Category: প্রচ্ছদ

  • কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

    কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে: আসিফ মাহমুদ

    খেলাধুলা ডেস্ক:       বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

    এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে। কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে।

    বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে। ডিসিদের ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন।’

    আসিফ মাহমুদ যোগ করেন, ‘আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে। সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তীতে কাউকে হুমকি দেওয়ার মতো।’

    উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে। বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীরসহ অন্যদের সঙ্গে সেটা শেয়ার করেছে।’ উপদেষ্টা বলেন, ‘এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেটা আমার দেশের জন্য লজ্জাজনক।’

    কেউ কেউ বলছেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন আসিফ- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘পাপন ভাইয়ের সময় ডিস্ট্রিক্ট-ডিভিশন থেকে কারা আসতো কাউন্সিলর? আওয়ামী লীগের সভাপতি আসতো, আওয়ামী লীগের সদস্য আসতো বা বড় কোনো নেতা কিংবা নেতার ছেলেরা আসতো। যার আসলে ক্রীড়া সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে পাপন ভাইয়ের ছকে আপনি কীভাবে বলছেন?’

    উল্লেখ্য, ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত করা হয়নি। তবে নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত করবে বলে চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার। তবে, নির্বাচনের স্বার্থে যেকোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত তিনি।

  • তিন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে জিডি

    তিন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে জিডি

    স্টাফ রিপোর্টার :     লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার (১ অক্টোবর) রাতে রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিন সংবাদকর্মী।

    জানা যায়, ডা. মোফাজ্জল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিন সাংবাদিকের ছবি পোস্ট করে লিখেছেন, সবাই এই সব সাংবাদিক লেবাসধারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন। এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব কার্যকলাপের। এদের কারণে সমাজ ও পরিবেশ প্রতিনিয়ত বিনষ্ট। সাংবাদিকতা নামক পেশাটাও তাদের মতো লোকদের জন্যও এখন হুমকির মুখে। আসুন সবাই মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।

    মন্তব্যটি প্রকাশের পর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন মহল ওই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় জাকির হোসেন (আমার দেশ), মোবারক হোসেন (গণমুক্তি) ও নাঈম হোসেন (সকালের সময়) রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    তবে এ বিষয়ে অভিযুক্ত ডা. মোফাজ্জল হোসেন বলেন, জাকিরসহ তিনজন আমার অফিসে এসে বিরক্ত করেছেন এবং চাঁদা দাবি করেছেন। তাই আমি আমার ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি। অপসাংবাদিকদের বিরুদ্ধে আমি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।

    রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ বলেন, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নেবে না। ওই কর্মকর্তাকে প্রকাশ্যে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    রায়পুর থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত জানিয়েছেন, ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার (৫ অক্টোবর) আদালতে যথাসময়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।

    জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, অনিয়ম থাকলে যেকোনো সাংবাদিক লিখতে পারেন। তবে অসত্য সংবাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সাংবাদিকদের জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো ঠিক নয়। বিষয়টি আমি তদন্ত করব।

  • সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরাইলে

    সুমুদ ফ্লোটিলায় আটক অ্যাক্টিভিস্টদের নেওয়া হচ্ছে ইসরাইলে

    আন্তর্জাতিক ডেস্ক:     গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী।  এ সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।

    এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে,  ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকারকর্মীদের ছবি প্রকাশ করেছে।  তাদেরকে ইসরাইলের আসদোদ বন্দরে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা আরও প্রায় দুই ঘণ্টার মধ্যে পৌঁছাবে— অর্থাৎ ইসরাইলের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে।

    ইসরাইলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে পাঠাতে ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু করা হবে।তবে ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, সম্ভবত পুরো দিনই লেগে যেতে পারে ।এদিকে, প্রথম দফার কর্মীরা পৌঁছানো শুরু করলেও ইসরাইলি নৌবাহিনী এখনো ফ্লোটিলার বাকি নৌযানগুলো আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    বর্তমানে এসব নৌযানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কারণ, তারা যতই ইসরাইলি জাহাজের কাছাকাছি যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা ততই বাড়ছে। কখনো কখনো যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে যায়, আবার কখনো কর্মীরা নিজেরাই মোবাইল ফোন ফেলে দেন, যাতে আটক বা হয়রানি এড়ানো যায়।

    এরইমধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ প্রবেশ করেছে। এছাড়া অন্তত ২৩টি ত্রাণবাহী নৌযান গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের একটি জাহাজ ইতোমধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি ইসরাইলি বাহিনী আটক করেছে কিনা- তা এখনো স্পষ্ট নয়।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।

    এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটির স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) সকালেই গাজায় পৌঁছানোর কথা ছিল।

  • ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

    ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

    অর্থনীতি ডেস্ক:    নজিরবিহীন শুদ্ধি অভিযান চলছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় এ ছাঁটাইয়ের ফলে মোট ৪০০ কর্মীর চাকরি হারালেন।ছাঁটাইয়ের ঘটনাটি নজিরবিহীন বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।

    তবে ইসলামী ব্যাংক কৃর্তপক্ষের দাবি, বিষয়টি দক্ষতা যাচাই ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা’ ঘিরেই এ প্রক্রিয়া শুরু হয়। ওই পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন কর্মী, যার মধ্যে ৮৮ শতাংশ বা ৩৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। বাকি ৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে। আর পরীক্ষায় অংশ না নেওয়া প্রায় ৫ হাজার কর্মীকে আপাতত ওএসডি (বিশেষ দায়িত্বে সংযুক্ত) করা হয়েছে।

    ইসলামী ব্যাংকের একাধিক সূত্র জানায়, যাদের চাকরি বাতিল করা হয়েছে, তারা কেবল অযোগ্যতার কারণে নয়, বরং পরীক্ষার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সহকর্মীদের অংশগ্রহণে বাধা এবং ব্যাংকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

    ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই হাজারো কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সিভি নিয়ে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বেশিরভাগ হয়েছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে থেকে। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মীই ওই অঞ্চলের মানুষ।

    ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ড. কামাল উদ্দীন জসীম গণমাধ্যমকে বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে ছাঁটাই করা নয়, বরং দক্ষতা যাচাই ও বৈধতা নিশ্চিত করা।

  • বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় পার্টি নেতারা

    বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় পার্টি নেতারা

    অনলাইন ডেস্ক: রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা।

    বুধবার (১ অক্টোবর) রাতে পূজামণ্ডপে উপস্থিত হয়ে তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান।

    এ সময় বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে. এল. ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি উপহার প্রদান করেন।

  • নিউইয়র্কে ৯ দিনের সফর শেষে দেশে ফিরেছেন ড. ইউনূস

    নিউইয়র্কে ৯ দিনের সফর শেষে দেশে ফিরেছেন ড. ইউনূস

    অনলাইন ডেস্ক: ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

    সফরকালে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন।

    এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ‘মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।

    এর আগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। একই দিন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত, স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন।

    নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস।

    সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান, কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।