জীবন নিউজ, ডেস্ক: বেশ বিপাকে পড়েছেন বিশ্বনন্দিত পপ তারকা শাকিরা। অতিরিক্ত সংগীত চর্চার ফলে বেশ কিছুদিন ধরে গলায় তার একাধিকবার রক্তক্ষরণ হয়েছে। এই সময়ে গান গাইতে পারছেন না তিনি। চিকিৎসকের পরামর্শে শাকিরা এখন পুরোপুরি বিশ্রামে আছেন। গানতো দূরের কথা, উচ্চস্বরে কথা বলতেও চিকিৎসকরা বারণ করেছেন তাকে। কমপক্ষে এক মাস তাকে বিশ্রামে থাকতে হবে। এদিকে কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাকিরা জানান, নিজের ক্যারিয়ার নিয়ে কিনি দারুণ ব্যস্ত রয়েছেন। খুব তাড়াতাড়িই ওয়ার্ল্ড ট্যুরে বের হবেন। কিন্তু সব হিসেব পাল্টে গেলো। গলায় একাধিকবার রক্তক্ষরণে পুরোপুরি বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। যারা কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করে শাকিরা তার ফ্যান পেজে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তিনি বলেছেন, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লাম। যার কারণে ওয়ার্ল্ড ট্যুরটা পিছিয়ে দিতে হলো। তবে যারা টিকেট কিনেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে আমার। আমার জন্য সবাই দোয়া করবেন।
Category: বিনোদন
-

সমালোচনার মুখে দাবাংকন্যা সোনাক্ষী
জীবন নিউজ ডেস্ক: ‘নূর’ সিনেমার একটি দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সোনাক্ষী সিনহার ওই দৃশ্যটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে পড়ে,। যা নিয়ে শত্রুঘ্ন সিনহার মেয়ের বেশ সমালোচনা হয়। তবে বলিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, সোনাক্ষীর ভাইরাল হয়ে পড়া ছবিটি এ বছরের প্রথম দিকে মুক্তি পাওয়া ‘নূর’ সিনেমার একটি দৃশ্য। এতে অভিনেত্রীর স্নানের দৃশ্য রয়েছে। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ সিনেমায় অভিনয় করে বলিউডে ডেবিউ করেন সোনাক্ষী সিনহা। এর পর দাবাং, টু, লুটেরা, আকিরা, হলিডে, আর রাজকুমার, তেভার, বুলেট রাজা, ইত্তেফাকসহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গান গাইতেও শোনা যায় সোনাক্ষীকে।
-

প্রকাশ হলো ‘হালদা’ ছবির ট্রেলার
জীবন নিউজ, ঢাকা: তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে রোববার বিকেলে। ২ মিনিট ৪ সেকেন্ডের এ ট্রেলার প্রকাশ পরেই দর্শকরা হুমড়ি খেয়ে দেখছেন। ‘হালদা’র ট্রেলার প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। যারাই ট্রেলার দেখছেন, অধিকাংশই নিজের মতামত প্রকাশ করছেন কমেন্ট বক্সে। কেউ বলছেন, এককথায় অসাধারণ। কারও মন্তব্য এমন, মুগ্ধ হলাম; অবশ্যই ‘হালদা’ ছবি হলে গিয়ে দেখবো। আবার কেউ বলছেন, আহ.. চোখ জুড়িয়ে গেছে। এছাড়া ট্রেলার দেখে সবাই ‘হালদা’ দেখার আগ্রহও প্রকাশ করছেন। সঙ্গে সঙ্গে তৌকীর আহমেদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসা করতে ভুলছেন না। এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশে গেছে। এ নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবি। ‘হালদা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ। ‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। ‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ ও অজ্ঞাতনামা।
-

বাংলাদেশি জেসিয়া চীনের সুন্দরীদের সঙ্গে রাস্তায়
জীবন নিউজ ডেস্ক: চীনের শিমেলং ওশান এলাকার তিন কিলোমিটার রাস্তা হেঁটেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। ‘৬৭তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২০ জন প্রতিযোগীকে মহাদেশ অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। রঙিন আর ঝলমলে এই প্যারেড দেখতে রাস্তার দুই ধারে জড়ো হন হাজারো দর্শক। প্যারেডে গানের তালে প্রতিযোগীরা মনের আনন্দে যে যাঁর মতো করে নেচেছেন।
২ নভেম্বর বিকেলে আয়োজিত এই প্যারেডের অন্যতম আকর্ষণ ছিল শিমেলং সার্কাস। প্রতিযোগীরা শিমেলং অ্যাকোয়ারিয়াম ঘুরে দেখেন। এখানে রয়েছে ছয়টি হাঙর আর বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ। সকালে ছিল মাল্টিমিডিয়া সেগমেন্ট। এখানে বিভিন্ন সৃজনশীল ছবি আপলোড করতে প্রতিযোগীদের উৎসাহ দেওয়া হয়। সন্ধ্যায় হোটেলে ফিরে ফাইনালের জন্য মহড়ায় অংশ নেন জেসিয়া।
এ সময় তাঁর পরনে ছিল পাহাড়িদের তৈরি থামি। অন্য প্রতিযোগীরা পরেছিলেন তাঁদের দেশের ঐতিহ্যবাহী পোশাক।
গত ২৯ অক্টোবর হুয়াংশানের পাহাড়ি এলাকা ইয়েলো মাউন্টেনে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার উদ্বোধন করেন মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান জুলিয়া মোরলে। সঙ্গে ছিলেন হুয়াংশানের মেয়র ডেভিড লি।
১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এ অনুষ্ঠান ডিজাইন করছে বেইজিং রাইজ। উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা। -

রুনা লায়লা-শাওন সেরা করদাতা
জীবন নিউজ, ঢাকা: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারা। ২০১৬-১৭ করবর্ষে গায়ক-গায়িকা ও অভিনয়শিল্পী বিভাগে সেরা করদাতা হয়েছেন যথাক্রমে রুনা লায়লা ও মেহের আফরোজ শাওন।
বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা চিহ্নিত করে তাদের ট্যাক্সকার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। প্রতি ক্যাটাগরিতে তিনজনকে দেওয়া হচ্ছে কার্ড।
গতকাল ফেসবুকে শাওন জানান, ট্যাক্সকার্ডের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সম্প্রতি তার বাসায় এসেছিলেন কয়েকজন কর্মকর্তা।
এদিকে অভিনয়শিল্পীদের তালিকায় শাওনের পরের অবস্থানে আছেন চিত্রনায়ক শাকিব খান ও ছোটপর্দার অভিনেতা জাহিদ হাসান। আগের বছর একই বিভাগে শীর্ষ অবস্থানে ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।
গায়ক-গায়িকাদের মধ্যে রুনা লায়লার পরের অবস্থানে রয়েছেন এস ডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আগেরবার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহীন সামাদ সেরা করদাতা হন। কর প্রদানের ক্ষেত্রে শোবিজ তারকাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি বেশ ইতিবাচক বলে মনে করছেন সবাই। -

‘হিরোগিরি’ আপাতত হচ্ছে না
দেবাশীষ বিশ্বাস বছর দুয়েক আগে ‘হিরোগিরি’ নামে একটি ছবির নাম ঘোষণা করেন। নায়ক-নায়িকা হিসেবে শাকিব খান ও মিমের নামও শোনা যায়। বেশ কয়েকবার অচিরেই শুটিং শুরু হবে বললেও এবার জানালেন অপাতত ছবিটি হচ্ছে না, তবে ভবিষ্যতে হবে। দেবাশীষ বলেন, ‘মূলত প্রযোজকের সমস্যার কারণে ছবিটি করতে পারছি না। কিন্তু গল্প, চিত্রনাট্য সব প্রস্তুত করা আছে। এটি আমার খুবই পছন্দের গল্প। ইচ্ছে আছে সময়, সুযোগ পেলে বানানোর।’
সেক্ষেত্রে কাদেরকে নিয়ে বানাবেন? দেবাশীষ বলেন, ‘মূলত চরিত্রে আমি এখনো শাকিব খানকে চাই। জানি না যখন বানাবো তখন তাকে পাবো কিনা। তবে তার বিকল্প আপাতত কাউকে ভাবছি না।’
‘হিরোগিরি’ প্রযোজনা করার কথা ছিল ভার্সেটাইল মিডিয়ার। এদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ মুক্তি পাচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিপন, শাহরিয়াজ ও তমা মীর্জা।
