Category: বিনোদন

  • ফের ভর্তি হাসপাতালে মোশাররফ করিম

    বিনোদন ঢাকা: দেড় মাসের ব্যবধানে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। গত বুধবার মোশাররফ করিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    শনিবার দুপুরে অভিনেতার স্ত্রী জুঁই করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার থেকেই মোশাররফ করিম হাসপাতালে ভর্তি আছে। এখন আগের চেয়ে অনেকটা ভালো আছে। ডাক্তাররা সর্বক্ষণ তার দেখভাল করছেন।’

    জুঁই বলেন, ‘মোশাররফ করিমের জণ্ডিস হয়েছে। এছাড়া সুগার বাড়তি রয়েছে। সকালে ডাক্তার চেক আপ করে জানিয়েছেন অবস্থা কিছুটা ভালো এখন। এর আগে বুকে ব্যথা নিয়ে ভর্তি হাসপাতালে হয়েছিল। এবার সে সমস্য নেই। আগেরবার ডাক্তার ১৫ দিন পূর্ণ বিশ্রাম নিতে বলেছিলেন। কিন্তু সপ্তাহ না পেরুতেই আবার শুটিং শুরু করে। যার ফলে অনিয়মের মধ্যে পড়ে গিয়ে আবার ভুগতে হলো।’

    তার চিকিৎসক জানিয়েছেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাসায় ফিরতে পারবেন। এরপর টানা একমাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। কোনো রকম শুটিং করা যাবে না। ঘুম-বিশ্রাম খাওয়াদাওয়া সব নিয়ম মাফিক করতে হবে।

    এর আগে গত ৩০ আগস্ট পূবাইলে শুটিং করতে গিয়ে বুকে ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দেড় মাসের ব্যবধানে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ফের অসুস্থ হলেন।

    এদিকে, আজ শনিবার নির্মাতা শাহাজাদা মামুন পরিচালিত ‘গোলাপি ঘুড়ি’ নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল মোশাররফ করিমের।

  • ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া!

    বিনোদন ডেস্ক: একটি ছবির গানের দৃশ্যে পারফর্ম করতে গিয়ে এক-দু’বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া ভাট। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে নায়িকা নিজেই জানিয়েছেন এ তথ্য। গানটি ছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ‘ইস্ক ওয়ালা লাভ’। গানটিতে বরফের দৃশ্যে পারফর্ম করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন আলিয়া। লোকেশনের কনকনে ঠান্ডায় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে, এক-দু’বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন । আর সেই গানটাই ছিল ২০১২ সালের গানপ্রিয়দের বেছে নেয়া সেরা গান। তবে এই চরিত্রটি আলিয়ার আগে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফকে অফার করেছিলেন পরিচালক করণ জোহর। কৃষ্ণা না করায় আরও ৪৩২ জনের অডিশন নিয়েছিলেন পরিচালক। আর তার পরই চরিত্রটি আসে আলিয়ার কাছে। যদিও আলিয়ার হাতেখড়ি হয়েছিল ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ ছবির মাধ্যমে। তাতে মুখ্যচরিত্র না হলেও প্রীতি জিনতার ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। প্রসঙ্গত, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর শুটিং চলাকালীন আলিয়া, সিদ্ধার্থ এবং বরুণ-ছবির প্রধান এ তিন শিল্পীই বেশ ছোট। আলিয়ার বয়স তখন ১৯। ছবির শুটিং চলাকালীন রীতিমতো বেশ রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি।

  • আমিরকে হারিয়ে দিলেন সালমান খান

     বিনোদন  ডেস্ক : আমির খানের সঙ্গে সচরাচর টেক্কা দিতে চান না সালমান খান। কারণ একটাই, আমিরের ছবি সব সময়ই বছরের শেষের দিকে মুক্তি দেয়া হয়। এক কথায়, বরাবর ফাঁকা মাঠেই গোল দেন আমির। সমালোচকদের প্রশংসা থেকে পুরস্কারের মঞ্চ, সবই দখল করে নেন এক নিমেষে!

    এবারও তাই হয়েছে। আজই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সিক্রেট সুপারস্টার’। মুক্তি পেয়েই তা দাপিয়ে বেড়াচ্ছে সারা ভারতের সিনেমাহল। কিন্তু ছকটা উল্টে গেল। আমির খানকে এবার হারিয়ে দিলেন দাবাং খান। তবে ছবির আয়ের দিক থেকে নয়, টুইটার ট্রেন্ডিংয়ে। ‘সিক্রেট সুপারস্টার’ তো সবে আজই মুক্তি পেল। আয় কত হবে সেটা তো জানা যাবে কদিন বাদে।

    আমিরের সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাচ্ছে জেনে চুপিচুপি ময়দানে নেমে পড়েন সালমানও। ‘ছোটা দীপাবলি’ উৎসবের আগেই টুইট করেন দর্শকের জন্য বিশেষ উপহার! যাতে হইচই পড়ে গেছে সারা ভারতে। কেউ ভাবতেই পারেননি যে,  আমিরের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে সালমানের সেই ছোট্ট একটা টুইট।

    দুম করে সালমান টুইট করেছেন তাঁর ক্রিসমাস রিলিজ ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পোস্টার। বুঝিয়ে দিয়েছেন, ‘টিউবলাইট’ ফ্লপ হতে পারে, কিন্তু সালমান খান বহাল তবিয়তেই আছেন! টুইটার ট্রেন্ডিংয়ে অনেক পেছনে ফেলে দিয়েছেন আমিরের ‘সিক্রেট সুপারস্টার’কে। পুরো ব্যাপারটাই তিনি করেছেন সিক্রেটলি!

    আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। মূলত আলী আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল এটি। ‘এক থা টাইগারে’ও সালমানের নায়িকা ছিলেন ক্যাটরিনা।

  • রণবীরকে নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী

    রণবীরকে নিয়ে মুখ খুললেন পাক অভিনেত্রী

    বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানের ছবি কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

    তা নিয়ে তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। সেই ভাইরাল ছবি নিয়ে এবার মুখ খুললেন মাহিরা।

    সম্প্রতি এক টেলিভিশন শোয়ে রণবীরের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে মাহিরা বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। আর একজন ছেলে ও মেয়ে হ্যাং আউট করবে, এটিই তো স্বাভাবিক। আর এখনকার যুগে তো সর্বত্র মিডিয়া। এ ঘটনাটি থেকে আমি অনেক কিছু শিখলাম।ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল ধূমপান করছেন রণবীর ও মাহিরা। তারা সেই সময় নিউইয়র্কে ছিলেন বলে বলিমহলের খবর।

    সিগারেট খাওয়া নিয়ে মাহিরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এমনিতে আমি খুবই সতর্ক। আর কোনো কিছু নিয়ে শো-অফ করার অভ্যাস নেই আমার।

    এ বিষয় নিয়ে রণবীর আগেই জানিয়েছিলেন, কয়েক মাস ধরে মাহিরাকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তার সাফল্যের জন্য মাহিরাকে পছন্দ করেন, সম্মান করেন। তবে তার চেয়ে বেশি পছন্দ করেন ব্যক্তি মাহিরাকে। যেভাবে মাহিরার সঙ্গে তার ছবি নিয়ে চুলচেরা বিচার চলছে, জল্পনা চলছে; তা ঠিক নয় বলেই মনে করেন রণবীর।

    তিনি বলেছিলেন, শুধু একজন নারী হওয়ায় মাহিরাকে যে অসম বিচারের সম্মুখীন হতে হয়েছে তা দুঃখের। তাই অনুরোধ, এসব সমালোচনা বন্ধ করে নিজের দিকে তাকান। নিজের সুন্দর জীবন উপভোগ করুন।

  • যৌন কেলেঙ্কারিতে বিয়ে ভাঙল প্রাইসের

    যৌন কেলেঙ্কারিতে বিয়ে ভাঙল প্রাইসের

    রয় প্রাইস। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন স্টুডিওর প্রধান নির্বাহী তিনি। আগামী নভেম্বরে তার বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রী চিত্রনাট্যকার লিলা ফেইনবার্গ। কিন্তু যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় প্রাইসকে স্বামী হিসেবে চান না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন লিলা। কাজেই আগামী নভেম্বরে নির্ধারিত বিয়ের তারিখ বাতিল করা হয়েছে।

    শুধু তাই নয়, যৌন কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে অ্যামাজন স্টুডিওর প্রধান নির্বাহীর পদ থেকেও সরে দাড়িয়েছেন তিনি। কোম্পানি তার পদত্যাগপত্র গ্রহণও করেছে।

    সম্প্রতি খ্যাতনামা চলচ্চিত্র প্রযোজক ইসা হ্যাকেট অভিযোগ করেন ২০১৫ সালে রয় প্রাইস একাধিক বার তাকে কুপ্রস্তাব দিয়েছেন। সেই অভিযোগেই চাকরি এবং বিয়ের পাত্রী দুটোই হারালেন প্রাইস।

  • অপুর ‘ইশারা’ বোঝেননি পরিচালক

    সুপারস্টার স্বামী শাকিব খানের সঙ্গে গোপন বিয়ে এবং সন্তান জন্মদানে আত্মগোপনের কারণে অনেক দিনই অভিনয় থেকে দূরে ছিলেন নায়িকা অপু বিশ্বাস। তবে দেড় বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। ফিরেছেন স্বামী শাকিব খানের সঙ্গে শেষ ছবি ‘পাঙকু জামাই’য়ের শুটিং নিয়ে। শেষও করে ফেলেছেন।

    অভিনয়ের জন্য নিজেকে আগের মতো ফিট করার জন্য কঠোর পরিশ্রম করেছেন অপু। দীর্ঘদিন অভিনয়ের বাইরে থেকে বেশ মুটিয়ে গিয়েছিলেন নায়িকা। তবে সম্প্রতি ‘পাঙকু জামাই’য়ের শুটিংয়ের জন্য ১৭ কেজি ওজন কমিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে শুরু করবেন আরও কঠোর জিম ও ডায়েট।

    গত ৯ অক্টোবর শুরু হয়েছিল ‘পাঙকু জামাই’য়ের শুটিং। কিন্তু এই শুটিং আরও এক সপ্তাহ পিছিয়ে দিতে চেয়েছিলেন অপু। সে কথা কানে তোলেননি পরিচালক আবদুল মান্নান। নায়িকার উদ্দেশ্য ছিল আরও কিছুটা ওজন কমিয়ে শুটিংয়ে নামবেন তিনি।

    এ ব্যাপারে পরিচালক আবদুল মান্নান বলেন, ‘অপু ৯ তারিখ থেকে ‘পাঙকু জামাই’ ছবির শুটিং করেছেন। এই কয় দিনে সে অনেকটাই শুকিয়েছে। এখন মনে হচ্ছে, শুটিং আরও কয়েক দিন পিছিয়ে দিলে ভালো হতো। অপু আমাকে আগেই বলেছিল, আর এক সপ্তাহ পরে শুটিং করতে। আমি তখন তার ইশারা বুঝতে পারিনি।’

    অন্যদিকে অপু বলেন, ‘আমি নিয়ম করে ডায়েট করছি, জিম করছি। এরই মধ্যে ১৭ কেজি ওজন কমিয়েছি। আগামী সপ্তাহ থেকে ডায়েটের নতুন ফর্মুলা শুরু করবো। তখন আরও দ্রুত ওজন কমিয়ে ফেলব। আগামী মাসে সিঙ্গাপুর যাব বিশেষজ্ঞের পরামর্শ নিতে। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা করাব। সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত কাজের মধ্যে ফিরতে পারি।’

    ‘পাংকু জামাই’ ছবিতে নায়ক শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, পুষ্পিতা পপি ও মিশা সওদাগর। আত্মগোপনে যাওয়ার আগে এটিই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের শেষ ছবি।