Category: প্রচ্ছদ

  • স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেল অবরোধ, ১৬ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

    স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেল অবরোধ, ১৬ জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

    অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের কারণে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    সকাল ৯টায় শুরু হওয়া এই অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদিত হয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়েও কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে রেলপথ অবরোধে নেমেছেন।

    এর আগে, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাসের আয়োজন করা হয়। সাড়া না মেলায় গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, যা প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় এবং ব্যাপক যানজট সৃষ্টি করে।

    উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা। তবে অবরোধের কারণে এসব ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটতে পারে।

  • নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ

    নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ

    অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (১২ আগস্ট) বাজারে ছাড়ছে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত এ নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।

    এর আগে একই সিরিজের ১,০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে। পর্যায়ক্রমে বাকি মূল্যমানের নোটও প্রচলনে আনা হবে।

    ১৪০ মিমি দৈর্ঘ্য ও ৬২ মিমি প্রস্থের নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে। পেছনে মুদ্রিত থাকবে সুন্দরবনের মনোরম দৃশ্য। জলছাপে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটটিতে প্রধানত নীল রঙের ব্যবহার হয়েছে।

    নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল উন্নতমানের কালি, যা নাড়াচাড়া করলে সোনালি থেকে সবুজে রূপ নেয়। বামপাশে ৪ মিলিমিটার চওড়া লাল ও উজ্জ্বল রূপালি বারের সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা আছে, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজে পরিবর্তিত হয় এবং ‘১০০ টাকা’ লেখা স্পষ্ট দেখা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডানদিকের নিচে তিনটি উঁচু বৃত্ত রাখা হয়েছে, যা হাতের স্পর্শে অনুভূত হবে।

    নোটের সম্মুখভাগে ও পেছনে ইন্টাগ্লিও কালি ব্যবহার করা হয়েছে, যা ছুঁলে অসমতল অনুভূত হবে। নিরাপত্তা সুতার বামপাশে ও ‘BANGLADESH BANK’ লেখার নিচে মাইক্রোপ্রিন্টে বারবার ‘BANGLADESH BANK’ ও ‘100 Taka’ লেখা রয়েছে, যা ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাবে। এছাড়া, সি-থ্রু ইমেজে ‘১০০’ লেখা আছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হয়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ রঙের অসংখ্য ফাইবার যুক্ত আছে, যা ইউভি ডিটেক্টরে দৃশ্যমান হবে। উভয় পৃষ্ঠে ইউভি কিউরিং ভার্নিশ ব্যবহারের ফলে নোটের স্থায়িত্ব বাড়বে ও চকচকে দেখাবে।

    বর্তমান প্রচলিত সব মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য ‘নমুনা’ ১০০ টাকার নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয় এবং মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

  • শুল্কযুদ্ধে বিরতির মেয়াদ আরও ৯০ দিন, চুক্তির পথে যুক্তরাষ্ট্র-চীন

    শুল্কযুদ্ধে বিরতির মেয়াদ আরও ৯০ দিন, চুক্তির পথে যুক্তরাষ্ট্র-চীন

    আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন তাদের চলমান বাণিজ্য যুদ্ধের বিরতির মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। এতে একে অপরের পণ্যের ওপর তিন অঙ্কের উচ্চ শুল্ক কার্যকর হওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    সোমবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে চীনের ওপর বাড়তি শুল্ক আরোপ আগামী ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) পর্যন্ত স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে শুল্ক বিরতির বিদ্যমান শর্তগুলো অপরিবর্তিত থাকবে।

    এর কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও জানায়, তারা যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক একই সময় পর্যন্ত স্থগিত রাখবে। পাশাপাশি, এপ্রিলে মার্কিন কিছু প্রতিষ্ঠানকে যে বিনিয়োগ ও বাণিজ্য বিধিনিষেধের আওতায় আনা হয়েছিল, সেটিও ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। চীন বলেছে, এই সিদ্ধান্ত ৫ জুন দুই দেশের রাষ্ট্রপ্রধানদের টেলিফোন আলাপের সময় হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যেরই ধারাবাহিকতা, যা বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।

    এর ফলে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ এবং মার্কিন পণ্যে চীনের ১২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার সিদ্ধান্ত পিছিয়ে গেল। আপাতত চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যে ৩০ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে চীনে রপ্তানিকৃত পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে।

    এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বিবিসিকে বলেন, “এটি ইতিবাচক খবর। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই উত্তেজনা কমানোর চেষ্টা করছে, যা ইঙ্গিত দেয় যে তারা এ বছরের শরৎকালে শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকের ভিত্তি গড়ে তুলতে চাইছে।”

    ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “দেখা যাক কী হয়।” তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং তারা একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছেন। ট্রাম্প গত সপ্তাহে সিএনবিসিকে জানিয়েছিলেন, চুক্তি হলে বছরের শেষের আগেই শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করবেন তিনি।

    বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতাদের জন্য স্বস্তির খবর, কারণ বছরের শেষের বড়দিন ও ছুটির মৌসুমকে সামনে রেখে কম শুল্কে পণ্য আমদানির সুযোগ তৈরি হলো। এতে ইলেকট্রনিকস, পোশাক ও খেলনাসহ মৌসুমি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং শরৎকালের আমদানি ধারা বজায় থাকবে।

    উল্লেখ্য, গত মে মাসে জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন প্রথমবারের মতো ৯০ দিনের জন্য শুল্কযুদ্ধে বিরতির ঘোষণা দেয়। এরপর জুলাইয়ের শেষ দিকে স্টকহোমে আলোচনার মাধ্যমে বিরতি বাড়ানোর সুপারিশ আসে, যা এবার কার্যকরভাবে বাস্তবায়িত হলো।

  • চট্টগ্রামে আন্দোলন দমাতে চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার

    চট্টগ্রামে আন্দোলন দমাতে চাঁদা দাবির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কার

    অনলাইন ডেস্ক: বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এসব কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তা লিখিত আকারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এ ঘটনার সূত্রপাত রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেড় মিনিটের একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে নিজাম উদ্দিনকে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে শোনা যায়। কথোপকথনে রিফাত জানায়, আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। জবাবে নিজাম উদ্দিন আরও পাঁচ লাখ টাকা নেওয়ার পরামর্শ দেন এবং সেই অর্থের একটি অংশ সংশ্লিষ্ট কয়েকজনকে দেওয়ার ইঙ্গিত দেন। দলীয় সূত্রে জানা গেছে, রিফাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন সংগঠনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম।

    এর আগে সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে নিজাম উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়িয়ে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তার ভাষায়, “এটি পুরনো ভিডিও, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক।”

    নিজাম উদ্দিনের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। গত ৫ জুলাই এক নারী অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। সে সময় নিজাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব ছিলেন এবং অভিযোগ ওঠার পর তার পদ স্থগিত করা হয়, পরে ফেরত দেওয়া হয়।

    এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, অভিযোগের বিষয়ে নিয়ম অনুযায়ী তদন্ত ও ব্যাখ্যা চাওয়া হবে। প্রমাণ পাওয়া গেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    তথ্যসূত্র: এফএনএস

  • বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক সই

    বাংলাদেশ-মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক সই

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বহুমুখী সহযোগিতা জোরদারে পুত্রজায়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে আটটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত গবেষণা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমে সহযোগিতার জন্য তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সফরের শুরুতে অধ্যাপক ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক বৈঠকের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন এবং দেশটির কূটনীতিকদের সঙ্গে পরিচিত হন।

    চুক্তিগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতায় সই করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জ্বালানি সহযোগিতা বিষয়ক চুক্তিতে মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান সই করেন। এছাড়া দুই দেশের কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, প্রযুক্তি সেবা খাত এবং ব্যবসা-বাণিজ্য সংগঠনের মধ্যেও একাধিক সমঝোতা হয়।

    নোট অব এক্সচেঞ্জের মাধ্যমে উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ এবং হালাল ইকোসিস্টেমে সহযোগিতার অঙ্গীকার করা হয়। এসব নথিতে সই করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজী হাসান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী জুলকিফলি বিন হাসান, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    উচ্চপর্যায়ের বৈঠকে জনশক্তি রপ্তানি, পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। বিকেলে অধ্যাপক ইউনূস ব্যবসায় ফোরামে অংশ নেবেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। বুধবার তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ এবং শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা প্রদান করবেন।

    ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম বাংলাদেশ সফর করেন। তার আমন্ত্রণেই এই সফরে পুত্রজায়া ও কুয়ালালামপুরে অনুষ্ঠিত হচ্ছে দ্বিপক্ষীয় এই উচ্চপর্যায়ের কর্মসূচি, যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

  • স্বৈরাচার দেশ ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি: তারেক রহমান

    স্বৈরাচার দেশ ধ্বংস করেছে, অভিজ্ঞতা থাকায় উত্তরণে সক্ষম বিএনপি: তারেক রহমান

    অনলাইন ডেস্ক: স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি— এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

    তারেক রহমান বলেছেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না, সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

    এদিকে, দীর্ঘ দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উচ্ছ্বসিত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। আয়োজন ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয় শহরের বিভিন্ন রাস্তাঘাট।