Category: আন্তর্জাতিক

  • বজ্রবৃষ্টির আশঙ্কায় দিল্লিতে সতর্কতা

    বজ্রবৃষ্টির আশঙ্কায় দিল্লিতে সতর্কতা

    ভারতে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে কমপক্ষে ১২৪ জন নিহত হওয়ার পর দিল্লি সহ আশপাশের এলাকায় আজ রোববার বিশেষ সতর্কতা দেয়া হয়েছে। বলা হয়েছে দিল্লি, গ্রেটার নয়ডা, ফরিদাবাদ, বল্লভগড়, খুরজাসহ বিভিন্ন এলাকায় প্রচ- বজ্র-ঝড় হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ভারি বৃষ্টিপাত। ভারতের আবহাওয়া বিষয়ক বিভাগ থেকে এমন পূর্বাভাষ দেয়া হয়েছে। বলা হয়েছে একই অবস্থা আজ অব্যাহত থাকবে উত্তর প্রদেশের পশ্চিমাংশে। এ বিষয়ে সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। গত সপ্তাহে দেশটির পাঁচটি রাজ্যে প্রচ- ধুলিঝড় ও বজ্রবৃষ্টি হয়। এতে কমপক্ষে ১২৪ জন নিহত হন। আহত হন কমপক্ষে তিন শত মানুষ। এর প্রেক্ষিতে সেখানে তৎপর হয়েছে আবহাওয়া বিভাগ। তারা বলেছে, উত্তর প্রদেশের বিভিন্ন এলাকা যেমন মীরাট, হাপুর, মুজাফফরনগর ও বিজনরের মতো এলাকায় একই রকম বজ্র ও বৃষ্টিপাত হতে পারে রোববার। আজ সকালে দিল্লিতে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে গড় তাপমাত্রার চেয়ে এ তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত সপ্তাহে বুধবার উত্তর প্রদেশ ও রাজস্থানে ভয়াবহ বজ্রপাত ও ধূলিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ওই দুটি প্রদেশ। সৃষ্টি হয় এক ধ্বংসলীলা। আগ্রার চারপাশে গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মারা যান কমপক্ষে ৪৮ জন। ওদিকে রাজস্থানের ভরতপুরে নিহত হন ১৯ জন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, কর্নাটকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ওই সফর সংক্ষিপ্ত করে শনিবার আকাশপথে আগ্রা ও কানপুর পরিদর্শন করেছেন। এরপর আহতদের দেখতে হাসপাতালে যান। পুরো রাজ্যে নিহত হয়েছেন কমপক্ষে ৭৫ জন।

  • ধর্ষণের অভিযোগ করায় কিশোরীকে পুড়িয়ে হত্যা

    ধর্ষণের অভিযোগ করায় কিশোরীকে পুড়িয়ে হত্যা

    ভারতে ধর্ষণের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। কাশ্মিরের কাঠুয়ার আট বছরের আসিফা বানুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারা ভারত যখন উত্তাল তখনই ঝাড়খণ্ডে ঘটেছে আরেক রোমহর্ষক ঘটনা। গণধর্ষণের শিকার হয়ে অভিযোগ জানানোর পর ধর্ষিতাকে প্রকাশ্যে পুড়িয়ে মেরেছে ধর্ষকরা। এঘটনায় ১৪ জনকে আটক করেছে ঝাড়খণ্ড পুলিশ।

    পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের ব্যাপারে মেয়েটির পিতামাতা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করার পর অভিযুক্তদের কান ধরে একশোবার উঠ-বস করা এবং সাড়ে সাতশো ডলার জরিমানার শাস্তি দেয়া হয়। এই ঘটনার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে মেয়েটির পিতামাতাকে মারধর করে এবং পরে মেয়েটির গায়ে আগুন ধরিয়ে তাকে হত্যা করে।

    স্থানীয় থানার ওসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই অভিযুক্ত মেয়েটির বাবা-মাকে পেটায়। এরপর তারা মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দেয়।

    পুলিশ বলছে, মেয়েটিকে অপহরণ করে একটি জঙ্গলে নিয়ে সেখানে ধর্ষণ করা হয়েছিল। সেদিন মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। পরে ঘটনাটি জানতে পেরে মেয়েটির বাবা-মা গ্রামের গণ্য-মান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেছিলেন।

    প্রতি বছর ভারতে প্রায় ৪০ হাজার ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। তবে ধর্ষণের ঘটনার খুব কম সংখ্যকই প্রকাশ্যে আসে। সমাজে লজ্জা কলঙ্কের ভয়ে বেশিরভাগ ঘটনায় প্রকাশ্যে আসে না দেশটিতে।

  • চার্চ বানাতে অনুমতি দিচ্ছে সৌদি আরব!

    চার্চ বানাতে অনুমতি দিচ্ছে সৌদি আরব!

    প্রথমবারের মতো খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য চার্চ নির্মান করতে যাচ্ছে সৌদি আরব। এ জন্য রোমান ক্যাথলিকদের শীর্ষ প্রতিষ্ঠান ভ্যাটিকানের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মিসরের কয়েকটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।

    ইজিপ্ট ইনডিপেনডেন্ট নামের মিশরের একটি পত্রিকা বলছে, চার্চ বানাতে এপ্রিলে সৌদি আরবের সঙ্গে ভ্যাটিকানের চুক্তি হয়। সৌদি আরবে এক বৈঠকে এ চুক্তি হয় বলে দাবি পত্রিকাটির।

    এ জন্য ভ্যাটিকানের পক্ষে যাজক জিন-লুইস তাউরান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

    তবে এ খবরের সত্যতা যাচাইয়ে সৌদি কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    যদিও সম্প্রতি ভ্যাটিকান নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তাউরান সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি আরও বলেন, এর মাধ্যমে ভবিষ্যতে আরো আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তবে এই চুক্তির অধীনে সৌদি আরবে চার্চ নির্মাণের বিষয়ে তিনি কোনও তথ্য দেননি।

    সৌদি সফর শেষে ভ্যাটিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তাউরান বলেন, ‘সাক্ষাতের সময় আমি স্কুলগুলোতে যেন খ্রিস্টান এবং অমুসলিমদের সম্পর্কে ভালো কথা বলা হয় এবং তারা কখনোই দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে বিবেচিত না হয় সে ব্যাপারে জোর দিয়েছি।’

    উল্লেখ্য, কট্টর ওহাবি মতাদর্শ দ্বারা পরিচালিত সৗদি আরবে বর্তমানে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনও ধর্ম প্রকাশ্যে পালন করা যায় না।

  • এবার মিয়ানমারের কাচিন থেকে পালাচ্ছে খ্রিস্টানরা

    এবার মিয়ানমারের কাচিন থেকে পালাচ্ছে খ্রিস্টানরা

    মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর নির্যাতনে যেভাবে লাখ লাখ রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছিল ঠিক একইভাবে দেশটির উত্তরাঞ্চলের প্রদেশ কাচিন থেকেও সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালাতে বাধ্য হচ্ছে হাজার হাজার খ্রিস্টান।

    রোহিঙ্গা সঙ্কটের কারণে উত্তরের কাচিন বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাতের খবর সম্প্রতি খুব একটা নজরে আসেনি। কিন্তু সেখানে যুদ্ধ হঠাৎ করে তীব্র হয়ে ওঠায় হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যাচ্ছে।

    মিয়ানমারের সরকারি বাহিনী কাচিন ইন্ডিপেন্ডেস আর্মির যোদ্ধাদের অবস্থানগুলোর ওপর বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়ে চীন সীমান্ত সংলগ্ন এলাকাগুলোয় আশ্রয় নিচ্ছে। জাতিসংঘ বলছে, এ বছর অন্তত ১০ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। আর শুধু এপ্রিল মাসেই সেখান থেকে পালিয়েছে চার হাজারের মতো খ্রিস্টান।

    কাচিন জনগোষ্ঠীর লোকেরা প্রধানত খ্রিস্টান এবং ১৯৬১ সাল থেকে তারা বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে স্বায়ত্বশাসিত এলাকা প্রতিষ্ঠার দাবিতে লড়াই করে যাচ্ছে। কেআইএ বিদ্রোহীদের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে এবং তারা অন্যতম শক্তিশালী একটি বিদ্রোহী গ্রুপ বলে মনে করা হয়।

    বিবিসির স্থানীয় সংবাদদাতা বলছেন, গত কিছুদিনে পরিস্থিতি গুরুতর রূপ নিয়েছে। খবরে বলা হচ্ছে, সবশেষ এই লড়াইয়ে সরকারি সৈন্যরা কাচিন যোদ্ধাদের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে তাদেরকে সীমান্ত এলাকার দিকে ঠেলে দিয়েছে।

    জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হচ্ছে, কাচিন এলাকাগুলোয় বিচার-বহির্ভূত হত্যা, নির্যাতন এবং যৌন সহিংসতার মতো ঘটনা সাম্প্রতিককালে ব্যাপকভাবে বেড়ে গেছে। সেখানে মানবাধিকার লংঘন বন্ধ করতে ব্যর্থতার জন্য এবং ত্রাণ যেতে না দেয়ার জন্য মিয়ানমারের নেত্রী অং সান সূচির সমালোচনা করা হয়েছে। বিভিন্ন সাহায্য সংস্থার কর্মীরা তাদেরকে সেখানে যেতে অনুমতি দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

    জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধের কারণে উত্তর মিয়ানমারে সোয়া এক লাখের মতো মানুষ গৃহচ্যুত হয়েছে। বিদ্রোহীদের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ৫০ বছরেরও বেশি সময় আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর এতো তীব্র সংঘর্ষ আর কখনো হয়নি।

    মিয়ানমার সরকার গত ছয় বছর ধরে বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহী গ্রুপের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু কাচিন ন্যাশনাল আর্মি এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি হলো, প্রথমেই কাচিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে। কাচিনের সংখ্যালঘু খ্রিস্টান  জাতিগোষ্ঠীর জন্যে আরো স্বায়ত্বশাসনের দাবিতে এই সশস্ত্র লড়াই শুরু হয় ষাটের দশকে।

    সূত্র: বিবিসি

  • ভারতে গাড়ির ধাক্কায় ভবন ধসে নিহত ১০

    ভারতে গাড়ির ধাক্কায় ভবন ধসে নিহত ১০

    ভারতের মধ্যপ্রদেশে একটি বাড়ি ধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুরোনো একটি বহুতল ভবনে আঘাত হানলে ভবনটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

    শনিবার রাতে ইন্দোরের সরবতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। মধ্যপ্রদেশ সরকার প্রত্যেক মৃতের পরিবারকে দুই লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বহতলটি বহু পুরনো। অনেকদিন ধরেই সেটিকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পৌরসভা। কিন্তু তারপরও সেখানে একটি লজ ও দুটি রেস্তোরাঁ চলছিল। শনিবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বহুতলটির নিচে ধাক্কা মারে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

  • ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় নিহত ৭

    ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় নিহত ৭

    আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের বাতাঙ্গাস প্রদেশের একটি শহরে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খবর  বার্তা সংস্থা সিনহুয়া’র। পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটায় টাল শহরের কারাসুচ গ্রামে আখ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাবারের দোকান ও দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িকে চাপা দেয়। এ সময়ে খাবারের দোকানে লোকজন খাবার খাচ্ছিলেন। শহরটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পুলিশ আরো জানায়, ঘটনাস্থলেই চারজন নিহত ও হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।