Category: বিনোদন

  • শাকিব-অপুুকে ডেকেছে সিটি করপোরেশন

    শাকিব-অপুুকে ডেকেছে সিটি করপোরেশন

    তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব খান ও অপু বিশ্বাসকে ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১৫ জানুযারি ডিএনসিসি’র অঞ্চল-৩-এর অফিসে এ শুনানি হবে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    ডিএনসিসি কর্মকর্তারা জানান, শাকিব খানের তালাকের নোটিশটি ডাক যোগে ডিএনসিসির কাছে পৌঁছনোর পর তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। সে অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। এজন্য গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলেও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।

    ডিএনসিসি কর্মকর্তারা আরও বলেন, শুনানির দিনে যথারীতি তাদের বক্তব্য নেয়া হবে। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে তারা সংসার করবেন। অন্যথায় তাদেরকে আরো দুইবার নোটিশ দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে ধর্মীয় রীতি মেনে তা করতে পারবেন, আর তা না করলে তিন বার শুনানির পর নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে।

  • হৃত্বিকের ‘স্ত্রী’ হচ্ছেন ম্রুনাল!

    হৃত্বিকের ‘স্ত্রী’ হচ্ছেন ম্রুনাল!


    বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের স্ত্রী হতে চলেছেন ছোট পর্দার ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তবে বাস্তব জীবনে নয়, বিকাশ ভাল-এর সিনেমা ‘সুপার ৩০’-তে হৃত্বিকের স্ত্রী’র চরিত্রে দেখা যাবে ম্রুনালকে।

    ওই সিনেমাতেই একজন গণিতবিদ শিক্ষকের চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে।

    শোনা যাচ্ছে, ‘সুপার ৩০’-র জন্য নাকি প্রথমে ক্যাটরিনা কাইফকে পছন্দ ছিল পরিচালকের। ‘ব্যাং ব্যাং’-এ হৃত্বিক-ক্যাটরিনার জুটি বক্স এ সাফল্য পেয়েছিল। কিন্তু, ‘সুপার ৩০’-তে ক্যাটরিনার নাম নাকি ইতিমধ্যেই বাদ পড়েছে। কিন্তু, হৃত্বিকের বিপরীতে ক্যাটরিনা কেন অভিনয় করবেন না, সে বিষয়ে গুঞ্জনও শুরু হয়েছে বলিউডে।

    হৃত্বিকের সঙ্গে সালমানের দ্বৈরথই কি ‘সুপার ৩০’ থেকে ক্যাটরিনার নাম বাদ পড়ার প্রধান কারণ? সেটা অবশ্য সময়ই বলবে।

  • আফ্রিদিকে আরশি খানের ভিডিও বার্তা, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

    আফ্রিদিকে আরশি খানের ভিডিও বার্তা, তোলপাড় সোশ্যাল মিডিয়া!

     

    গত সপ্তাহেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন আরশি খান। তবে ‘বিগ বস’-এ না থাকলেও আরশি খান খবরের শিরোনামে রাখলেন নিজেকে। সম্প্রতি আরশি খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে অপ্রকৃতস্থ অবস্থায় কথা বলতে দেখা গেছে।

    সেই অবস্থাতেই তার হৃদয়ের কথা ব্যক্ত করেছেন বিতর্কিত এই মডেল। অপ্রকৃতস্থ অবস্থায় আরশি খানকে বিখ্যাত বলিউডি গানের নকল করে গাইতে শোনা গিয়েছে, ‘‘আরশি বদনাম হুয়ি, আফ্রিদি তেরে লিয়ে।’’ এর পরে তিনি বলতে থাকেন, ‘‘ভারত বলে পাকিস্তান যাও। পাকিস্তান বলে এখানে আসো। এখন আমাকে কে আপন করে নেবে?’’

    পেশায় মডেল। কিন্তু এতটাও বিখ্যাত নন মডেলিংয়ে যে সাধারণ মানুষ তাকে দেখেই চিনতে পারবেন। ভোপালের এই কন্যা দু’বছর আগে বিখ্যাত হয়েছিলেন অন্য একটি কারণে। সেই সময় তিনি অকপট ভাবে বলে দিয়েছিলেন, শহিদ আফ্রিদির সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে।

    কিছুদিন আগেই আবার আরশি খান বলেন, তার গর্ভে যে সন্তান রয়েছে, তার বাবা আফ্রিদি। পাশাপাশি, এর আগে সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিকে ধর্ষণের অদ্ভুত ‘হুমকি’ও দিয়েছিলেন তিনি। সেই বিতর্কিত আরশি এবার নতুন বোমা ফাটালেন। দেখা যাক, সেই বিতর্কের আঁচ কদ্দুর গড়ায়। মুখ খোলেন কি না পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।

  • অবশেষে রাজনীতিতে নাম লেখালেন রজনীকান্ত

    অবশেষে রাজনীতিতে নাম লেখালেন রজনীকান্ত

    অবশেষে রাজনীতিতে পা রাখলেন ভারতের তামিল চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত (৬৭)। নতুন বছরের শুরুতেই রবিবার চেন্নাইয়ে ভক্তদের সামনে রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন তিনি। সেই সঙ্গে খুব শিগগিরই নতুন দল গঠন করবেন বলেও ঘোষণা দিয়েছেন। রজনীকান্ত জানান, তামিলনাড়ুর পরবর্তী বিধানসভার নির্বাচনে রাজ্যের ২৩৪ টি আসনেই তাঁর দল লড়বে।

    আজ সকালে চেন্নাইয়ের রাঘবেন্দ্র মন্ডবে কয়েক হাজার ভক্তদের সামনে রজনীকান্ত বলেন, ‘আমি রাজনীতিতে আসবো। আমি আমার কর্তব্য পালন করবো। গত এক বছর ধরে তামিলনাড়ুতে একাধিক ঘটনায় রাজ্যের মুখ পুড়েছে। মানুষ আমাদের দেখে হাসাহাসি করছে। আমি যদি এই সিদ্ধান্ত না নেই তবে পরে আপসোস করতে হবে। ‘

    পরিবর্তনের ডাক দিয়ে তামিল সুপারস্টার বলেন ‘গোটা প্রক্রিয়ার পরিবর্তন দরকার। দেশের গণতন্ত্র বিপর্যস্ত, দুর্নীতিগ্রস্থ। এটার পরিবর্তন হওয়াটা দরকার। গণতন্ত্রের নামে রাজারা বা শাসকরা অন্যের জমি এবং সম্পত্তি হরণ করছেন। আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে’।

    তিনি আরও জানান আমার স্বেচ্ছাসেবকের দরকার নেই, আমার অভিভাবক প্রয়োজন। আমি চাই এমন অভিভাবক যারা ব্যক্তিগত কাজের জন্য কোন রাজনীতিবিদের সহায়তা চাই না। আমার পার্টি ক্যাডারের দরকার নেই। আমার এমন অভিভাবকের প্রয়োজন যারা মানুষের অধিকারের জন্য লড়াই করতে পারে। আমার এমন অভিভাবক প্রয়োজন যিনি নিঃশর্ত ভাবে সরকারকে প্রশ্ন করতে পারবেন। এবং আমি শুধুমাত্র মানুষের প্রতিনিধি হয়ে থাকতে চাই যে এইসব অভিভাবকদের তত্ত্বাবধায়ন করবে।

    তবে অর্থ বা খ্যাতির জন্য যে তিনি রাজনীতিতে আসেন নি সেকথাও পরিস্কার করে দেন রজনীকান্ত। তিনি বলেন, ‘আমি কোন পদের জন্য রাজনীতিতে আসছি না, তাছাড়া আমি রুপি বা খ্যাতির জন্যও এই কাজ করছি না। কারণ তার সবটাই আমার রয়েছে। যদি তাই হতো তবে ১৯৯৬ সালে ৪৫ বছর বয়সেই আমার সামনে সেই সুযোগ এসেছিল কিন্তু সেসময় আমার রাজনীতিতে কোন উচ্চাকাঙ্খা ছিল না। তবে এই ৬৮ বছরে কেন আসবো?’

    রজনীকান্তের এই সিদ্ধান্তের পরই তাঁর অনুগামীরা চেন্নাইয়ে উৎসবে মেতে ওঠেন। আতশবাজি পোড়ানো থেকে শুরু করে মিষ্টি খাওয়া সবটাই চলে। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ ভারতের আরেক সুপারস্টার কমল হাসান। স্বাগত জানানো হয়েছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম (এআইএডিএমকে) দলের পক্ষ থেকেও।

  • আসছে তিশমার ইংরেজি গানের ভিডিও

    ৩১ ডিসেম্বর উপলক্ষে ‘লাভ ইউ ফরেভার’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করছেন জনপ্রিয় পপ তারকা তিশমা। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ২০১৫ সালে প্রকাশিত ‘মেসমেরাইজড’ অ্যালবামের গান ‘লাভ ইউ ফরেভার’।  তিশমার নিজস্ব ওয়েবসাইটে আগামীকাল এর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

    তিশমা বলেন, আমার বিশ্বাস এ গানটি ভালো লাগবে সবার। আমার ১৪তম একক অ্যালবামের কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম। এখন সে কাজও শেষের দিকে। আশা করছি নতুন বছরে এটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবো।

  • সাপের কামড়ের পরও ভালোই আছেন লিন্ডসে

    সাপের কামড়ের পরও ভালোই আছেন লিন্ডসে

    অবকাশ যাপনে থাইল্যান্ড অবস্থান করছেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। রোদ, সমুদ্রের অকল্পনীয় সৌন্দর্য্যে ডুব দিয়ে সময়টা তার ভালোই কাটেছে। কিন্তু বিপত্তি বাঁধিয়েছে সাপ। হাইকিং করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন লিন্ডসে। ইন্সটাগ্রামে নিজেই জানিয়েছেন এ খবর। সাপের কামড়ে রক্তাক্ত পায়ের ছবিও পোস্ট করেছেন তিনি।

     

    সাপ খুব একটা বিষাক্ত ছিল না। লিন্ডসেকে দ্রুত চিকিৎসা দেয়াও সম্ভব হয়েছে। এখন লিন্ডসে সুস্থই আছেন। ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে বলেছেন, ‘ফুকেট (থাইল্যান্ড) জায়গাটি অনেক সুন্দর, খুব ভালো লেগেছে… শুধু সাপের কামড় ছাড়া। যাই হোক আমি ভালো আছি। ফুকেটেই আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’