Category: আন্তর্জাতিক

  • পতনের মুখে নেতানিয়াহু: ফিলিস্তিনিরা কি ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে’ পড়বে

    পতনের মুখে নেতানিয়াহু: ফিলিস্তিনিরা কি ‘ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে’ পড়বে

    ইসরায়েলের নেতৃত্ব বদলের সঙ্গে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ওতপ্রোতভাবে জড়িত। তাই ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তন এলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্ন এসে যায়। যদিও বলা যায়, ইহুদি রাষ্ট্র হিসেবে দখলদার ইসরায়েলের জন্মের পর যত দিন গেছে, ততই ফিলিস্তিনিদের ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইসরায়েলে ক্ষমতার পালাবদলে সেই পরিস্থিতির তেমন কোনো হেরফের হয়নি।

    চলতি বছরের এপ্রিলে ইসরায়েলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করতে পারেনি। তাই গত ১৭ সেপ্টেম্বর আবারও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনেও কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতিমধ্যে দেশটির কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্টের আমন্ত্রণে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী বেনি গানৎজ সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন। গানৎজ এতে সফল হলে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী কট্টর ইহুদিবাদী নেতানিয়াহুর পতন হবে।

    ১৭ সেপ্টেম্বর ইসরায়েলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩২টি আসন পেয়েছে। আর দেশটির সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান গানৎজের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ পার্টি পেয়েছে ৩৩ আসন। ১২০ আসনের পার্লামেন্টের নেসেটে সরকার গঠন করতে প্রয়োজন ৬১ আসন। তৃতীয় সর্বোচ্চ আসন পেয়েছে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’। আয়মান ওদেহর নেতৃত্বাধীন এই জোটের আসনসংখ্যা ১৩টি। এর বাইরে শাহস ৯, ইসরায়েলি বেইতেইনু ৮, ইউটিজে ৭, ইয়ামিনা ৭, লেবার-গেসার ৬ ও ডেমোক্রেটিক ইউনিয়ন ৫টি আসন পেয়েছে। গত এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে পাওয়া আসনের চেয়ে এবার নেতানিয়াহুর দলের আসন কমেছে ছয়টি। গানৎজের দলের আসন কমেছে দুটি। আর জয়েন্ট লিস্টের আসন বেড়েছে তিনটি।

    নির্বাচনের পর দেশটির প্রেসিডেন্ট রিউভেন রিভলিন প্রথমে নেতানিয়াহুকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। নেতানিয়াহু ব্যর্থ হওয়ার পর ২৩ অক্টোবর গানৎজকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট। সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন গানৎজ। ইতিমধ্যে সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।

    সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বেনি গানৎজ। ছবি: রয়টার্সগাৎনজের সরকার গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় শক্তি হতে পারে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ এর সমর্থন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, জয়েন্ট লিস্ট সরকার গঠনের জন্য গাৎনজের প্রতি সমর্থন জানিয়েছে। ১৯৯২ সালের পর এই প্রথম সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন পেল ইহুদি কোনো প্রধানমন্ত্রী প্রার্থী। এই সমর্থনের ব্যাপারে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে মতামত কলামে জয়েন্ট লিস্টের নেতা আয়মান ওদেহ বলেন, ‘নেতানিয়াহুর আরেক মেয়াদে প্রধানমন্ত্রিত্ব ঠেকাতে এই পদক্ষেপ। এর মাধ্যমে নেতানিয়াহুর রাজনীতিরও ইতি ঘটবে।’

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, সরকার গঠন প্রক্রিয়ায় নেতানিয়াহু ডানপন্থী দলগুলোর সমর্থন নিয়ে ৫৫টি আসন জোগাড় করতে পেরেছিলেন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আর ছয়টি আসন কোনোভাবেই জোগাড় করতে পারেননি। এটাও আশার কথা গানৎজের জন্য। কারণ নেতানিয়াহুকে সমর্থন না দেওয়া পার্লামেন্টের বাকি ৬৫ আসনের নেতাদের সমর্থন আসার সম্ভাবনা গানৎজের দিকেই। এর মধ্যে নিজ দলে ৩৩ ও জয়েন্ট লিস্টের ১৩ আসন মিলে ৪৬ আসন নিশ্চিত হয়েই আছে।

    কিন্তু গানৎজ যদি নেতানিয়াহুকে ঝেঁটিয়ে বিদায় দিতে পারেন, তাতে ফিলিস্তিনিদের কি কোনো লাভ বা ক্ষতি হবে? ফিলিস্তিন নিয়ে তাঁদের অবস্থান কী? রাজনৈতিক নেতা হিসেবে নেতানিয়াহুকে ডানপন্থী ও ইহুদিবাদী, সেই তুলনায় গানৎজকে মধ্যপন্থী বলে বিবেচনা করা হয়।

    ইসরায়েলে বেনি গানৎজ ক্ষমতায় এলে ফিলিস্তিনিরা ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়বে? ছবি: রয়টার্সবিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহু কোনোভাবেই সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে নন। তিনি বলেছেন, অন্যান্য দেশের মতো সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই তিনি মেনে নেবেন না। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইহুদি বসতি সম্প্রসারিত করবেন।

    আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন অবৈধ। ফিলিস্তিনিরা বারবার বলে আসছে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অসম্ভব করে তুলবে। ইসরায়েলের এই একগুয়েমি শান্তিপ্রক্রিয়াকে শেষ করে দেবে।

    এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি গানৎজ। কিন্তু পশ্চিম তীর ও জেরুজালেম প্রশ্নে নেতানিয়াহুর সঙ্গে তাঁর অমিল নেই। গানৎজ বলেছেন, পশ্চিম তীর থেকে ইহুদি বসতি প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেবেন না তিনি। জেরুজালেমকেও ভাগ করতে দেবেন না।

    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে স্বপ্ন ফিলিস্তিনিরা দেখেন, তাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করার পরিকল্পনা তাদের। টাইমস অব ইসরায়েলে প্রকাশিত জয়েন্ট লিস্টের নির্বাচনী অঙ্গীকারেও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে। ইসরায়েল অধিকৃত এলাকায় গড়ে তোলা ইহুদি বসতিও সরিয়ে ফেলা ও ইসরায়েলের কারাগারে থাকা ‘রাজবন্দী’ ফিলিস্তিনিদের মুক্ত করারও করার কথা বলেছে জয়েন্ট লিস্ট।

    হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান আবু মারজুকের মতে ফিলিস্তিনিদের কাছে নেতানিয়াহু ও গানৎজের মধ্যে কোনো পার্থক্য নেই। ছবি: আল জাজিরার সৌজন্যেসে ক্ষেত্রে নেতানিয়াহু বা গানৎজ, ফিলিস্তিনিদের কাছে দুজনেই তো প্রায় একই। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে কট্টরপন্থী সংগঠন হামাস এমনটাই মনে করে। হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান আবু মারজুক আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের চোখে নেতানিয়াহু বা গানৎজের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসরায়েলে নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে ইহুদিবাদী ও কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। এরা ইসরায়েলের দখলদারি বজায় রাখার পক্ষে। আবু মারজুক আরও বলেন, ২০১৪ সালে গাজায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ২০০০ ফিলিস্তিনিকে হত্যা করে। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে নেতানিয়াহু আর সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন এই গানৎজ।

    হামাস নেতার বক্তব্যে ফিলিস্তিনিদের ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার আশঙ্কাই প্রকাশ পায়। তবে জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে গানৎজ সরকার গঠন করলে সেই সরকারে আরব দলগুলোর প্রভাব থাকবে। এমনকি সমর্থন প্রত্যাহার করে নিয়ে সরকার পতন ঘটানোর ক্ষমতাও থাকবে তাদের। সে ক্ষেত্রে তারা যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইতিবাচক কোনো আলোচনা শুরু করতে পারে, সেটা হবে দারুণ এক বিষয়।

    আর গানৎজও যদি সরকার গঠনে ব্যর্থ হন, তবে এক বছরেই তৃতীয়বারের মতো পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে ইসরায়েলের নির্বাচন কমিশনকে।

  • বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে নতুন প্রধানের নাম ঘোষণা আইএসের

    বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে নতুন প্রধানের নাম ঘোষণা আইএসের

    আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নিজেদের নতুন প্রধানের নাম ঘোষণা করেছে। পাশাপাশি সংগঠনটি তাদের নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    আইএসের নতুন এই প্রধানের নাম আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি। বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

    আল জাজিরার খবরে বলা হয়, আইএসের নতুন মুখপাত্র আবু হামজা আল-কুরাইশি আইএসের গণমাধ্যম শাখা আল-ফুরকানে এক অডিও বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন।

    সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন অভিযানে মুখে বাগদাদি আত্মঘাতী হন। এ সংক্রান্ত কিছু ফুটেজও প্রকাশ করে পেন্টাগন। এরপর থেকে আইএসের নেতৃত্ব নিয়ে বিভিন্ন অঙ্গনে শুরু হয় নানা জল্পনা।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএস আরেকটি অডিও বার্তায় তাঁদের মুখপাত্র আবু আল-হাসান আল-মুহাজির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কুর্দি বাহিনীর যৌথ অভিযানে নিহত হন হাসান। এরপর মুখপাত্র হিসেবে হাসানের স্থলাভিষিক্ত হন হামজা।

    ২০১৪ সালে বিশেষ করে ইরাক ও সিরিয়ায় নিজেদের সুসময়ে আইএসের নেতৃত্বে এসেছিলেন বাগদাদি। এরপর থেকে বাগদাদিকে খুঁজছিল মার্কিন বাহিনী। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএস নেতা বাগদাদির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইদলিব প্রদেশের একটি সুড়ঙ্গে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। অভিযানের সময় বাগদাদি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই সময় সেখানে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। বাগদাদির সঙ্গে তাঁর তিন তরুণ ছেলেমেয়ে ছিলেন। বাগদাদির আত্মঘাতী বিস্ফোরণে তাঁরাও নিহত হন। বিস্ফোরণের পর বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে পরীক্ষার মাধ্যমে বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

  • তারা ‘জাস্ট ফ্রেন্ড’

    তারা ‘জাস্ট ফ্রেন্ড’

    মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন থেকেই গণমাধ্যমে খবর আসছে।

    তাদের সম্পর্ক নিয়ে কানাঘুষাও কম চলছে না। তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক রয়েছে বলেও গুঞ্জন রটে।

    খবর রটেছে, এই ‘মিন গার্লস’ তারকাকে মোহাম্মদ বিন সালমান একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন। তবে গত আগস্টে মার্কিন এই তারকার এক প্রতিনিধি আর্ন্তজাতিক সব সংবাদমাধ্যমের এসব খবর ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।

    তিনি বলেন, লিন্ডসে লোহানের সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তাদের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।

    এবার এ বিষয়ে মুখ খুললেন লিন্ডসে লোহানের বাবা মাইকেল লোহান।

    মাইকেল লোহান বলেছেন, আমার মেয়ের সঙ্গে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। তবে সম্পর্ক একটি রয়েছে। একে বলে শ্রদ্ধার সম্পর্ক। এতে কামনা-বাসনা নেই। তারা জাস্ট ফ্রেন্ড বা শুধুই বন্ধু।

    মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহানের অনেক ক্ষমতাধর বন্ধু রয়েছে জানিয়ে তিনি বলেন, লিন্ডসে সেখানে কাজ করে, যাওয়া-আসা করে। মধ্যপ্রাচ্যে লিন্ডসে লোহান যেসব কাজ করছে, সেই সুবাদে সে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছে।

    মাইকেল লোহান বলেন, লিন্ডসে লোহান সিরিয়ায় যেসব ভালো কাজ করেছেন, তা নিয়ে কেউ লিখছে না। তারা শুধু বাজে কথা শুনতে চায়।

  • নয় মিনিটে ছয় কেজি ওজনের বার্গার খেলেই পুরস্কার

    নয় মিনিটে ছয় কেজি ওজনের বার্গার খেলেই পুরস্কার

    বার্গার অনেকেরই পছন্দের একটি খাবার। প্রিয় এ খাবার খাওয়ার কারণে যদি পুরস্কার পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? বিষয়টা অদ্ভুত হলেও এমনই এক অফার চলছে থাইল্যান্ড ভিত্তিক একটি রেস্তোরাঁয়।

    ‘ক্রিস স্টেকস এন্ড বার্ডারস’ নামের ব্যাংককে একটি রেস্তোরাঁ জানিয়েছে, মাত্র ৯ মিনিটের মধ্যে কেউ যদি নির্দিষ্ট আকৃতির একটি বার্গার খেতে পারেন তাহলে তারা ওই ব্যক্তিকে পুরস্কার দেবেন ১০ হাজার থাই বার্থ, বাংলাদেশী টাকায় যার মূল্য দাঁড়ায় ২৭ হাজার ৯২০ টাকা।

    তবে বার্গারের আকৃতিটাও কিন্তু কম নয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এ পুরস্কার পেতে হলে নির্দিষ্ট সময়ে ওই ব্যক্তিকে ৬ কেজি ওজনের একটি বার্গার খেতে হবে। তাহলেই পুরস্কারটি পাওয়া যাবে।

    রেস্তোরাঁর মালিক কমডেক কংসুয়ান জানান, তাদের তৈরি এ বার্গারই দেশের মধ্যে সবচেয়ে বড় আকৃতির। যারা বার্গার খেতে ভালোবাসেন তাদের জন্য এ প্রতিযোগিতাটি হতে পারে স্বপ্নের মতো।

    জানা গেছে, এখন পর্যন্ত কোনো প্রতিযোগিই এ চ্যালেঞ্জ পূরণ করতে পারেননি।

    উল্লেখ্য, গরুর মাংসে তৈরি ৬ কেজি ওজনের বার্গারটির দাম পড়বে বাংলাদেশী টাকায় ৬ হাজার ৯০০ টাকা। অন্যদিকে একই আকৃতির শূকরের মাংসে তৈরি বার্গার দাম ৯ হাজার ৭০০ টাকা। সঙ্গে থাকবে অনিয়ন রিং, বেকন আর মেয়োনিজ।

  • যুক্তরাজ্যে ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের পক্ষে পার্লামেন্টের ভোট

    যুক্তরাজ্যে ১২ ডিসেম্বর আগাম নির্বাচনের পক্ষে পার্লামেন্টের ভোট

    যুক্তরাজ্যে আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। বেক্সিট ইস্যুতে টানা কয়েকমাসের টানাপড়েনের পর মঙ্গলবার আগাম নির্বাচনের পক্ষে ঐক্যমতে পৌঁছেছেন পার্লামেন্ট সদস্যরা। ব্রিটিশ সরকারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪৩৮টি আর বিপক্ষে ভোট দিয়েছেন ২০ জন।

    ১৯২৩ সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন হতে চলেছে। দেশটিতে ২০১৭ সালে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে বিলটি এখনো লর্ড সভায় অনুমোদন হওয়ার বাকি রয়েছে। এ সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। আর তা হলে নির্বাচনী প্রচারণার জন্য বাকি থাকবে মাত্র পাঁচ সপ্তাহ।

    ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশের জনগণের ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যৎ বিষয়ে মতামত দেয়ার অধিকার রয়েছে। বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টে অচলাবস্থা নিরসনে তাকে নতুন করে ম্যান্ডেট এনে দেবে নির্বাচন।

    এর আগে ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, বিদ্রোহের কারণে যে ২১জন টোরি এমপিকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল, তাদের অর্ধেককে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং তারা কনজারভেটিভ প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারবেন।

    লেবার নেতা জেরেমি করবিন বলেছেন, দেশ সংস্কার এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এই নির্বাচন বর্তমান প্রজন্মের কাছে একটি সুযোগ।

    তিনি জানিয়েছেন, তার দল এখন দেশের সত্যিকারের পরিবর্তনের জন্য সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আর জোরালো প্রচারণা শুরু করবে, যা এই দেশ এর আগে কখনো দেখেনি।

  • কাশ্মীরে হামলা, প্রাণ গেল ৫ বাঙালি শ্রমিকের

    কাশ্মীরে হামলা, প্রাণ গেল ৫ বাঙালি শ্রমিকের

    জম্মু-কাশ্মীরের কুলগামে মঙ্গলবার হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

    পুলিশের বরাত দিয়ে দেশটির আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহালনগর গ্রাম থেকে যাওয়া ১৫ শ্রমিকের একটি দল কুলগামের কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন। আপেল বাগানে কাজ করতে প্রতি বছরই কাশ্মীরে যেতেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কয়েক জনকে ঘর থেকে বের করে এলোপাথাড়ি গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।

    নিহতদের মধ্যে রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিম শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮), রফিকুল শেখ (৩০)। আহত হয়ে অনন্তনাগের হাসপাতালে ভর্তি জ়হিরুদ্দিন।

    এনডিটিভি বলছে, হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে দেশটির নিরাপত্তারক্ষীরা। সেইসঙ্গে ব্যাপকভাবে তল্লাশি অভিযান চলছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।

    গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। সেখানকার পরিস্থিতি সম্পর্কে সর্বপ্রথম জানতে মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরে গিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এরমধ্যেই সেখানে হামলার ঘটনা ঘটলো।