Category: আন্তর্জাতিক

  • পার্লামেন্টে অমনোযোগী মন্ত্রীকে তিরস্কার স্পিকারের

    পার্লামেন্টে অমনোযোগী মন্ত্রীকে তিরস্কার স্পিকারের

    লোকসভার অধিবেশন চলাকালে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বের সময় মনোযোগী না হওয়ায় ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীকে তিরস্কার করেছেন লোকসভার স্পিকার।

    প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে শিবসেনার সংসদ সদস্য হেমন্ত তুকারাম গডসে একটি সম্পূরক প্রশ্ন জিজ্ঞেস করেন ভোক্তা অধিকার বিষয়ক প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল দানভেকে। হেমন্ত তুকারামকে আবারও প্রশ্নটি করতে বলেন তিনি।
    ওই সময় স্পিকার ওম বিরলা বলেন, ‘সম্মানিত মন্ত্রী, প্রশ্নে মনোযোগ দিন। ভালোভাবে শুনুন।’ একই সঙ্গে ওই প্রশ্ন না করার জন্য তুকারাম গডসেকে নির্দেশ দেন লোকসভা স্পিকার ওম বিরলা। তিনি বলেন, ‘আমি আরেকবার সুযোগ দিচ্ছি। তবে একই প্রশ্ন জিজ্ঞেস করবেন না।’

    এ সময় লোকসভায় শিবসেনার নেতা অরবিন্দ সাওয়ান্ত নিজ আসন থেকে উঠে গডসের কাছে যান। অরবিন্দ সাওয়ান্ত নিজ দলের সদস্যকে স্পিকার নির্দেশ বুঝিয়ে দেন। এরপর গডসে আরেকটি প্রশ্ন করলে ভোক্তা অধিকার বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান দাঁড়িয়ে জবাব দেন। পাঁয়ে চোট পাওয়া রাম বিলাসের পাশেই তার প্রতিমন্ত্রীর আসন।

  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে উদ্বিগ্ন ভারত

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শ্রীলঙ্কা সফরে উদ্বিগ্ন ভারত

    শ্রীলঙ্কার সদ্যনির্বাচিত রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। দু’দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনসংযোগ বাড়ানো নিয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে। সফরের আমন্ত্রণ জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির একটি চিঠি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন কুরেশি।

    পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়েও গোতাবায়ার সঙ্গে কুরেশির কথা হয়েছে। এছাড়াও, মাদক পাচার ও সন্ত্রাস দমনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন গোতাবায়া।
    প্রসঙ্গত, গতমাসেই ভারত সফরে আসেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজপক্ষে। তার সঙ্গে আলোচনার পর দ্বীপরাষ্ট্রের উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন‌্য ৪৫ কোটি ডলার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকের পর প্রেসিডেন্ট গোতাবায়া ইঙ্গিত দিয়েছিলেন যে দক্ষিণ শ্রীলঙ্কার হাম্বানটোটা নামে যে বন্দরটি চীনকে ১১০ কোটি ডলারের বিনিময়ে ৯৯ বছরের লিজ দেওয়া হয়েছিল তা শ্রীলঙ্কা সরকার ফিরিয়ে নিতে চায়। বিশ্লেষকদের মতে, ‘চীনপন্থী’ গোতাবায়াকে অনেকটাই সন্দেহের চোখে দেখছে নয়াদিল্লি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর শ্রীলঙ্কা সফরে যে সাউথ ব্লকে উদ্বেগ ছড়িয়েছে তা বলাই বাহুল্য।

    উল্লেখ্য, শ্রীলঙ্কায় চীন ঘনিষ্ঠ পরিবার বলেই পরিচিত রাজাপক্ষ পরিবার। এর আগে ২০১৫ সালে গোতাবায়ার ভাই ও শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ যখন প্রধানমন্ত্রী নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তখন চীন প্রচুর টাকা ঢেলেছিল বলেও অভিযোগ। গোতাবায়া একসময়ে শ্রীলঙ্কান সেনাপ্রধান ছিলেন। তার নেতৃত্বেই ১০ বছরের এলটিটিই সাম্রাজ্যকে ধ্বংস করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। এবছর জঙ্গি হামলার পরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন তিনি।

  • ইরাকে আইএস প্রধান বাগদাদির ডেপুটি আটক

    ইরাকে আইএস প্রধান বাগদাদির ডেপুটি আটক

    ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠি (আইএস) এর সাবেক প্রধান আবুবকর বাগদাদির ডেপুটি আবু খালদুনকে আটক করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। আবু খালদুনকে মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চীয় কিরকুক প্রদেশের হুয়াইজা শহরের একটি বহুতল ভবন থেকে আটক করা হয়। খবর জেরুজালেম পোস্ট’র।

    খবরে বলা হয়, ধরা পড়ার ভয়ে ইবনে খালদুন নিজের নাম পরিবর্তন করে শা’লান উবাইদ রেখেছিল। তিনি এক সময় ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ সালাহউদ্দিনে আইএসের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
    বাগদাদির নেতৃত্বে আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। নিজেদের দখলীকৃত এলাকায় সে সময় মানুষ হত্যা, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের ভয়াবহ অপরাধযজ্ঞ চালায়

  • সাংবাদিক হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

    সাংবাদিক হত্যাকাণ্ড: পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

    গাড়ি বোমা বিস্ফোরণে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার জেরে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি তিনি পদত্যাগ করবেন। রবিবার এক বিবৃতিতে পদত্যাগের কথা বলেন তিনি। খবর সিএনএনের।

    ২০১৭ সালের অক্টোবরে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন ৫৩ বছর বয়সী অনুসন্ধানী সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জোসেফ।

    দুই বছর আগের ওই হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে সামনে এলে রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েন জোসেফ। বর্তমানে ওই হামলা মামলার তদন্ত চলছে। এরই মাঝে রবিবার তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

    টাইমস অব মাল্টার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট জর্জ ভেলার সঙ্গে সাক্ষাৎ করেন জোসেফ। ধারণা করা হচ্ছে সেখানেই তিনি তার পদত্যাগের নোটিশ দেন।

    বিবৃতিতে জোসেফ বলেছেন, গত দুই বছরের প্রতিটা দিন আমি দায়িত্ব পালন করেছি এবং সিধান্ত নিয়েছি। আমি মামলার সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি, আমি বিশ্বাস করি কিছু সিদ্ধান্ত ভাল ছিল বাকিগুলো আরো ভাল হতে পারতো।

    তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের জন্য দুঃখ ও ক্রোধ প্রকাশ ন্যায়সঙ্গত। একইভাবে প্রতিবাদের অজুহাতে সহিংসতা এবং বিশৃঙ্খলা গণতন্ত্রের জন্য ন্যায়সঙ্গত নয়।

    সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া সেসময় দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন। তার পরিবার ও বিক্ষোভকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে তাতে জোসেফ মাসকাট তার অনুসারীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে।

  • টেক্সাসে বিমান বিধ্বস্ত, নিহত ৩

    টেক্সাসে বিমান বিধ্বস্ত, নিহত ৩

    টেক্সাসে রবিবার রাতে এক ইঞ্জিন বিশিষ্ট ছোট একটি বিমান জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। খবর সিএনএনের।

    সান অ্যান্তনিও’র ফায়ার চিফ চার্লস হুড সিএনএনকে বলেন, বিমানটি সুগারল্যান্ড থেকে টেক্সাসের বোয়েরনের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সান অ্যান্তনিও আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার চেষ্টা করে। কিন্তু বিধ্বস্ত হয়ে রাস্তায় পড়ে যায়।

    হুড আরো বলেন, নিহতদের মধ্যে ২ পুরুষ ও এক নারী ছিলেন।

    তিনি আরো জানান, উদ্ধারকারীরা বিমানের অর্ধেক ধ্বংসাবশেষ ফুটপাতে পায় আরেক অর্ধেক ধ্বংসাবশেষ একটি বাড়ির সামনে রাস্তায় পায়।

    এছাড়া তিনি বলেছেন, আমাদের ভাগ্য ভালো বিমানটি কোন হাইওয়েতে বা বাড়িতে পড়েনি। তাহলে হতাহতের সংখ্যা আরো বাড়তো।

    মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন বলছে, তারা এই বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত করছে।

  • ভারতীয় সেনাদের অভিযানে দশক পুরনো জঙ্গি আস্তানা উৎখাত

    ভারতীয় সেনাদের অভিযানে দশক পুরনো জঙ্গি আস্তানা উৎখাত

    ভারতের কাশ্মীরে অভিযান চালিয়ে অন্তত ১০ বছরের পুরনো একটি জঙ্গি আস্তানা উৎখাত করেছে ভারতীয় যৌথ বাহিনী। কাশ্মীরের বারামুল্লা জেলার রাফিয়াবাদ শহরে পরিচালিত এই সেনা অভিযানে সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অংশগ্রহণ করে। দালরি জঙ্গলে অবস্থিত ওই গোপন আস্তানা থেকে এসময় ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যোউথ বাহিনী। খবর এএনআই এর।

    সূত্র জানায়, গোপন সূত্রে সেনাবাহিনী জঙ্গি আস্তানাটির খোঁজ পায়। পরে তারা জম্মু ও কাশ্মীর পুলিশের সহযোগীতায় রবিবার অভিযানটি পরিচালনা করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আস্তানাটি অন্তত ১০ বছরের পুরনো এবং উদ্ধারকৃত অস্ত্র ও রাইফেলগুলোর অধিকাংশেই জং ধরে গিয়েছিল।

    জঙ্গি আস্তানাটিতে ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। এর মধ্যে দুইটি একে-৪৭, ২ হাজার রাউন্ড গুলি, বেশ কয়েকটি ওয়্যারলেস সেট ও পুরনো কাপড়-চোপড় উল্লেখযোগ্য।