল। পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই রতন পাল (৪৫) ও তাঁর সহযোগী কামাল সরদারকে (৩৫) আটক করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খোকন পাল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন। এ নিয়ে এলাকায় অনেকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল। গত বুধবার চাচা তুলসী পালের বিরুদ্ধে পুলিশের কাছে মারধরের অভিযোগ করেন তিনি। এ ঘটনা নিয়ে ছোট ভাই রতন পালের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। গতকাল রাত ৮টার দিকে এ নিয়ে একাধিকবার দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছোট ভাই রতন পাল লাঠি দিয়ে বড় ভাই খোকন পালকে আঘাত করেন।
নিহতের স্ত্রী সবিতা রাণী অভিযোগ করেন, রতনের লাঠির আঘাতে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁর স্বামীকে আহত অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নিহত খোকন পাল মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। গতকাল রাতেই হামলাকারী ছোট ভাই রতন পাল ও তাঁর সহযোগী কামাল সরদারকে আটক করা হয়েছে।
Category: সারাদেশ
-

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
-

হবিগঞ্জে ইয়াবাসহ আটক করেছে ৪ পুলিশ
হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মাদারগড়া গ্রামের নাইম আহম্মদ খোকন (২৬), তার স্ত্রী ইমা আক্তার (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পশ্চিম বানিয়াপাড়ার ছামদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৪) ও মাধবপুর উপজেলার দেওগাঁওয়ের আলী মিয়ার ছেলে মনছুর (৩৬) মিয়া। মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩শ’ পিস ইয়াবাসহ নাঈম ও ইমাকে আটক করা হয়। অপরদিকে আজ ভোরে আরিছপুর এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ গ্রাম গাঁজাসহ মনছুর ও মানিক মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
-

আজ চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বইমেলা
থেকে চুয়াডাঙ্গায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক দেলোয়ার হোসেন জানান, দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিশেষ উদ্যোগে এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে। এ বই মেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০ হাজারের বেশি বিখ্যাত বই। থাকবে দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনীগ্রন্থসহ সবধরনের বই।
তিনি আরো জানান, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলা থেকে দর্শনার্থীরা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বই কিনতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।
-
নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বুধবার রাতে জেলার রূপগঞ্জ থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে জেএমবি সারোয়ার তামিম গ্রুপের সদস্য মামুনুর রশিদ ওরফে মামুন (৩৪) এবং মো. ইসমাইল হোসেনকে (২৯) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গিবাদী নোটশিট উদ্ধার করা হয়। তারা বন্দর থানার একটি মামলার পলাতক আসামি।র্যাব সূত্র জানায়, মামুনুর রশিদ ১৯৯৬ সালে নোয়াখালীর একটি মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাকরি করেছে। ২০১৫ সালের শেষ দিকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপ সক্রিয় হওয়ার পর থেকে তিনি এই দলে যোগ দেন। আব্দুল্লাহপুর এলাকায় সংগঠনের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা ছাড়াও তার বাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হত।মো. ইসমাইল হোসেন ২০০৫ সালে, তুরাগ থানার দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলী আলিয়া মাদ্রাসা থেকে ৮ম শ্রেণি পাশ করেন। ২০১৪ সালে জেএমবি সদস্য এবং মামুনুর রশিদের মাধ্যমে তিনি সংগঠনে প্রবেশ করেন। তিনি জেএমবির সদস্য সংগ্রহে কাজ করেছেন। বাসস -
জীবন বাঁচাতে তিন ঘণ্টা সাঁতরিয়ে বাংলাদেশে
ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে নাফ নদীতে তিন ঘণ্টা সাঁতরিয়ে বাংলাদেশে পৌঁছেছে ১১ রোহিঙ্গা যুবক। সাঁতরিয়ে আসা ১১ তরুণ জানায়, জীবন বাঁচাতে ১৫ দিন জঙ্গলে লুকিয়ে ছিলেন। গাছের পাতা ও ফলমূল খেয়ে তারা বেঁচে ছিলেন।
বুধবার সুযোগ পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তিন ঘণ্টা সাঁতার কেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশের শাহপরীর দ্বীপে পালিয়ে আসে। তাদের একজন হামিদ হোছেন বলেন, পুরো গ্রাম মিয়ানমারের সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছে। ধরে ধরে তাদের গ্রামের যুবকদের হত্যা করছে।
তিনি জানান, জঙ্গলে থাকা অবস্থায় ২-৩ দিন না খেয়েও ছিলেন। গাছের ফল-মূল ও পানি খেয়ে কোনোমতে বেঁচে ছিলেন।
তারা জানান, সকাল ৭টার সময় মিয়ানমারের ওপার থেকে সাঁতার কাটা শুরু করেন। সকাল ১০ টায় শাহাপরীর দ্বীপের নাফ নদীর পাড় থেকে কোস্ট গার্ড তাদেরকে উদ্ধার করে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসেন।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, পানির খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে ১১ জন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। এর মধ্য পাঁচজন নাফ নদীর পাড়ের কাছে চলে আসলেও অপর ছয় জন দূরে ছিলেন। তারা ক্লান্ত হয়ে যান। কোস্টগার্ডের টহল দল তাদের দেখে উদ্ধার করে।
-

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ যাত্রী নিহত
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতরা হলেন- নওগাঁ জেলার দামুরহাটের পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)। বৃহস্পতিবার ভোরে মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কপিল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুরের আছিমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয় আরো ১০ যাত্রী। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।