Category: প্রচ্ছদ

  • নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

    নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক:     আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার (২৯ সেপ্টেম্বর) সংস্থাটির মহাসচিবের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের অঙ্গীকারের কথা জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেন। তিনি বলেন, ‘আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন আয়োজনে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

    জবাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগে তার পূর্ণ সমর্থন এবং সংহতির অঙ্গীকার করেন।বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার দায় নিরূপণ, সংরক্ষণবাদী শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য উদ্বেগ এবং আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

    এ সময় প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত শাসকগোষ্ঠী ও তাদের দোসররা চুরি করা অর্থ ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না। কিছু আন্তর্জাতিক মহলও তাদের পৃষ্ঠপোষকতা করছে।’

    জবাবে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।গুতেরেস গত ১৪ মাস ধরে প্রধান উপদেষ্টার প্রচেষ্টা ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের এ কঠিন উত্তরণ প্রক্রিয়ায় তার নেতৃত্বকে তিনি সম্মান ও শ্রদ্ধার সঙ্গে দেখছেন।

    প্রধান উপদেষ্টা ৩০ সেপ্টেম্বর উচ্চপর্যায়ের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আহ্বান করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং বলেন, এ সম্মেলন রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনায় অগ্রাধিকারে এবং আশ্রয় শিবিরে মানবিক সহায়তার জন্য জরুরি তহবিল সংগ্রহে ভূমিকা রাখবে।রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘের ধারাবাহিক ভূমিকার প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

  • শর্ত পূরণের আগে মানত আদায় করা যাবে?

    শর্ত পূরণের আগে মানত আদায় করা যাবে?

    ধর্ম  ডেস্ক:    প্রশ্ন: আমার জানার বিষয় হল, কোন কিছু পাওয়ার জন্য মানত করলে, সে জিনিস পাওয়ার পুর্বেই সে ব্যক্তি যদি মানতকৃত টাকা বা যা মানত করে, সেটা আদাই করে ফেলে, তাহলে সে যখন ওই জিনিসটা পাবে, তখন কি তার মানতকৃত বস্তু আবার আদাই করতে হবে?

    উত্তর: শর্ত পাওয়া যাওয়ার পরেই মানত পূরণ করা ওয়াজিব হয়। তাই শর্ত পাওয়া যাওয়ার পূর্বে কেউ যদি মানতকৃত জিনিস আদায় করে দেয়, তাহলে তা সাধারণ দান হিসেবেই ধর্তব্য হবে। শর্ত পাওয়া যাওয়ার পরে পুনরায় মানত পুরা করতে হবে।

    উল্লেখ্য যে, শরীয়তের দৃষ্টিতে মানতের চেয়ে নগদ দান-সদকার ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। সদকা দ্বারা আল্লাহ অধিক সন্তুষ্ট হন। আর মানত শরীয়তসম্মত। তবে সদকার চেয়ে উত্তম নয়।

    হাদিসে আছে, মানত দ্বারা কৃপণের মাল বের হয়। অর্থাৎ মানত কৃপণ লোকের কাজ।

    আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা আল্লাহ তাআলা তার জন্য তাকদীরে নির্দিষ্ট করেননি। তবে মানত কখনো তাকদীরের সঙ্গে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। -সহিহ মুসলিম, হাদীস ১৬৪০

    অতএব কাঙ্খিত বস্তু অর্জনের জন্য মানত করা জায়েজ। তবে মানত করা ছাড়া সামর্থ্য অনুযায়ী পূর্বেই দান-খয়রাত করা অধিক উত্তম কাজ।

  • ভাইয়া—আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল

    ভাইয়া—আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল

    খেলাধুলা ডেস্ক:     ‘ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। You know who. যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।’

    রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টটিতে তিনি কারও নাম উল্লেখ করলেও নেটিজেনরা ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে পোস্টটি দিয়েছেন। সাকিব পতিত সরকারের একজন সংসদ সদস্য ছিলেন।

    তিনি আরও লিখেছেন, ‘বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এন্ডোর্স (সমর্থন) করা ছাড়াও শেয়ার বাজার কেলেকাংরি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it.’সজীব ভূঁইয়ার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানামুখী আলোচনা শুরু হয়।

  • আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক নিচে পড়ে একজন নিহত

    আন্ডারপাসের রেলিং ভেঙে ঝুলে থাকা ট্রাক নিচে পড়ে একজন নিহত

    স্টাফ রিপোর্ট :    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের ওপরের রেলিং ভেঙে ঝুলে থাকে। এভাবে বেশ কয়েক ঘণ্টা থাকার পর সেটি নিচে পড়ে যায়।এ ঘটনায় মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

    সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটে।সোমবার বিকাল সাড়ে ৫টায় সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি আন্ডারপাসের উপরের রেলিং ভেঙে নিচে পড়ে প্রথমে ঝুলে থাকে। রেলিংয়ের একটি বড় খণ্ড তার মাথার উপর গিয়ে পড়ে। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

    এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা জানান, ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক আহমেদ বলেন, মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। বিকাল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার লাশ মর্গে রয়েছে।

    ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি সরানো হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।সড়ক ও জনপথের (সওজ) নারায়ণগঞ্জ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ট্রাকটি আন্ডারপারের উপরের রেলিং ভেঙে নিচে পড়ে যাওয়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আন্ডারপাসের হুইলগার্ড ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু

    হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক:      মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন। চলতি বছরে এটি তাদের চতুর্থ বৈঠক। প্রায় দুই বছর ধরে ইসরাইলের গণহত্যামূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র–ইসরাইল সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়তে পারে।

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বড় অক্ষরে লেখা এক পোস্টে ট্রাম্প প্রতিশ্রুতি দেন, মধ্যপ্রাচ্যে আসছে ‘মহান পরিবর্তন’। তিনি সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন, এই যুদ্ধের এখনই অবসান হওয়া উচিত।অন্যদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তারা এই পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করছে।গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সামনে উপস্থাপন করা হয় এই ২১ দফা ‘ডে-আফটার’ যুদ্ধ পরিকল্পনা।

    বিভিন্ন ইসরাইলি ও পশ্চিমা গণমাধ্যমের তথ্যমতে, পরিকল্পনায় বলা হয়েছে—

    • হামাসকে দুই দিনের মধ্যে অবশিষ্ট ৪৮ জন বন্দিকে মুক্তি দিতে হবে (যার মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে)।
    • লড়াই ত্যাগ করলে বা আত্মসমর্পণ করলে হামাস যোদ্ধাদের গাজা ছাড়ার সুযোগ বা সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে।
    • দুর্ভিক্ষে ভুগতে থাকা গাজায় উল্লেখযোগ্য পরিমাণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে।
    • ইসরাইলি কারাগার থেকে কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
    • ধীরে ধীরে গাজা থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করা হবে।

    তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার এক বিবৃতিতে জানায়, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা কোনো নতুন প্রস্তাব পায়নি, যদিও উভয় দেশকে ট্রাম্প পরিকল্পনাটি দেওয়া হয়েছে বলে খবর রয়েছে।

    হামাস আরও জানিয়েছে, যুদ্ধবিরতির নতুন কোনো প্রস্তাব পেলে তারা বিবেচনা করবে। এদিকে সংগঠনটির সামরিক শাখা আল–কাসাম ব্রিগেড জানায়, ইসরাইলি স্থল আক্রমণ ও বিমান হামলা তীব্র হওয়ায় গাজা শহরে দুই ইসরাইলি বন্দিকে ধরে রাখা দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিদিনই ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং গাজার ধ্বংসযজ্ঞ আরও বাড়ছে।

  • নতুন ৫ পণ্য বিক্রিতে নামছে টিসিবি

    নতুন ৫ পণ্য বিক্রিতে নামছে টিসিবি

    অর্থনীতি ডেস্ক:     আগামী নভেম্বর মাস থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে- চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা অংশ নেন।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহে সমতা তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে।

    শেখ বশির বলেন, সরকার টিসিবির কার্যক্রম গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন করতে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনাদের উদ্যোগী হয়ে কাজ করতে হবে। দরিদ্র মানুষ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    তিনি বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছাক এটা আমার প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে তার পরিচয় হোক সে দরিদ্র-অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য। এ সময় তিনি আগামী এক মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ মূল সমস্যা হিসেবে সামনে আসছে। এর পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে গতি কিছুটা কম। সমস্যা যেহেতু চিহ্নিত হয়েছে, আশা করি দ্রুতই কাজটি সম্পন্ন হবে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ অনুষ্ঠানে বক্তব্য দেন।সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে মোট সক্রিয় কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি।