Category: প্রচ্ছদ

  • রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি : চূড়ান্ত শুনানি ৭ জুলাই

    রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি : চূড়ান্ত শুনানি ৭ জুলাই

    অনলাইন ডেস্ক:  রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি, এ বিষয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই দিন ধার্য্য করেন।

    এর আগে প্রেসিডেন্টকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে প্রেসিডেন্টকে শপথ পড়ান, সেই নির্দেশনা চাওয়া হয় রিটে। পরে গত ১১ মার্চ স্পিকার কর্তৃক প্রেসিডেন্টকে শপথ পাঠ করানো কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। সংবিধানের চতুর্থ সংশোধনীর আগে প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাতেন প্রেসিডেন্ট আর প্রেসিডেন্টকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়। এরপর প্রেসিডেন্টকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার।

    পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান বাতিল করে দেওয়া হয়। কিন্তু ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টকে শপথ পাঠ করাবেন স্পিকার, সেই বিধান ফিরিয়ে আনা হয়।

  • চাকরিচ্যুত বিডিআর সদস্যদের হুঁশিয়ারি: দাবি না মানলে যমুনা অভিমুখে যাত্রা

    চাকরিচ্যুত বিডিআর সদস্যদের হুঁশিয়ারি: দাবি না মানলে যমুনা অভিমুখে যাত্রা

    অনলাইন ডেস্ক:  আগামী মঙ্গলবারের মধ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি আদায়ে কোন সিদ্ধান্ত না এলে, ফের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর ও কারাগারে থাকা বিডিআর পরিবারের সদস্যরা।

    সোমবার (২৩ জুন) শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির পর এই ঘোষণা দেন তারা। এদিন ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিলেও দুপুরের দিকে শাহবাগ মোড়ে এসে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে তারা সেখানেই অবস্থান নেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

    এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

    আন্দোলনকারীরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছেন। পাশাপাশি অনেকেই বিনা কারণে করা হয়েছে চাকরিচ্যুত। এ সময়, তারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার দাবিও জানান তারা।

  • ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

    ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

     আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম।

    সোমবার (২৩ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

    প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েল ও সবশেষ যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার পর গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। সেইসাথে চলমান সংকটে উদ্বেগ বেড়েছে ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে।

    আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৯৩ ডলার, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৯২ ডলার বেশি।

    অপরদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৭৩ ডলার, যা ১ দশমিক ৮৯ ডলার বেশি।

    এদিকে ইরান-মার্কিন উত্তেজনার পর অস্থিতিশীল হরমুজ প্রণালির পথ এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকারগুলো। এরইমাঝে প্রণালির নৌরুট থেকে ফেরত পাঠানো হয়েছে দুটি তেলবাহী জাহাজকে।

  • ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন রংপুর কারমাইকেল কলেজ

    ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন রংপুর কারমাইকেল কলেজ

    রংপুর প্রতিনিধি : নতুন অ্যাকাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

    সোমবার (২৩ জুন) বেলা ১১ টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইসাথে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করতে থাকেন শিক্ষার্থীরা।

    পরে সেনাবাহিনী আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন।

    শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু ১০ মাসেও কোন ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। এ সময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তা বাস্তবায়নের দাবি জানান।

    এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক।

  • সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি

    সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি

    খেলাধুলা ডেস্ক:     ফিফা ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের খেলায় সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি।সোমবার (২৩ জুন) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

    ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানসিটি। অষ্টম মিনিটের মাথায় ডেডলক ভাঙেন জার্মান মিডফিল্ডার ইলকয় গুনদোয়ান।

    ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। বিরতির আগে হালান্ডের সফল স্পট কিকের কল্যাণে ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।

    দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে নিজের দ্বিতীয় গোলের দেখা পান গুনদোয়ান। আর শেষদিকে অস্কার বব ও রায়ান চেরকির দারুণ ফিনিশিংয়ে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

    উল্লেখ্য, দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটিজেনরা। পেপ গার্দিওলা শিষ্যদের পাশাপাশি এই গ্রুপ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে ইউভেন্টাস।

  • নিখোঁজের ২দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার

    নিখোঁজের ২দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার

    নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের ২দিন পর কামরুল হাসান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির দীঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত কামরুল একই ইউনিয়নের বারগাঁও গ্রামের মোস্তফা মেম্বার বাড়ির মৃত মোস্তফা মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, কামরুল গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার দিবাগত রাতে তার পরিবার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করেন।

    পরে আজ রোববার দুপুরের দিকে কামরুলের বাড়ি থেকে আনুমানিক তিন মাইল দূরে নিজ ওয়ার্ডের চৌধুরী বাড়ির দীঘিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

    স্থানীয়রা আরও জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল। সেখানে ডুবে মারা যাওয়ার মত পানি ছিল না। তা ছাড়া ভিকটিম সাঁতার জানত। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ দীঘিতে ফেলে দেওয়া হয়েছে।

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

    তিনি আরও বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহ বেশি সময় পানিতে থাকায় শরীরের চামড়া উঠে গেছে। এতে শরীরে কিছু চিহ্ন সঠিক ভাবে বোঝা যাচ্ছেনা।