Category: প্রচ্ছদ

  • আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান

    আরব আমিরাতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান

    খেলাধুলা ডেস্ক:    ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।

    দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। সাইম আইয়ুব শূন্য ও শাহিবজাদা ফারহান ৫ রানে আউট হন। দুই উইকেটই নেন আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী।

    তৃতীয় উইকেটে ৫১ বলে ৬১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেন ফখর জামান ও অধিনায়ক সালমান আঘা। ২০ রান করা আঘার বিদায়ে ভাঙ্গে জুটি। মারমুখী ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ১৩তম হাফ-সেঞ্চুরি তুলেই বিদায় নেন জামান। ২টি চার ও ৩টি ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন তিনি।

    দলীয় ৮৬ রানে জামান ফেরার পর দ্রুত তিন ব্যাটারকে হারালে ৭ উইকেটে ১১০ রানে পরিণত হয় পাকিস্তান। এতে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের।

    তবে শেষ দিকে মোহাম্মদ হারিস ও শাহিন শাহ আফ্রিদির দায়িত্বশীল ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে পাকিস্তান।

    হারিস ১৪ বলে ১৮ রানে আউট হলেও, ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন আফ্রিদি। তার অনবদ্য ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল।

    আরব আমিরাতের জুনায়েদ ১৮ রানে ৪ উইকেট নেন।

  • সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন

    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন

    আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ওয়াশিংটন যাচ্ছেন। ২৫ বছরেরও বেশি সময় পর এটি এ ধরনের প্রথম সফর।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।

    সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছে, ‘সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি দেশটির বিরুদ্ধে অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন।’

    ইসলামী নেতৃত্বাধীন বিদ্রোহী জোট ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সিরিয়ার ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

  • দুর্নীতি প্রতিরোধে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী নানা প্রতিযোগিতা

    দুর্নীতি প্রতিরোধে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী নানা প্রতিযোগিতা

    অনলাইন ডেস্ক:  সাতক্ষীরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়েছে।

    সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

    দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়েছে।

    জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা স্বাধীন দেশে সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদের দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মো. হাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ।

    এ সময় বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।
    প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

    এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে।

    উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

    যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

    অনলাইন ডেস্ক:    যশোর, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যশোরে স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আজ ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
    আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার সাইজউদ্দিনের ছেলে।

    যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি টহল টিম যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কোমর থেকে উদ্ধার করা হয় পাঁচটি স্বর্ণের বার।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন তিনি।

    বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। আটক আবু বকর সিদ্দিককে থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

    সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

    অনলাইন ডেস্ক:   সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।

    আবহাওয়া অফিস আরও জানিয়েছে,  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

    গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার মোংলায় এবং বরিশালের খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৭ মিলিমিটার।

    সকাল ৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

    ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ৪৬ মিনিটে।

  • জিআইসিসি সম্মেলনের চেয়ারম্যানের সঙ্গে সেতু বিভাগের সচিবের বৈঠক

    জিআইসিসি সম্মেলনের চেয়ারম্যানের সঙ্গে সেতু বিভাগের সচিবের বৈঠক

    অনলাইন ডেস্ক:     ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার সিউলে ওয়েস্টিন পারনাস হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী (১৬-১৮ সেপ্টেম্বর) বৈশ্বিক অবকাঠামো সহযোগিতা সম্মেলন (জিআইসিসি)-২০২৫ এর আজ সমাপনী দিন।

    বুধবার সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে জিআইসিসি-২০২৫ সম্মেলনের  চেয়ারম্যান হ্যান ম্যান হির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    বৈঠকে পরিবহন  অবকাঠামো খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেতু বিভাগের সচিবের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

    সম্মেলনে বাংলাদেশের পরিবহন অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পে কাজ করার আগ্রহ ব্যক্ত করা হয়েছে।

    এছাড়া, পরিবহন অবকাঠামো খাত সম্পৃক্ত দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় ১২টি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সেতু সচিবের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    জিআইসিসি-২০২৫ সম্মেলনে অংশগ্রহণ করা কোরিয়ার এসব প্রতিষ্ঠান বাংলাদেশে পরিবহন ও যোগাযোগ খাতে কাজ করার জন্য ব্যাপক আগ্রহ ব্যক্ত করেছে।

    সচিব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোরিয়ান ইডিসিএফ/ইডিপিএফ  অর্থায়নের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।

    সম্মেলনের শেষ দিনে অর্থাৎ আজ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ কোরিয়ান পরিবহন অবকাঠামো খাত সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করবেন। এই পরিদর্শনের মাধ্যমে এবারের জিআইসিসি-২০২৫ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

    সেতু বিভাগ আশা করছে, এ সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে সেতু বিভাগের সচিবের সক্রিয় উপস্থিতি দেশের ভৌত অবকাঠামো উন্নয়নে অর্থায়নের সুযোগ সৃষ্টিসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।