Category: প্রচ্ছদ

  • শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য

    শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাংবাদিক-চিকিৎসকদের সাক্ষ্য

    অনলাইন ডেস্ক : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্য দেয়া সিলেটের দুই সাংবাদিক তুলে ধরেন তাদের চোখের সামনে আরেক সাংবাদিক আবু তোরাবের গুলিবিদ্ধ হওয়া ও শহীদ হওয়ার ঘটনা।

    তারা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তীতে বিক্ষোভ মিছিলে পেশাগত দ্বায়িত্ব পালনকালে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও, পুলিশ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে, তাকে নিয়ে হাসপাতে যাওয়ার পর সে মারা যান।

    এই ঘটনায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দ্বায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন।

    দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় গত ৯ দিনে জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী সহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন।

    এদিকে রামপুরায়  কার্নিশে ঝুলে থাকা এক জনকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি ১১ সেপ্টেম্বর।

  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

    সাক্ষাতের সময় সেনাপ্রধান তার সাম্প্রতিক চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একইসঙ্গে বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

    উল্লেখ্য, গত ২১ আগস্ট সরকারি সফরে চীন যান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন।

  • আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

    আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

    দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’

    তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে

    বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।’

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ সদস্যের ‘জাতীয় উদ্যাপন’ কমিটি গঠন করা হয়েছে।।কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসূচী পালন শুরু হয়। আজ সকাল ৬টায় বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

    সকাল ১১টার দিকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে বিএনপি মহাসচিবসহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীর ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। আজ দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

    কাল ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। এছাড়া সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপি’র উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও  ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

  • কাল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

    কাল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

    অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

    এর আগে গতকাল রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

    ধারাবাহিক এ সংলাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

  • সম্পূরক তালিকায় দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

    সম্পূরক তালিকায় দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ

    অনলাইন ডেস্ক: সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।

    নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

    তিনি বলেন, হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরবর্তী সময়ে উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটার কর্তন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

    সচিব জানান, এই সময়ে মোট ১ লাখ ৩৭ হাজার ৬৪২ নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৯৪ হাজার ১৯২ জন, নারী ৪৩ হাজার ৪৪৪ জন এবং হিজড়া ৬ জন।

    অন্যদিকে কর্তন করা হয়েছে ১ হাজার ৩৮ জন ভোটারকে। এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ৩৮৫ জন।

    ইসি সচিব জানান, চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া ভোটার তালিকা গত ১০ আগস্ট প্রকাশ করা হয়। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটরা অন্তর্ভুক্ত করা হয়।  যার মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন মহিলা এবং ২৫১ হিজড়া ভোটার অন্তর্ভুক্ত হয়।

    আর অন্তর্ভুক্ত এই ভোটার থেকে মোট ২১ লাখ ৩২ হাজার ৫৯০ ভোটার কর্তন করা হয়। এর মধ্যে ১২ লাখ ২৪ হাজার ৯০২ পুরুষ, ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন মহিলা ভোটার এবং ২২ হিজড়া ভোটার কর্তন করা হয়।

    তিনি জানান, ‘এবার মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করব। তার একটি ২ মার্চ করেছি। একটি আজকে চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকা গত ১০ আগস্ট জানিয়েছিলাম। আরেকটি ভোটার তালিকা করব ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নিয়ে। গত ১০ আগস্ট আমি আপনোদের জানিয়েছিলাম দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।’

    তিনি বলেন, ‘আমরা যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ করি তার পরবর্তীতে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। আর প্রকাশিত তালিকা থেকে ১ হাজার ৩৮ জন কর্তন করা হয়েছে। যারা তালিকা প্রকাশের পরে ইন্তেকাল করেছেন।’

    ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে একটি তালিকা প্রকাশ করা হবে।

  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ৫৬৮

    ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি ৫৬৮

    অনলাইন ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৭৬ জন।

    রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৮ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, খুলনা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৬১ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৮ জন করে মোট ৩৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।