Category: আন্তর্জাতিক

  • ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড শিকাগোর পোর্টল্যান্ড থেকে প্রত্যাহার : মার্কিন গণমাধ্যম

    ট্রাম্পের মোতায়েন করা ন্যাশনাল গার্ড শিকাগোর পোর্টল্যান্ড থেকে প্রত্যাহার : মার্কিন গণমাধ্যম

    অনলাইন ডেস্ক:     মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোতায়েন করা সেনা শিকাগো এবং পোর্টল্যান্ড থেকে শত শত ন্যাশনাল গার্ড সেনা রোববার প্রত্যাহার শুরু করেছে।  মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

    অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপের অংশ হিসেবে অক্টোবরের গোড়ার দিকে টেক্সাস এবং ক্যালিফোর্নিয়া থেকে ডেমোক্র্যাট-শাসিত দুটি শহরে সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। স্থানীয় নেতারা এই পদক্ষেপকে কর্তৃত্ববাদী সীমালঙ্ঘন বলে নিন্দা করেছেন।

    নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, রাজ্যের বাইরে থেকে প্রতিটি শহরে পাঠানো ২০০ জন সেনা, যারা আদালতের লড়াইয়ের কারণে কখনও রাস্তায় নামেনি, তারা রোববার থেকে তাদের প্রত্যাহার শুরু করেছে।

    উত্তর আমেরিকায় সামরিক অভিযান তত্ত্বাবধানকারী মার্কিন নর্দার্ন কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলেস এবং শিকাগোতে তার ন্যাশনাল গার্ডের অবস্থান স্থানান্তর অথবা সামঞ্জস্য করা হতে পারে। তবে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।ন্যাশনাল গার্ড সাধারণত রাজ্যের গভর্নরদের অধীনে থাকে এবং প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে রাজ্যের কাজে মোতায়েন করা হয়।

    লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন এবং মেমফিসে সেনা মোতায়েনের পর ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযানের সর্বশেষ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোর্টল্যান্ড এবং শিকাগো।এই মাসের শুরুতে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের পোর্টল্যান্ড সেনা মোতায়েনকে ‘বেআইনি’ বলে রায় দেন এবং এই পদক্ষেপের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। বিচারক বলেন যে মার্কিন সংবিধান ফেডারেল সরকারকে এই ধরনের ক্ষমতা দেয়নি।

  • জোহরান মামদানির ট্রানজিশন টিমের সহ-সভাপতি হিসাবে লিনা খান মনোনীত

    জোহরান মামদানির ট্রানজিশন টিমের সহ-সভাপতি হিসাবে লিনা খান মনোনীত

    আন্তর্জাতিক ডেস্ক:   নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি কয়েক দিন আগে তার ট্রানজিশন টিমের সহ-সভাপতি হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাবেক চেয়ারম্যান লিনা খানকে মনোনীত করেছেন। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যে জন্ম নেওয়া এই ডেমোক্র্যাট পারদর্শিতা ও কঠোর অ্যান্টিট্রাস্ট অবস্থানের কারণে বহু কোম্পানি ও করপোরেট মহলের সমালোচনার মুখে পড়েছিলেন। জানা যায়, তিনি যুক্তরাজ্যে জন্ম নিলেও ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন।

    লিনা খান কে?

    লিনা খান ২০২১ সালের ১৫ জুন থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত এফটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি মার্কিন অ্যান্টিট্রাস্ট ও ভোক্তা সুরক্ষা সংস্থাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়ে দায়িত্ব নেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে।

    এফটিসির তথ্য অনুযায়ী, ক্যারিয়ারের শুরুতেই তিনি বাজারে করপোরেট একীভবন ও আধিপত্য নিয়ে বিশেষ গবেষণা ও রিপোর্টিং করেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার নীতিগত লক্ষ্য ছিল অ্যান্টিট্রাস্ট আইন কঠোরভাবে প্রয়োগ, নন-কমপিট চুক্তি সীমিতকরণ, সংবেদনশীল ডেটা সুরক্ষা এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করে এমন অবৈধ কার্যচর্চা মোকাবিলা করা।এফটিসিতে যোগদানের আগে তিনি যুক্তরাষ্ট্রের হাউস জুডিশিয়ারি কমিটির অ্যান্টিট্রাস্ট সাবকমিটির কাউন্সেল এবং কলম্বিয়া ল’ স্কুলের সহযোগী অধ্যাপক ছিলেন। তার উচ্চশিক্ষা উইলিয়ামস কলেজ এবং ইয়েল ল’ স্কুল থেকে সম্পন্ন।

    মামদানি’র টিমে লিনা খানের ভূমিকা

    ‘পড সেভ আমেরিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিনা খান জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি মামদানি দায়িত্ব গ্রহণের আগে তিনি মেয়রের ক্ষমতার বিস্তৃতি ও প্রয়োগ নিয়ে পর্যালোচনা করছেন। পাশাপাশি তিনি অর্থনৈতিক নীতি, জনবল নিয়োগ এবং শহরকে আরও সাশ্রয়ী করতে নতুন প্রশাসনের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করার কাজ করছেন।

    কেন লিনা খান ছিলেন প্রযুক্তি জায়ান্টদের বিরোধিতার মুখে?

    বাইডেন আমলে এফটিসির চেয়ারম্যান হিসেবে তিনি অ্যামাজন, মেটা, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে বেশ কিছু উল্লেখযোগ্য মামলা করেছিলেন—যার কিছু সফল হলেও কিছু ব্যর্থ হয়েছে। মাইক্রোসফটের অ্যাকটিভিশন-ব্লিজার্ড অধিগ্রহণ ঠেকাতে তিনি ব্যর্থ হন।

    তিনি ক্রোগার-অ্যালবার্টসন্সের মধ্যে প্রস্তাবিত একীভবন বাতিল করেন এবং শ্রমিকদের চাকরি পরিবর্তনে বাধা দেওয়া নন-কমপিট চুক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন—যা পরে আদালতে স্থগিত হয়।ব্লুমবার্গ জানায়, তার কড়া অবস্থান ও কার্যক্রম ওয়াল স্ট্রিট, প্রভাবশালী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ক্ষুব্ধ করে। লিঙ্কডইন সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান, আইএসি চেয়ারম্যান ব্যারি ডিলার, ভিনোদ খোসলা, পিটার থিয়েলসহ অনেকে অভিযোগ তোলেন—তিনি ‘ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছেন।

    ইয়েল ল’ স্কুলে অধ্যয়নকালে তার লেখা বিখ্যাত প্রবন্ধ Amazon’s Antitrust Paradox—এ তিনি দাবি করেন, অ্যামাজন শিকারমূলক মূল্যনীতির মাধ্যমে প্রতিযোগিতা ব্যাহত করছে এবং ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হওয়ায় তারা সরকারের নজরদারি এড়িয়ে যাচ্ছে।

    নিউইয়র্কের বড় কোম্পানিগুলোর জন্য বার্তা কী?

    যদিও সিটি পর্যায়ে লিনা খানের সরাসরি নিয়ন্ত্রণ নেই, তবে গুগল, মেটা, অ্যামাজনসহ প্রযুক্তি জায়ান্টদের নিউইয়র্কে বড় কার্যক্রম রয়েছে।

    টাস্ক স্ট্র্যাটেজিজের উন্নত প্রযুক্তি বিভাগের প্রধান এরিক সুফার নিউইয়র্ক পোস্ট–কে বলেন, মামদানি লিনা খানকে দলে নেওয়ায় এই প্রতিষ্ঠানগুলো এটিকে সতর্কবার্তা হিসাবে দেখতে পারে। তার মতে, অনেকেই প্রথম দিকে অস্থিরতায় ভুগতে পারেন, যতক্ষণ না লিনা খান ও ট্রানজিশন টিম তাদের পরিকল্পনা পরিষ্কার করেন।

  • লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

    লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এখন তাদের নাম পরিচয় জানা যায়নি।

    এছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয় ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এই ঘটনা ঘটে।

    এক প্রতিবেদনে রোববার (১৬ নভেম্বর)  এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

    সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন। এর মধ্যে দুজন মিসরীয় এবং বাকি ৬৭ জন সুদানি নাগরিক। তাদের মধ্যে আটজন শিশু।রেড ক্রিসেন্ট জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার। এছাড়া মৃতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও তারা করে।

    মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। গাদ্দাফির শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা তেলসমৃদ্ধ লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত হয়ে পড়েছে।

    অধিকার সংগঠন ও জাতিসংঘ সংস্থাগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে।

  • নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন

    নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন

    আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  শুক্রবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে  ফোনে কথা বলেছেন। মধ্যস্থতা করা শান্তিচুক্তি জোরদার করার জন্য দুই দেশের  প্রতি আহবান জানান ট্রাম্প।

    খবর বার্তাথাইল্যান্ড সোমবার একটি স্থলমাইন বিস্ফোরণের অভিযোগের পর চুক্তিটি স্থগিত করে। এরপর বুধবার উভয় পক্ষ নতুন সংঘর্ষের অভিযোগ তুলেছে।  নমপেন (কম্বোডিয়া) জানিয়েছে  একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    ফ্লোরিডা যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের নেতাদের সাথে কথা বলেছেন। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন যে তিনি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের সাথে কথা বলছেন কিনা, তখন ট্রাম্প বলেন, ‘শুল্ক আরোপের হুমকি দিয়ে, আজই আমি একটি যুদ্ধ থামিয়ে দিলাম।’

    তিনি আরও বলেন, ‘ওরা দারুন করছে। আমার মনে হয় ওরা ঠিক হয়ে যাবে।’ হোয়াইট হাউস জানিয়েছে, তিনি মালয়েশিয়ার সাথেও যোগাযোগ করেছেন। মালয়েশিয়ার সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

    এই গ্রীষ্মে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে পাঁচ দিনের যুদ্ধ শুরু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ৪৩ জন নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে শতাব্দী প্রাচীন এক বিরোধ রয়েছে, যা ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময়ের মানচিত্রের ওপর ভিত্তি করে। দুই দেশই কিছু সীমান্ত মন্দিরের মালিকানা দাবি করে আসছে।

  • ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

    ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক:      ইরানের ওপর ফের নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

    প্রতিবেদনে বলা হয়েছে, আজ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন বিমান (ইউএভি) উৎপাদনকে সহায়তা দেওয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত বলে মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে।

    ওয়াশিংটনের এই অভিযোগের জবাবে ইরান বহুবার স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রকৃতির।

  • কপ ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ

    কপ ৩০ সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আদিবাসী বিক্ষোভকারীদের সংঘর্ষ

    আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে চলমান কপ৩০ জলবায়ু সম্মেলনে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনে সহিংসতার এমন ঘটনা বিরল। এতে দুই নিরাপত্তাকর্মী আহত হন।

    ব্রাজিলের বেলেম থেকে এএফপি এ খবর জানায়।

    গতকাল সন্ধ্যায় বেলেমের সম্মেলনস্থলের মূল ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে ঢোকার চেষ্টা করেন । এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হয়।

    জাতিসংঘ জলবায়ু পরিবর্তন দফতরের এক মুখপাত্র জানান, ‘ঘটনায় দুই নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছুটা ক্ষতি হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তাকর্মীরা নির্ধারিত প্রটোকল অনুসরণ করে সম্মেলনস্থল সুরক্ষিত করেছেন।’

    ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাকর্মীরা সম্মেলনের কেন্দ্রে থাকা উচ্চপর্যায়ের ‘ব্লু জোন’-এর প্রবেশপথ টেবিল ও চেয়ার দিয়ে ব্যারিকেড করে দেন।

    এএফপির এক সাংবাদিক একজন পুলিশ কর্মকর্তাকে হুইলচেয়ারে করে সরিয়ে নিতে দেখেছেন।

    কপ৩০ সম্মেলনস্থলের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জাতিসংঘ। আর বাইরের নিরাপত্তা দেখভাল করছে স্থানীয় কর্তৃপক্ষ।

    এ ঘটনার পর জাতিসংঘের পুলিশ সদস্যরা সম্মেলনস্থলে থাকা লোকজনকে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু এলাকা খালি করতে বলেন।

    পারা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোয়াও সান্তিয়াগো বলেন, ‘আদিবাসী আন্দোলনের কর্মীরা ব্লু জোনে ঢুকে তাদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি।’

    বিক্ষোভে অংশ নেওয়া ‘রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন’-এর মারিয়া ক্লারা বলেন, তিনি আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন।

    তিনি বলেন, ‘এই কণ্ঠগুলো উপেক্ষিত। কপ৩০ শেষ হয়ে যাবে, কিন্তু ধ্বংস চলতেই থাকবে। তাই এই প্রতিবাদ জানাতেই তারা ভেতরে ঢুকেছিলেন।’

    বিক্ষোভের আয়োজক সংগঠন ‘মার্চ ফর হেলথ অ্যান্ড ক্লাইমেট’ এ ঘটনায় নিজেদের দূরে সরিয়ে নেয়।

    এক বিবৃতিতে তারা জানায়, ‘সম্মেলনস্থলের বাইরে শেষ হওয়া এই মিছিলটি ছিল শান্তিপূর্ণ, সংগঠিত ও দায়িত্বশীল এক গণপ্রতিবাদ, যা গড়ে উঠেছিল সংলাপ ও সম্মিলিত প্রতিশ্রুতির ভিত্তিতে।’

    জাতিসংঘের মুখপাত্র জানান, ‘সম্মেলনস্থল এখন পুরোপুরি সুরক্ষিত। কপ৩০ আলোচনা চলমান রয়েছে।’

    তিনি আরও বলেন, ব্রাজিলীয় ও জাতিসংঘ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

    এদিকে, গত সপ্তাহে ব্রাজিলের আদিবাসী বিষয়ক মন্ত্রী সোনিয়া গুজাজারা বলেছিলেন, ‘আদিবাসী অংশগ্রহণের দিক থেকে এটি হবে সেরা কপ সম্মেলন।’