Category: Uncategorized

  • স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি

    স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি

    ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখ- গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। এসময় ধর্ষণের দৃশ্য ভিডিও চিত্র ধারণ করে রাখে ধর্ষকরা। পরে ঘটনা প্রকাশ করলে ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দিয়েছে তারা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতেই জাহাঙ্গীর আলম নামে এক ধর্ষককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্রীটি। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা পাঁচ বখাটে তার মুখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

    এরপর তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের দৃশ্য তারা মোবাইল ফোনে ভিডিও করে রাখে। একপর্যায়ে স্কুলছাত্রীটি জ্ঞান হারালে অবস্থা বেগতিক বুঝতে পেরে বখাটেরা মেয়েটিকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় শাহিনুর ইসলাম (১৭), হাবিবুর রহমান হাবু (১৬) আব্দুল হালিম (৪০) জাহাঙ্গীর আলম (৩৫) ও দেলোয়ার হোসেনকে (৩৫) দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে তারা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর ওই স্কুলছাত্রীর সংজ্ঞা ফিরলে সে ঘটনার বর্ণনা করে।
    স্কুলছাত্রীটি জানায়, ধর্ষকরা ধর্ষণের ঘটনা ভিডিওচিত্র ধারণ করে বলেছে ‘এ ঘটনা কাউকে জানালে এটা ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ধর্ষিতার পরিবার। এ ব্যাপারে ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, গণধর্ষণের ঘটনায় পাঁচ ধর্ষকের মধ্যে জাহাঙ্গীর আলম নামে এক ধর্ষককে গতকাল বুধবার ভোর রাতে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে ধামরাই থানায় ধর্ষিতার মা বাদি হয়ে গতকাল বিকেলে একটি মামলা দায়ের করেছে।

  • ফুটবলারকে লাথি মারলেন রেফারি (ভিডিও)

    ফুটবলারকে লাথি মারলেন রেফারি (ভিডিও)

    রেফারিদের কাজই হচ্ছে খেলার মাঠে খেলোয়াড়দের কোনও ভুল আচরণ হলে সেটা ধরিয়ে দেওয়া। কিন্তু ফ্রেঞ্চ লিগের টনি শ্যাপরন নামের এক রেফারি অখেলোয়াড়ি আচরণ করে নিজেই সমালোচিত হয়েছেন । ম্যাচের দায়িত্বে থাকা প্রধান রেফারি ছিলেন তিনি। খেলা চলাকালে এক খেলোয়াড়কে লাথি মেরেছেন। লাথি মারার পরে সেই খেলোয়াড় ডিয়েগো কার্লোসকেই আবার দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বেরও করে দিয়েছেন তিনি। প্রথমে লাথি মেরেছেন, পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন। গত রোববার নঁতের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। সে ম্যাচেরই ঘটনা এটি। ডি মারিয়ার গোলে এক গোলে এগিয়ে আছে পিএসজি। ম্যাচের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে আরও একটি গোল পেতে যাচ্ছিল তারা। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে দৌড়াচ্ছিলেন কার্লোস। ওই সময় অনাকাঙ্ক্ষিতভাবে নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের পায়ে লেগে পড়ে যান রেফারি। রেফারি মাঠে বসে থাকা অবস্থাতেই প্রথমে কার্লোসকে লাথি মারেন। পরবর্তী সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

  • রংপুর সিটিতে ভোট চলছে

    রংপুর সিটিতে ভোট চলছে

    রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

    নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির কাওসার জামান বাবলাসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    সকাল পৌনে ৮টায় রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের দেওয়ানটুলি সরকারি বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের বাইরে ভোটার এবং উৎসুক মানুষের ভিড়। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

    কেন্দ্রের বাইরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আলী আজগার। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে এসেছি। সকাল ৮টার পর ভোট গ্রহণ শুরু হয়। আমিই প্রথম ভোটটি দিয়েছি । ভালোই লাগছে, উৎসব-উৎসব পরিবেশ।’

    রংপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে কথা হয় নবিতা দাস ও ছালমা বেগমের সঙ্গে। তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা বলেন, ‘আজ হচ্ছে ভোট উৎসব। নাস্তা খেয়ে সকাল সকাল চলে এলাম ভোট কেন্দ্রে। তা না হলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে যাবে। তাই ফাঁকা ফাঁকাই ভোটটা দিতে এলাম।’

    রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একমাত্র রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় সেখানে গিয়ে ভোটারদের তেমন একটা ভিড় পরিলক্ষিত হয়নি। ভোটার জাভেদ আলী বলেন, ‘আমরাই সৌভাগ্যবান যে ইভিএম এ ভোট দিতে পারছি। কারণ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে একমাত্র এ কেন্দ্রেই ইভিএমে ভোট চলছে।’

    সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম দুলাল জানান, এই কেন্দ্রে ইভিএমে ভোট চলছে। এ বিষয়ে আগেই ভোটারদের হাতে-কলমে শেখানো হয়েছে।

    তিনি জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা দুই হাজার ৫৯ জন। ছয়টি বুথে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা এসে ভোট দিয়ে যাচ্ছেন। পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটাররাই আসছেন বেশি। তবে শহরের কেন্দ্র হওয়ায় ভোটাররা একটু দেরিতে ভোট দিতে আসছেন।

    শহরের লায়ন্স স্কুল ও কলেজ কেন্দ্রে কথা হয় ভোটার আবদুস সাহেদ ও রোজিনা বেগমের সঙ্গে। তারা বলেন, ‘ভোটের দিন আমরা সকাল সকাল এসে ভোট দিয়ে যাই। বেলা বাড়তে থাকলে ভোটারের উপস্থিতিও বাড়তে থাকে। তাই ভিড় বাড়ার আগেই ভোটটি দিয়ে গেলাম।’

    নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রের ১১৭৮টি ভোটকক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়।

    ভোট শুরুর পর এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    রংপুর নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১৯৩টি। এরমধ্যে ঝুকিপুর্ন কেন্দ্র ১০৮টি। ঝুকিপুর্ন কেন্দ্রে ২৪ জন পুলিশ ও আনসার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ১২ জনই অস্ত্রধারী। আর সাধারণ কেন্দ্রে ২২ জন করে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়া ২১ প্লাটুন বিজিবি এবং র্যা বের ৩৩টি টিম নির্বাচনী মাঠে কাজ করছে। নির্বাচনে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও সিটি করপোরেশন এলাকাকে চারটি ভাগে ভাগ করে চার জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।

    রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বদ্বিতা করছেন। ২০৩ বর্গ কিলোমিটার এলাকার এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

  • বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু ১২ জানুয়ারি

    বিশ্ব ইজতেমার প্রথম ধাপ টঙ্গীর তুরাগ তীরে আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে। পবিত্র হজের পরে মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশের প্রথম ধাপ ১৫ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

    চারদিন বিরতির পর একই স্থানে দ্বিতীয় ধাপের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১৯ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে তা ২১ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি, কল্যাণ ও ভ্রাতৃত্ববোধ কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দুই পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।

    এরই মধ্যে, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন টঙ্গী, গাজীপুর, উত্তরা, রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিশ্ব ইজতেমার সাথী, তরুণ শিক্ষার্থী, যুবকসহ সর্বস্তরের শত শত মানুষ মাঠে এসে কাজ করছেন।

  • চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ

    চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

    ঢাকা:  যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচহিররি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, তিন বাহিনী প্রধানরা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২১ অক্টোবর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এর আগে গত এপ্রিলেও তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নেন।

  • রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান বিস্ময় তরুণ

    রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান বিস্ময় তরুণ

    ক্লাব ফুটবলের তীর্থস্থান রিয়াল। কিংবদন্তী ফুটবলারদের মধ্যে খুব কম সংখ্যকই গায়ে জড়াননি ক্লাব ফুটবলের সফলতম দলটির সাদা জার্সি। তবে তারকার ভিড়ে বরাবরই ঠাসা থাকে সান্থিয়াগো বার্নাব্যু। এই ভিড়ে এবার যোগ হতে চলেছেন এক ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার!

    ব্রাজিলের খুদে জাদুকর ভিনিসিয়াস জুনিয়রের পর দলটির আরেক বিস্ময় তরুণ অ্যালানকে চুক্তিবদ্ধ করতে চলেছে রিয়াল মাদ্রিদ। চলতি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করছেন দলটির অধিনায়ক অ্যালান। স্পেন এবং উত্তর কোরিয়ার বিপক্ষে দলের জয়ে করাতে রেখেছেন দারুণ ভূমিকা। তবে এবার আরেকটি চমক দেখাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

    গত মৌসুমে অ্যালানের এজেন্ট জুয়ান ফিগের সঙ্গে দেখা করেন রিয়ালে মাদ্রিদের প্রতিনিধিরা। আর সম্প্রতি দলবদল নিয়ে ফিগের সঙ্গে কথাও বলেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে জানা যাচ্ছে অ্যালেনের ব্যাপারে দারুণ আগ্রহী ক্লাব কর্তৃপক্ষ। এ জন্য ৫০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি তারা। বর্তমানে চাইনিজ ক্লাব গুয়ানজু ইভারগ্রান্ডি থাওবাও এফসিতে খেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।