Category: প্রচ্ছদ

  • বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের আন্দোলন: ছাড় পাবে না কেউ—হুঁশিয়ারি শিক্ষা উপদেষ্টার

    বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের আন্দোলন: ছাড় পাবে না কেউ—হুঁশিয়ারি শিক্ষা উপদেষ্টার

    অনলাইন ডেস্ক:     শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে সোমবার সন্ধ্যায় দেয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে।”

    ড. সি আর আবরার বলেন, “মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনের নামে যা করছেন, তা সরকারি আচরণবিধি লঙ্ঘনের শামিল। সরকারি আচরণবিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে। এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে। আমরা অবশ্যই মনে করি যে, বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে অবস্থান নিয়েছেন, যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক স্কুলে হয়নি, এটা একেবারেই অনভিপ্রেত একটি ঘটনা।”

    ‘এটা অন্যায়, অন্যায্য যে, তারা নবম গ্রেডে আসতে চাচ্ছে। কারণ চাকরি যখন নিয়েছিলেন তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন। সেখান থেকে নবম গ্রেডের এই দাবি, এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেই ছিল না। সুতরাং এটা একটা অন্যায্য ও অন্যায় দাবি। আর দ্বিতীয়ত হচ্ছে নবম গ্রেডে বিসিএস এডমিন ক্যাডাররা আসেন। কাজেই এটা এককভাবে তাদের সাথে সমাধানের কোনো বিষয় না। এটা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের বিষয়। এই পদে যে কেউ হুট করে চাইলেই যেতে পারে না’-উল্লেখ করেন তিনি।

    তিনি বলেন, “নবম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে কম্পারেটিভ একটা বিষয় এখানে রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দিন দুয়েক আগে তারা এই দাবি উত্থাপন করেছে। এমন সময় যখন তাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। অথবা কোন কোন জায়গায় বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যখন হবে। মূলত তারা যে হাতিয়ারটা ব্যবহার করছেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছেন। যেটা শিক্ষক হিসেবে চরম একটি অনৈতিক কাজ তারা করছেন।উপদেষ্টা বলেন, কাজেই আমরা তাদের অযৌক্তিক দাবি প্রত্যাখ্যান করছি এবং আমরা তাদেরকে বলছি যে, আপনারা মঙ্গলবার থেকে পরীক্ষা নেন। অন্যথায় সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে যে, শাস্তি রয়েছে সেগুলোর জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে।”

    ‘এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান ব্যক্ত করছে। পরীক্ষায় কোনো রকমের আপস এখানে হবে না। পরীক্ষা আপনাদেরকে নিতে হবে, যাতে শিক্ষার্থীদের উপরে যে চাপ এবং অভিভাবকদের উপরেও যে চাপ সেটা যেন লাঘব হয়। সমস্ত জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সকলেই জানাচ্ছেন, পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা আগ্রহী, অভিভাবকরা আগ্রহী। তবে একটি অংশ পরীক্ষা নিচ্ছে না। আমি বলবো, শিক্ষকরা তাদের স্কুলের পরীক্ষা নেবেন। অন্যথায় তারা শাস্তির মুখোমুখি হবেন’-যোগ করেন শিক্ষা উপদেষ্টা।

  • দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি: তারেক রহমান

    দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি: তারেক রহমান

    অনলাইন ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।”

    পোস্টে তারেক রহমান লিখেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।”

    ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো’-উল্লেখ করেন তিনি।

    উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন। সবশেষ গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট তীব্র হয়। এ অবস্থায় গত ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সঙ্গে আরও কিছু জটিলতা আছে।

  • থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় প্রাণহানি : প্রধান উপদেষ্টার গভীর শোক

    থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় প্রাণহানি : প্রধান উপদেষ্টার গভীর শোক

    অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

    গতকাল রোববার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে পাঠানো এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও পুনরুদ্ধার কামনা করেন।

    আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় বলেন, এই বিপর্যয়ে যারা প্রিয়জন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর সহমর্মিতা রয়েছে।

    তিনি উল্লেখ করেন, থাই সরকার ও বন্ধুসুলভ জনগণ এ কঠিন সময়ে বাংলাদেশের চিন্তা ও প্রার্থনায় রয়েছে। তিনি দৃঢ়তার সাথে আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বে থাইল্যান্ড এই বিপর্যয় থেকে দ্রুত উত্তরণ ঘটাবে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে।

    প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন, পুনরুদ্ধার প্রক্রিয়ায় প্রয়োজন হলে বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

  • ইইউ বাজারে পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধিতে জাতীয় ট্রেসেবিলিটি উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

    ইইউ বাজারে পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধিতে জাতীয় ট্রেসেবিলিটি উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক: জার্মানির উন্নয়ন সংস্থা জিআইজেড-এর সহায়তায় ‘এসটিআইএলই-দ্বিতীয়’ প্রকল্পের অধীনে পণ্যের ট্রেসেবিলিটি নিয়ে উচ্চপর্যায়ের নীতিগত আলোচনার আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

    আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আলোচনাকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারের পরিবর্তনশীল বিধিনিষেধ এবং এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখার জরুরি পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

    এতে বলা হয়, উন্নত ট্রেসেবিলিটি ব্যবস্থা রপ্তানির বিশ্বাসযোগ্যতা বাড়াতে, সার্কুলারিটি প্রচার করতে এবং বৈশ্বিক বাজারে উদীয়মান টেকসই উন্নয়ন ও যথাযথ সতর্কতার শর্ত পূরণ নিশ্চিত করতে পারে।

    বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আলোচনার জন্য বিষয়ভিত্তিক ও গবেষণা সহায়তা প্রদান করে। বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম জোর দিয়ে বলেন, পণ্যের ট্রেসেবিলিটি শক্তিশালী করা এখন একটি গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে।

    তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাজারের চাহিদা থেকে এ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশেষ করে এটি ইইউ কর্তৃক প্রবর্তিত সার্কুলার ইকোনমি, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টস (ডিপিপি), দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং টেকসই উন্নয়ন ডিসকোর্সের সাথে সম্পর্কিত।

    যেহেতু বাংলাদেশ-ইইউ বাণিজ্যের ৯২ শতাংশ তৈরি পোশাক (আরএমজি) খাতে কেন্দ্রীভূত, তাই বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে ইইউ গ্রিন ডিলের শর্তাবলীর সঙ্গে তার নীতিমালা সামঞ্জস্য করতে হবে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান একটি ‘জাতীয় ট্রেসেবিলিটি কৌশল’ প্রণয়নের কথা জানান। এ কৌশলে খাতভিত্তিক ট্রেসেবিলিটি পাইলট প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে, যা বাণিজ্য মন্ত্রণালয় নেতৃত্ব দেবে এবং জিআইজেড প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

    মূল প্রবন্ধে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রতিপালন ব্যয়, প্রাতিষ্ঠানিক সমন্বয়, আন্তঃকার্যক্ষমতা এবং তথ্য যাচাই।

    আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতার আলোকে বিল্ড উল্লেখ করে, ভিয়েতনাম, চীন, জাপান, কোরিয়া এবং ভারতে শক্তিশালী ট্রেসেবিলিটি ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

    বিল্ড জাতীয় ট্রেসেবিলিটি কৌশলকে খাতভিত্তিক পদক্ষেপ দিয়ে সমর্থন করার সুপারিশ করে। যেমন- শিল্প বাস্তবায়নে সহায়তার জন্য সবুজ অর্থায়ন বিকল্প চালু, তথ্য অবকাঠামো সম্প্রসারণ এবং ঝুট খাতের একটি ডিরেক্টরি তৈরি করা।

    মাহবুবুর রহমান তথ্য বিনিময়ের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জার্মানিকে  এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং এ উদ্যোগের জন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা চান।

    বর্তমানে আরএমজি উদ্যোক্তারা বিভিন্ন ক্রেতা, ব্র্যান্ড এবং কনসালট্যান্টের  কাছ থেকে তথ্য চাহিদা পূরণে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যাদের প্ল্যাটফর্মে বৈশ্বিক বা অভিন্ন মান নেই।

    বিজিএমইএ পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ উল্লেখ করেন, একটি অভিন্ন জাতীয় মান বা নির্দেশিকা প্রতিপালন প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে সহজ করবে এবং ব্যয় কমাবে।

    ঢাকায় জার্মান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জান্নিস হোসেন দুটি প্রধান চ্যালেঞ্জ তুলে ধওে বলেন, তথ্যের প্রাপ্যতা ও উৎপাদন এবং সরবরাহকারীদের জন্য প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামোর উল্লেখযোগ্য ব্যয়।

    বিজিএমইএ, বিকেএমইএ এবং চামড়া খাতের প্রতিনিধিরা চলমান খাতভিত্তিক পাইলট প্রকল্পের আপডেট শেয়ার করেন। তারা জানান, অগ্রগতি হলেও এসব পাইলট প্রকল্পকে সম্প্রসারণ করতে হবে যাতে আরএমজি-এর সাবকন্ট্রাক্টিং ইউনিটের মতো নিম্ন ও মধ্যম স্তরের প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত এবং পূর্ণাঙ্গ ট্রেসেবিলিটি তথ্যের চাহিদা পূরণ হয়।

    নীতিগত আলোচনাকে এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয় একটি নতুন বহুপক্ষীয় সংলাপ প্ল্যাটফর্ম উদ্বোধন করেছে। এটি মন্ত্রণালয়ের রপ্তানি উইংয়ের নেতৃত্বে পরিচালিত হবে এবং এতে সরকারি ও বেসরকারি খাতের সদস্যরা অংশ নেবেন।

    রপ্তানি উইংয়ের প্রধান আব্দুর রহিম খান থাইল্যান্ড ও কম্বোডিয়ার উদাহরণ টেনে একটি জাতীয় প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ) প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

    পরিকল্পনা উইংয়ের যুগ্ম সচিব মোস্তফা জামাল হায়দারও উল্লেখ করেন, উন্নত ট্রেসেবিলিটি বাংলাদেশকে এলডিসিুউত্তর পরিস্থিতিতে আরও ভালোভাবে সহায়তা করতে পারে।

    অনুষ্ঠানে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প নেতৃবৃন্দ এবং টেক্সটাইল, পোশাক, চামড়া ও মৎস্য খাতের প্রতিনিধিরা অংশ নেন।

  • দেশ পুনর্গঠনে বিএনপিই নির্ভরযোগ্য শক্তি বলে ফখরুল

    দেশ পুনর্গঠনে বিএনপিই নির্ভরযোগ্য শক্তি বলে ফখরুল

    অনলাইন ডেস্ক: রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হলো বিএনপিতে। সাবেক গণঅধিকার পরিষদের আহ্বায়ক এবং অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। তাকে ফুল দিয়ে বরণ করে নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন এবং আত্মত্যাগের পর দেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানানো হয়েছে এবং বিএনপি এই প্রক্রিয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। তিনি জানান, জনগণ সুযোগ পেলে প্রতিনিধিত্বশীল সংসদ নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হবে।

    পটভূমি তুলে ধরে মহাসচিব বলেন, বিগত স্বৈরাচারের সময়ে বহু চড়াই উতরাই পার হয়েই আজকের রাজনৈতিক সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশজুড়ে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে যেখানে রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করেছে। বিএনপির নেতৃত্ব বিশ্বাস করে এই আলোচনাগুলো দেশের রাজনীতিকে ভিন্নধারায় নিয়ে যাবে।

    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ পেলে বিএনপি দেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে সক্ষম হবে। তার ভাষায়, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতা নতুন বাংলাদেশের সম্ভাবনায় ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণ সমর্থন দিলে দলটি অর্থনীতি, রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় রূপান্তর ঘটাতে পারবে।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। ফখরুল বলেন, “চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।” বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তথ্য স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে জানাবেন।

    রেজা কিবরিয়ার যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। ফখরুল বলেন, রেজা কিবরিয়ার মেধা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা দলে নতুন গতি আনবে। শুধু নিজ এলাকা নয়, সারা দেশেই তার প্রভাব বিস্তার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপিতে যোগদানের আগ্রহ বেড়েছে যা দলের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির প্রতিফলন।

    মহাসচিবের মতে, গণতান্ত্রিক পরিবর্তন এবং সুশাসন প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসেবে বিএনপিকে মানুষ দেখছে। অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং পুনর্গঠনের প্রতিশ্রুতিতে তিনি দলের অবস্থান তুলে ধরেন।

  • সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ, স্কুলিং মডেল বাতিলের দাবি

    সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ, স্কুলিং মডেল বাতিলের দাবি

    অনলাইন ডেস্ক: রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার ১ ডিসেম্বর সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

    শিক্ষার্থীরা জানায়, ঢাকা কলেজসহ সংশ্লিষ্ট সাতটি কলেজ বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো চালু হলে দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হবে। সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষার্থীদের মতামত না নেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন।

    সরকার এরই মধ্যে সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করার বিষয়টিও উল্লেখ করা হয়। সরকার বলছে, উচ্চশিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    প্রস্তাবিত কাঠামো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আরও অসন্তোষ রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন বলেন, স্কুলিং পদ্ধতি চাপিয়ে দেওয়া হলে প্রশাসনিক জটিলতা এবং শিক্ষক সংকট আরও বাড়তে পারে। নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলেও কলেজগুলোর স্বতন্ত্র পরিচয় ও ব্র্যান্ড বিলুপ্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এক শিক্ষার্থী বলেন, কোনো আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

    প্রসঙ্গত, ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে ইন্টারডিসিপ্লিনারি কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব দিয়েছে। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া অধ্যাদেশে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর তিন পর্যায়ের পাঠদান রাখার পরিকল্পনা জানানো হয়। আরেকটি কমিটি কাঠামোগত ও একাডেমিক বিষয়ে মতামত যাচাই-বাছাই করছে এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অধ্যাদেশ আকারে আইন জারির প্রস্তুতি চলছে।

    এদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যায়। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল, স্কুলিংয়ের ঠাঁই নাই ঢাকা কলেজের আঙিনায়। অবরোধের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।