Category: প্রচ্ছদ

  • সাতদিনেও খোঁজ মেলেনি ৫ জেলের

    সাতদিনেও খোঁজ মেলেনি ৫ জেলের

    স্টাফ রিপোর্টার :  পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের ৫ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে এক সপ্তাহেও ফেরেনি। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে একটি নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পায়নি পরিবার।নিখোঁজ জেলেরা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

    নিখোঁজ মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, আমার ভাইয়ের সঙ্গে আরও চার জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সাধারণত তারা দুদিন পরপর ফিরে আসে। কিন্তু সাতদিনেও তাদের খোঁজ নেই। এছাড়া সমুদ্রে মাছ ধরায় এখন নিষেধাজ্ঞা চলছে।

    তার ধারণা, নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।স্থানীয় মাছ ব্যবসায়ী সগীর বলেন, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ রয়েছে, এখনো তাদের কোনো খবর নেই।

    এদিকে বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু হবে।কুয়াকাটা নৌ-পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

    দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

    অনলাইন ডেস্ক:  উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

    এ সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

    বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

    অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

  • দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

    অনলাইন ডেস্ক: প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত; তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না। তবে দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।

    শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

    রিজভী বলেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছর কারা আপসহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে।

    এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনাও করেন রিজভী আহমেদ।

  • নানা অজুহাতে চড়া সবজির দাম

    নানা অজুহাতে চড়া সবজির দাম

    অর্থনীতি ডেস্ক: সারা দেশে টানা বৃষ্টিসহ কম-বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এতে বাজারে নিত্যপণ্যে সরবরাহ করতে কিছুটা ব্যাহত হচ্ছে বিক্রেতারা। আর এমন অযুহাতেই বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। শাক-সবজি ও কাঁচামরিচের দাম বেশি তুলনামূলকভাবে বেড়েছে। মাছের দামেও নেই স্বস্তি।

    শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

    পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা।

    বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি। ক্রেতারা বলছেন, বৃষ্টি হলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সবজি ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আসতে পারছে না সবজির ট্রাক।

    এদিকে সরকার ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলেও এর প্রভাব পড়েছে বাজারে। বড় ইলিশের কেজি ৩০০ টাকা বেড়ে এখন ২৩০০- ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও ১,৬০০- ২,০০০ টাকা কেজি। চাষের রুই, কাতলা, শিং, চিংড়ি, টেংরা, কৈ সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০- ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০- ৮০০ টাকা, খাসি ১১০০- ১২০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৬০০-৬৫০ টাকা, রাজহাঁস ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

  • ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

    ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

    অনলাইন ডেস্ক: গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ।

    শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকারকর্মী ও শান্তিকামী কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

    বিবৃতিতে ইসরাইলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

    বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরাইলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দখলদার বাহিনীর কারণে।

    বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের সময়ে তাদের সঙ্গে অবিচল সংহতি প্রকাশ করছে।

  • রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, গুলি

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, গুলি

    অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে।

    সেনপাড়া এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এই আগুন দেয়ার ঘটনা ঘটে।

    এ বিষয়ে বাস চালক জানিয়েছেন, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

    বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা।

    মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান গণমাধ্যমে জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাটাই করা হয়। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।