Category: প্রচ্ছদ

  • ‘জিরো রিটার্ন’ দাখিল ফৌজদারি অপরাধ, পাঁচ বছরের কারাদণ্ডের সতর্কতা এনবিআরের

    ‘জিরো রিটার্ন’ দাখিল ফৌজদারি অপরাধ, পাঁচ বছরের কারাদণ্ডের সতর্কতা এনবিআরের

    নিজস্ব প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘জিরো রিটার্ন’ বা ‘শূন্য রিটার্ন’ দাখিলের ধারণা সম্পূর্ণ ভুল এবং বেআইনি বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এনবিআর স্পষ্ট করে জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। করদাতাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর রিটার্নে মিথ্যা বা শূন্য তথ্য প্রদান ফৌজদারি অপরাধ। এর জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। করদাতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভ্রান্ত প্রচারণা থেকে সতর্ক থাকতে।

    এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান গত শনিবার (৯ আগস্ট) আইসিএমএবির এক অনুষ্ঠানে বলেন, “আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই। মিথ্যা রিটার্ন দাখিল করলে আইন অনুযায়ী পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।”

    কর আইনে ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। এতে সারা বছরের আয়, ব্যয় ও সম্পদের সঠিক তথ্য উল্লেখ করতে হবে। করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য প্রদান আবশ্যক, যাতে কোনো অসঙ্গতি বা অসত্য তথ্য না থাকে।

    বর্তমানে দেশে প্রায় ১ কোটি ১২ লাখ টিআইএনধারী রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৪০ লাখ করদাতা নিয়মিত রিটার্ন দাখিল করেন। গত অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিলকারী ১৭ লাখের বেশি করদাতার মধ্যে ৭০ শতাংশ কর পরিশোধ না করেও রিটার্ন দিয়েছেন।

    এনবিআর করদাতাদের সতর্ক করে বলেছে, ‘জিরো রিটার্ন’ দাখিলের অপপ্রচার থেকে বিরত থেকে সঠিক তথ্য প্রদান করুন। এতে আইনগত জটিলতা ও শাস্তি থেকে মুক্ত থাকা যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হওয়া সম্ভব।

  • মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত কমিশন প্রধানকে আপিল বিভাগের বিচারপতির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি

    মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত কমিশন প্রধানকে আপিল বিভাগের বিচারপতির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি

    অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ।

    তদন্ত কমিশনের অন্য ৪ জন সদস্যকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি দেয়া হয়েছে।

    গত ৭ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনের (এস. আর. ও নম্বর ৩২১-আইন/২০২৫) সভাপতি ও সদস্যগণের মর্যাদা, বেতন-ভাতাদি/সম্মানী এবং অন্যান্য সুবিধা নিম্নরূপ নির্ধারণ করিল।

    প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসায় কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সহিত কর্মসম্পর্ক (যথা ডেপুটেশন, লিয়েন, ছুটি ইত্যাদি) থাকিলে তাহা সাময়িকভাবে স্থগিতের শর্তে তদন্ত কমিশনের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের এবং ক্রমিক ২, ৭, ৮ ও ৯ এ উল্লিখিত কমিশনের সদস্যগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন এবং কমিশনের অন্যান্য সদস্যগণ প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ (পাঁচ) হাজার টাকা সম্মানী পাবেন।

    তবে শর্ত থাকে যে, কমিশনের সভাপতি বা কোনো সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (বেতন এবং সুবিধাদি) আইন, ২০২১ অনুসরণ করতে হবে এবং এসংক্রান্ত ব্যয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগ-এর বাজেট থেকে  নির্বাহ হবে।
    এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

    এদিকে গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর গত ২৭ জুলাই রাতে ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার।

    তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব এ কে এম জাফর উল্লাহ খান।

    ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।

    কমিশনে সদস্য হিসেবে রয়েছেন, সাবেক সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল (অব.) এম সাঈদ হোসাইন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আশিকুর রহমান এবং আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলী।

    প্রজ্ঞাপনে বলা হয়, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিতকরণের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে।

    কমিশন বিমান বিধ্বস্তের কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতির মাত্রা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় চিহ্নিত করবে। কমিশন দুর্ঘটনা প্রতিরোধ, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, ফ্লাইং জোনে ভবন নির্মাণ ও ভয়াবহ দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপারিশ দেবে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ প্রদান করবে।

    তদন্ত কমিশনকে চার সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

     

    সূত্র : বাসস

  • ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: সিইসি

    ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: সিইসি

    অনলাইন ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, আগমী নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। তবে কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন।

    তিনি আরও বলেন, নির্বাচনে কাদের কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করছে কমিশন। সময়তো বিষয়টি দৃশ্যমান হবে।

  • ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    ভোলাহাটে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ!

    এম. এস. আই শরীফ :  চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় প্রবাহিত মহানন্দা নদীর ফোরামঘাটের ওপর নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ জন কর্মকর্তার নামে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। সেতুর স্থায়িত্ব হুমকি ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের আশঙ্কার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট ২০২৫) লিগ্যাল নোটিশ প্রদান করেছেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফাতহুল বারী।

    নোটিশে বলা হয়, সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু স্থানীয় জনগণের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরিতাপের বিষয় জেলা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪(৭) ধারা যথাযথ ভাবে পর্যালোচনা না করে বিশেষ করে নির্মানাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন করার অনুমতি প্রদাণ করায় স্থানীয় জনগণের স্বপ্নের সেতুর স্থায়ীত্ব মারাত্বক হুমকীর মধ্যে পড়েছে।

    নোটিশে আরো উল্লেখ, বালু উত্তোলনের জন্য নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ শেষ হলেও এখনো উত্তোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি শর্তভঙ্গ করে কয়েকশত গাড়ি বালু অন্যত্র সরিয়ে নিয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ।

    বিগত কয়েক বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের বসত ভিটাসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন কবলিত জায়গায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে ভাঙ্গনের পরিমান আরো বেড়ে যাবে। নদীপাড় রক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে অসংখ্যবার এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

    অ্যাডভোকেট ফাতহুল বারী তাঁর লিগ্যাল নোটিশে অবিলম্বে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তিনি জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে আইনি প্রতিকার চাইতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।

    নোটিশে ভূমি মন্ত্রনালয় সচিব, রাজশহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর, সহকারী কমিশনার (ভূমি) ভোলাহাট, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, এমএমবিইএল এন্ড এমএমএম জেভি প্রথম শ্রেনীর ঠিকাদার ও সরকরাহকারী প্রতিষ্ঠানের নামে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

  • জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

    জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

    ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে।

    শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

    জুমার পরে এসব দলের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

    সমমনা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

  • অন্তর্বর্তী সরকারের এক বছর: সফলতা-ব্যর্থতা

    অন্তর্বর্তী সরকারের এক বছর: সফলতা-ব্যর্থতা

     অনলাইন ডেস্ক:    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রত্যাশার পাহাড় নিয়ে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু সেই প্রত্যাশা সরকারের ১ বছরে কতটা পূরণ হয়েছে— বছর শেষে আছে এমন প্রশ্নও।

    শিক্ষাবিদ, গবেষক ও আইনজ্ঞরা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মব সন্ত্রাস ঠেকাতে সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে। বিভাজনও বেড়েছে সমাজে। তারা প্রশ্ন তুলেছেন বিচার ও সংস্কারের গতি নিয়েও।

    শিক্ষাবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মব সন্ত্রাসের সঙ্গে সংখ্যালঘু জাতিসত্তার ওপর যে দৃশ্যমান অত্যাচার, সেসবের বিপরীতে সরকারের জোরালো অবস্থান দেখা যায়নি। এমনি সরকারের ভেতরের অনেকেই এই কর্মকাণ্ডগুলোকে যৌক্তিকতা দেয়ার চেষ্টাই করেছে।

    তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে যে সমস্ত তৎপরতা আগে চালু ছিল, সেসব এখনও চলমান। বড় ব্যাবসীয়ারাও অনেকটা একই পন্থায় টিকে থাকার চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশি ঋণখেলাপির পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

    আইনজ্ঞ ড. শাহদীন মালিকের মতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ধরণ গতানুগতিকই রয়েছে। গত দেড় দশক পুলিশও আইন অনুযায়ী চলেনি, এখনও তাই। জামিন বাণিজ্যও আগের মতো চলমান।

    অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুতে তিনি বলেন, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয় যেন আলোচনার বাইরে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, অনেকটা একই বলয়ে সার্বিক ইস্যুগুলো ঘুরপাক খাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতের প্রশ্ন তোলার সঙ্গে এর অভ্যন্তরীণ ইস্যুও একপেশে ধরণের। একদল মানুষ যখন সংক্ষুব্দ হচ্ছেন, তারপর নিজেরাই অভিযোগকারী হয়ে যাচ্ছে। এখানেই শেষ না, তারা নিজেরা তদন্তের কাজও করছেন। আবার বিচারিক প্রক্রিয়াও সম্পন্ন করছেন নিজেরাই।

    তবে মেয়াদ ও কার্যক্রম বিবেচনা করলে এসব ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকারের নীতি নির্ধারকরা। বলছেন, শান্তি ও স্থিতিশীলতা পুন:প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদসহ ১২ ক্ষেত্রে অর্জন রয়েছে সরকারের।

    পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সময়ে মূল্যস্ফীতি ১৪ থেকে কমে ৮. ৪৮ শতাংশে নেমেছে। প্রবাসী আয় হয়েছে রেকর্ড ৩০.৩৩ ডলার। রফতানি বেড়েছে ৯ ভাগ।

    তিনি আরও বলেন, গণঅভুত্থান পরবর্তী সরকারকে সফলতা-ব্যর্থতার সাধারণ ব্যারোমিটার দিয়ে মাপার সুযোগ নেই। নতুন বাংলাদেশের ভিত্তি গড়তে চেষ্টার কোন কমতি নেই সরকারের।

    উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধান উপদেষ্ট ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যদি সেই সময় অনু্যায়ী নির্বাচন হয়, তবে আগামী কয়েক মাসে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে এই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশাও অনেক।