Category: প্রচ্ছদ

  • জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

    জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

    অনলাইন ডেস্ক: জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    তিনি বলেন, যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না।

    সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

    আজ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তাজুল ইসলাম।

    সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন, যেসব তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন-পরিবার বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

    চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহিদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মাও উপস্থিত রয়েছেন।

    এর আগে, ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

    বর্তমানে এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন চারজন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম।

    গত ৩ জুলাই চানখারপুলের মামলাটির অভিযোগ গঠন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

    এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন। বাকিরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

    গত ২৯ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবীরা।

  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিনদিনের সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ।

    প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সোমবার দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন।

    সফরকালে তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

    এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

  • টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বললেন, “নিরীহ নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।”

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। থানায় কেউ আসত না। আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্য বাহিনীগুলোও অতটা সক্রিয় ছিল না। এখনও হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশের স্বাধীনতার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এমন খবর পাওয়া যায়নি।”

    নির্বাচন নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাসদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সে জন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করছি।

    আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই। সাংবাদিক হত্যার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে-উল্লেখ করেন তিনি।

    ‘এবার নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেওয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও মহিলা পুরুষদের আলাদা করে বুথ করা হবে। সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে’-যোগ করেন তিনি।

    এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় করাগারে যারা বন্দি রয়েছে তাদের খাবার মান উন্নত করা হবে।

  • গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ

    গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দেয়া সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ

    নিজস্ব প্রতিনিধি: স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত সবাই ভবিষ্যতে জাতীয় বীর। এই সময়ে অনেকেই গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। রোববার (১০ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, প্রধান উপদেষ্টার বলেছেন ২৪ এর শহীদদের আমরা জাতীয় বীর আখ্যা দিবো। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণতন্ত্রের মুক্তির জন্য যারা জীবন দিয়েছেন তারাও জাতীয় বীর। মানবাধিকার সংস্থার তথ্যমতে ২০২৩ সাল পর্যন্ত ৭ হাজার ১৮৮ জন মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এই তালিকার মধ্যে ৭০৯ জন গুমের শিকার হয়েছেন যারা এখন পর্যন্ত ফিরে আসতে পারেনি।

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানসহ বিগত আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় বলেন, জুলাই শহীদদের সংখ্যা নিয়ে সরকার এবং জাতিসংঘের তথ্যে পার্থক্য আছে। এখনো সঠিক তালিকা করতে না পারাকে ব্যার্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

    তিনি আরও বলেন, বলেন, প্রতিদিনের সংস্কারের মধ্য দিয়ে জনকল্যাণকর রাষ্ট্র গঠন করতে হবে। শুধু রাষ্ট্রকাঠামো সংস্কারের মধ্য দিয়ে কাঙ্খিত সংস্কার হয়না। যারা রাষ্ট্রপরিচালনা করবে , তাদের মানসিক সংস্কার ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

  • বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

    বড়পুকুরিয়ায় নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

    অনলাইন ডেস্ক : দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। খনির ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন।

    আজ রোববার বিকেলে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আবু তালেব ফারাজি এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে কয়লা খনির নতুন ১৪০৬ নম্বর ফেজ থেকে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে। শনিবার সকাল থেকে ওই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলনে ট্রায়ালের কাজ শুরু করা হয়েছিল। আজ দুপুরে ভূগর্ভ থেকে আনুষ্ঠানিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।

    আবু তালেব ফারাজি জানান, গত ২৩ জুন কয়লা খনির ১৩০৫ নম্বর পুরোনো ফেজের মজুত কয়লা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন ও রক্ষণাবেক্ষন শেষে উত্তোলন পুনরায় শুরু করা হয়েছে।

    বড়পুকুরিয়া কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক জানান, শুরুর দিকে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরবর্তীতে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন কয়লা উত্তোলনের পরিকল্পনা রয়েছে। উত্তোলিত কয়লা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।

  • খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

    খসড়া তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ

    অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ৩০ জুন পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন এবং নারী ভোটার ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন।

    ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

    তিনি বলেন, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩ দশমিক ৬৯ শতাংশ এবং ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

    আখতার আহমেদ জানান, গত ২ মার্চ ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পরবর্তীতে বাদ পড়া ভোটারদের অন্তর্ভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন। একই সময়ে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনকে। ফলে সম্পূরক তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

    তিনি আরও বলেন, সম্পূরক খসড়া তালিকা আজ (রোববার) আমাদের সব অফিসে প্রকাশ করা হয়েছে। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে তা জানাতে হবে এবং প্রাপ্ত সংশোধনী যাচাই করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

    ইসি সচিব জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে আরও একটি তালিকা প্রকাশ করা হবে। নবীন ভোটারদের দীর্ঘসময় অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে।

    তিনি উল্লেখ করেন, এ বছর মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথমটি করা হয়েছে গত ২ মার্চ। দ্বিতীয়টি আগামী ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।