Category: বিনোদন

  • ‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    ‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

    অনলাইন ডেস্ক: বিয়ের আগেই অন্তসত্ত্বা হয়েছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রেমিক  অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এবার সেই কটাক্ষের জবাব দিলেন নেহা ধুপিয়া।

    দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। শারীরিক পরীক্ষার মাধ্যমে অভিনেত্রী জানতে পারেন— তিনি অন্তঃসত্ত্বা। এরপরেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। বিয়ের পর কন্যাসন্তানের মা হন নেহা। মেয়ের নাম মেহর। কিন্তু এরপরও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক থেমে থাকেনি। সামাজিক মাধ্যমে ক্রমাগত বাক্যবাণে বিদ্ধ হতে থাকেন অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, অঙ্গদকে বিয়ে করার ছয় মাসের মধ্যে মেহরের জন্ম। কিন্তু এসবের মধ্যে একটা প্রশ্নই বারবার মাথা চাড়া দিয়ে উঠেছিল— কীভাবে বিয়ের ছয় মাসের মধ্যে সন্তানের জন্ম হলো?

    আলিয়া ভাট ও নীনা গুপ্ত বিয়ের আগে মা হওয়া প্রসঙ্গ তুলে অভিনেত্রী বলেন, তিনি প্রথম নারী নন, যিনি বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছেন। আলিয়া ভাট ও নীনা গুপ্তও বিয়ের আগে মা হয়েছেন। তিনি বলেন, আমি অবাক হয়ে যাই, বিয়ের আগে যে নারী তারকারা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন, তাদের নিয়ে আজও লেখালিখি হয়।

    নীনা গুপ্তা ও আলিয়া ভাটের মতো অভিনেত্রীর সঙ্গে এক তালিকায় থাকতে পেরে বরং গর্ববোধ করেন নেহা ধুপিয়া।  তিনি বলেন, কে কখন বিয়ে করবেন, সন্তানধারণ করবেন, সেটি অন্য কেউ বলে দিতে পারে না। গর্ভাবস্থা এক অসাধারণ অনুভূতি। সেটাই যথেষ্ট বলে জানান অভিনেত্রী।

    উল্লেখ্য, অভিনেত্রী আলিয়া ভাটও বিয়ের কয়েক মাসের মধ্যেই জানিয়েছিলেন— তিনি মা হতে চলেছেন। নীনা গুপ্তও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছিলেন।

  • অস্কারে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত ‘প্যালেস্টাইন ৩৬‘

    অস্কারে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত ‘প্যালেস্টাইন ৩৬‘

    বিনোদন ডেস্ক: ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা অ্যানমারি জাসিরের নির্মিত চলচ্চিত্র ‘প্যালেস্টাইন ৩৬’ অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।

    ১৯৩০-এর দশকের ফিলিস্তিনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকীয় চলচ্চিত্রটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গণজাগরণের সময়ের সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরেছে। পরিবর্তনের এক অস্থির সময়ের পটভূমিতে নির্মিত এই গল্পে তুলে ধরা হয়েছে পরিচয়, প্রতিরোধ এবং রূপান্তরের মতো গভীর বিষয়।

    চলচ্চিত্রের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে —

    • ইউসুফ (কারিম দাউদ আনায়া), একজন তরুণ, যিনি তার গ্রামীণ জীবন ও দ্রুত বদলে যাওয়া জেরুজালেম শহরের টানাপোড়েনের মধ্যে আটকে পড়েছে;
    • আফরা (ওয়ারদি এলাবৌনি), এক কিশোরী মেয়ে, যিনি তার দাদীর (হিয়াম আব্বাস) সহায়তায় অনিশ্চয়তার মধ্যে পথ খুঁজে নিচ্ছে;
    • একজন বন্দর শ্রমিক (সালেহ বাকরি), যিনি অনিচ্ছা সত্ত্বেও বিদ্রোহে জড়িয়ে পড়েন।

    চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয়ও সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা লিয়াম কানিংহ্যাম, তিউনিশিয়ান অভিনেতা জাফের ল’আবিদিন, এবং ফিলিস্তিনি তারকা ইয়াসমিন আল-মাসরি ও কামেল এল-বাসা।

    ‘প্যালেস্টাইন ৩৬’-কে ফিলিস্তিনের পক্ষ থেকে অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত করেছে ফিলিস্তিনি চলচ্চিত্র পেশাজীবীদের একটি স্বাধীন কমিটি, যা ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

    চলচ্চিত্রটি সৌদি আরবের রেড সি ফান্ড এবং কাতারভিত্তিক কাটারা স্টুডিওস থেকে অর্থায়ন পেয়েছে।

    ১৯৩০-এর দশকের ফিলিস্তিনের দুর্লভ আর্কাইভাল ফুটেজ সমৃদ্ধ এই চলচ্চিত্রটি আগামী মাসের ৫ তারিখ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এই প্রথম কোনো আরব চলচ্চিত্র টরন্টোর মর্যাদাপূর্ণ গালা সেকশনে স্থান পাচ্ছে।

    অ্যানমারি জাসিরের , যিনি বহু বছর ধরে ফিলিস্তিনি গল্প নিয়ে কাজ করছেন, এর আগে নির্মাণ করেছেন ‘Salt of This Sea’ (2008), ‘When I Saw You’ (2012), এবং ‘Wajib’ (2017) — প্রতিটি চলচ্চিত্রই সমালোচকদের প্রশংসা পেয়েছে এবং অস্কারে ফিলিস্তিনের পক্ষ থেকে জমা দেয়া হয়েছিল। ‘প্যালেস্টাইন ৩৬’ তার চতুর্থ চলচ্চিত্র, যেটিকে অস্কারের জন্য পাঠানো হলো।

    এটি ফিলিস্তিনের ১৮তম চলচ্চিত্র, যেটি আন্তর্জাতিক ফিচার বিভাগে অস্কারের জন্য জমা পড়ছে। এখন পর্যন্ত ফিলিস্তিন দুইবার এই বিভাগে মনোনয়ন পেয়েছে — হানি আবু-আসাদের ‘Paradise Now’ (2006) এবং ‘Omar’ (2014) এর জন্য।

    উল্লেখ্য, অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট ঘোষণা করা হবে ১৬ ডিসেম্বর। এরপর আগামী বছরের ২২ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।

    সূত্র: আরব নিউজ।

  • শাকিবের ‘প্রিন্স’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

    শাকিবের ‘প্রিন্স’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

    বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড-এর গল্প নিয়ে ঢালিউডে আসছে নতুন সিনেমা ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। যেখানে মূখ্য ভূমিকায় থাকছেন মেগাস্টার শাকিব খান। নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশেল। দর্শকের প্রতীক্ষিত এই ছবির এবার প্রথম পোস্টার উন্মোচন হলো; যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মাঝে।

    শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে সামাজিক মাধ্যমে চলচ্চিত্রটির নির্মাতা আবু হায়াত মাহমুদ, শাকিব খানসহ ছবির কলাকুশলীরা একযোগে পোস্টারটি উন্মোচন করেন। আর তা দেদারসে ছড়িয়ে পড়ে দর্শকমহলে; শুরু হয় আলোচনা।

    নির্মাতা আবু হায়াত মাহমুদ তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো। হাজির হচ্ছে এক নতুন মিথ- ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এক শহরের গল্প, যেখানে মেলে তার কিংবদন্তি।

    শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের – শহর চিনবে তার আসল নায়ককে।

    সেই পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র- যার দুই হাতেই পিস্তল, উঁচু করে ধরা। চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম- যেমন বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুর। নিচে বড় অক্ষরে লেখা- ‘মেগাস্টার শাকিব খান – প্রিন্স – একদা এক সময় ঢাকাতে।’

    শোনা যাচ্ছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আর আগামী নভেম্বর থেকে শুটিং শুরু হবে। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা। যদিও তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি।

  • ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই’

    ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই’

    বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। কাঁধে, মাথায়, হাতে পাখি নিয়ে গান ও নান্দনিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে থাকেন তিনি। মূলত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে চারিদিকে ছড়াতে থাকে পারশার এসব পরিবেশনা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি সংগীত নিয়ে কথা বলেছেন। যেখানে উল্লেখ করেছেন যে, ‘যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং তবে বলার কিছু নেই।’ তার কথায়, ‘ক্লাসিকাল সংগীতকে “বোরিং”বলে উপস্থাপন করা মানে শত শত বছরের সাধনা, ঐতিহ্য ও শিল্পকীর্তিকে উপহাস করা। সেতারকে গিটার বানানো, তবলাকে নাচের উপকরণে নামিয়ে আনা, এসব দৃশ্য কেবল অশালীনই নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক অবমাননা। এটি শিল্পকলার প্রতি অশ্রদ্ধা, আর শিল্পীর সাধনার প্রতি তাচ্ছিল্যের প্রকাশ। প্রতিটি সংগীতধারা তার নিজস্ব ব্যঞ্জনা ও মহিমায় অনন্য। ক্লাসিকাল তার গভীরতা ও শুদ্ধতায়, রক বা পপ তাদের শক্তি ও আবেগে।’

    পারশা লিখেছেন, ‘একটিকে হেয় করে অন্যটিকে “কুল”বানানোর প্রয়াস কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, বরং মার্কেটিং কৌশলের নামে চিন্তার দেউলিয়াত্ব প্রকাশ করা। যদি উদ্দেশ্য হয় সস্তা নেগেটিভ মার্কেটিং, তবে বলার কিছু নেই।’ শেষে বলেন, ‘কিন্তু যদি সত্যিই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করাই লক্ষ্য হয়, তবে এটি এক আত্মঘাতী পদক্ষেপ। কারণ সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে পদদলিত করে কোনো ব্র্যান্ড দীর্ঘমেয়াদে সম্মান অর্জন করতে পারে না বরং কেবল ঘৃণা ও উপহাস কুড়ায়।’

  • বক্স অফিসে দাপট রজনীকান্তের ‘কুলি’র, ছন্দপতনে ‘ওয়ার ২’

    বক্স অফিসে দাপট রজনীকান্তের ‘কুলি’র, ছন্দপতনে ‘ওয়ার ২’

    বিনোদন ডেস্ক: বলিউড বক্স অফিস এখন জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। একদিকে লোকেশ কানাগমনি পরিচালিত রজনীকান্তের ‘কুলি’, অন্যদিকে সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’, যেখানে অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। মুক্তির প্রথম সপ্তাহেই দু’টি ছবিই আলোচনায় এলেও গতি ও ধারাবাহিকতায় এগিয়ে রয়েছে ‘কুলি’।

    ‘কুলি’ মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৩০০ কোটি রুপি, আর পাঁচ দিনের মাথায় তা পৌঁছে গেছে প্রায় ৩৫০ কোটিতে। ভারতে প্রথম পাঁচ দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ২০৬.৫ কোটি রুপি। ষষ্ঠ দিনে আরও ১.৪ কোটি যোগ হয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০৭.৯ কোটিতে। দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে এই সিনেমা ২০২৫ সালের ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি ছোঁয়া প্রজেক্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ছবিটি দ্রুতই ৪০০ কোটি’র পথে এগোচ্ছে।

    অন্যদিকে ‘ওয়ার ২’ শুরুটা করেছে দুর্দান্ত। প্রথম দিনেই ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি, যা এ বছর বলিউডে অন্যতম বড় ওপেনিং হিসেবে চিহ্নিত। মাত্র চার দিনের মাথায় আয় দাঁড়ায় ১৭৬ কোটিতে। তবে সোমবার (১৮ আগস্ট) হঠাৎ করেই এর গতিতে ভাটা পড়ে। সেদিনের আয় নেমে আসে মাত্র ৮.৫ কোটিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। প্রথম পাঁচ দিনে ছবিটির ভারতে আয় দাঁড়ায় ১৮৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৮ থেকে ৩০০ কোটির মধ্যে।

    পরিসংখ্যান বলছে, ‘কুলি’ ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি করে এগোচ্ছে, আর ‘ওয়ার ২’ বড় সূচনা করেও ভারতের বাজারে সেই গতি ধরে রাখতে পারছে না। ফলে বলিউড বক্স অফিসে এখন রজনীকান্তই বাজিমাত করছেন, আর প্রতিদ্বন্দ্বী হৃতিক–জুনিয়র এনটিআরকে ছাপিয়ে যাচ্ছেন ধাপে ধাপে।

  • মারা গেছেন সুপারম্যান খ্যাত টেরেন্স স্ট্যাম্প

    মারা গেছেন সুপারম্যান খ্যাত টেরেন্স স্ট্যাম্প

    বিনোদন ডেস্ক : ‘সুপারম্যান’ খ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। গত রোববার সকালে ৮৭ বছর বয়সে প্রয়াণ ঘটে তার। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার পরিবার; তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। বিশ্বজুড়ে তারকা খ্যাতি পাওয়া এই অভিনেতা সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ‘সুপারম্যান’ ও ‘সুপারম্যান ২’ সিনেমায় খলনায়ক জেনারেল জডের চরিত্রে অভিনয়ের জন্য। ১৯৭৮ সালে এবং ১৯৮০ সালের সিক্যুেয়লে সুপারম্যান চরিত্রের অভিনেতা ক্রিস্টোফার রিভের সঙ্গে জেনারেল জোডের আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন টেরেন্স স্ট্যাম্প। বলা বাহুল্য, ‘সুপারম্যান’ ফ্র্যাঞ্চাইজি ছিল টেরেন্স স্ট্যাম্পের অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার তার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পশ্চিমা শোবিজ অঙ্গনে, তার সহকর্মী, ভক্তরা শোক প্রকাশ করছেন। লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন নানারকম চরিত্র। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’-এ ট্রান্সজেন্ডার চরিত্র ‘বার্নাডেট’-এর ভূমিকায় তার অভিনয় ছিল বহুল প্রশংসিত। ক্যারিয়ারের শেষদিকে থ্রিলার, কমেডি ও ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার ছবিতেও কাজ করেছেন তিনি।