Category: বিনোদন

  • ছবি ফাঁসের পর অবাক নায়ক!

    ছবি ফাঁসের পর অবাক নায়ক!

    পরিচালক রায়হান রাফী এখন কলকাতায়। সেখানে নিজের নতুন ছবি ‘দহন’-এর সম্পাদনা নিয়ে ব্যস্ত। কাজের ফাঁকে ইচ্ছে করেই একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পরিচালকের ফাঁস করে দেওয়া স্থিরচিত্র দেখে অবাক হন ছবির নায়ক সিয়াম আহমেদ। শুধু সিয়াম নন, যাঁরা এই স্থিরচিত্র দেখছেন, সবাই প্রশংসা করে বলছেন, ‘ওয়াও’! আজ শুক্রবার সকালে প্রথম আলোকে পরিচালক জানালেন, সবাইকে একটু চমকে দিতে এই ছবি ফেসবুকে দিয়েছেন তিনি।

    ছোটপর্দার জনপ্রিয় তারকা সিয়ামের জীবনটা গত ঈদুল ফিতর থেকে একেবারে বদলে গেছে। এখন তিনি চিত্রনায়ক। এই পরিচয় সবার কাছে বড়। প্রথম ছবি ‘পোড়ামন ২’ দিয়ে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খানের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। ‘পোড়ামন ২’ ছবির অভাবনীয় সাফল্য সিয়ামকে চমকে দেয়। এরই মধ্যে দ্বিতীয় সিনেমা ‘দহন’-এর শুটিং প্রায় শেষ করেছেন। বাকি আছে চারটি গানের শুটিং। এই গানগুলোর শুটিং শুরু হবে ৪ সেপ্টেম্বর। কাজ হবে ঢাকা আর সিলেটে।

    ২৩ আগস্ট থেকে কলকাতায় চলছে ‘দহন’ ছবির সম্পাদনার কাজ। পরিচালক রায়হান রাফী বলেন, ‘“পোড়ামন ২” ছবির সম্পাদনা যেখানে করেছিলাম, এই ছবির সম্পাদানাও সেখানেই হচ্ছে। ২ সেপ্টেম্বর দৃশ্যের সম্পাদনা কাজ শেষ হবে।’ এরপর ছবিটির ট্রেলার ছাড়ার পরিকল্পনা পরিচালকের।

    ফেসবুকে স্থিরচিত্র প্রকাশিত হওয়ার পর সিয়াম এখন প্রশংসার বন্যায় ভাসছেন। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সিয়াম বললেন, ‘সত্যিই আমি জানতাম না। যাঁরা ছবিটি দেখছেন, ইতিবাচক মন্তব্য করছেন, এটা আমাকে অনেক বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দিচ্ছে। চলচ্চিত্রে আসার পর থেকে সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছে। সবার ভালোবাসা আমাকে ভালো কাজে আরও মনোযোগী হতে সাহায্য করছে।’

    নাটক আর মডেলিং থেকে সিনেমায় এসে বাজিমাত করেন সিয়াম। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ তাঁকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এরপর তিনি কাজ করছেন ‘দহন’ ছবিতে। দুটি ছবিরই পরিচালক একজন। স্থিরচিত্রটি প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘যে সিয়ামকে আমরা ছবিতে দেখছি, এটা শুধু গেটআপের কারণে না, লাইট, সেট ডিজাইন, এমনকি অন্য সবকিছুর আয়োজনে তা সম্ভব হয়েছে।’

    ‘দহন’ সিনেমার সম্পাদনা করতে গিয়ে মুগ্ধ রায়হান রাফী। তিনি সিয়ামের কাজের প্রশংসা করে বলেন, ‘সিয়াম ভালো অভিনয় করেছেন। এবার তাঁর অভিনয় “পোড়ামন ২” ছবিকেও ছাড়িয়ে যাবে। অনেক পরিণত অভিনয় যাকে বলে, তা-ই আমরা পেয়েছি।’

    ‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা চেরি‘দহন’ ছবিতে সিয়াম ও পূজা চেরিরায়হান রাফী মনে করেন, ‘দহন’-এর পরের ছবিগুলোতে সিয়ামের অভিনয় আরও ভালো হবে। তিনি বলেন, ‘“দহন” ছবির শুটিংয়ের সময়ও সিয়াম বুঝতে পারেনি, দর্শকের রেসপন্স কী। প্রেক্ষাগৃহে দর্শক আসলে কী চায়। কখন হাততালি দেয়, কখন মন খারাপ করে। দর্শকের রেসপন্স বোঝার আগেই এই ছবির শুটিং হয়ে গেছে। তবে সিয়াম বুদ্ধিমান, অল্প সময়েই সে বুঝেছে দর্শক কী চায়? বাংলাদেশের সিনেমার দর্শক কোথায় হাসে, কোথায় কাঁদে—তা সিয়াম বুঝেছে। সামনে সে আরও ভালো করবে।’

    জাজ মাল্টিমিডিয়া থেকে প্রথম আলোকে জানানো হয়, আগামী ৫ অক্টোবর ‘দহন’ ছবিটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠানটি। যদিও শুটিং শুরুর সময় বলা হয়েছিল, গত ঈদুল আজহায় ‘দহন’ মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

    রায়হান রাফী বলেন, ‘সিনেমার মান খারাপ করে কোনো অবস্থায় মুক্তি দিতে চাই না। এই ছবিতে আমরা একটা সময়কে ধরার চেষ্টা করেছি। সত্যি ঘটনা অবলম্বনে যেহেতু ছবিটি বানাচ্ছি, এখানে অনেক ব্যাপার আছে। সিনেমা এমন একটা জিনিস, যা অনেক বছর পর্যন্ত টিকে থাকে। একবার মান খারাপ করে সিনেমা মুক্তি পেয়ে গেলে দর্শককে আর কিছুই বলতে পারব না। তবে এখন পর্যন্ত ছবিটি ৫ অক্টোবর মুক্তি পাবে, এটা নিশ্চিত।’

    ‘দহন’ ছবিতে সিয়ামের সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরি। তাঁরা দুজন একই পরিচালকের ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

  • সৌদি আরবে বলিউডের ছবি

    ১৯৭০ সালের পর এ বছর ১৮ এপ্রিল থেকে আবার প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখতে পারছেন সৌদি আরবের দর্শকেরা। সেদিন মুক্তি পায় মারভেলের সুপারহিরো মুভি ‘ব্ল্যাক প্যান্থার’। ‘খালিজ টাইমস’ জানিয়েছে, এবার বলিউডের ছবিও মুক্তি পাচ্ছে সেখানে। আজ শুক্রবার সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রীমা কাগতি পরিচালিত ছবি ‘গোল্ড’। আর এই ছবির নায়ক অক্ষয় কুমার এই খবর দিয়েছেন টুইটারে। তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য আহ্বান জানিয়েছেন। লিখেছেন, ‘আমরা এখন আরেকটি ইতিহাসের অংশ!’

    ১৯৪৮ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত প্রথম লন্ডন অলিম্পিকে অংশগ্রহণ করে। ওই বছর হকিতে স্বর্ণ পদক জিতেছিল ভারত। জুনিয়র ম্যানেজার ও হকি খেলোয়াড় তপন দাস সারা ভারত থেকে এমন সব প্রতিভা খুঁজে বের করেছিলেন, যাঁরা একজোট হয়ে স্বাধীন ভারতকে অলিম্পিকে প্রথম সোনা এনে দেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট ভারতে মুক্তি পায় ছবিটি। এখানে তপন দাসের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

    ছবিটি দেখে ইন্ডিয়ান এক্সপ্রেসে একজন চিত্রসমালোচক লিখেছেন, ‘এই ছবি আপনার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে, আপনি আবেগপ্রবণ হবেন দেশের জন্য। তপন দাস, যিনি নিজের সারাটা জীবন হকিকে উৎসর্গ করেছেন। যিনি খুব কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বুঝেছেন, ব্রিটিশ ইন্ডিয়ার কাছে থেকে স্বাধীন ভারত বলার অধিকার ছিনিয়ে নেওয়ার স্বাদ জানেন। বাঙালি তপন দাস আর তাঁর স্ত্রী মনোবীণার জন্যই ভারতের হকি দল অলিম্পিকে পৌঁছানোর সাহস পেয়েছে।’

    ‘গোল্ড’ ছবিতে তপন দাস চরিত্রে অক্ষয় কুমারের অভিনয় খুব প্রশংসিত হয়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এরই মধ্যে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ‘গোল্ড’।

    এদিকে ব্রিটিশ প্রতিষ্ঠান ভিউ ইন্টারন্যাশনাল সৌদি আরবে ৩০টি প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে। সৌদি আরবের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আবদুল মহসিন আল হোকায়ের হোল্ডিংয়ের সহযোগিতায় প্রেক্ষাগৃহগুলো নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ১৯৭০ সালের পর সৌদি আরবের নাগরিকেরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ওই সময় তাঁরা পাশের দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখেছেন। যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল-সৌদ তাঁর ‘ভিশন ২০৩০’ বাস্তবায়ন আর তেলের ওপর থেকে দেশটির নির্ভরতা কমিয়ে আনার জন্য সিনেমা প্রদর্শনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে ৩০০টি প্রেক্ষাগৃহ চালু করার পরিকল্পনা এখন চূড়ান্ত। আশা করা হচ্ছে, এ শিল্প খাত থেকে তখন বছরে ২ হাজার ৪০০ কোটি ডলার আয় হবে।

    বিবিসি জানিয়েছে, সৌদি আরব সিনেমা বা বিনোদন উন্মুক্ত করে রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে আসার নানা পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে একটি হলো প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শন। সৌদি আরবের প্রধান আর্থিক তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সিনেমা প্রদর্শনের জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন আমেরিকান মুভি ক্ল্যাসিক বা এএমসির সঙ্গে চুক্তি করেছে।

  • প্রতি পরিবারের একজনকে চাকরি দেবেন চিত্রনায়ক শাকিল খান

    প্রতি পরিবারের একজনকে চাকরি দেবেন চিত্রনায়ক শাকিল খান

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চিত্রনায়ক শাকিল খান দু’দিন ধরে এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

    এ সময় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে এলাকার সবাইকে নিয়ে কাজ করার পাশাপাশি মোংলা-রামপালের প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন শাকিল খান।

    মঙ্গলবার দিনভর তিনি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বুধবার সকাল থেকে রামপাল উপজেলায় গণসংযোগ শুরু করেন।

    রামপাল উপজেলায় নিজের এলাকা গৌরম্ভায় গণসংযোগকালে নায়ক শাকিল খান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিতাড়িত। অনেক নেতাকর্মীরা দুঃখ-কষ্ট ও ক্ষোভের মধ্যে আছেন। এলাকায়ও ঠিকমতো থাকতে পারছেন না। এটি শুনলে নিজের কাছেও অনেক খারাপ লাগে। আমি এই কথাগুলো প্রধানমন্ত্রীর কাছেও বলেছি।

    গণসংযোগকালে মোংলা ও রামপালে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন দাবি করে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    নায়ক শাকিল খানের দু’দিনের গণসংযোগে মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী ইজারাদার, মোংলা পোর্ট পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন।

  • ‘অন্ধকার জগতে’ শুভ্র দেব ও ন্যান্‌সি

    ‘অন্ধকার জগতে’ শুভ্র দেব ও ন্যান্‌সি

    আশির দশকে সংগীতজীবন শুরু করা শুভ্র দেব ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ গান দিয়েই ব্যাপক পরিচিতি পান। এরপর দীর্ঘ পথচলায় তাঁর ঝুলিতে যোগ হয়েছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। অন্যদিকে এক যুগ আগে গানের জগতে আসা ন্যান্‌সির শুরুটাও বেশ রাজকীয়। আকাশছোঁয়া ভালোবাসা ছবির ‘পৃথিবীর যত সুখ’ গানটির পর শুধুই এগিয়ে চলেছেন। দুই প্রজন্মের দুই শিল্পী এবার অন্ধকার জগৎ নামের নতুন একটি ছবির গানে কণ্ঠ দিলেন। গত শুক্রবার বিকেলে ঢাকার মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়ায় ছবির গানটির রেকর্ডিং করা হয়।

    বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগত’ ছবিতে মাহিয়া মাহীর বিপরীতে অভিনয় করেছেন ডি এ তায়েব। পর্দায় তাঁরা দুজন শুভ্র দেব ও ন্যান্‌সির গাওয়া গানের সঙ্গে ঠোঁট মেলাবেন। শিগগিরই গানটির দৃশ্য ধারণের কাজ করা হবে বলে জানালেন পরিচালক। তিনি বলেন, ‘আমরা এখন যেসব দৃশ্যের শুটিং শেষ হয়েছে সেগুলোর সম্পাদনার কাজ করছি। এরপর গানগুলোর শুটিং শুরু করব।’

    আশির দশকে গানের জগতে এলেও চলচ্চিত্রে খুব বেশি গান গাওয়া হয়নি শুভ্র দেবের। নিজেকে অ্যালবামের গানে বেশি ব্যস্ত রেখেছেন বলে জানান তিনি। তবে সিনেমার গান কম করলেও গুণী সব সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তাঁর। শুভ্র দেবের প্রথম প্লে-ব্যাক সত্য সাহার সংগীত পরিচালনায় ‘রাম রহিম জন’ সিনেমায়। এই গানে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী ও আবিদা সুলতানাকে। শুভ্র দেব জানান, দীর্ঘ সংগীতজীবনে তিনি ২০টির মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ গাওয়া গানটি ভারতের মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ভাগ্য দেবতা’ সিনেমায় ব্যবহার করা হয়, তা-ও নাকি ১৫ বছর আগে। সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন আলাউদ্দীন আলী, আনোয়ার পারভেজ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান প্রমুখের।

    ‘অন্ধকার জগত’ ছবির গান ও সহশিল্পী প্রসঙ্গে শুভ্র দেব বলেন, ‘সংগীতজীবনের শুরু থেকেই আমি নিজেকে অ্যালবামমুখী গানে ব্যস্ত রেখেছি। চলচ্চিত্রে অল্প কিছু গানে কণ্ঠ দিয়েছি এবং গুণী সব সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। এত বছর যে গানটি গাইলাম, সেটিও খুব চমৎকার। আলী আকরাম শুভ আমার খুব পছন্দের একজন সংগীত পরিচালক। তাঁর বেশ কয়েকটি গান সুপারহিট হয়েছে। ছবির নায়ক ডি এ তায়েব ভাইও অনেক দিন ধরে বলছিলেন, গানটি গাওয়ার জন্য। ন্যান্‌সি ও আমার কণ্ঠের মিলটা দারুণ হয়েছে। স্টুডিওতে যাঁরা ছিলেন, সবাই খুব প্রশংসা করেছেন গানটির। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গানটি হিট করবে।’

    অন্যদিকে এক যুগ আগে গানের জগতে আসা ন্যান্‌সি চলচ্চিত্রের গানে সমানতালে ব্যস্ত রেখেছেন নিজেকে। মিশ্র অ্যালবামের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ চালিয়ে যাচ্ছেন। ঈদের পর থেকে এ পর্যন্ত পাঁচটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘হঠাৎ করেই সিনেমার গানের রেকর্ডিং বেড়ে গেছে। মনে হচ্ছে, ছবি নির্মাণও মনে হচ্ছে বেড়ে গেছে। শুভ্র দার (শুভ্র দেব) সঙ্গে এবারই প্রথম কোনো গানে কণ্ঠ দিলাম। সেই ছোটবেলা থেকে যেমন দেখছি এখনো তেমনই আছেন। কণ্ঠেরও কোনো পরিবর্তন হয়নি। গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

    ‘জনমের আগে আমি তোমারি ছিলাম, পৃথিবীতে এসেও আমি তোমারি হলাম’ এমন কথার গানটির গীতিকার মনিরুজ্জামান মনির। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

  • পূর্ণদৈর্ঘ্য গানের সিনেমায় আসিফ

    পূর্ণদৈর্ঘ্য গানের সিনেমায় আসিফ

    পূর্ণদৈর্ঘ্য গানের চলচ্চিত্রে অভিনয় করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘গহীনের গান’ নামের ছবিটি তৈরি হচ্ছে বাংলাঢোলের ব্যানারে। আসিফের গাওয়া নয়টি গানের ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন।
    ১ থেকে ৩ আগস্ট আশুলিয়ার মমতাপল্লীতে ‘গহীনের গান’-এর প্রথম ধাপের শুটিং হয়েছে। ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য মাথায় রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।
    ছবিটির শিল্পী তালিকায় চমক আছে উল্লেখ করে নির্মাতা সাদাত হোসাইন বলেন, আসিফ আকবর নিজেই চমক। ছবিটিতে তার বিপরীতে প্রথম লটে তানজিকা আমিন কাজ করছেন। ঈদুল আযহার পর ছবিটির সঙ্গে যুক্ত হবেন প্রথম সারির একজন চিত্রনায়িকা। ওই সময় প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা।
    ‘গহীনের গান’ প্রসঙ্গে  আসিফ আকবর বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে। আমি সেটিতে অভিনয় করছি। এ কারণে খুব লাকি। আমরা পুরো ইউনিট খুব পরিশ্রম করছি। আমরা চাচ্ছি দর্শককে নতুন কিছু উপহার দিতে। অন্য একটা আসিফকে আপনারা খুঁজে পাবেন।
    আসিফের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, উনি (আসিফ আকবর) যে নায়কও এর প্রমাণ আপনারা এবার পাবেন। তাকে অন্যরকম লাগবে। কাজ করতে গিয়ে বুঝেছি তিনি খুব কো-অপারেটিভ।
  • বুবলীর সঙ্গে কেন ঝামেলা হবে?: নুসরাত ফারিয়া

    বুবলীর সঙ্গে কেন ঝামেলা হবে?: নুসরাত ফারিয়া

    বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজের হাত ধরে ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ছোট পর্দার তারকা নুসরাত ফারিয়ার। প্রথম ছবিতেই আলোচনায় আসেন উপস্থাপনা থেকে চলচ্চিত্রে আসা এই তারকা। এরপর যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’, ‘বাদশা’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’ এবং জাজ মাল্টিমিডিয়ার একক ছবি ‘ধ্যাততেরিকি’ ও ‘প্রেমী ও প্রেমী’তে অভিনয় করেছেন। এবারই প্রথম এই প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তাঁর নায়ক শাকিব খান। পরিচালনা করবেন শামীম আহমেদ রনী। ২৮ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। জাজের বাইরে প্রথম ছবি, শাকিবের সঙ্গে প্রথম অভিনয় আর কলকাতার ছবি নিয়ে কথা বলেছেন বড় পর্দার এই তারকা।

    জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আপনার পাঁচ বছরের চুক্তি আছে। তিন বছরের মাথায় অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন। সমস্যা হবে?
    না। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আলোচনা করেই শাপলা মিডিয়ার ছবিতে চুক্তি সই করেছি। তা ছাড়া পাঁচ বছরের মধ্যে অন্য কোথাও কাজ করতে পারব না, জাজের সঙ্গে এ ধরনের কোনো লিখিত চুক্তি হয়নি। এটি মৌখিকভাবে বলা হয়েছিল। তবে অভিনয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে পাঁচ বছর শেষ হওয়ার আগেই যেকোনো প্রযোজনা প্রতিষ্ঠানের ভালো প্রজেক্টে কাজ করার বাধা ছিল না। এরই মধ্যে কলকাতা আর এখানকার বড় বড় তারকার সঙ্গে কাজ করে নিজেকে তৈরি করতে পেরেছি। এখন অন্য কোথাও কাজে বাধা নেই।

    ‘শাহেনশাহ’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ কিছু বলেছেন?
    হ্যাঁ, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। শাকিব খানের বিপরীতে বড় বাজেটের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি জেনে খুশি হয়েছেন। বলেছেন, আমি যেন ভালো কাজ করার মধ্য দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সুনামকে অক্ষুণ্ন রাখি। শাকিব খানের সঙ্গে কাজ করছি, খবরটা শুনে কলকাতার জনপ্রিয় তারকা জিৎ আমাকে ফোন করেছেন।

    জিৎ কী বলেছেন?
    অভিনন্দন জানিয়েছেন। এভাবে বড় তারকার সঙ্গে বেছে বেছে বড় বাজেটের ছবিতে কাজ করার জন্য উৎসাহিত করেছেন। জিতের সঙ্গে ‘বাদশা’, ‘বস ২’ আর ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে অভিনয় করেছি। তিনি কিন্তু সব সময়ই আমাকে ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেন।

    ‘শাহেনশাহ’ ছবিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে কাজ করবেন। কেমন লাগছে?
    শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক। ভারতের পশ্চিমবঙ্গেও তিনি এখন সমান জনপ্রিয়। তাঁর সঙ্গে প্রথম কাজ করব। আমি খুবই খুশি। শাকিব খান নাচ, অভিনয়—দুটোতেই সমান পারদর্শী। তাই তাঁর সঙ্গে কাজ করব, কিছুটা তো ভয় আছেই।

    ছবির গল্প শুনেছেন?
    শুনেছি। চিত্রনাট্য এখনো হাতে পাইনি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প। শাকিব খানই শাহেনশাহ। এই শাহেনশাহকে ঘিরে আছে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র। তার মধ্যে একটি চরিত্র আমার। আপাতত এটুকুই বলতে পারি।

    ছবিতে আরও একজন নায়িকা আছেন?
    পার্শ্বচরিত্রের একজন নায়িকা আছেন। তবে পরিচালক যেভাবে বলেছেন, তাতে ছবির মূল নায়িকা আমি।

    কোথায় শুটিং হবে?
    ২৭ আগস্ট ছবির মহরত। ২৮ আগস্ট থেকে টানা শুটিং। প্রথম কয়েক দিন ঢাকাতেই কাজ হবে। তবে বেশির ভাগ কাজ হবে ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে। আর গানগুলোর শুটিং হবে থাইল্যান্ডে।

    পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন বুবলী। হঠাৎ আপনি শাকিব খানের নায়িকা হয়েছেন। তাতে বুবলীর সঙ্গে আপনার কোনো ঝামেলা হবে?
    না না, বুবলীর সঙ্গে কেন ঝামেলা হবে? দেশের একজন জনপ্রিয় তারকা সর্বজনীন হওয়া উচিত। ছবিতে চরিত্রের প্রয়োজনে কিংবা নির্মাতারা যদি মনে করেন, তাহলে শাকিব খানের বিপরীতে অন্য নায়িকারা অভিনয় করতেই পারেন। আমি মনে করি, তারকারা একে অপরের সঙ্গে মিলেমিশে জুটি হয়ে কাজ করলে নতুন স্বাদের ছবি তৈরি হবে। দর্শকও ভিন্ন ভিন্ন স্বাদের ছবি দেখার সুযোগ পাবেন। পরিচালকেরা নতুন নতুন গল্পের ছবি তৈরিতে উৎসাহিত হবেন।

    কলকাতার নতুন কোনো ছবিতে আপনাকে দেখা যাবে?
    হ্যাঁ, দুটি ছবিতে কাজের ব্যাপারে কথা হয়েছে। আলোচনা চূড়ান্ত। আগামী ডিসেম্বর মাসে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে একটি ছবিতে বলিউডের কয়েকজন তারকা অভিনয় করবেন। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না।