Category: প্রচ্ছদ

  • আটা মেখে ফ্রিজে রেখছেন? জানুন এর ঝুঁকি

    আটা মেখে ফ্রিজে রেখছেন? জানুন এর ঝুঁকি

    অনলাইন ডেস্ক:    অনেকেই সময় বাঁচাতে আগে থেকেই বেশি আটা মেখে রেখে দেয়। তবে এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।পুষ্টিবিদরা বলছেন, ফ্রিজে রাখা ময়দা ধীরে ধীরে এমন কিছু রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় যা স্বাদ ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

    বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেন, ফ্রিজ ময়দা ঠান্ডা রাখলেও গাঁজন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে পারে না। ইস্ট ধীরে ধীরে কাজ করতে থাকে, যার ফলে কার্বন ডাই–অক্সাইড এবং অ্যাসিড তৈরি হয়। এ কারণেই পুরোনো ময়দায় আলাদা গন্ধ আসে এবং স্বাদ কখনও টক বা তিতা লাগে।

    ব্যাকটেরিয়া ও হজমের সমস্যা

    ময়দা ২৪ ঘণ্টার বেশি রেখে দিলে অতিরিক্ত গাঁজনের ফলে গ্লুটেন ভাঙতে শুরু করে। গ্লুটেন কমে গেলে ময়দা আঠালো ও ভারী হয়ে যায়, আর রুটি শক্ত ও ঘন হয়। পুষ্টিবিদরা সতর্ক করে বলেন, এ ধরনের ময়দা খেলে পেটের সমস্যা, বদহজম, গ্যাস, অম্বল ও পেটফাঁপা হতে পারে।

    কমে যায় পুষ্টিগুণও 

    দীর্ঘসময় সংরক্ষিত ময়দায় প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ দ্রুত কমে যায়। এই ময়দার রুটি খিদে মেটালেও পুষ্টিমূল্য কম থাকে।  বিশেষজ্ঞরা আরও বলেন, পুরোনো ইস্টমেশানো ময়দার স্টার্চ দ্রুত ভেঙে যায়। এর ফলে রক্তে চিনির মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে, যা বিশেষ করে ডায়াবেটিস বা গ্লুকোজ–সংবেদনশীল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।

    ময়দা নিরাপদে সংরক্ষণের উপায়—

    • ময়দা ফ্রিজে রাখার সময় বায়ুরোধী পাত্র ব্যবহার করুন।
    • ময়দার ওপরে পাতলা তেলের প্রলেপ দিন, এতে শুকিয়ে যাবে না।
    • ময়দা বেশিক্ষণ ঘরের তাপমাত্রায় রাখবেন না, মেখে নেওয়ার পরই ফ্রিজে রাখুন।
    • সম্ভব হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করুন।
    • বেশি দিন রাখতে চাইলে ময়দা ছোট ছোট ভাগ করে ফ্রিজে রাখুন।
  • টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

    টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশের দাপুটে জয়

    অনলাইন ডেস্ক:     আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে ৮ উইকেটের জয় তুলে নিল টাইগাররা। এতে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতল বাংলাদেশ।

    এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে পাওয়ার প্লেতে দারুণ ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা। টাইগার লেগ-স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে পরপর কয়েকটি উইকেট হারায় আইরিশরা।

    পরে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি আয়ারল্যান্ড। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে শেষ পর্যন্ত সফরকারীদের ১১৭ রানেই থামিয়ে দেয় লিটন দাসের দল। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পল স্টার্লিংয়ের ব্যাট থেকে।

    লক্ষ্যটা খুব বেশি বড় না, তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট হাতে রান তাড়া করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লেতে যদিও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসান ১৯ এবং অধিনায়ক লিটন দাস সাজঘরে ফেরেন ব্যক্তিগত মাত্র ৭ রানেই।তবে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমনের ব্যাট এদিন হেসেছে। ফলে চাপমুক্ত থেকে ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেল বাংলাদেশ।

    দারুণ জয়ের এই দিনে এক বিরল রেকর্ডও গড়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। কাঙ্ক্ষিতভাবে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরষ্কারটাও তার হাতেই উঠেছে।

    সংক্ষিপ্ত স্কোর

    আয়ারল্যান্ড: ১১৭ (১৯.৫ ওভার); স্টার্লিং ৩৮, ডকরেল ১৯; মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১

    বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার); তামিম ৫৫, ইমন ৩৩; টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০

    ফলাফল: বাংলাদেশ ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী

    ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম

    সিরিজসেরা: শেখ মেহেদী হাসান

  • লম্বা বিরতিতে যাচ্ছেন প্রভাস

    লম্বা বিরতিতে যাচ্ছেন প্রভাস

    বিনোদন ডেস্ক:    দক্ষিণী সুপারস্টার প্রভাসের এখন এক মুহূর্ত বিশ্রাম নেই। একের পর এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। বর্তমানে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’র শুটিংয়ে দিন কাটছে তার। টানা কাজের চাপের মধ্যে নিজেকে সময় দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

    জানা গেছে, ২৩ নভেম্বর থেকে ‘স্পিরিট’র শুটিং করছেন প্রভাস। প্রথম পর্বের কাজ শেষ করেই লম্বা বিরতিতে যাওয়ার পরিকল্পনা তার। বলিউডে যেমন অক্ষয় কুমার বা অজয় দেবগন পরিবারকে সময় দিতে নিয়মিত বিরতি নেন, ঠিক তেমনই এবার নিজেও কিছুটা সময় নিজের মতো করে কাটাতে চান প্রভাস।

    এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিরতির সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। এদিকে সম্প্রতি প্রভাসের ৪৬তম জন্মদিনে প্রকাশিত হয় ‘স্পিরিট’র প্রথম ঝলক। সেটি সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন-ছবিটিতে কি নগ্ন দৃশ্য থাকবে?

    কারণ পরিচালকের আগের ছবি ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। এই নিয়ে ভক্তদের জল্পনা বাড়ছে যে, প্রভাসও কি তেমন কোনো দৃশ্যে অভিনয় করবেন, নাকি তার পরিবর্তে ব্যবহার করা হবে বডি ডাবল? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

  • এলপি গ্যাসের দাম আবার বাড়ল, সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর

    এলপি গ্যাসের দাম আবার বাড়ল, সন্ধ্যা থেকেই নতুন মূল্য কার্যকর

    অনলাইন ডেস্ক:     ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হলো এলপি গ্যাসের দাম। ডিসেম্বর মাসে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের জন্য গ্রাহকদের এখন থেকে গুনতে হবে ১ হাজার ২৫৩ টাকা, যা আগের দাম ১ হাজার ২১৫ টাকার চেয়ে ৩৮ টাকা বেশি। মঙ্গলবার, ২ ডিসেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এই নতুন দর ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, একই দিনের সন্ধ্যা ৬টা থেকেই দাম কার্যকর হয়েছে।

    নতুন এই ঘোষণার আগে সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল ২ নভেম্বর। তখন দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এভাবে বছরজুড়ে কয়েক দফায় বাড়া কমার মধ্যেই বাজারে নতুন করে চাপ সৃষ্টি করল ডিসেম্বরের এই মূল্য বৃদ্ধি।

    বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের মূল্য, আমদানি ব্যয় এবং ডলারের ওঠানামার কারণে নিয়মিত সমন্বয় করতে হচ্ছে। তিনি বলেন, “ডিসেম্বর মাসের জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।”

    এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা, যা আগের ৫৫ টাকা ৫৮ পয়সার চেয়ে ১ টাকা ৭৪ পয়সা বেশি। এর আগে ২ নভেম্বর অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছিল।

    এদিকে দেশের জ্বালানি বাজারে টানা দ্বিতীয় দিনের মতো দেখা গেল বাড়তি চাপ। ১ ডিসেম্বর থেকে লিটারপ্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম ২ টাকা করে বাড়িয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন প্রাইসিং ফর্মুলা অনুযায়ী বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করতে হচ্ছে জ্বালানি তেলের দাম। ডিসেম্বরের জন্য যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তা তুলনামূলক সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

    এই দুই দিনের ধারাবাহিক ঘোষণায় ভোক্তারা নতুন করে ব্যয় বৃদ্ধির চাপ অনুভব করতে শুরু করেছেন। বিশেষ করে রান্নাবান্না, পরিবহন ও দৈনন্দিন খরচে এর প্রভাব পড়বে বলেই মনে করছেন অনেকে। বাজার বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরতা কমানো না গেলে এই ধরনের ওঠানামা ভবিষ্যতেও অব্যাহত থাকতে পারে।

  • খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত

    খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত

    বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত-সুবিধা নিশ্চিত করতে এবং তাঁর উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পড়ে শোনান।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছে তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনারও আহ্বান জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

    বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।

  • আখেরি মোনাজাতে অশ্রুসিক্ত চোখে শেষ হলো জোড় ইজতেমা

    আখেরি মোনাজাতে অশ্রুসিক্ত চোখে শেষ হলো জোড় ইজতেমা

    অনলাইন ডেস্ক:     তুরাগতীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা আখেরি মোনাজাতে মুসল্লিদের অশ্রুসিক্ত চোখে শেষ হলো। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

    গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে মঙ্গলবার সকালে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান।

    এদিন সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গী ময়দান। দোয়ার মুহূর্তে মাঠজুড়ে কান্নার রোল পড়ে।

    মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

    বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, “এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশসমূহ হলো- পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।”

    উল্লেখ্য, এবারের ইজতেমা চলাকালে মোট ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আয়োজক সূত্র।