Category: বিনোদন

  • হঠাৎ কেন প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সালমান খান

    হঠাৎ কেন প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সালমান খান

    বিনোদন ডেস্ক: অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সালমান খান। বলিউড সুপারস্টারের বাসভবনে গুলি ছোঁড়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার পর তার বাসভবনসহ তাকে সরকারিভাবে নিরাপত্তা দেয়া হয়। তবুও কয়েকদিন পর পর এই হুমকি আসে। এই হুমকির মাঝেই নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গেছেন বলিউড ভাইজান।

    রোবববার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মন্ত্রী ও অভিনেতার হঠাৎ এই সাক্ষাতের খবরে সিনেদুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কেন রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন ভাইজান?

    ভারতের একাধিক মিডিয়া ঘনিষ্ঠ সূত্র বরাতে জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ-লাদাখে শুরু হচ্ছে সালমান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং। সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই সূত্রেই সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা।

    ২০২০ সালের ভারত-চীন সংঘাতের ঘটনাকে ঘিরেই নির্মিত হচ্ছে এই সিনেমা। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রের জন্য মাস দুয়েক ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিত্যদিন কঠোর অনুশীলনের পাশাপাশি প্রেশার চেম্বারেও ঘাম ঝরাচ্ছেন ভাইজান।

    এর আগে আগস্টে ছবির কিছু প্রাথমিক দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো ধারণ হবে লেহ-লাদাখেই। আর সেজন্যই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র প্রয়োজন ছিল।

    সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার শেয়ার করে আলোচনায় আসেন সালমান।

  • ভেনিসে অভূতপূর্ব সম্মাননা পেল ‘দেল তোরোর ফ্র্যাঙ্কেনস্টাইন’

    ভেনিসে অভূতপূর্ব সম্মাননা পেল ‘দেল তোরোর ফ্র্যাঙ্কেনস্টাইন’

    বিনোদন ডেস্ক: গিয়ের্মো দেল তোরোর নতুন সিনেমা ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’। গত শনিবার রাতে ভেনিসে এটি প্রদর্শিত হয় এবং দারুণ সাড়া ফেলে। অভূতপূর্ব একটি ঘটনা ঘটে এ সময়। সিনেমাটি ১৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। এর আগে ভেনিস উৎসবে এত দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন আর কোনো সিনেমা পায়নি। সিনেমাটিতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন অস্কার আইজ্যাক, জ্যাকব এলোরদি। স্ট্যান্ডিং ওভেশনের সময় তারা আবেগ লুকাতে পারেননি। দুজনই অশ্রুসিক্ত হন।

    দীর্ঘ করতালির সময় দেল তোরো দর্শকের দিকে হাত নাড়ান এবং এলোরদি ও আইজ্যাকের সঙ্গে একাধিকবার আলিঙ্গন করেন। দৃশ্যতই আবেগাপ্লুত এলোরদি, আইজ্যাকের গালে একটি চুমু খান এবং একে অন্যকে জড়িয়ে ধরেন।

    এ গথিক সায়েন্স ফিকশন চলচ্চিত্রটি উৎসবের মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করছে। ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা কমবেশি সবারই জানা। মেরি শেলির ১৮১৮ সালের ক্ল্যাসিক হরর উপন্যাস এটি। সিনেমাটি সে উপন্যাসের পুনর্নির্মাণ, যেখানে এক প্রতিভাবান বিজ্ঞানী একটি দানবকে জীবন দান করে, যার ফলাফল হয় তাদের উভয়ের ধ্বংস। ১২ কোটি ডলার খরচ করে দেল তোরো এ সিনেমা নির্মাণ করেছেন। সিনেমার দৈর্ঘ্য ১৪৯ মিনিট। মহাকাব্যিক এ সিনেমা নেটফ্লিক্সের জন্য সম্ভাব্য একটি বড় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রে পরিণত হতে পারে।

    আইজ্যাক ও এলোরদির সঙ্গে শনিবার রাতে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সহ-অভিনেত্রী মিয়া গথ (ড. ফ্রাঙ্কেনস্টাইনের প্রেমিকা এলিজাবেথ লাভেনজা), ক্রিস্টোফ ওয়াল্টজ (ধনী অস্ত্র ব্যবসায়ী হারল্যান্ডার) ও ফেলিক্স কামারার (ড. ফ্রাঙ্কেনস্টাইনের ছোট ভাই উইলিয়াম, যিনি এলিজাবেথের সঙ্গে বাগদান করেছেন)।

    লাল গালিচায় হাঁটার পর, এলোরদি ও আইজ্যাক থেমে ভক্তদের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন ও অটোগ্রাফ দেন। থিয়েটারের ভেতর, দর্শকও ‘ইউফোরিয়া’ তারকাকে দেখে ততটাই উচ্ছ্বসিত ছিলেন।

    ভ্যারাইটির কভার স্টোরিতে এলোরদি প্রকাশ করেন যে দানবের চরিত্রে রূপান্তর হতে তাকে ১০ ঘণ্টা মেকআপে বসে থাকতে হয়েছে, যেখানে তার গায়ে সেলাই করা ত্বক সহ নানা স্তরের পোশাক ছিল। এলোরদি বলেন, যখন সে জন্মায়, তখন তার শরীরে প্রায় কিছুই থাকে না। তার বুক খোলা আর মাথা উঁচু। তারপর যখন সে যন্ত্রণা অনুভব করতে শুরু করে, যেমনটা আমরা কিশোরবেলায় করি। তখন সে কাঁধ নামিয়ে দেয় আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেয়।

    মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা দেল তোরো সর্বশেষ ভেনিসে এসেছিলেন তার ২০১৭ সালের ডার্ক ফ্যান্টাসি ‘দ্য শেইপ অব ওয়াটার’ নিয়ে। সিনেমাটি গোল্ডেন লায়ন জিতেছিল এবং পরে চারটি অস্কারসহ সেরা সিনেমা ও পরিচালকের পুরস্কার জিতেছিল। আগামী ১৭ অক্টোবর প্রেক্ষাগৃহে এবং ৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাওয়া ফ্র্যাঙ্কেনস্টাইন দেল তোরোর স্বপ্নের প্রজেক্ট।

    গত শনিবার দুপুরে ছবির ভেনিস প্রেস কনফারেন্সে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই এ প্রাণীকে অনুসরণ করে এসেছি। মজা করে তিনি বলেন, ছবিটি শেষ হওয়ার পর এখন আমি প্রসব-পরবর্তী বিষণ্ণতায় ভুগছি।

  • আটলান্টায় প্রীতম হাসানের শো স্থগিত

    আটলান্টায় প্রীতম হাসানের শো স্থগিত

    বিনোদন ডেস্ক: আটলান্টায় ফোবানার দ্বিতীয় দিনের রাতের বহুল প্রতীক্ষিত প্রীতম হাসানের শো অতিরিক্ত দর্শক সমাগমের কারণে স্থগিত হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

    আয়োজকরা জানিয়েছেন, বাতিল নয়। শোটি রোববার দুপুর ১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    শনিবার রাতে ডুলুথের গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে এ শো হওয়ার কথা ছিল। দুপুরের পর থেকেই শত শত দর্শক প্রীতম হাসানের গান শোনার অপেক্ষায় হলে ভিড় করতে থাকেন। রাত ৯টার দিকে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে গেলে আয়োজকরা প্রধান ফটক বন্ধ করে দেন। এসময় বাইরে শত শত দর্শক অপেক্ষায় থাকেন।

    হঠাৎ অনুষ্ঠান স্থগিত হওয়ার ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে হতাশা দেখা দেয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই নিরাপত্তাজনিত কারণে আয়োজকদের সিদ্ধান্তকে সমর্থন করেন।

    আয়োজক কমিটির চিফ কোঅর্ডিনেটর দিলু মওলা বলেন, দর্শকদের ভিড় প্রত্যাশার চেয়েও বেশি ছিল। নিরাপত্তার স্বার্থে ফায়ার ডিপার্টমেন্টের নির্দেশে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। তবে প্রীতম হাসানের ভক্তরা যাতে নিরাশ না হন, সেজন্য রোববার দুপুর ১টায় শো করার সিদ্ধান্ত নিয়েছি। ভক্তদের প্রত্যাশা—পুনঃনির্ধারিত সময়ে প্রীতম হাসানের গান উপভোগ করতে পারবেন তারা।

  • বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনু সুদ

    বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনু সুদ

    বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সোনু সুদ আবারও আলোচনায়। তবে এবার সিনেমার জন্য নয়, ব্যক্তিগত কারণে। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে লাভ করেছেন প্রায় ৩ কোটি রূপি।

    মুম্বাইয়ের অভিজাত এলাকা লোখান্ডওয়ালা মিনার্ভায় অবস্থিত ১২৪৭ বর্গফুটের ফ্ল্যাটটি ৮ কোটি ১০ লাখ রুপিতে বিক্রি করেছেন সোনু সুদ। চলতি মাসেই রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।

    জানা গেছে, ২০১২ সালে ৫ কোটি ১৬ লাখ রুপিতে ফ্ল্যাটটি কিনেছিলেন এই অভিনেতা। আর ১২ বছর পর বিক্রি করে তিনি পেয়েছেন প্রায় ২ কোটি ৯৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি টাকার বেশি) লাভ।

    বর্তমানে সোনু সুদের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ কোটি রুপি। সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা এবং নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি এ সম্পদ গড়েছেন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক দাঁড়ায় ২–৩ কোটি রুপি। ইনস্টাগ্রামে তার ২৭.৫ মিলিয়ন অনুসারী রয়েছে, যা তার ব্র্যান্ড চুক্তিগুলোকে আরও লাভজনক করেছে।

    তবুও কেন তিনি হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি করলেন তা স্পষ্ট নয়। যদিও এ নিয়ে মুখ খোলেননি সোনু সুদ।

    অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের জন্যও সোনু সুদ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। বিশেষ করে করোনা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি “রিয়েল লাইফ হিরো” উপাধি পেয়েছিলেন। সম্প্রতি মহারাষ্ট্রের এক কৃষককে হালচাষের জন্য এক জোড়া ষাঁড় উপহার দিয়েও প্রশংসিত হয়েছেন তিনি।

  • ৫২-তেও ফিট মালাইকা, জানালেন ফিটনেসের রহস্য

    ৫২-তেও ফিট মালাইকা, জানালেন ফিটনেসের রহস্য

    বিনোদন ডেস্ক: বলিউড মানেই রঙিন আলো, ঝলমলে জীবন আর তারকাদের অদ্ভুত আকর্ষণ। সেই আভিজাত্যের ভিড়েও আলাদা করে নজর কাড়েন মালাইকা আরোরা। বয়সের হিসেবে তিনি এখন ৫২–এর কোঠায়। কিন্তু তাকে দেখে কে বলবে! ফিটনেস আর স্টাইলের দিক দিয়ে যেন ২৫ বছরের তরুণীকেও হার মানান তিনি। এই কারণেই প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে থাকেন বলিউডের এই ‘ফিটনেস কুইন’।

    মালাইকা জানান, প্রতিদিন সকালে তিনি একটি বিশেষ পানীয় পান করেন। রাতে সমান পরিমাণে জিরে, জোয়ান এবং মৌরি শুকনো ভেজে জলে ভিজিয়ে রাখেন। সকালে সেই জল সামান্য ফুটিয়ে তাতে লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করেন। তিনি দাবি করেন, এই পানীয় তার হজমশক্তি বাড়ায়, শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এবং ত্বককে টানটান রাখতে সাহায্য করে।

    বিশেষজ্ঞদের মতে, মালাইকার এই পানীয় আসলেই বহুগুণে ভরপুর। জিরে শুধু হজমশক্তি বাড়ায় না, ওজন নিয়ন্ত্রণ ও রক্তে শর্করা কমাতেও সাহায্য করে। জোয়ান দূর করে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা, আবার মৌরি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের জেল্লা ধরে রাখে। ফলে এই সহজ পানীয় যে কোনো মানুষের জন্য উপকারী হতে পারে—তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রয়োগের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া জরুরি।

  • ‘আকা’ দিয়ে ওটিটিতে ফিরছেন নিশো

    ‘আকা’ দিয়ে ওটিটিতে ফিরছেন নিশো

    বিনোদন ডেস্ক: ‘সময়টা ১৯৯৮-৯৯। আকা একে একে অপরাধীদের খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠের এমন ভয়েস ওভার দিয়েই শুরু হয় ওয়েব সিরিজের ‘আকা’র ট্রেলার।

    আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি মিলনায়তনে মুক্তি দেয়া হয় ‘আকা’র ট্রেলার। পরে দুই মিনিটের ট্রেলারটি রিলিজ দেয়া হয় হইচইয়ের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

    ট্রেলারের ট্যাগলাইনে লেখা আছে– ‘আকা শোনেনা কোনো উপদেশ। আকা মানে না কোনো নিয়ম। সে আসছে হাতুড়ির জোরে দেশে ন্যায় ফিরিয়ে আনতে।’

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে হইচইয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর ‘আকা’ মুক্তি পাবে প্ল্যাটফর্মটিতে। সিরিজটির নির্মাতা ভিকি জাহেদ। সাত পর্বের ‘আকা’ নিয়ে বেশ আশাবাদী তিনি। দর্শক এই গল্পে রহস্য, ভালোবাসা, প্রতিশোধের গল্প পাবেন, যা এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে তার অভিমত।

    ‘আকা’ দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরছেন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করা আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধেছেন মাসুদা রহমান নাবিলা। এই সিরিজ দিয়ে নাবিলার ওটিটি যাত্রা শুরু হতে চলেছে।

    নিশো-নাবিলা ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, এ কে আজাদ সেতু, শ্যামন্তি সৌমি প্রমুখ।