গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১০টি নৌকা অংশ নেয়। উল্লেখ্য, প্রতিবছরই একইস্থানে এই নৌকা বাইচ দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। নৌকা বাইচ চলাকালে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার উৎসাহী দর্শক এতদঞ্চলের গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।
স্থানীয় যুবকদের উদ্যোগে ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল উলফাত এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। বাইচ শেষে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে একটি করে ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে ২১ ইঞ্চি কালার টিভি তাদের হাতে তুলে দেয়া হয়।
নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু, সাবেক ইউপি সদস্য মুরাজ্জামান প্রামানিক, উদযাপন পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলা মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, আলতাফ হোসেন, ইউনুছ আলী দুখু, ফরিদুল ইসলাম, ইমদাদুল হক, ডাঃ আব্দুর রশিদ খোকা ও আবু সাঈদ প্রমুখ।
Category: সারাদেশ
-
গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
-

যুবককে কুপিয়ে হত্যা, নেপথ্যে পরকীয়া
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে রিপন সরকার (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে স্থানীয় মানতেগাড়ির বিল থেকে রিপন সরকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিপন সরকার উপজেলার খাসপাড়া গ্রামের মোতালেব সরকারের ছেলে। তিনি পেশায় মাছচাষি।
এ ঘটনায় তিন নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- একই এলাকার মঈন প্রধানের স্ত্রী মৌসুমী খাতুন ও বাবা শামসুদ্দিন, খোকন প্রধানের মেয়ে শান্তনা খাতুন ও শাশুড়ি মর্জিনা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন সরকার স্থানীয় মানতেগাড়ির বিলসংলগ্ন একটি পুকুরে রোববার রাতে মাছ ছাড়তে যান। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার সকালে বিলের ধারে রক্ত ও মাটিতে ধস্তাধস্তির চিহ্ন দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এর পর একটি পাটজাগের নিচে রিপনের লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ রিপন সরকারের লাশ উদ্ধার করে।
এদিকে গ্রাম ছেড়ে গোপনে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এলাকাবাসী তিন নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই তিন নারীসহ চারজনকে আটক করে।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামের মঈন প্রধান মালয়েশিয়া প্রবাসী। তিনি মালয়েশিয়া থাকাকালীন তার স্ত্রী মৌসুমী খাতুনের সঙ্গে গ্রামের রিপন সরকার মোবাইল ফোনে পরকীয়া সম্পর্ক হয়। এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশও হয়। মাস সাতেক আগে মঈন প্রধান বাড়িতে ফেরেন। সোমবার তার ফ্লাইট ছিল মালয়েশিয়ার। এরই মধ্যে রিপন সরকার খুন হলেন। তাদের ধারণা, মঈনই এ হত্যার নায়ক।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। -

মোরেলগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
মোরেলগঞ্জ : ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো সম্পীতির স্বদেশ গড়ি’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস।
এ উপলক্ষ্যে সোমবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শান্তির পদযাত্রা। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগীতায় মানববন্ধন ও শান্তির পদযাত্রা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি আজমিন নাহার। দি হাঙ্গার প্রজেক্ট মোরেলগঞ্জ ও বারইখালী ইউনিয়নের ইউসি নাহিদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্থার খাউলিয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের ইউসি মো. মেহেদী ইসলাম, নারী নেত্রী রুনু আকতার, মাহামুদা আকতার, পারভীন আকতার, শারমীন আকতার, মরিয়ম আকতার, সংস্থার উজ্জীবক মো. আনোয়ার ও মো. আবুল বাশার প্রমুখ।
-

আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার বহরমপুর তাঁতীপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় উৎপল চন্দ্র ভাস্কর (২৪) নামে একজনকে আটক করা হয়।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং সোমবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জানিয়েছেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার দিবাগত গভীর রাত পৌনে ১১টায় ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলার সদর উপজেলার বহরমপুর এলাকার তাঁতীপাড়া গ্রামের অসীম চন্দ্র ভাস্করের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে।
এ সময় তার ছেলে মাদক ব্যবসায়ী উৎপল চন্দ্র ভাস্করের শয়ন কক্ষের চৌকির নিচ থেকে আমদানি নিষিদ্ধ ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ভাস্কর দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান।
-

শ্রীপুরে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সেই বৃদ্ধের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। রোববার (১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নয়নপুর এলাকায় ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রাত ৩টার দিকে তিনি মারা যান। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
-

বাস মালিক ও শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ আহত ২০
শরীয়তপুর : শরীয়তপুরে বাস মিনিবাস মালিক ও শ্রমিকদের সংঘর্ষের জেরে শরীয়তপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (০২ অক্টোবর) বেলা ১২ টার সময় পৌর বাস টার্মিনালে শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে ৩ পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। বেলা ১২টা থেকে শরীয়তপুরের সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক নেতারা। পুলিশ জানায়, শরীয়তপুর-মাঝিরঘাট রুটের সিটিং সার্ভিস বাসের সিরিয়াল দেয়া নিয়ে বাক বিতন্ডতায় জড়ায় মালিক ও শ্রমিক পক্ষের লোকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে পালং মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ ও পুলিশের ২ কনষ্টেবল সহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষের সময় ঢাকা-শরীয়তপুর সড়কে আতংক ছরিয়ে পরে। বাস ষ্টান্ড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। সংর্ঘষের পর থেকে শরীয়তপুরের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক পক্ষের নেতারা।